লাবিবা ইরম
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ ১৩:৪৩ পিএম
ফিরে দেখা সেই বসন
নানি বা দাদির আলমারি খুললে চোখ যেত শাড়ির ওপর। তাদের নিত্যদিনের পোশাকই ছিল শাড়ি। বিশেষত বাড়ির বউরা শাড়িই পরত বেশি। তাই আটপৌরে হোক বা অনুষ্ঠান- শাড়ি ছিল একমাত্র পোশাক। সেসময় শাড়ির বৈচিত্র্যও ছিল বেশ। নামগুলোও ছিল মিষ্টি। তাদের আলমারি খুললে শাড়ির মিষ্টি একটা ঘ্রাণ নাকে এসে লাগত। মনে হতো, এই শাড়িগুলো যদি আমার হতো! নানি-দাদিদের এসব শাড়ি মাঝে অনেকটাই হারাতে বসেছিল। নিত্যনতুন ফ্যাশনে, এগুলো আলগোছে পড়ে ছিল আলমারির এক কোণে। তবে নস্টালজিয়া থেকে কেউ কেউ তুলে আনা শুরু করেন সামাজিক মাধ্যমে, কেউ বা খবরের কাগজে। ফ্যাশন ইন্ডাস্ট্রিও আস্তে আস্তে এই শাড়িগুলোকে আবার নতুনভাবে আনতে শুরু করেছে। চলুন আজকে একটু দেখে আসি নানি-দাদিদের আমলের কোন শাড়িগুলো আবার ফিরতে শুরু করেছে হালের ফ্যাশন ট্রেন্ডে-
মসলিন
ফিরে আসা রাজকীয় শাড়ির মধ্যে অন্যতম হচ্ছে মসলিন। একসময় মসলিন ছিল শুধুই রাজকীয় মানুষদের জন্য। ঢাকাই মসলিনের কথা জানে না এমন বাঙালি নেই এ অঞ্চলে। প্রতিটি নারীর স্বপ্ন ছিল অন্তত একটা মসলিন শাড়ি যেন তার আলমারিতে থাকে। তবে মসলিন শিল্প ঔপনিবেশিক যুগে ধীরে ধীরে বিপর্যস্ত হয়ে পড়ে। শিল্পায়িত ব্রিটিশ কাপড়ের সঙ্গে প্রতিযোগিতা, কাঁচামাল ও উৎপাদন ব্যবস্থার পরিবর্তনসহ নানা কারণে ঐতিহ্যটি প্রায় হারিয়ে যায়। বহু বছর পর এসে, সংরক্ষণ করে রাখা মসলিন থেকে নমুনা নিয়ে মসলিন পুনরুদ্ধারের চেষ্টা চলছে। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ তাঁত বোর্ডের উদ্যোগে গবেষক ও বুননশিল্পীদের টানা কয়েক বছরের প্রচেষ্টায় ফুটি কার্পাস গাছ উদ্ধার করে ৩-ডিজিটের কাউন্টের আসল ঢাকাই মসলিন পুনরুজ্জীবিত করা হয়েছে।

জামদানি
মসলিনের সঙ্গে জামদানি জড়িয়ে আছে গভীর সম্পর্কে। বলা হয় মসলিনের ওপর জ্যামিতিক বা বুটিদার নকশা বুনে যে কাপড় তৈরি করা হতো, সেটিই জামদানি নামে পরিচিত। অর্থাৎ জামদানি মূলত শুধু একটি শাড়ির নাম নয়, বরং একটি বিশেষ বুনন ও নকশার ঐতিহ্য। জামদানির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর নকশা। ফুল, পাতা, কলকা, জ্যামিতিক মোটিফÑ সবকিছু আলাদা করে সুতো দিয়ে তাঁতে তোলা হয়। এমনকি এই একেকটা নকশার আলাদা আলাদা অর্থও আছে। জামদানি যেন কাপড়ের বুননে গল্প বলে। আর নকশার কারণে প্রতিটি জামদানি তৈরি করতে অনেক সময় লাগে। তা ছাড়া দক্ষ কারিগরের প্রয়োজন হয়। মাঝে একটা সময় জামদানি হারাতে বসেছিল। তবে এখন আবারও ফিরতে শুরু করেছে। বর্তমানে অনলাইনে জামদানির চাহিদা প্রচুর। এ ছাড়া আছে বাজেট জামদানি যেন সবাই সাধ্যের মধ্যে জামদানি পরতে পারে। জামদানির ওপর কারচুপির কাজও এখন বেশ ট্রেন্ডে আছে।
