আবিদা জান্নাত নিসা
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ ১৪:৩৩ পিএম
তুড়িতেই শাড়ি
শাড়িতে বাঙালি নারীর সৌন্দর্য যে-কাউকে মুগ্ধ করে- এটা যেমন সত্যি, তেমনি শাড়ি পরতে না পারা অথবা সময় বেশি লাগার কারণে অনেকে পরতেই চান না। এই ঝক্কি কমাতে ফ্যাশন ডিজাইনাররা রেডি বা ইনস্ট্যান্ট শাড়ি বানাচ্ছেন যা শাড়িপ্রেমী নারীদের নতুন করে শাড়ির প্রতি ভালো লাগা তৈরি করছে। কীভাবে এই শাড়িগুলো বর্তমানে এত জনপ্রিয় হয়ে উঠছে জানাচ্ছেন আবিদা জান্নাত নিসা
নারীদের শাড়ি পরার শুরুটা হয় মা কিংবা দাদি-নানির শাড়ি পরে। আনাড়িভাবে পরা শাড়িতেই কিশোরী নিজেকে নারী রূপে দেখতে চায়। আয়নার সামনে দাঁড়িয়ে মায়ের আঁচলটা টেনে কাঁধে ফেলা কিংবা অবাধ্য কুচিগুলোকে একহাতে সামলানোর সেই মধুর স্মৃতির সঙ্গেই শুরু হয় প্রতিটি বাঙালি নারীর শাড়ির পরার প্রথম পাঠ। বাঙালি নারীর সঙ্গে শাড়ির সম্পর্কটা শতাব্দীর পর শতাব্দী ধরে ঠিক এমনই আবেগ ও চিরন্তন ভালোবাসার। উৎসব, বিয়েবাড়ি কিংবা রূপসী বাংলার নানা আয়োজনে শাড়ি না পরলে যেন শৈশব থেকে লালন করা সেই সাজই অসম্পূর্ণ থেকে যায়।
তবে সময় বদলেছে। আধুনিক ব্যস্ত জীবনযাত্রা, নগরায়ন আর ঘড়ির কাটার সঙ্গে পাল্লা দিয়ে দৌড়ানোর এই যুগে সেই আগের মতো শাড়ি পরার সময় খুঁজে পাওয়াটাই বড় চ্যালেঞ্জ। কিন্তু তাই বলে কি শাড়ি পরা হবে না? সময় আর মানুষের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে বদলেছে ফ্যাশনের ধরনও। আর সেই ভাবনা থেকেই আধুনিক নারীর আলমারিতে এক নতুন বিপ্লব এনেছে ‘রেডি-টু-ওয়্যার শাড়ি’ বা ‘ইনস্ট্যান্ট শাড়ি’।

ফ্যাশন বাজারে যেভাবে এলো রেডি শাড়ি
একসময় শাড়ি পরা শিখতে হতো পরিবারে মা-কাকিমাদের কাছে পরম ধৈর্যে কসরত করে। কিন্তু বিশ্বায়ন, কর্মক্ষেত্রে নারীর ক্রমবর্ধমান অংশগ্রহণ এবং আধুনিক জীবনের চরম ব্যস্ততার কারণে নবীন প্রজন্মের অনেকের পক্ষেই প্রতিদিন নিখুঁতভাবে কুচি মেলানো বা জটিল ড্র্যাপিং শেখার মতো সময় ও ধৈর্য হয়ে ওঠে না। ঐতিহ্যবাহী শাড়ির সৌন্দর্য অটুট রেখে একে আধুনিক জীবনের উপযোগ করে তোলার এই ভাবনা থেকেই ডিজাইনারদের হাতে জন্ম নেয় ‘প্রি-স্টিচড’ বা রেডি শাড়ি।
নব্বইয়ের দশকের শেষের দিকে ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত ফ্যাশন ডিজাইনাররা প্রথম রানওয়েতে বা প্রাতঃভ্রমণে ব্যস্ত নারীদের জন্য ফিউশন হিসেবে এমন শাড়ি পরীক্ষামূলকভাবে উপস্থাপন করেন। তবে গত এক দশকে এটি আন্তর্জাতিক ফ্যাশন জগতে ব্যাপক সাড়া ফেলে। বিশেষ করে দক্ষিণ এশীয় বংশোদ্ভূত ফ্যাশন ব্র্যান্ডগুলো যখন শাড়িতে জিপার, বেল্ট ও বেলক্রোর মতো আধুনিক মেকানিজম যুক্ত করে, তখন থেকেই এর বাণিজ্যিক বিপ্লব শুরু হয়। বাংলাদেশেও দেশীয় নামিদামি বুটিক হাউস ও তরুণ ডিজাইনারদের হাত ধরে এই রেডি শাড়ি এক নতুন যুগের সূচনা করেছে। আজকাল জামদানি, মসলিন, সিসিলিয়ান সিল্ক থেকে শুরু করে সুতি কাপড়েও রেডি শাড়ির রূপান্তর চোখে পড়ে।
