শফিকুল ইসলাম খোকন
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬ ১৫:৫৩ পিএম
নিখোঁজ জেলেদের অপেক্ষায় পরিবার ছবি : লেখক
উপকূলীয় জেলা বরগুনার পাথরঘাটা। পূর্বে বিষখালী নদী, পশ্চিমে সুন্দরবনসংলগ্ন বলেশ্বর নদ, দক্ষিণে বঙ্গোপসাগর। এ জনপদের মানুষের প্রধান জীবিকা মাছ ধরা। প্রতিদিন জীবিকার তাগিদে উত্তাল সাগরে পাড়ি জমান হাজারো জেলে। পরিবারের সদস্যদের কাছ থেকে বিদায় নিয়ে তারা যান মাছ ধরতে। কেউ কয়েক দিন পর নিরাপদে ফিরে আসেন, কেউ ঝড়-জলোচ্ছ্বাস কিংবা বৈরী আবহাওয়ার কবলে পড়ে নিখোঁজ হন। অনেকেই আর কখনও ফিরে আসেন না।
স্বজনরা বছরের পর বছর অপেক্ষা করেন হয়তো একদিন ফিরে আসবেন প্রিয় মানুষটি। কিন্তু সেই অপেক্ষারও শেষ হয় না। উপকূলের অসংখ্য জেলে পরিবারের কাছে নিখোঁজ হওয়া মানে শুধু একজন মানুষের অনুপস্থিতি নয়; এটি একটি পরিবারের জীবিকা, সামাজিক পরিচয় ও ভবিষ্যৎকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়া। পাথরঘাটায় নিবন্ধিত জেলের সংখ্যা ১৬ হাজার ৮২০। মৌসুমি জেলে রয়েছেন আরও ২৫ থেকে ৩০ হাজার। ছোট-বড় মিলিয়ে মাছ ধরার ট্রলার রয়েছে পাঁচ হাজারের বেশি। পুরো বরগুনা জেলায় জেলের সংখ্যা ৪৫ হাজারেরও বেশি। অথচ এত বড় একটি জনগোষ্ঠীর জীবন রক্ষায় সমুদ্রগামী ট্রলারগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, আধুনিক নেভিগেশন, কার্যকর যোগাযোগব্যবস্থা ও দুর্যোগ মোকাবিলার প্রশিক্ষণ এখনও নিশ্চিত করা হয়নি।
জীবিকার সন্ধানে সাগরে, অনেকের আর ফেরা হয় না
তিন বছরের শিশু সালমান। বাবার আদর-স্নেহের অভাব সে বুঝতে শুরু করেছে। অনেক দিন ধরে তার বাবা নেই। বাবা কেন নেই, কী হয়েছে- তা বোঝার বয়স হয়নি তার। শুধু এটুকু বোঝে, বাবা আর তার কাছে ফিরে আসেন না।
রুহিতা গ্রামের মো. ইউসুফ শখের বশে নিজের ট্রলারে জেলেদের সঙ্গে গভীর সাগরে গিয়েছিলেন। ২০২৩ সালের ১৭ নভেম্বর ঘূর্ণিঝড় মিধিলির সময় বরগুনার ২৫ জেলে নিখোঁজ হন। তাদের একজন ইউসুফ। আবুল কালাম, মো. জাফর মিয়া, মজিবুর রহমানসহ আরও অনেক জেলের আজও কোনো সন্ধান মেলেনি। তাদের পরিবার এখনও অপেক্ষায়।
৩৬ বছর ধরে সাগরে মাছ ধরছেন ৬৫ বছর বয়সী নুরুজ্জামান মুন্সি। দীর্ঘ এই সময়ে তিনি অসংখ্য ট্রলারডুবি, জেলে নিখোঁজ হওয়া ও মৃত্যুর ঘটনা দেখেছেন। নিজেও একাধিকবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। গহরপুর গ্রামের ইউসুফ মাঝি, বাদুরতলা গ্রামের জাহাঙ্গীর মাঝিসহ অনেক মাঝির অভিজ্ঞতা একই। ঝড়, জলোচ্ছ্বাস, ট্রলারডুবি, নিখোঁজ ও মৃত্যু যেন তাদের পেশাগত জীবনের নিত্যসঙ্গী।
