মৃত্যুঞ্জয় রায়
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ ১৩:৫৫ পিএম
ড্রাগন ট্রি
ভারতের পশ্চিমে আরব সাগরের অপর পাড়ে একটা ছোট্ট দ্বীপ আছে। সে দ্বীপটির নাম সকোত্রা। বিশ্বে এ দ্বীপটি এলিয়েনের দ্বীপ নামে পরিচিত। কেননা এ দ্বীপে যেসব উদ্ভিদ ও প্রাণী রয়েছে তার অনেক প্রজাতিই বিশ্বের আর কোথাও দেখা যায় না। দ্বীপটির মালিকানা ইয়েমেনের। সেই দ্বীপে ড্রাগন ট্রি নামে কিছু গাছ আছে। এ গাছ পৃথিবীর আর কোথাও নেই বলে মনে করা হয়। তবে হনলুলুর কোকো ক্র্যাটার বোটানিক্যাল গার্ডেনেও এ গাছ আছে বলে জানা গেছে। এ গাছের কোথাও কেটে গেলে টকটকে লাল রক্তের মতো রস ঝরে। এজন্য এ গাছের আর এক নাম ড্রাগন’স ব্লাড ট্রি। এই রস শুকিয়ে গেলেও তা লাল থাকে। তবে এ গাছের সৌন্দর্যটাও কম নয়। গাছের আকৃতি হুবহু ছাতার মতো। কাণ্ডের মাথায় ডালপালা সুন্দরভাবে চারদিকে ছড়িয়ে ছাতার মতো তৈরি করে। প্রতিটি ডাল প্রথমে দুটি ভাগে শাখায়িত হয়, পরে প্রতিটি শাখা আবার দুটি করে প্রশাখা তৈরি করে। এভাবে যখনই একটা ডাল বা শাখার জন্ম হয়, পরে তা দুটিতে পরিণত হয়। এভাবে ডালগুলো ঝাঁকড় হয়ে বেশ চমৎকার ব্যাঙের ছাতার মতো গড়ন তৈরি করে। কেবল কচি বা তরুণ প্রশাখার মাথা থেকে ঘন সরু সরু সবুজ পাতা বের হয়। গাছ ৯ মিটার পর্যন্ত লম্বা হয়। প্রতি ৩-৪ বছর পর গাছের সব পাতা ঝরে যায়। পরে আবার নতুন পাতা গজায়। এ গাছে ছোট ছোট রসালো সবুজ থেকে কালচে রঙের ফল হয়। ফল পাকলে কমলার মতো হয়ে যায়। পাকা ফলের রসও গাঢ় লাল। পাখিরা ফল খায় ও দূরে গিয়ে বিষ্ঠা ত্যাগ করে, সেখানে এ গাছের চারা জন্মাতে সাহায্য করে। ধারণা করা হয় এটি প্রাচীন পৃথিবীর গাছ।