টাঙ্গাইলের আটিয়া চাঁদ ও স্বর্ণচূড়
টাঙ্গাইলের হাতের তাঁতের স্বর্ণযুগে নানি-দাদিদের আলমারিতে ‘আটিয়া চাঁদ’ (চাঁদ ও তারার ছাঁচে বোনা নকশা) এবং ‘স্বর্ণচূড়’ পাড়ের শাড়ি অত্যন্ত জনপ্রিয় ছিল। শাড়ির আঁচল ও জমিনের এই বুননগুলো ছিল অত্যন্ত নিখুঁত ও দীর্ঘ পরিশ্রমের কাজ। আশির দশকের পর বাজারে কম দামি পাওয়ারলুম শাড়ির সংখ্যা বাড়লে প্রবীণ তাঁতিরা এই জটিল নকশাগুলো বুনন বন্ধ করে দেন। তবে আশার কথা এই যে হাতের তাঁত সংরক্ষক ও ঐতিহ্য সচেতন ডিজাইনাররা প্রবীণ তাঁতিদের স্মৃতি ও আর্কাইভ থেকে নকশা উদ্ধার করে টাঙ্গাইলের আটিয়া চাঁদ ও স্বর্ণচূড় শাড়ি আবার হালের ট্রেন্ডে আনছেন।
পাবনার প্রাচীন তসর ও ক্ষীরোদ শাড়ি
পাবনা ও সিরাজগঞ্জের তাঁত অঞ্চলের বিখ্যাত এক বুননশৈলী ছিল খাঁটি সুতি ও তসর রেশমের মিশ্রণে তৈরি শাড়ি। বিশেষ করে ‘ক্ষীরোদ’ বা ক্ষীর রঙের (হালকা দুধসাদা/ক্রিম) জমিনে রঙিন পাড়ের সুতি-তসর শাড়ি আমাদের দাদিদের নিত্যদিনের এবং ঘরের উৎসবের পছন্দের পোশাক ছিল। বাজেট সুতার প্রচলনে ঐতিহ্যবাহী খাঁটি তসর বুনন প্রায় হারিয়ে যায়। তবে স্থানীয় তাঁত সমবায় ও গবেষকদের সহায়তায় পাবনার তাঁতিরা পুনরায় প্রাকৃতিক তসর রেশম সুতা সংগ্রহ করে প্রাচীন ঐতিহ্যবাহী বুননশৈলীগুলো আস্তে আস্তে ফিরতে শুরু করেছেন।
কোরোনেশন জামদানি ও প্রাচীন জামদানি মোটিফ
বিশ শতকের শুরুতে ঢাকার জামদানি তাঁতিরা কিছু বিশেষ ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে বিশেষ নকশার জামদানি বুনতেন। যেমনÑ ‘কোরোনেশন জামদানি’ বা বিশেষ ফুল-লতা-পাতার মোটিফ, যেমনÑ করলা ফুল, তেরছা, পান্না হাজার, জাল পার। সময়ের সঙ্গে সঙ্গে সহজ ও বাণিজ্যিক নকশার চাপে এই বিরল প্রাচীন মোটিফগুলো তৈরি করা বন্ধ হয়ে গিয়েছিল। জাতীয় কারুশিল্প পরিষদ এবং বিভিন্ন আর্কাইভাল প্রকল্পের সহায়তায় তাঁতিরা পুরনো ক্যাটাগরি দেখে বিরল ঐতিহ্যবাহী মোটিফগুলো আবার কাপড়ে ফুটিয়ে তুলছেন।
রাজশাহী সিল্ক ও গরদ
এই দুই ধরনের শাড়িই রেশমশিল্পের সঙ্গে যুক্ত। মসৃণ, হালকা ও একটু চকচকে এই শাড়ির সৌন্দর্য মূলত এর রেশমি জমিনেই। একসময় বিয়ে, ঈদ, পূজা কিংবা বিশেষ অনুষ্ঠানের সাজে রাজশাহী সিল্কের আলাদা কদর ছিল। অতিরিক্ত কারুকাজ ছাড়াই এই শাড়িগুলো নিজেদের সৌন্দর্যে নজর কাড়ত। সময়ের সঙ্গে সিনথেটিক ও মেশিনে তৈরি কাপড়ের জনপ্রিয়তায় দেশি রেশম কিছুটা আড়ালে চলে গেলেও এখন ঐতিহ্যবাহী ও দেশি পোশাকের প্রতি আগ্রহ বাড়ছে। ফলে নানি-দাদিদের আলমারির সেই পুরনো রাজশাহী সিল্ক ও গরদও নতুন প্রজন্মের ফ্যাশনে আবার জায়গা করে নিচ্ছে।