তুড়িতেই এমন শাড়ি পরে ফেলার নকশা ডিজাইন করেছেন বাংলাদেশের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার হাবিবা আক্তার সুরভী। তার উদ্যোগ শরদিন্দুতে নিয়মিত এমন শাড়ি তৈরি হচ্ছে। গ্রাহকদের কাছে বেশ প্রশংসা পেয়েছে এই শাড়িগুলো। কীভাবে এই শাড়ি তৈরির আইডিয়া এলো সেই সম্পর্কে জানতে চাইলে সুরভী বলেন, ‘এই আইডিয়া যে আমার নতুন করে এসেছে ব্যাপারটি এমন না। আমি আর বড় আপু ছোটবেলায় ভালোভাবে শাড়ি পরতে পারতাম না। আব্বু তখন দরজির কাছ থেকে শাড়ি কুচি দিয়ে আটকে স্কার্টের মতো বানিয়ে আনতেন। সে সময় খুব সহজ আর আনন্দের লাগতো ব্যাপারটা। এখন তো শরদিন্দুর পোশাক নিয়ে শ্যুট করার জন্য আমি আর রিফাত নানা জায়গায় যাই। সে সময় চট করে পরার জন্য নিজের সুবিধা হবে ভেবে কুঁচি সেট করে ইজি টু ওয়্যার শাড়ি আমি বানিয়ে ফেলি। এরপর পেইজে শেয়ার করার পর প্রচুর সাড়া পাই। শুরুর দিকে কাস্টমাইজ শাড়িই বানাতাম। এখন শপে এই শাড়ির সাড়া বেশ ভালো। আমরা রেডিমেড শাড়ি দোকানেই রাখি। সরাসরি গ্রাহক এসে কিনে নিয়ে যান। শুধু দেশে না, লন্ডনে শরদিন্দুর শো রুমেও এই শাড়ির চাহিদা ভালো। বিশেষ করে দেশের বাইরে যারা বাঙালি আছেন তারা অল্প সময়ে পরার জন্য এই শাড়িগুলো স্বাচ্ছন্দ্যের জন্য বেছে নিচ্ছেন।’

কেন জনপ্রিয়তার তুঙ্গে
আজকের শহুরে নারী একই সঙ্গে সামলাচ্ছেন করপোরেট অফিস, ক্লায়েন্ট মিটিং, ঘরকন্না, সন্তান লালন-পালন এবং সামাজিক অনুষ্ঠান। এই বহুমুখী ব্যস্ততায় প্রতিটি সেকেন্ড যেখানে হিসাব করে চলতে হয়, সেখানে ঐতিহ্যের দোহাই দিয়ে আধা ঘণ্টা সময় শাড়ি পরার পেছনে ব্যয় করা অনেকের জন্যই অসম্ভব। তবুও কখনও কখনও শাড়ি পরতে ইচ্ছা হয়। মনে হয়, ইস! এমন যদি একটা শাড়ি থাকতো যেটা শুধু পেঁচিয়ে নিলেই পরা হয়ে যাবে! ঠিক এই ভাবনাটাই যখন বাস্তবে ধরা দিল তখন সেকেন্ডেই শাড়ি পরে ফেলার ভালো লাগা যেন আরও বেশি করে ধরা দিল। ইনস্ট্যান্ট শাড়িতে ফ্যাশনিয়েস্তারা যে ভালো লাগা পাচ্ছে, সেটার সঙ্গে কাজ করছে আরও কিছু বিষয়। যেমনÑ
সময় বাঁচায়
একটা শাড়ি পরতে ১৫ থেকে ৩০ মিনিট লেগে যায় অনেকের। এটা অবশ্য নির্ভর করে কে কত অল্প সময়ে পরতে অভ্যস্ত তার ওপর। তবুও কখনও কখনও এই সময়টাও দীর্ঘ লাগতে থাকে। মাত্র মিনিটখানেকে এই সময়টুকু নেমে আসা আধুনিক নারীদের জন্য এক রকম আশীর্বাদ বললেও ভুল বলা হবে না।
