অনাথ মণ্ডল, শ্যামনগর
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬ ১৫:৪৮ পিএম
সুন্দরবন-নির্ভর বনজীবীর জীবন
সুন্দরবনের বিস্তীর্ণ জলরাশি যেমন মানুষের জীবিকার উৎস, তেমনি প্রতিদিনের বেঁচে থাকার সবচেয়ে বড় ঝুঁকিও। নদী-খাল ঘেরা এই অঞ্চলে জীবন মানেই অনিশ্চয়তার সঙ্গে সহাবস্থান। কখনও ঝড়, কখনও জলোচ্ছ্বাস, বাঘ-কুমির ও ডাকাত-আতঙ্ক- সব মিলিয়ে এক কঠিন বাস্তবতার ভেতর দিয়েই বেঁচে আছেন উপকূলের মানুষ। এই বাস্তবতার এক জীবন্ত উদাহরণ বনবিবি মণ্ডল।
প্রখর রোদ-বৃষ্টি কিবাং শীতের কনকনে হাওয়া কখনও থামাতে পারে না তাদের। সুন্দরবননির্ভর বনজীবীদের জীবনের সঙ্গে প্রকৃতির লড়াই যেন নিত্যদিনের সঙ্গী। জল, জঙ্গল আর অনিশ্চয়তার মাঝেই তাদের জীবন কাটে। তেমনই এক সংগ্রামী দম্পতি বনবিবি মণ্ডল (৬৫) ও নির্মল মণ্ডল (৭০) বসবাস করেন দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের চুনকুড়ি গ্রামে। গ্রামটি একবারে সুন্দরবন ঘেঁষা চুনকুড়ি নদীর তীরে। প্রায় ৪ দশক ধরে সুন্দরবনের নদী-খালে মাছ ও কাঁকড়া আহরণ করেই চলছে তাদের জীবন।
চুনকুড়ি নদীর ঘাড়বেঁকী খালে ভাসমান একটি ছোট নৌকা। নৌকার একপাশে জাল অন্য পাশে কাঁকড়া ধরার দোন। বৈঠা হাতে নৌকা বাইছেন বয়সের ভারে নুয়ে পড়া বনবিবি মণ্ডল। কথা বলতে বলতে উঠে আসে সুন্দরবনের দীর্ঘ ৪০ বছরের গল্প-ভয় কষ্ট আর টিকে থাকার সংগ্রাম।
বনবিবি মণ্ডল বলেন, প্রথমে নদীতে জাল টানটাম। যার কারণে আমার পেটে থাকা বাচ্চা মারা যায়। পরে ধারদেনা করে একটা ছোট নৌকা কিনেছি। এতেই স্বামী-স্ত্রী দুজনে জাল ধরি। বয়স তো আর কম হয়নি। কয়েক বছর আগে স্বামী স্টোক করে। এখন সে তেমন কাজ করতে পারে না। আমার শরীরের বিভিন্ন রোগ বাসা বেঁধেছে। তাও (তবুও) এই হাল (নৌকার বৈঠা) ছাড়িনি আমি। এই নদী আর জঙ্গলের ওপর নির্ভর করে আমরা বেঁচে আছি। নদীতে নামতে না পারলে সে দিন আমাদের আহার জোটে না। বাদার (সুন্দরবনের) জলে কুমির, ডাঙায় বাঘ আর সঙ্গে ডাকাতের (বনদস্যুর) ভয়-কোনোটাই থামাতে পারিনি আমাগো (আমাদের) জীবন। কিন্তু জুন, জুলাই ও আগস্ট তিন মাস সুন্দরবন বন্ধ থাকায় খুব কষ্টে দিন কাটছে।
সুন্দরবনে জীবিকার সন্ধানে যাওয়া মানেই প্রতিদিন জীবনের ঝুঁকি নেওয়া। নদীতে কুমিরের ভয়, জঙ্গলে বাঘের আতঙ্ক সাথে বনদস্যুদের দাপট। তবুও জীবিকার তাগিদে নৌকা, জাল আর কাঁকড়া ধরার সরঞ্জামই হয়ে উঠেছে তাদের নিত্যসঙ্গী। স্বামী নির্মল মণ্ডল অসুস্থ হলেও বিকল্প পথ না থাকায় আজও স্ত্রীর সঙ্গে বনে নামতে হয় তাকে। এই দম্পতির একমাত্র ছেলে সন্তান সঞ্জয় মণ্ডলও একসময় বাবা-মায়ের পথ অনুসরণ করে সুন্দরবনে যেতে শুরু করেছিল। তখন এই দম্পতি ভেবেছিলেন, হয়তো এবার তাদের বিশ্রামের সময় এসেছে। কিন্তু সেই আশা বেশিদিন টিকেনি।
জানতে চাইলে বনবিবি মণ্ডলের কণ্ঠ ভারী হয়ে আসে। তিনি বলেন, ‘প্রায় ইকেন্তে (এখান থেকে) সাত-আট বছর আগে আমাদের ছাবালটা (ছেলেটা) বাদায় সুন্দরবনে গেল (গিয়েছিল)। তকন (তখন) ডাকাতরা তাকে ধুরে (ধরে) নিয়ে যায়। পরে টাকা চাই (মুক্তিপণ দাবি করে)। আমরা গরিব মানুষ, টাকা জোগাড় কত্তি (করতে) দেরি হলে (হওয়ায়) ছাবালডার (ছেলে) খুব মারে, অনেক নির্যাতন করে। পরে গ্রামে ধার-দেনা কুরে (করে) টাকা (মুক্তিপণের টাকা) কোনোভাবে জোগাড় করলিও (করলেও) ততক্ষণে ছাবালডার (ছেলেটার) খুব মারধর করে। এতে ছাবালডা আমার শেষ হুয়ে যায় (ছেলেটা শারীরিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়)। এরপর থেকে সে আর ভারী কাজ কত্তি (করতে) পারে না। একটা ছেলেই তো ছিল। তাকে হারানোর ভয়ে এরপর থেকে তাকে আর বনে যেতে দেই নাÑ বলেন বনবিবি মণ্ডল।
এ বিষয়ে সুন্দরবনের বনজীবীদের নিয়ে দীর্ঘদিন কাজ করা গবেষক ও লেখক সাংবাদিক পীযূষ বাউলিয়া পিন্টু বলেন, ‘সুন্দরবননির্ভর বনজীবীদের জীবন শুধু দারিদ্র্য নয়, এটি দীর্ঘদিনের অবহেলা ও নিরাপত্তাহীনতার প্রতিচ্ছবি। বিকল্প জীবিকার অভাবে তারা জীবনের ঝুঁকি নিয়ে বারবার বনে ফিরতে বাধ্য হচ্ছে। শুধু নিষেধাজ্ঞা দিয়ে নয়Ñ টেকসই কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা ও কার্যকর নিরাপত্তা নিশ্চিত করলেই বনজীবীদের জীবন ও সুন্দরবনÑ দুটোই রক্ষা করা সম্ভব। বনজীবীরাই সুন্দরবনের নীরব প্রহরী।