ঝুঁকি নিয়েই সাগরে মাছ ধরেন জেলেরা
পরিবারের একমুঠো খাবারের জন্য জীবনের ঝুঁকি নিয়েই গভীর সমুদ্রে যান উপকূলের জেলেরা। কখনও বৈরী আবহাওয়া উপেক্ষা করেই সাগরে যেতে হয় তাদের। পাহাড়সম ঢেউয়ে ট্রলার উল্টে যায়, ডুবে যায়। কেউ সাগরে তলিয়ে মারা যান, কেউ নিখোঁজ হন। আবার কেউ স্রোতের টানে ভেসে বাংলাদেশের সমুদ্রসীমা পেরিয়ে ভারতসহ পার্শ্ববর্তী দেশের জলসীমায় চলে যান।

একটি ট্রলারে সাধারণত ১০ থেকে ১৮ জন জেলে থাকেন; ট্রলারের আকার ভেদে সংখ্যাটি আরও বেশি হতে পারে। অথচ অধিকাংশ ট্রলারে জেলেদের জন্য পর্যাপ্ত লাইফ জ্যাকেট, লাইফ বয়া কিংবা অন্যান্য নিরাপত্তা সরঞ্জাম থাকে না। আইন অনুযায়ী এসব নিরাপত্তা সরঞ্জাম থাকার কথা থাকলেও বাস্তবে অনেক ট্রলারে তা মানা হয় না। পাথরঘাটার একাধিক জেলের ভাষ্য, অনেক ট্রলারে দুই-তিনটি লাইফ বয়া ছাড়া উল্লেখযোগ্য কোনো নিরাপত্তা সরঞ্জাম নেই। অধিকাংশ ট্রলারে আধুনিক জিপিএস বা নেভিগেশন যন্ত্রও নেই।
সাগরে নেই পর্যাপ্ত স্বাস্থ্য ও নিরাপত্তা সরঞ্জাম
গভীর সমুদ্রে কোনো জেলে অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসা দেওয়ার মতো প্রয়োজনীয় ফার্স্ট এইড কিটও অনেক ট্রলারে থাকে না। ফলে সামান্য অসুস্থতাও জরুরি পরিস্থিতিতে বড় স্বাস্থ্যঝুঁকিতে পরিণত হয়। আর নেভিগেশন ব্যবস্থা না থাকায় ঝড় বা প্রবল স্রোতে ট্রলার দিকভ্রান্ত হয়ে পড়ে। অনেক সময় জেলেরা দেশের সমুদ্রসীমা অতিক্রম করে প্রতিবেশী দেশের জলসীমায় ঢুকে পড়েন। সেখানে আটক হয়ে মাসের পর মাস কারাভোগ করতে হয়। মুক্তি পেতে পরিবারকে নানা ধরনের আর্থিক ও আইনি দুর্ভোগ পোহাতে হয়।
সাগরে পৌঁছায় না আগাম সতর্কবার্তা
জেলেদের প্রায় সবার কাছেই মোবাইল ফোন আছে। কিন্তু গভীর সমুদ্রে মোবাইল নেটওয়ার্ক না থাকায় উপকূল থেকে পাঠানো আগাম সতর্কবার্তা তাদের কাছে পৌঁছায় না। ফলে আকস্মিক ঝড় বা ঘূর্ণিঝড়ের কবলে পড়ে প্রাণহানি ও ট্রলারডুবির ঘটনা ঘটে।
জেলেদের দাবি, গভীর সমুদ্রে যোগাযোগব্যবস্থার আওতা বাড়ানো এবং কার্যকর প্রযুক্তির মাধ্যমে আগাম আবহাওয়ার সতর্কবার্তা পৌঁছে দেওয়া গেলে দুর্ঘটনা ও প্রাণহানি অনেকটাই কমানো সম্ভব। একই সঙ্গে আধুনিক নেভিগেশন ও অবস্থান শনাক্তকরণ যন্ত্র না থাকায় প্রতিবছর অনেক জেলে পথ হারিয়ে ভারতের জলসীমায় প্রবেশ করেন। পরে অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করা হয়।
