জুলফিকার শাহাদাৎ
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ ১৩:৫৮ পিএম
অলংকরণ : অভিনন্দন মজুমদার, প্রথম শ্রেণি, হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঠাকুরগাঁও
নিঝুম রাতে নীল আকাশে দু’চোখ মেলে চাই
দেখি আমি হাজার তারার মুগ্ধ পাড়াটাই
জোছনা মাখা চাঁদের হাসি
ঝরে পড়ে রাশি-রাশি
তখন আমি দৌড়ে ছুটি ঘর থেকে ঠিক দূরেÑ
শব্দ আসে ডাক শুনি কার? আসছে উড়ে উড়ে!
এ পাশ দেখি, ও পাশ দেখি
দু’পাশ ভীষণ শূন্য, একি!
কে ডাকে কে? পিছেÑ
আমি এখন বাঁধনহারা, ডাক শুনি কার? মিছে!
একটু থেমে আবার হাঁটি
ভয়ের হাতে ছোট্ট লাঠি
তবুও বুকে ভীতির চাবুক কেমন-কেমন করে
ডাক শুনি কার? কে ডেকে যায় আকুল এমন করে।
ঠিক,
রাত্রি তখন শান্ত, শীতল নীরব চারিদিক।
পথের ধারে পুকুরপাড়ে
দেখি কাকে? দু’হাত নাড়ে
সেই কি আমায় ডেকেছিল?
যেই না ছুটে যাইÑ
দেখি তখন ঠাঁই দাঁড়িয়ে কাঁঠাল গাছের ছোট্ট চারাটাই।
বসে পড়ি পুকুরঘাটে
ঘুম আসে না চোখের হাটে
এমন কেন লাগছে বুকে,
কষ্ট কিসের এতো!
আকাশ থেকে একটা তারা
পেরে নেয়া যেতো।
চোখ ছুটে যায় পুকুর জলে,
একি দেখি! পানির নিচে চাঁদ-তারাদের খেলা,
চাঁদের সাথে রাত কাটাতে চোখে আমার কী যে খুশির মেলা।
যখন চোখে বইছে খুশির মেলা,
নেইতো অবহেলা
পুকুর জলে হাতছানি দেয়, কে সে আবার কে?
ইচ্ছে আমার লাফ দিতে চায় জলের ভেতরে।
লাফ দেব কি? লাফ দেব কি জলে?
দু’চোখ আমার অশ্রু টলমলে
হঠাৎ জলে হাত চুবিয়ে নিলে
চমকে উঠে পিলে,
চাঁদও নেই, তারাও নেই, নেইতো কেহ আর
তবু আমি এদিক ওদিক ডাক শুনি যে কার?
রাত কেটে যায়, চাঁদ ডুবে যায় সকাল হয়ে আসে,
চোখের তারায় বারে-বারে রাতের ছবি ভাসে।