সমুদ্রের তলদেশে বিশাল আকৃতির রহস্যময় বৃত্ত, যা দেখতে অনেকটা স্থলভাগের আলোচিত ‘ক্রপ সার্কেল’-এর মতো। ছবি: সংগৃহীত
সমুদ্রের তলদেশে বিশাল আকৃতির রহস্যময় বৃত্ত, যা দেখতে অনেকটা স্থলভাগের আলোচিত ‘ক্রপ সার্কেল’-এর মতো। বছরের পর বছর জাপানের দক্ষিণাঞ্চলের সমুদ্রে এসব বৃত্তাকার নকশা বিজ্ঞানীদের কৌতূহলী করে রেখেছিল। কে বা কীভাবে বালুর ওপর এত নিখুঁত জ্যামিতিক নকশা তৈরি করে, তা ছিল অজানা। পরে গবেষকরা খুঁজে পান অবিশ্বাস্য সেই রহস্যের সমাধানÑ মাত্র ১২ সেন্টিমিটার লম্বা একটি পুরুষ পাফার মাছই এসব নকশার কারিগর।
দক্ষিণ জাপানের উপক্রান্তীয় সমুদ্রের বালুময় তলদেশে কয়েক বছর আগে ডুবুরিরা প্রথম বিশাল এসব বৃত্ত দেখতে পান। প্রতিটি বৃত্তের ব্যাস প্রায় দুই মিটার। দুটি সমকেন্দ্রিক বৃত্তের (একটি ছোট, অন্যটি বড়) কেন্দ্র থেকে বাইরের দিকে ছড়িয়ে ছিল অসংখ্য খাঁজ বা রেখা। স্থলভাগের রহস্যময় ক্রপ সার্কেলের সঙ্গে সাদৃশ্য থাকায় এগুলো দ্রুত বিজ্ঞানীদের নজরে আসে।
পরে বিজ্ঞানীরা সমুদ্রের তলদেশে পাফার মাছকে এই নকশা তৈরির সময় পর্যবেক্ষণ করেন। ‘টুরকুইজেনার’ গোত্রের পুরুষ পাফার মাছ বালুর ওপর দ্রুত সাঁতার কাটতে কাটতে পাখনা দিয়ে বালু সরিয়ে প্রথমে বৃত্ত তৈরি করে। এরপর বিভিন্ন কোণ থেকে ভেতরের দিকে সাঁতার কেটে বৃত্তের চারপাশে উঁচু-নিচু খাঁজ তৈরি করে। বৃত্তের ভেতরেও তৈরি করে এলোমেলো আঁকাবাঁকা রেখা। শুধু নকশা তৈরি করেই থামে না মাছটি। মৃত প্রবাল ও সামুদ্রিক ঝিনুকের খোলস সংগ্রহ করে নিজের তৈরি বৃত্তটি সাজিয়ে তোলে। পুরো বাসাটি তৈরি করতে তার অন্তত এক সপ্তাহ সময় লাগে। তবে এসব নকশা নিছক সৌন্দর্য প্রদর্শনের জন্য নয়। এগুলো আসলে পাফার মাছের প্রজননের জন্য তৈরি বাসা। স্ত্রী পাফার মাছ এসে পুরুষের তৈরি বাসা পরিদর্শন করে। বাসাটি পছন্দ হলে এর কেন্দ্রে ডিম পাড়ে।
গবেষণায় দেখা গেছে, বৃত্তটির বিশেষ নকশা পানির স্রোতকে কেন্দ্রের দিকে পরিচালিত করতে সাহায্য করে। ফলে স্রোত যেদিক থেকেই আসুক, অক্সিজেনসমৃদ্ধ তাজা পানি বাসার কেন্দ্রে পৌঁছতে পারে। এতে ডিমের বিকাশের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়।