ভিন দেশের কারাগারে কত বাংলাদেশি জেলে, নেই নির্ভরযোগ্য পরিসংখ্যান
সাগরের স্রোত, ঝড় কিংবা বৈরী আবহাওয়ার কারণে ভারতের জলসীমায় ভেসে যাওয়া বাংলাদেশি জেলেদের আটকের ঘটনা নতুন নয়। তাদের কেউ কারাভোগ শেষে দেশে ফিরলেও বর্তমানে কতজন বাংলাদেশি জেলে ভারতের কারাগারে রয়েছেন, সে বিষয়ে সরকার বা মৎস্যজীবী সংগঠনগুলোর কাছে নির্ভরযোগ্য কোনো কেন্দ্রীয় পরিসংখ্যান নেই। তথ্য অনুযায়ী, সাগরের স্রোতে ভেসে যাওয়া ছয় বাংলাদেশি জেলে কারাভোগ শেষে ২০২৩ সালের ৩ অক্টোবর দেশে ফেরেন। এর আগে ২০২০ সালের ৮ জানুয়ারি ভারতের বন বিভাগের সদস্যরা তাদের আটক করেন। পরে ভারতীয় আদালত তাদের তিন বছরের কারাদণ্ড দেন। এ ছাড়া প্রায় তিন মাস আটক থাকার পর ২০২২ সালের ৮ নভেম্বর ২৬ বাংলাদেশি জেলে দেশে ফেরেন। ২০২৪ সালের ৪ নভেম্বর আরও ৪০ জন বাংলাদেশি জেলেকে দেশে ফেরত পাঠায় ভারতীয় কর্তৃপক্ষ। এর আগে ২০২২ সালের ২৯ এপ্রিল প্রায় নয় মাস কারাভোগ শেষে দেশে ফেরেন আরও ১৫ বাংলাদেশি জেলে। তাদের বাড়ি বরগুনা ও পিরোজপুর জেলায়। জেলে ও মৎস্যজীবীদের দাবি, গভীর সমুদ্রে আধুনিক নেভিগেশন ব্যবস্থা, নির্ভরযোগ্য যোগাযোগব্যবস্থা এবং আগাম দুর্যোগ ও সতর্কবার্তা নিশ্চিত করার পাশাপাশি বিদেশে আটক বাংলাদেশি জেলেদের একটি নির্ভরযোগ্য তালিকা তৈরি করে দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে।
সাগরে নিখোঁজ ১৮৮ জেলের নাম উঠল স্মৃতিফলকে
বাবা ফিরবেন এই আশায় আজও পথ চেয়ে থাকে ছোট্ট শিশুটি। স্ত্রী অপেক্ষা করেন, হয়তো একদিন দরজায় কড়া নাড়বেন স্বামী। বৃদ্ধ মা প্রতিদিন তাকিয়ে থাকেন নদী-সাগরের দিকে। কিন্তু বছরের পর বছর পেরিয়ে গেলেও তাদের কেউ আর ফিরে আসেননি। মাছ ধরতে গিয়ে সাগরের বুকেই হারিয়ে গেছেন তারা। কারও মরদেহ মিলেছে, কারও কোনো সন্ধানই মেলেনি। তবু পরিবারগুলো তাদের ভুলে যায়নি। বরং ফিরে আসার ক্ষীণ আশাটুকু বুকে ধারণ করে আজও দিন কাটছে তাদের।
কেউ ঝড়ের কবলে পড়েছেন, কেউ ট্রলারডুবিতে সাগরে তলিয়ে গেছেন, আবার কেউ সাগরের প্রবল স্রোতে কোথায় ভেসে গেছেন তারও কোনো হদিস নেই। নিখোঁজ এসব জেলের পরিবারে তাই শোকের সঙ্গে যুক্ত হয়েছে দীর্ঘ অনিশ্চয়তা। স্বজন হারানোর বেদনা যেমন আছে- তেমনি আছে জীবিকার সংকট, সামাজিক ও আইনি জটিলতা এবং প্রিয়জন ফিরে আসার এক অসমাপ্ত অপেক্ষা। সমুদ্রে নিখোঁজ ও মৃত্যুর সরকারি পূর্ণাঙ্গ পরিসংখ্যান না থাকলেও সম্প্রতি একটি গবেষণায় পাথরঘাটার নিখোঁজ জেলেদের এই চিত্র উঠে এসেছে। পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলনের উদ্যোগে, উপজেলা প্রশাসন ও সংকল্প ট্রাস্টের সহযোগিতায় পরিচালিত গবেষণায় ১৯৯৩ সালে পাঁচজন, ১৯৯৪ সালে দুজন, ২০০১ সালে পাঁচজন, ২০০৬ সালে ১৪ জন, ২০০৭ সালে ৯১ জন, ২০১৪ সালে সাতজন, ২০১৮ সালে ১৩ জন এবং ২০২৩ সালে ১৫ জন জেলে নিখোঁজ হন। সব মিলিয়ে ১৮৮ জন। প্রধান উদ্যোক্তা শফিকুল ইসলাম খোকনের মতে, দেশে এই প্রথম নিখোঁজ জেলেদের এমন তালিকা তৈরি করে তাদের স্মরণে স্মৃতিফলক স্থাপন করা হয়েছে। এর আগে নিখোঁজ জেলেদের পূর্ণাঙ্গ কোনো তালিকা বা তথ্য কোনো সরকারি দপ্তরের কাছেই ছিল না। নিখোঁজ জেলেদের পরিবারগুলো এখনও নানা সংকটে দিন কাটাচ্ছে। স্বামী নিখোঁজ হলেও অনেক স্ত্রী আইনগতভাবে নিজেদের বিধবা হিসেবে প্রমাণ করতে পারেন না। সন্তানদের পরিচয় ও সম্পত্তির উত্তরাধিকার নিয়েও তৈরি হয় জটিলতা। নিখোঁজের কোনো সনদ না থাকায় সরকারি সহায়তা, ক্ষতিপূরণ কিংবা অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রেও তাদের ভোগান্তিতে পড়তে হয়। সাগরের বুকে হারিয়ে যাওয়া এই ১৮৮ জনের শুধু একটি তালিকা নয়; প্রতিটি নামের সঙ্গে জড়িয়ে আছে একটি পরিবার, একটি অসমাপ্ত অপেক্ষা এবং জীবিকার তাগিদে সাগরে গিয়ে ফিরে না আসা একজন মানুষের গল্প।
জেলেদের মৃত্যুরও নেই নির্ভরযোগ্য পরিসংখ্যান
প্রতিবছর ঝড়, জলোচ্ছ্বাস ও ট্রলারডুবিতে বহু জেলে প্রাণ হারালেও তাদের মৃত্যুর কোনো নির্ভরযোগ্য কেন্দ্রীয় পরিসংখ্যান নেই। অনেকের মরদেহ উদ্ধার হয়, আবার অনেকে নিখোঁজই থেকে যান। ফলে নিহত ও নিখোঁজ জেলেদের প্রকৃত সংখ্যা নিরূপণ করা কঠিন। নিখোঁজ জেলে পরিবারের জন্য বিষয়টি আরও জটিল। পরিবারের নারী সদস্যরা অনেক সময় বিধবা হিসেবে নিজেকে উল্লেখ করতে পারেন না, সন্তানদের পরিচয় ও সম্পত্তির উত্তরাধিকার নিয়েও তৈরি হয় আইনি জটিলতা। নিখোঁজের আইনগত স্বীকৃতি না থাকায় সরকারি সুযোগ-সুবিধা ও ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রেও পরিবারগুলো সমস্যায় পড়ে।

সচেতনতা ও প্রশিক্ষণের ঘাটতিতে বাড়ছে ঝুঁকি
বংশ পরম্পরায় মাছ ধরাই উপকূলের অধিকাংশ মানুষের জীবিকা। বাবার কাছ থেকে পাওয়া অভিজ্ঞতার ওপর নির্ভর করেই প্রজন্মের পর প্রজন্ম সাগরে মাছ ধরছেন। কিন্তু আধুনিক ও প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের অভাব রয়েছে। ট্রলার পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, নিরাপদে জাল ফেলা, বৈরী আবহাওয়ায় করণীয়, ঘূর্ণিঝড়ের সময় জীবন রক্ষা, জরুরি উদ্ধারব্যবস্থা, জিপিএস ও নেভিগেশন যন্ত্রের ব্যবহারÑ এসব বিষয়ে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা নেই বললেই চলে। পাশাপাশি উপকূলের অনেক জেলেপল্লিতে শিক্ষার হারও তুলনামূলক কম। অনেক শিশু অল্প বয়সেই বাবার সঙ্গে নদী ও সাগরে মাছ ধরতে যায়। ফলে বিদ্যালয়ে নিয়মিত যাওয়া হয় না। শিক্ষা ও সচেতনতার ঘাটতি তাদের ঝুঁকি আরও বাড়িয়ে দেয়। গবেষক ও সচেতন মহলের মতে, উঠান বৈঠক, প্রশিক্ষণ, প্রচারাভিযান ও নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে জেলেদের অধিকার, নিরাপদ মাছ ধরা ও দুর্যোগ মোকাবিলার বিষয়ে সচেতনতা বাড়াতে হবে।
সাগরে যাওয়া জেলেদের তথ্য সংরক্ষণের ব্যবস্থাও নেই
কোন ট্রলারে কতজন জেলে সমুদ্রে যাচ্ছেন, তাদের নাম-ঠিকানা, জাতীয় পরিচয়পত্র বা নিবন্ধন নম্বর এবং সম্ভাব্য ফেরার সময়Ñ এসব তথ্য অনেক ক্ষেত্রেই সংরক্ষিত থাকে না। ফলে কোনো ট্রলার নিখোঁজ বা দুর্ঘটনার শিকার হলে দ্রুত জানা যায় না, কতজন জেলে সেখানে ছিলেন। পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলনের প্রস্তাব, প্রতিটি সমুদ্রগামী ট্রলারের জন্য ট্রিপভিত্তিক বাধ্যতামূলক নিবন্ধন ব্যবস্থা চালু করা হোক। সমুদ্রে যাওয়ার আগে মৎস্য বিভাগের কাছ থেকে ছাড়পত্র নিতে হবে। সেখানে ট্রলারের নাম ও নিবন্ধন নম্বর, জেলেদের পরিচয়, যাত্রার তারিখ এবং সম্ভাব্য ফেরার সময় উল্লেখ থাকবে। ফিরে এসে ট্রলার কর্তৃপক্ষ মৎস্য বিভাগকে জানাতে হবে। এমন একটি কেন্দ্রীয় ডাটাবেজ চালু করা গেলে দুর্ঘটনার পর নিখোঁজ জেলেদের শনাক্তকরণ, উদ্ধার অভিযান, ক্ষয়ক্ষতির হিসাব এবং সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ প্রদান সহজ হবে। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, জেলেদের সব ধরনের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। বিদেশি জলসীমায় আটক বাংলাদেশি জেলেদের দ্রুত দেশে ফিরিয়ে আনারও দাবি জানান তিনি। সংকল্প ট্রাস্টের নির্বাহী পরিচালক মির্জা শহিদুল ইসলাম খালেদ বলেন, নিখোঁজ ও মৃত্যুবরণকারী জেলেদের তালিকা সরকারের কাছে থাকা জরুরি। