× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাটকের অলংকার

রওনক জাহান পুষ্প

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ ১৪:১৯ পিএম

সাটকের অলংকার

সাটকের অলংকার

সাজগোজ মানেই পোশাকের সঙ্গে মানানসই গহনা। সাজ যতই সুন্দর হোক, ঠিকঠাক গহনা ছাড়া সাজটা যেন কোথাও গিয়ে একটু অসম্পূর্ণ থেকে যায়। আর এখন গহনা শুধু স্বর্ণ-রূপা বা মেটালেই আটকে নেই। এগুলোর পাশাপাশি মাটি, কাঠ, কড়ি, সুতা, পুঁতি এমনকি পালক দিয়েও তৈরি হচ্ছে নানা ধরনের গহনা। তবে সব শাড়ির সঙ্গে সব ধরনের গহনা মানায় না। শাড়ির কাপড়, নকশা, রঙ আর আয়োজনÑ সবকিছু মাথায় রেখেই গহনা বেছে নেওয়া উচিত। চলুন জেনে নেওয়া যাক কোন শাড়ির সঙ্গে কেমন গহনা মানাবে- 

জামদানি

জামদানির সৌন্দর্য তার সূক্ষ্ম নকশা আর ঐতিহ্যবাহী লুকে। তাই এর সঙ্গে খুব ভারী গহনার বদলে একটু পরিমিত গহনা বেছে নিলে শাড়ির সৌন্দর্যটাও ভালোভাবে ফুটে ওঠে। মুক্তার মালা, ছোট মেটালের দুল, চিকন চেইন কিংবা ঐতিহ্যবাহী নকশার গহনা জামদানির সঙ্গে বেশ মানায়। আবার সাদামাটা জামদানির সঙ্গে একটি স্টেটমেন্ট নেকলেস পরেও সাজে যোগ করতে পারেন আলাদা আকর্ষণ।

কাতান

কাতান বা ব্রোকেডের শাড়ির সঙ্গে হালকা মেটালের গহনা বেশ ভালো মানায়। রূপা কিংবা গোল্ড-প্লেটেড গহনাও হতে পারে চমৎকার পছন্দ। আর একটু উৎসবের সাজ চাইলে ক্রিস্টাল পুঁতি বা মুক্তার কয়েক লহরের মালা পরতে পারেন। তবে গলায় ভারী মালা থাকলে কানের দুলটা একটু ছোট রাখাই ভালো।

সিল্ক বা অ্যান্ডি সিল্ক

সিল্ক বা অ্যান্ডি সিল্কের শাড়িতে এমনিতেই থাকে একটা আভিজাত্যের ছাপ। তাই এ ধরনের শাড়ির সঙ্গে গহনাটাও হতে পারে একটু জমকালো। অ্যান্টিক ব্রাশের গহনা এ ক্ষেত্রে বেশ মানানসই। চাইলে পোর্সেলিন, সিরামিক কিংবা মেটালের গহনাও বেছে নিতে পারেন। সিরামিকের লকেট, বড় কানের দুল কিংবা মেটালের চুড়ি সিল্কের সঙ্গে বেশ সুন্দর কনট্রাস্ট তৈরি করে। তবে শাড়ি যদি খুব ভারী হয়, গহনাও ভারী করার প্রয়োজন নেই। শাড়িকেই সাজের মূল আকর্ষণ হতে দিন।

জর্জেট

জর্জেটের শাড়ির সঙ্গে একটু ফিউশনধর্মী গহনা বেশ ভালো মানায়। কাপড়ের মালা, ক্রিস্টাল পুঁতি কিংবা মুক্তার কয়েক লহর হতে পারে দারুণ পছন্দ। নেটের ফেব্রিকের সঙ্গে মুক্তা বসানো গহনাও জর্জেটের সঙ্গে বেশ মানিয়ে যায়। আর একটু রাজকীয় লুক চাইলে রুবি, পান্না কিংবা প্রবালের মালা পরতে পারেন।

