প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ ২১:২৯ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৬ ২১:৩৪ পিএম
সূচিপত্র প্রকাশনীর প্রকাশনায় বইটির মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রাজনীতির অন্দরমহল ও প্রকাশ্য অঙ্গনের নানা ঘটনা, অভিজ্ঞতা ও স্মৃতির সমন্বয়ে জ্যেষ্ঠ সাংবাদিক মারুফ কামাল খানের লেখা বই ‘রাজনীতির সদরে-অন্দরে’ প্রকাশিত হয়েছে।
সূচিপত্র প্রকাশনীর প্রকাশনায় বইটির মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
এ ছাড়া প্রধানমন্ত্রীর প্রেস সচিব এএএম সালেহ শিবলী, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী এবং দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার বক্তব্য দেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, “রাজনীতির সদরে-অন্দরে- কেবল উপভোগ্য সাহিত্য বা স্মৃতিকথা নয়; রাজনৈতিক কর্মী, সমাজকর্মী ও সচেতন নাগরিকদের জন্য এটি সংরক্ষণযোগ্য একটি গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে। সাধারণ পাঠক বইটির মাধ্যমে ইতিহাসকে সহজ ও উপভোগ্যভাবে জানার সুযোগ পাবেন। অন্যদিকে অনুসন্ধিৎসু পাঠকেরা রাজনীতির সংস্কৃতির জটিল ও বাঁকবদলপূর্ণ পথ, রাজনীতি ও ক্ষমতার সম্পর্ক এবং মানুষের বহুমাত্রিক প্রবৃত্তির পরিবর্তন সম্পর্কে ধারণা পাবেন”।
লেখকের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বের স্মৃতিচারণ করে তিনি বলেন, “মহাভারতের মতো মহাকাব্যে যেমন বিভিন্ন চরিত্রের মধ্য দিয়ে মানুষের স্বভাব ও প্রকৃতি ফুটে ওঠে, তেমনি এই বইয়ে মানুষের কোমল, সূক্ষ্ম ও পরস্পরবিরোধী নানা বৈশিষ্ট্য তুলে ধরেছেন লেখক”।
খালেদা জিয়ার প্রধানমন্ত্রী থাকাকালে তার উপ-প্রেস সচিব হিসেবে মারুফ কামাল খানের দায়িত্ব পালনের সময়ের কথাও স্মরণ করেন মন্ত্রী।
তিনি বলেন, “সে সময় আমাদের কার্যালয়ের কক্ষটি ছিল অনানুষ্ঠানিক আড্ডা ও নানা আলোচনার একটি নির্ভরযোগ্য জায়গা। সেই সময়ের স্মৃতির ভাণ্ডার থেকে বাস্তবে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার ওপর ভিত্তি করে লেখক রাজনীতির দৃশ্যমান ও নেপথ্য অধ্যায়গুলো ধারাবাহিকভাবে বইটিতে তুলে ধরেছেন”।
নিতাই রায় চৌধুরী বলেন, “রাজনীতির সদরে অন্দরে বইটি বোঝা যায় মারুফ কামাল একজন কবি কিন্তু অসমাপ্ত কবি, একজন সাহিত্যিক কিন্তু অসমাপ্ত সাহিত্যিক। তার লেখাটি সুখপাঠ্য হবে”।
অনুষ্ঠানে লেখক ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মারুফ কামাল খান বইটি লেখার পটভূমি ও প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য দেন।
অধ্যাপক আবু সাঈদ বলেন, “আমাদের দেশে ১৮ কোটি মানুষ হলেও বই বিক্রি হয় এক হাজার দু হাজার। বইটির প্রচার কামনা করছি। আর বাঙালির আমি তত্ত্ব শেষ করে যখন আমরা হবো তখন উন্নতি হবে”।
সংসদ সদস্য শিমুল বিশ্বাস বলেন, “যে বাংলাদেশের জন্য মানুষ মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছে সেই বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখেন মারুফ কামাল খান”।
আব্দুল হাই শিকদার বলেন, “বইটির গুরুত্ব বোঝাতে বইটিতে ঢুকলেই হবে। বইটি সাংবাদিকতা ও কবিত্বের সংমিশ্রণে মোড়ানো”।
মারুফ কামাল খানের কবিতা বইয়েরও প্রশংসা করে তিনি বলেন, “তার লেখায় অনেক কিছু ফুটে উঠেছে। তা ছাড়া রাজনীতির সঙ্গে সাংবাদিকদের অনেক লেখা রয়েছে”।
সৈয়দ আবদাল আহমদ বলেন, “বই প্রকাশ করলে এক সময় সেটি ইতিহাস হয়ে থাকে। সোহেল ভাই (মারুফ কামাল) খুবই আড্ডাপ্রিয় মানুষ। তিনি নানা বিষয়ে বক্তব্য রাখেন। তার লেখাও খুব ভালো”।
মারুফ কামাল খান বলেন, “আপনারা এখন বিচারক, আমি কাঠগড়ায়। আপনাদের কথা শুনে উৎসাহিত হয়েছি, ভবিষ্যতে আরও ভালো কিছু লিখতে পারবো”।
সালেহ শিবলী বলেন, “বইটিতে রাজনীতির ধারাবাহিকতা না থাকলেও প্রতিটি লেখার মধ্যে যোগসূত্র পাওয়া যায় যাবে”।
জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম বলেন, “বইটি রাজনৈতিক ফর্মের পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হয়েছে”।
আব্দুল গাফফার চৌধুরী ও মারুফ কামাল খানের লেখার ভক্ত উল্লেখ করে কাদের গণি চৌধুরী বলেন, “চৌধুরীর লেখায় সত্য মিথ্যার সংমিশ্রণ থাকে কিন্তু মারুফ কামাল খানের লেখাতে শুধু সত্য থাকে”।
সূচিপত্র প্রকাশনীর প্রকাশক ও প্রধান নির্বাহী সাইয়েদ বারী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
তিনি বলেন, “বর্তমানে প্রকাশনা শিল্প খুবই নাজুক অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীকে এ শিল্পের উন্নয়নে মনোযোগ দিতে হবে”।