আত্মবিশ্বাস
সাধারণ শাড়িতে সবসময় কুচি খুলে যাওয়া, কুচিতে পা আটকে পড়ে যাওয়া বা আঁচল সামলাতে না পারার একটা ভীতি কাজ করে। রেডি শাড়িতে সেই ভয় শূন্যে নেমে আসে।
দেহের গঠনের সঙ্গে মানানসই
ঐতিহ্যবাহী শাড়িতে অনভিজ্ঞ হাতে কুচি করলে তা ফুলে থাকে বা স্থূল দেখাতে পারে। কিন্তু রেডি শাড়ির কুচিগুলো স্ট্রাকচার্ড ও মেজারড হওয়ায় এটি পরিধানকারীকে দেখতে অনেক বেশি স্লিম ও মার্জিত করে তোলে।
ডিজাইনিং মেকানিজম
রেডি শাড়ির সবচেয়ে জাদুকরী দিক হলো এর পরিধানের গতি। সাধারণ পেটিকোটের ওপর যেমন শাড়ি পরতে হয়, এখানে সেই পেটিকোটের ঝামেলাকেও অনেক ক্ষেত্রে বাদ দেওয়া হয়েছে। মাত্র ১ থেকে ২ মিনিটের মধ্যেই একজন নারী এটি পরে সম্পূর্ণ প্রস্তুত হতে পারেন। ইনস্ট্যান্ট শাড়ির নকশা সাধারণত যেমন হয়-

ড্রস্ট্রিং ও অ্যাডজাস্টেবল কোমর : সাধারণ প্যান্টের মতো বা জিপার যুক্ত ইলাস্টিক বেল্ট কোমরের মাপে নিমেষেই ফিট হয়ে যায়।
ইন-বিল্ট পেটিকোট ও লাইনিং : অনেক রেডি শাড়িতে ভেতরের অংশে কটন বা লাইক্রার আরামদায়ক লাইনিং যুক্ত থাকে, ফলে আলাদা করে পেটিকোট পরার ঝক্কি থাকে না।
আগেই সেলাই করা কুচি ও আঁচল : কুচিগুলো মেশিনে একদম নিখুঁত মাপে ভাঁজ করে সেলাই করা থাকে। আঁচলটিও আগেই প্লেটেড করে কাঁধের মাপে তৈরি রাখা হয়, যা স্রেফ পিন দিয়ে আটকে দিলেই তৈরি।
ধরন ও বৈচিত্র্যময়তা
ফ্যাশন ডিজাইনাররা যখন রেডি শাড়ি নিয়ে কাজ করেন তখন তারা ভাবেন এর মাঝে ফ্যাশন ও ঐতিহ্যÑ দুইয়ের সম্মিলন কীভাবে ঘটানো যায়। সত্যি বলতে এই মিশ্রণটাই নতুন ধারার এই ফ্যাশনে চমৎকার কিছু বিষয় সামনে নিয়ে এসেছে।
ক্লাসিক প্রি-স্টিচড শাড়ি : শাড়ি সাধারণত নিজস্ব যে ঐতিহ্য সেই ধারা বজায় রেখেই পরতে পছন্দ করেন অনেকে। এই ধরনের শাড়িতে কুচি ও আঁচল সেলাই করা থাকে। তবে বাহির থেকে দেখে কেউ বুঝবে না শাড়িটি ইনস্ট্যান্ট।
প্যান্ট ও ধুতির ফিউশন শাড়ি : জিন্স, ক্রপড প্যান্ট, লেগিংস কিংবা ধুতির ওপরে ড্র্যাপ করা এই শাড়িগুলো তরুণ প্রজন্মের বেশ পছন্দের। ওয়েস্টার্ন ও ইস্টের্নের এমন ফিউশন এখন ককটেল পার্টি বা সংগীতের মতো অনুষ্ঠানে অনেকেই পরার জন্য বেছে নেন।
বেল্ট ও করসেট শাড়ি : কোমরে ম্যাচিং ড্রেসি বেল্ট বা করসেট ব্লাউজের সঙ্গে যুক্ত রেডি শাড়ি বেশ করপোরেট ও গ্ল্যামারাস লুক এনে দেয়।
রাফেল ও লেয়ার্ড শাড়ি : ওয়েস্টার্ন গাউনের ছোঁয়া দিতে শাড়ির নিচের অংশে ও আঁচলে ব্যবহার করা হচ্ছে রাফেল বা ফ্রিল। এই ধরনের শাড়িগুলো দেখতেও বেশ নজরকাড়া।