তাঁতের শাড়ি

তাঁতের শাড়ির সৌন্দর্য তার স্বাভাবিক ও সাদামাটা লুকে। তাই এর সঙ্গে একটু জাঙ্ক বা ওয়েস্টার্ন ধাঁচের গহনা পরলে বেশ অন্যরকম একটা লুক তৈরি হয়। হাতে চুড়ির পাশাপাশি মোটা বালা বা ব্রেসলেট পরতে পারেন। গলায় বিব নেকলেস, বড় কোনো লকেট কিংবা স্টেটমেন্ট পেনডেন্টও মানাবে। সাদামাটা একরঙা সুতির তাঁতের শাড়ির সঙ্গে কড়ি, সুতা, কাঠ কিংবা মেটালের গহনা পরতে পারেন। গয়নার বদলে হাতে বড় ডায়ালের ঘড়িও সাজে এনে দিতে পারে আধুনিকতার ছোঁয়া।

সুতির ব্লক বা ভেজিটেবল ডাইং

সুতির ব্লক বা ভেজিটেবল ডাইংয়ের শাড়ির সঙ্গে প্রকৃতির কাছাকাছি উপকরণের গহনাই বেশি মানায়। কাঠের গহনা, রঙিন পুঁতির মালা কিংবা কানে পালকের দুল সবই হতে পারে চমৎকার পছন্দ। বিশেষ করে রঙিন শাড়ির সঙ্গে কাঠের রঙিন গহনা সাজে বেশ প্রাণ এনে দেয়।

আজকাল ময়ূর থেকে শুরু করে নানা ধরনের পাখির পালক দিয়েও তৈরি হচ্ছে গহনা। একটু বোহেমিয়ান বা ফিউশন লুক চাইলে সেগুলোও বেছে নিতে পারেন।

কালো বা গাঢ় রঙের শাড়ি

কালো, মেরুন, নেভি কিংবা অন্য কোনো গাঢ় রঙের শাড়ির সঙ্গে কনট্রাস্ট করে গহনা পরলে সাজটা আরও চোখে পড়ে। গোল্ড, অক্সিডাইজড সিলভার, মুক্তা কিংবা রঙিন পাথরের গহনা এ ক্ষেত্রে ভালো মানাবে। বিশেষ করে কালো শাড়ির সঙ্গে একটি বড় কানের দুল কিংবা স্টেটমেন্ট নেকলেসই অনেক সময় পুরো সাজের জন্য যথেষ্ট।

কিছু টিপস

  •  ফুলহাতা ব্লাউজে ঘড়ি বা সিম্পল একটি বালা মানাবে, ছোট হাতা ব্লাউজে হাতভর্তি চুড়ি। আর স্লিভলেস ব্লাউজে আর্ম কাফ দারুণ মানিয়ে যায়।
  •  গহনা হিসেবে, শাড়ি অনুযায়ী বেল্ট বা বিছা পরলেও খুব সুন্দর লাগে, অনেকেই এটা ফ্যাশন স্টেটমেন্ট হিসেবে পরেন।
  •  গহনার রঙ হিসেবে শাড়িতে থাকা ছোট কোনো ডিজাইনের রঙ অথবা কনট্রাস্ট রঙ নিতে পারেন। একই রঙের গয়না শাড়ির মাঝে দেখা নাও যেতে পারে।
  •  বিয়ের অনুষ্ঠান বা জমকালো আয়োজনে শাড়ির সঙ্গে ভারী গহনা বেছে নিতে পারেন। তবে হাত, কান ও গলায় একসঙ্গে ভারী গহনা না পরাই ভালো। এতে সাজটা অনেক সময় অতিরিক্ত ভারী ও বেমানান দেখাতে পারে।
  •  শাড়ি যদি খুব জমকালো হয়, গহনা একটু হালকা রাখুন। আবার সাদামাটা শাড়ি হলে গহনাকেই বানাতে পারেন সাজের মূল আকর্ষণ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা