× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুরনো যখন নতুন রূপে

সানজিদা বিনতে হাফিজ

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ ১৪:২৮ পিএম

পুরনো শাড়ির নতুন রূপ

পুরনো শাড়ির নতুন রূপ

বাঙালির আলমারি মানেই একেকটি নস্টালজিয়ার ঘর। বিশেষ করে উৎসব কিংবা ঐতিহ্যের আমেজ জড়িয়ে থাকে রঙিন শাড়ির ভাঁজে। কিন্তু সাধের জামদানি, অভিজাত কাতান কিংবা রাজকীয় মসলিন শাড়িতে যদি কোনোভাবে দাগ লাগে, ফেঁসে যায় কিংবা উজ্জ্বলতা হারিয়ে ফেলে, তবে মন খারাপ হওয়াই স্বাভাবিক। একটু অসাবধানতায় দামি একটি শাড়ি নষ্ট হয়ে গেলে আমরা অনেকেই ধরে নিই সেটি আর ব্যবহারযোগ্য নয়। তবে সঠিক পরিচর্যা এবং কিছু ঘরোয়া কৌশলে আপনার প্রিয় শাড়ির হারানো রূপ পুরোপুরি ফিরিয়ে আনা সম্ভব।

জামদানি শাড়ি

সূক্ষ্ম বুননের জামদানি শাড়ির সবচেয়ে বড় শত্রু হলো পানি ও শক্ত লন্ড্রি ব্রাশ। জামদানি শাড়ি নষ্ট বা কুঁকড়ে গেলে বাড়িতে সাধারণভাবে ধোয়া একদমই অনুচিত।

যেভাবে ঠিক করবেন : জামদানি পরিষ্কার ও কুঁকড়ানো থেকে স্বাভাবিক অবস্থায় আনার জন্য কাটাওয়াশ করানো বাধ্যতামূলক। বুনন এর সুতা সরে গেলে ভেতরে তাঁতীর মাধ্যমে রিফু করিয়ে ঠিক করা সম্ভব। শাড়ি দীর্ঘদিন একই ভাঁজে রাখার কারণে ভাঁজে ভাঁজে কেটে যায় বা ফাঙ্গাস পড়ে সেক্ষেত্রে কাটাওয়াশ করিয়ে শাড়ি ঠিক করা সম্ভব। জামদানি হালকা রঙের শাড়িতে যদি কোনো দাগ লাগে তাহলে সেই শাড়ি তাঁতি দিয়ে কালার করিয়ে শাড়ি ঠিক করা সম্ভব। 

কাতান ও রাজকীয় সিল্ক 

সিল্ক বা কাতান শাড়িতে অনেক সময় পানির দাগ বা রান্নার তেলের জেদি দাগ বসে যায়।

যেভাবে ঠিক করবেন : তেলের দাগ লাগলে দ্রুত সেখানে টেলকম পাউডার ছিটিয়ে দিন। পাউডার তেল শুষে নিলে হালকা ব্রাশ দিয়ে ঝেড়ে ফেলুন। এরপর ড্রাই ক্লিন করান। আর যদি কাতানের জড়ি কালো হয়ে যায়, তবে জড়ি পরিষ্কারের জন্য বিশেষ পলিশিং ওয়াশে দিন। 

মসলিন

মসলিন অত্যন্ত স্পর্শকাতর। অসাবধানতায় সামান্য টান লাগলেই এর সুতা সরে যায় বা ছিঁড়ে যায়।

যেভাবে ঠিক করবেন : মসলিনের বুনন ফাঁকা হয়ে গেলে সূক্ষ্ম সুই দিয়ে সাবধানে সুতাগুলো আবার সমানভাবে মিলিয়ে দিতে হবে। বড় কোনো ছিদ্র হলে ড্রাই ক্লিনার্স থেকে সূক্ষ্ম রিফু করিয়ে ঠিক করা সম্ভব। মসলিন ধোয়ার সময় কোমল বেবি শ্যাম্পু ব্যবহার করুন এবং কোনোভাবেই নিংড়াবেন না।

জর্জেট ও কোটা শাড়ি 

জর্জেট ও কোটা শাড়িতে প্রায়ই কাঁটা বা অলঙ্কারের টানে সুতা উঠে যায়।

যেভাবে ঠিক করবেন : উঠে যাওয়া সুতা কখনও কাঁচি দিয়ে কাটবেন না। সুঁইয়ের পেছন দিক (যেখানে ছিদ্র থাকে) দিয়ে সুতাটি টেনে কাপড়ের ভেতরের দিকে নিয়ে যান। কোটা বা জর্জেট শাড়ির নমনীয়তা নষ্ট হলে রিফ্রেশিং লিকুইড সোপ দিয়ে শ্যাম্পু ওয়াশ করে ছায়ায় শুকিয়ে নিলে ঠিক হয়ে যায়।

মারসালাইজ কটন ও সাধারণ সুতি শাড়ি

সুতি বা মারসালাইজ কটন শাড়ি ধোয়ার পর অনেক সময় সংকুচিত হয়ে যায়, কড়কড়ে ভাব ও উজ্জ্বলতা হারিয়ে ফেলে।

যেভাবে ঠিক করবেন : কুঁচকে যাওয়া বা ছোট হয়ে যাওয়া সুতি শাড়ি সোজা করতে তরল মাড় (স্টার্চ) ব্যবহার অত্যন্ত কার্যকরী। চালের মাড় বা তৈরি স্টার্চে শাড়ি ভিজিয়ে হালকা ভেজা থাকতেই ইস্ত্রি করুন। এতে কাপড়ের আসল শাইন ও শেপ ফিরে আসবে। মারসালাইজ কটন শাড়িতে দাগ লাগলে লেবুর রস ও বেকিং সোডার পেস্ট ব্যবহার করে দাগ তুলে নেওয়া যায়।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা