রায়হানুল ইসলাম আকন্দ, শ্রীপুর
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬ ১৫:৪৩ পিএম
পচনশীল কাঁঠাল থেকে বিস্কুট
কাঁঠালের রাজধানী গাজীপুরে প্রতি মৌসুমে হাজার হাজার টন কাঁঠাল গাছেই পচে গলে নষ্ট হয়। পুষ্টিসমৃদ্ধ জাতীয় এ ফলটি সংরক্ষণের পর্যাপ্ত সুযোগ না থাকায় এ কাঁঠালের পচনরোধ করা সম্ভব হয় না। স্থানীয় বাগান মালিকদের এমন অভিযোগ বছরের পর বছর ধরে চলে আসছে। তবে সেই চেনা গল্পটা এবার বদলে দিয়েছেন গাজীপুরে শ্রীপুর পৌরসভার বৈরাগীরচালা গ্রামের উদ্যোক্তা আব্দুস ছাত্তার ভুঁইয়া। অপচয়রোধ আর কাঁঠালের বহুমুখী ব্যবহারের চিন্তা থেকে ‘কাঁঠাল বিস্কুট’ উৎপাদন ও বাজারজাত করে পেয়েছেন সাফল্য। আর তার কারখানায় কাজ করছে খাদ্য উৎপাদনে অভিজ্ঞ কর্মীদল।
এদিকে ‘কাঁঠাল বিস্কুট’ উৎপাদনের খবরে স্থানীয় কাঁঠাল বাগান মালিকরা জাতীয় এ ফল চাষ থেকে আশার আলো দেখছেন। কাঁঠালের উপযুক্ত বাজারমুল্য পাওয়ার আশাও করছেন তারা।
বিভিন্ন সূত্রে জানা গেছে, গাজীপুর জেলায় যে পরিমাণ কাঁঠাল উৎপন্ন হয় তার সিংহভাগ আসে শ্রীপুর উপজেলা থেকে। এই উপজেলায় যার জমি আছে তার কাঁঠাল গাছ নেই এমনটি খুঁজে পাওয়া যাবে না। গাজীপুরে প্রতি বছর ৯ হাজার ১০০ হেক্টরের বেশি জমিতে কাঁঠাল উৎপন্ন হয়। এর মধ্যে শ্রীপুর উপজেলায় উৎপন্ন হয় সাড়ে ৩ হাজার হেক্টরের বেশি। শ্রীপুরের উঁচু লাল মাটির কারণে এখানকার কাঁঠাল সুস্বাদু, সুমিষ্ট ও মানসম্মত।

বৈশাখ থেকে ভাদ্র বছর ঘুরে এই সময়টাতে গাজীপুরের গাছে গাছে শোভা পায় জাতীয় ফল কাঁঠাল। তবে সঠিক সংরক্ষণ ও বিপণনের অভাবে প্রতি বছরই বাগানে পচে নষ্ট হয় টনকে টন জাতীয় ফল। আব্দুস ছাত্তার ভুঁইয়া প্রযুক্তি ও জ্ঞানকে কাজে লাগিয়ে কাঁঠালের রসে তৈরি করছেন বিস্কুট, যা ফলের পুষ্টি ও স্বাদ দুটোই ধরে রাখছে। কোনো কৃত্রিম ফ্লেভার ছাড়াই তৈরি এই কাঁঠালের বিস্কুট বাজারে আসতেই অনলাইনে তৈরি হয়েছে ব্যাপক চাহিদা। নতুন ধরনের এই বিস্কুট নিয়ে নেটিজেনদের মধ্যেও দেখা দিয়েছে দারুণ কৌতূহল। কারখানায় কাঁঠাল বিস্কুট উৎপাদনে নিয়োজিত প্রধান কারিগর মানিক মিয়া বলেন, পাকা কাঁঠাল থেকে কোষ বের করে ব্লেন্ডার করা হয়। পরে সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত উপায়ে কোনো প্রকার কেমিক্যাল ছাড়াই মিক্সার মেশিনে দেওয়া কাঁঠালের রসের সাথে ঘি, বাটার, দুধ, ময়দা ও অন্যান্য উপকরণ একসাথে মিক্সার করা হয়। এসব উপকরণে মিক্সার হয়ে মণ্ড তৈরি হয়ে গেলে টেবিলে উঠিয়ে ডাইস দিয়ে কেটে বিস্কুট তৈরি করে ট্রে’তে সারিবদ্ধভাবে রাখা হয়। একটি ট্রেতে ৩৬পিছ বিস্কুট দেওয়া যায়। এরকমভাবে একটি ট্রলিতে ৩৬টি ট্রে একসাথে রেখে তারপর ওভেনে ঢুকানো হয়। পরে ২৫ মিনিট পর বিস্কুট ওভেন থেকে বের করা হয়। গরম কমে গেলে বা ঠাণ্ডা হলে বক্স করা শেষে বাজারজাত করা হয়। একটি বক্সে ৮৫০ গ্রাম বিস্কুট দেওয়া থাকে।
উদ্যোক্তা আব্দুস ছাত্তার ভুঁইয়া বলেন, আমি দেশের বাইরে বিশেষ করে চীন, ভারত, ইন্দোনেশিয়া, জাপান ভ্রমণ করেছি। সেসব দেশে দেখতে পেয়েছি কাঁঠাল দিয়ে কীভাবে প্রক্রিয়াজাত খাদ্য উপাদান তারা বাজারজাত করছে। তা থেকেই মূলত আমি কাঁঠালের বিস্কুট তৈরির সিদ্ধান্ত নেই। ভবিষ্যতে কাঁঠালের চিপসসহ আরও খাদ্যপণ্য উৎপাদনের পরিকল্পনা রয়েছে। সরকার যদি নতুন এসব খাদ্যপণ্য প্রক্রিয়াজাত ও বাজারজাতকরণে ভ্যাট ও ট্যাক্স মওকুফ করে তাহলে ভোক্তার দোরগোড়ায় সুলভ মূল্যে তা পৌঁছানো সম্ভব।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. গোলাম ফেরদৌস চৌধুরী বলেন, কাঁঠাল আমাদের জাতীয় ফল। আমাদের দেশে প্রচুর পরিমাণে কাঁঠাল উৎপাদন হয় এবং প্রতি বছর প্রচুর পরিমাণে কাঁঠাল অপচয় হয়ে থাকে। কাঁঠালের অপচয় রোধে কাঁঠাল থেকে বিভিন্ন খাদ্যদ্রব্য তৈরির কোনো বিকল্প নেই। সে ক্ষেত্রে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ‘পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগ’ ইতোমধ্যেই প্রায় ২০টিরও অধিক প্রযুক্তি এবং উপকরণ উদ্ভাবন করেছে। এগুলো প্রশিক্ষণের মাধ্যমে দেশব্যাপী বিভিন্ন উদ্যোক্তার মাঝে ছড়িয়ে দেওয়া হয়েছে।