হোয়াটসঅ্যাপ লোগো: সংগৃহীত
প্রতারণামূলক বার্তা শনাক্ত করে ব্যবহারকারীকে সতর্ক করতে হোয়াটসঅ্যাপে নতুন একটি এআই ব্যবস্থা চালু করছে মেটা। এতে ব্যক্তিগত কথোপকথনের বার্তা হোয়াটসঅ্যাপ, মেটা বা অন্য কারও কাছে পাঠানো হবে না। নতুন এই ব্যবস্থা নিয়ে প্রযুক্তিসাইট সিনেটের প্রতিবেদন বলছে, ‘স্ক্যাম অ্যালার্ট’ নামে ঐচ্ছিক ব্যবস্থাটি বর্তমানে সীমিত পরিসরে পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে। এটি ব্যবহারকারীর ফোনেই থাকা মেশিন লার্নিং মডেলের মাধ্যমে সম্ভাব্য প্রতারণার বার্তা শনাক্ত করবে।
নতুন ব্যবস্থাটি চালু করতে হোয়াটসঅ্যাপের সেটিং থেকে ‘স্ক্যাম অ্যালার্ট’ চালু করতে হবে। এরপর এআই ব্যবস্থাটি স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর ফোনে নামিয়ে নেওয়া হবে। চাইলে যেকোনো সময় এই ব্যবস্থা বন্ধও করা যাবে।
স্ক্যাম অ্যালার্ট পেছনে থেকে কাজ করবে। অপরিচিত প্রেরকের কাছ থেকে আসা বার্তা এই এআই বিশ্লেষণ করে প্রতারণার সঙ্গে সম্পর্কিত যোগাযোগের ধরন খুঁজবে। এ ক্ষেত্রে ব্যক্তিগত তথ্য চাওয়া, অতিরিক্ত জরুরি পরিস্থিতির কথা বলে চাপ তৈরি করা এবং ধীরে ধীরে বিশ্বাস অর্জনের মতো আচরণ বিবেচনায় নেওয়া হবে। প্রেমের সম্পর্কের ভান করে প্রতারণার ক্ষেত্রেও এ ধরনের কৌশল ব্যবহার করা হয়। প্রতারক প্রথমে ভুয়া আবেগের সম্পর্ক তৈরি করে পরে আর্থিক সহায়তা চাইতে পারে।
সম্ভাব্য প্রতারণামূলক বার্তা শনাক্ত হলে হোয়াটসঅ্যাপ ওই বার্তার মধ্যে একটি সতর্কবার্তা দেখাবে। এই সতর্কবার্তাটি শুধু প্রাপকই দেখতে পাবেন। এরপর ব্যবহারকারীর সামনে কয়েকটি পথ থাকবে। তিনি চাইলে প্রেরককে ব্লক করে দিতে পারবেন, কথোপকথনটি রিপোর্ট করতে পারবেন, সতর্কবার্তা উপেক্ষা করতে পারবেন অথবা অপরিচিত প্রেরককে বিশ্বাস করতে পারবেন।
শেষের বিকল্পটি বেছে নিলে ওই কথোপকথন থেকে সতর্কতার চিহ্নটি সরে যাবে। একই কথোপকথনের জন্য ভবিষ্যতে হোয়াটসঅ্যাপ আর সতর্কবার্তাও দেখাবে না।