আনজীর লিটন
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ ১৪:১২ পিএম
অলংকরণ : তানভীর মালেক
আমি ১। সবার মনে হতে পারে; নাম যেহেতু ১, তাহলে হয়তো একা থাকি। কিন্তু না, আমি একা থাকি না।
আমার আছে অনেক বন্ধু। কারও নাম ২। কারও নাম ৩। কারও নাম ৪। এমনকি যাকে শূন্য বলে অবহেলা করা হয়, সেই শূন্যটাও আমার বন্ধু। আমি গণিত ভুবন থেকে এসেছি তোমাদের ভুবনে। তোমাদের সঙ্গেই থাকি। তোমাদের জন্য থাকি।
আমি ১। আমার ডানে কেউ যদি শূন্য বসায় আমি একটু খুশি হই। শূন্যের ডান দিকে আরেকটা শূন্য বসালে আমি আরও খুশি হই। আমার ডান দিকে যত শূন্য বসবে ততই যেন পূর্ণ হয় আমার অস্তিত্ব। বেড়ে যায় গুরুত্ব। শূন্য কাছে থাকলে আমার নাম পাল্টে যেতে থাকে। তখন আর কেউ ১ বলে না আমাকে। ডানে একটা শূন্য বসলে বলে দশ, দুটো বসলে বলে একশ, তিনটা শূন্য বসলে হাজারÑ এভাবে ডানদিকে শূন্য বসতে-বসতে আমি অযুত, নিযুত, লক্ষ, কোটি নানা নামে পরিচিত হয়ে উঠি।
তোমরা হয়তো ভাবতে পারো, আমার ১ নামটা শূন্যদের ভিড়ে হারিয়ে যায়। না, আমি হারাই না। তোমাদের কাছে আমি একটা সংখ্যা মাত্র। কিন্তু আমার শক্তি অসীম। আমাকে ছাড়া গণনা শুরুই হয় না। তোমরা গান করো, সা- দিয়েই তো শুরু করো। তারপরে রে-গা-মা-পা-ধা-নি-সা। সা- দিয়ে শুরু না করলে যেমন গানের সুর খুঁজে পাওয়া যায় না, তেমনি ১-দিয়ে শুরু না করলে গণিতের ফলাফল খুঁজে পাওয়া যায় না। ১ হলো গণনার প্রথম সংখ্যা। ১ মানেই প্রথম। তোমার কাছে যা ভালো লাগে তাই তো ১ নম্বর। ১ নম্বর মানেই ভালোবাসা। আমি তোমাদের ভালোবাসা।
আচ্ছা, তোমরা রুহিতকে চেন? তোমাদেরই মতো এক স্বপ্ন দেখা বালক। চোখ দুটো ডাগর ডাগর। চুলগুলো খাড়া খাড়া। সে কি তোমাদের স্কুলে পড়ে? তোমাদের ক্লাসে? নাকি অন্য স্কুলে অন্য ক্লাসে? আমার জানা নেই। আমি ওকে সুখী বানাতে চেয়েছিলাম। ওর মনের ভেতর জমাটবাঁধা ভয়টাকে দূর করে দিতে চেয়েছিলাম। কিন্তু সে আমাকে তুচ্ছ ভাবতে লাগল। আমি যতই বলি, আমাকে ভয় পেয়ো না। তবুও ভয় পায়।
একদিন রুহিত আমার সামনে প্রশ্ন ছুড়ে দেয়। গণিত খাতার সাদা পাতা ছিঁড়তে ছিঁড়তে বলে, আমি মানি না, ১ তোমাকে আমি মানি না।
আমি বললাম, শান্ত হও রুহিত। আমাকে যদি না মানো তাহলে তুমি শুরু করবে কাকে দিয়ে?
রুহিত বলল, কেন শূন্য দিয়ে?