কেপ ও জ্যাকেট স্টাইল শাড়ি : আঁচল সামলানোর বদলে এর সঙ্গে যুক্ত থাকে একটি নান্দনিক কেপ বা ওভারকোট, যেটা ফ্যাশনিয়েস্তাদের জন্য ভিন্ন একটি লুক তৈরি করে।
এমন শাড়ি কারা বেশি পছন্দ করছে
চাকরিজীবী ও করপোরেট নারী : সকালে উঠে দ্রুত অফিসে যাওয়ার তাড়া, কোনো প্রেজেন্টেশন দেওয়ার প্রয়োজন হলে, বিশেষ কোনো প্রেস কনফারেন্স বা ইভেন্ট থাকলে মেয়েরা চায় সুন্দরভাবে শাড়ি পরে তৈরি হতে। কিন্তু হাতে সময় কম থাকলে সেটা সব সময় সম্ভব হয় না। সেদিক থেকে রেডি শাড়ি হতে পারে দারুণ এক সমাধান।

নবীন, কিশোরী ও অনভিজ্ঞ শাড়িপ্রেমী : যারা কখনও শাড়ি পরেননি, তাদের কাছে এটি একটি জাদুর মতো। কোনো সাহায্য ছাড়াই স্বাধীনভাবে পরে ফেলা যায় এমন শাড়ি।
প্রবাসে থাকা বাঙালি নারী : প্রবাসে একা হাতে পরিবার সামলে দেশীয় অনুষ্ঠানে যাওয়ার সময় শাড়ি পরিয়ে দেওয়ার মতো কেউ থাকে না। ফলে বিদেশের মাটিতে বাঙালি ঐতিহ্য ধরে রাখতে প্রবাসী নারীদের প্রধান ভরসা হতে পারে এমন রেডি শাড়ি।
গর্ভবতী ও নতুন মায়েরা : গর্ভাবস্থায় বা সন্তান কোলে নেওয়ার সময় শাড়ি পরা কঠিন লাগতে পারে। এডজাস্টেবল ইলাস্টিক বেল্ট থাকার কারণে এই সময়ে মায়েরা স্বাচ্ছন্দ্যে এমন শাড়ি ব্যবহার করতে পারেন।
এমন একটি শাড়ি কেন থাকা জরুরি
ভ্রমণবান্ধব : সাধারণ শাড়ি ভাঁজ করে ব্যাগে নিলে কুচি ও আয়রনের বারোটা বেজে যায়। কিন্তু রেডি শাড়ি অত্যন্ত কম জায়গায় ব্যাগে প্যাক করা যায় এবং বের করেই সরাসরি পরা যায়।
সময় বাঁচে : ঘাম ঝরিয়ে কুচি মেলানো বা শত শত পিন লাগানোর ঝামেলা শূন্যে নেমে আসে।
নিখুঁত ফিটিং ও স্মার্ট লুক : বডি শেইপ যেমনই হোক, পেশাদার মেশিনে কাটা ও সেলাই করা কুচিগুলো শরীরকে একটি শার্প ও স্লিম অবয়ব দেয়।
স্থায়িত্ব : সঠিক যত্নে এই সেলাই করা কুচি বছরের পর বছর একই রকম থাকে, ফলে বারবার শাড়ি কুঁচকে যাওয়ার ভয় থাকে না।
শাড়ির সঠিক রক্ষণাবেক্ষণ ও যত্ন
রেডি শাড়ির ভেতরের মেকানিজম, হুক ও স্টিচিং দীর্ঘস্থায়ী করতে কিছু যত্ন নেওয়া প্রয়োজন। যেমন-
বাঙালি সংস্কৃতিতে শাড়ির আবেদন চিরন্তন। বাঙালি নারীর আত্মপরিচয় আর নান্দনিকতার সঙ্গে শাড়ি চিরকালই ওতপ্রোতভাবে জড়িত। মা-দাদির শেখানো সেই ঐতিহ্যকে আমরা ভুলে যাইনি, বরং প্রযুক্তিময় আধুনিক জীবনের গতিশীলতার সঙ্গে খাপ খাওয়াতে শাড়িকে এক নতুন রূপ দিয়েছি। সময়ের হাত ধরে আত্মপ্রকাশ করা এই ‘রেডি শাড়ি’ প্রমাণ করেছে যে ফ্যাশন, গতি ও সংস্কৃতি একে অন্যের পরিপূরক হতে পারে। সময় বাঁচিয়েও ঐতিহ্যে অনন্য হয়ে ওঠার এই স্বাধীনতা আধুনিক নারীদের ফ্যাশনে এনে দিয়েছে এক আত্মবিশ্বাসী জয়গান।