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হলে ভুক্তভোগী পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা পাবে। উদ্য্যেক্তা উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন বলেন, প্রথমবারের মতো পাথরঘাটার সাগরে নিখোঁজ জেলেদের তথ্য সংরক্ষণে ডাটাবেজ তৈরি করা হয়েছে এবং তাদের স্মরণে নামফলক স্থাপন করা হয়েছে। ট্রলারডুবিতে নিহত জেলেদের তথ্য সংগ্রহের কাজও চলছে। তিনি বলেন, নিহত ও নিখোঁজ জেলেদের একটি জাতীয় ডাটাবেজ তৈরি করে নিয়মিত হালনাগাদ করা প্রয়োজন। ভারতসহ বিভিন্ন দেশে আটক বাংলাদেশি জেলেদের তালিকা তৈরি করে আইনি প্রক্রিয়ায় তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগও জরুরি।
শফিকুল ইসলাম খোকনের মতে, পাথরঘাটায় ১৮৮ নিখোঁজ জেলের তথ্য সংগ্রহের পর বিষয়টি আরও স্পষ্ট হয়েছে—নিখোঁজ জেলেদের পরিবার রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তার বাইরে থেকে যাচ্ছে। তাই জেলেদের জন্য পৃথক আইন প্রণয়ন করে তার নাম ‘জেলে সুরক্ষা আইন’ করার প্রস্তাব দিয়েছেন তিনি। পাশাপাশি সরকারি ও বেসরকারি সব ধরনের ফরমে ‘নিখোঁজ’ নামে একটি আইনগতভাবে স্বীকৃত ঘর রাখার দাবি জানিয়েছেন। তার উদ্যোগে পাথরঘাটা উপজেলা প্রশাসনের সহযোগিতায় নিখোঁজ জেলেদের নামসংবলিত স্মৃতিফলক স্থাপন করা হয়েছে। সিডরে নিহত ৩৪৯ জেলের নামেও স্থাপন করা হয়েছে পৃথক স্মৃতিফলক।
এ উদ্যোগের অন্যতম সহযোগী তৎকালীন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান বলেন, পাথরঘাটায় বিপুলসংখ্যক মানুষ মৎস্য পেশার সঙ্গে জড়িত। জীবন বাজি রেখে নদী ও সমুদ্রে মাছ ধরতে গিয়ে অনেকে নিখোঁজ হন, কেউ মারা যান, আবার অনেকের মরদেহও পাওয়া যায় না। কিন্তু কতজন নিখোঁজ—তার কোনো পরিসংখ্যান ছিল না। স্থানীয় সংগঠন ও মৎস্যজীবীদের অধিকার নিয়ে কাজ করা ব্যক্তিদের সহযোগিতায় তথ্য সংগ্রহ করে নামফলক স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে তালিকা হালনাগাদ করা হবে। সমুদ্রনির্ভর এই জনপদে জেলেদের জীবিকা যেমন অপরিহার্য, তেমনি তাদের জীবনও রাষ্ট্রের কাছে সমান গুরুত্বপূর্ণ। কিন্তু নিরাপত্তা সরঞ্জাম, আধুনিক নেভিগেশন, যোগাযোগব্যবস্থা, আগাম সতর্কবার্তা, প্রশিক্ষণ ও তথ্যসংরক্ষণের মতো মৌলিক ব্যবস্থাগুলো নিশ্চিত না হলে সাগরে যাত্রা অনেক পরিবারের জন্যই থেকে যাবে অনিশ্চিত এক অপেক্ষার গল্প। জীবিকার সন্ধানে যারা প্রতিদিন সাগরে পাড়ি জমান, তাদের ঘরে নিরাপদে ফিরে আসার নিশ্চয়তা তৈরি করাই এখন সবচেয়ে বড় দাবি।