বললাম, পারবে না তুমি। শূন্য তো শুধুই শূন্য। শূন্য নিজে আমাকে বলেছে, আমি ছাড়া ওর কোনো মূল্য নেই। আমি শূন্যকে বলেছিলাম, আমার সঙ্গে যোগ দাও তোমার মূল্য অনেক বেড়ে যাবে। বাড়তেই থাকবে। সেই থেকে শূন্য আমার সঙ্গে যোগ দিল।
রুহিত বলল, তাহলে আমি ২-এর কাছে যাব। ২ দিয়ে শুরু করব।
তাও সম্ভব নয়। ২ দিয়ে কিছুই শুরু করা যায় না। ওপরে ওঠার সময় ১ নম্বর সিঁড়িতে পা না রাখলে ২ নম্বর সিঁড়িতে কীভাবে পা রাখবে? সরাসরি ২-তে পা রাখলে ফস্কে যেতে পারো। তোমার পা ভেঙে যেতে পারে। সিঁড়ির ধাপ শুরু হয় ১ দিয়ে। তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে ২-কে ভালোবাসতে পারবে না। তেমনি ভাবে ভালোবাসতে পারবে না ৩-কে, ৪-কে, ৫-কে। অন্য কাউকে না।
আমি বুঝতে পারলাম, রুহিত আমার কথাগুলো পছন্দ করছে না। মনে হলো, ও আসলে আমাকে নয়, সংখ্যাকে পছন্দ করছে না। একদিন আমার সামনেই রুহিত গণিতের খাতা ছুঁড়ে ফেলে দিল।
এমন সময় যেন দমকা হাওয়া বইতে লাগল। রুহিত স্পষ্ট দেখতে পেল পড়ার টেবিলটা দুলছে। চেয়ারটা দুলছে। বইয়ের সেলফ কাঁপছে। রুহিত অস্ফুট কণ্ঠে বলে উঠল, কে আছো আমাকে সাহায্য করো!
হঠাৎ ধুম করে একটা শব্দ হলো।
রুহিত ভয় পেয়ে যায়। কে? কে ওখানে? জানলার ওপাশে কে?
জানলার ওপাশ থেকে কণ্ঠ ভেসে এলো, আমি তোমাকে সাহায্য করতে এসেছি। আমি তোমার বন্ধু।
বন্ধু! কোথায় বন্ধু! কার বন্ধু! না, আমার বন্ধুরা এখন পড়ার টেবিলে হোমওয়ার্ক করছে।
হ্যাঁ হ্যাঁ আমি জানি, তোমার সব বন্ধু এখন হোমওয়ার্ক করছে। আগামীকাল ঊর্মি মিস অঙ্ক ক্লাসে হোমওয়ার্কটা দেখবেন।
রুহিত চমকে ওঠে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। কিন্তু তুমি জানো কীভাবে?
জানলার ওপাশ থেকে কণ্ঠটা বলল, কারণ আমি যে তোমার মনের ভেতর থাকি। তোমার মনের সব কথা আমি জানি।
আমার মনের ভেতর থাকো। কে তুমি?
আমি তোমার প্রিয় ১।
১! ১ কখনো আমার প্রিয় হয়ে উঠতে পারে না।
কেন পারে না?
কারণ ১-কে আমার কাছে হাওয়াই মিঠাইয়ের মতো মনে হয়। শুধু দূর থেকে আকর্ষণ করে। হাওয়াই মিঠাই যেমন মুখে নিলে গলে যায়, তেমনি ১ আমাকে আকর্ষণ করে বটে, কিন্তু প্রতিযোগিতায় নামলে ১ হতে পারি না। আমি হেরে যাই। পিছিয়ে যাই। ১ আমার কাছে ধরা দেয় না।
এই যে আমি, ধরো আমাকে। আমি তো এখন তোমার পড়ার টেবিলে।
বাইরে তখন অঝোর ধারায় বৃষ্টি। এই বৃষ্টি যেন রুহিতের চোখ দিয়েও ঝরছে। রুহিত কান্না ভেজা চোখ দুটো টিস্যু দিয়ে মুছতে মুছতে বলল, কোথায় তুমি?
রুহিত দেখতে পেল পুরো টেবিলজুড়ে ভেসে বেড়াচ্ছে ১। একটি ১ না অনেকগুলো ১। দেখতে কোনোটা বড়। কোনোটা ছোট। ১-এর শরীর দিয়ে প্রজাপতির মতো নানা রঙের পাখা গজিয়েছে। সেই রঙের পাখা থেকে আলো ছড়াচ্ছে। ঝিকমিক করা আলোর নাচন চলছে টেবিলজুড়ে। প্রজাপতির মতো রঙিন পাখা দুলিয়ে জোনাকির আলো ছড়ানো ১-এর নৃত্য পরিবেশনা দেখতে দেখতে রুহিত স্থির থাকতে পারছে না আর।
তোমরা হয়তো ভাবছো, বৃষ্টি মাখানো ঝড়ো হাওয়ায় সেদিনের সেই পড়ার টেবিলে রুহিত অস্থির হয়ে উঠেছিল। হয়তো তোমাদের মনে এখন প্রশ্ন উঁকি দিচ্ছে যে, রুহিত আসলে গণিতকে ভালোবাসে না বলেই এক অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হয়েছিল। আর এ কারণেই হোমওয়ার্ক করতে পারছিল না।
যা ইচ্ছে তাই ভাবতে পারো, তবে আমি তোমাদের বন্ধু। রুহিতেরও বন্ধু। বন্ধুর কাজই হলো, বন্ধুকে ভালোবাসা। বন্ধুর আপদে-বিপদে কাছে থাকা। বন্ধুর অস্থিরতাগুলো দূর করে দেওয়া। আর তাই রুহিতকে শান্ত করার জন্য এবার আমি নিজেকে প্রকাশ করলাম।
রুহিতকে বললাম, ১-কে যে ভালোবাসে না, সে অঙ্ক ভালোবাসে না। ১-কে যে ভালোবাসে না, সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে জানে না। ১-কে যে ভালোবাসে না সে গণিত ক্লাসের হোমওয়ার্ক করতে পছন্দ করে না। ১-কে ভালোবাসলে তুমি ২-কে খুঁজে পাবে। ২-কে পেলে ৩-কে পাবে। ৩-কে পেলে অন্য সবাইকে খুঁজে পাবে। ১-কে ভালোবাসলে তুমি গণিতের আনন্দ খুঁজে পাবে। যোগ-বিয়োগ-পূরণ-ভাগ খুঁজে পাবে। প্রতিটি বড় সাফল্যের শুরুতেই থাকে ১।
আমি লক্ষ্য করলাম, রুহিতের ভাবনায় দেখা সেই ঝড়ো হাওয়া থেমে গেছে। রুহিত এখন অনেকটাই শান্ত, স্থির। আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনছে। অনুভব করছে।
তাকে বোঝালাম, ১ যদি না থাকত তাহলে গণনা শুরু হতো না। ১ হচ্ছে শক্তির প্রতীক। সবাই ১ নম্বর হতে চায়। ভালো মানুষরাই তো ১ নম্বর হয়। ১ আছে বলেই আমরা বলতে পারি একটি পরিবার, একটি সমাজ, একটি দেশ।
আমি রুহিতের পড়ার টেবিলে স্বপ্নের রঙ ছড়িয়ে দিয়ে আসি। রুহিত আমাকে দেখতে পায় না। কিন্তু আমি দেখছি রুহিতকে। এমনকি ওর মনের কথাগুলো আমি স্পষ্ট বুঝতে পাচ্ছিলাম। আমি দেখলাম, রুহিত চেয়ার ছেড়ে জানলার পাশে দাঁড়ালো। তখন আর দমকা হাওয়া নেই। বৃষ্টিও নেই।
জানালা দিয়ে আকাশের দিকে তাকালো রুহিত। রাতের আকাশজুড়ে ১টা চাঁদ জেগে আছে। চাঁদের দিকে তাকিয়ে রুহিত ভাবছে, রাত শেষে দিনের আকাশজুড়ে জেগে উঠবে ১টা সূর্য।
আমি বললাম, দেখো, তোমাদের মাথার ওপর ১টা আকাশ। সেই আকাশে ১টা চাঁদ। ১টা সূর্য। আকাশের বুকে কী অপরূপ সৌন্দর্য ছড়িয়ে দিয়েছে। গণিতের ভুবনে প্রতিটি সংখ্যার আলাদা-আলাদা সৌন্দর্য থাকলেও ১ ছাড়া সৌন্দর্যের প্রকাশ ঘটবে না। তাইতো নিজেকে প্রকাশ করো ১-এর মাধ্যমে। ১ হচ্ছে প্রথম বন্ধু। ১ হচ্ছে প্রথম জয়। ১-কে ভালোবাসলে তুমি অঙ্ক ক্লাসকে ভালোবাসতে পারবে।
রুহিত অনুভব করলো ওর বুকের ভেতর থেকে ভয়ের পর্দাটা সরে যাচ্ছে। চোখ যায় টেবিলের দিকে। ক্লাসের অঙ্ক খাতা যেন হৃদয় মেলে দিয়ে টেবিলে বসে আছে। অনেকগুলো সাদা পৃষ্ঠা নিয়ে অঙ্ক খাতা রুহিতকে ডাকছে, আসো। কলম ধরো। ঊর্মি মিসের হোমওয়ার্ক করো।