× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘কোয়েল শামীমের’ স্বপ্নজয়

সাজ্জাত লতিফ, সখীপুর (টাঙ্গাইল)

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ ০৯:২৫ এএম

আপডেট : ১৭ আগস্ট ২০২৬ ১৯:০৭ পিএম

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কচুয়া গ্রামের উদ্যোক্তা শামীম আল মামুন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কচুয়া গ্রামের উদ্যোক্তা শামীম আল মামুন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিদেশে বসে টেলিভিশনে দেখা এক খামারের প্রতিবেদন বদলে দেয় জীবন, এখন মাসে দুই লাখ কোয়েলের বাচ্চা উৎপাদন করে সফল শামীম আল মামুন। বেকারত্বের কষ্ট থেকে মুক্তি পেতে পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে। সেখানে চাকরির ফাঁকে এক রাতে টেলিভিশনের পর্দায় দেখলেন কোয়েল খামারের সাফল্যের গল্প। সেই গল্পই তার মনে বুনে দিল নতুন স্বপ্ন, দেশে ফিরবেন, গড়বেন নিজের কোয়েল খামার। সেই স্বপ্ন আজ শুধু তার জীবনই বদলায়নি, সৃষ্টি করেছে কর্মসংস্থানেরও নতুন সম্ভাবনা।

বলছি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কচুয়া গ্রামের উদ্যোক্তা শামীম আল মামুনের কথা। স্থানীয়দের কাছে তিনি এখন পরিচিত ‘কোয়েল শামীম’ নামে। কোয়েলের বাচ্চা উৎপাদন ও বিক্রি করে বর্তমানে তার মাসিক আয় ৩ থেকে ৫ লাখ টাকা।

২০০৫ সালের দিকে সৌদি আরবে যান শামীম। কাজ করতেন একটি পানির কারখানায়। এক রাতে কাজ শেষে দেশের একটি স্যাটেলাইট টিভি চ্যানেলে প্রচারিত কৃষি বিষয়ক অনুষ্ঠানে সফল উদ্যোক্তা বগুড়ার একটি কোয়েল খামারের প্রতিবেদন দেখেন। মুগ্ধ শামীম সেদিনই সিদ্ধান্ত নেন, দেশে ফিরে কোয়েলের খামার করবেন। প্রবাসে বসেই খামারের নাম ঠিক করেন ‘সোনার বাংলা কোয়েল খামার’। বর্তমানে এর নাম ‘সোনার বাংলা সোনালি অ্যান্ড কোয়েল হ্যাচারি’।

ছয় বছরের প্রবাসজীবন শেষে ২০১১ সালে দেশে ফেরেন তিনি। এরপর বগুড়ায় গিয়ে সেই খামার ঘুরে দেখেন এবং অভিজ্ঞ খামারি জামালের কাছ থেকে নেন প্রয়োজনীয় পরামর্শ। বিয়ের পর স্ত্রীকে নিজের স্বপ্নের কথা জানান। স্ত্রীও তাকে উৎসাহ ও সহযোগিতা দেন। ২০১২ সালের শুরুতে বাড়ির পাশে ২০ শতাংশ জমিতে ৫০০টি কোয়েলের বাচ্চা দিয়ে শুরু হয় তার স্বপ্নের যাত্রা।

মাত্র তিন বছরের ব্যবধানে খামারে কোয়েলের সংখ্যা ছাড়িয়ে যায় ১২ হাজার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসতে শুরু করেন খামার দেখতে। ২০২০ সাল পর্যন্ত কোয়েল ও ডিম বিক্রি করে ভালোই চলছিল ব্যবসা। তবে করোনাভাইরাস মহামারিতে বড় ধরনের লোকসানের মুখে পড়েন তিনি। অনেক খামারি ব্যবসা গুটিয়ে নিলেও হাল ছাড়েননি শামীম। নতুন সম্ভাবনার সন্ধানে ২০২৩ সালে চালু করেন কোয়েল হ্যাচারি।

বর্তমানে তার খামারে রয়েছে প্রায় ১৬ হাজার প্রজননক্ষম মা কোয়েল। প্রতিদিন এসব কোয়েল দেয় ১০ থেকে ১২ হাজার হ্যাচিং ডিম। ১৭ দিনে ডিম ফুটে বের হয় বাচ্চা। প্রতি মাসে প্রায় দুই লাখ বাচ্চা দেশের বিভিন্ন জেলার খামারিদের কাছে বিক্রি করেন তিনি। প্রতিটি বাচ্চার দাম ৭ থেকে ৮ টাকা; লাভ থাকে ২ থেকে ৩ টাকা। সব মিলিয়ে মাসে আয় হয় ৩ থেকে ৫ লাখ টাকা।

খামারে পাঁচজন শ্রমিক নিয়ে ব্যস্ত সময় কাটে শামীমের। কেউ খাবার দিচ্ছেন, কেউ সংগ্রহ করছেন ডিম। বিদ্যুৎ চলে গেলে সচল হয় জেনারেটর। পাখির খাবার তৈরির জন্য রয়েছে নিজস্ব মেশিনও।

শামীমের ভাষায়, এই খামারই এখন আমার জীবন। ব্যস্ততার মধ্যেই আনন্দ খুঁজে পাই। তার সাফল্য দেখে সখীপুরে ছয়-সাতজন নতুন করে কোয়েল খামার করেছেন। দেশের বিভিন্ন অঞ্চলে তার খামার দেখে গড়ে উঠেছে শতাধিক খামার। প্রতিদিনই বিভিন্ন জেলা থেকে উদ্যোক্তারা আসেন, দেখেন খামার, নেন পরামর্শ।

উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্র বলছে, অল্প পুঁজিতে কোয়েল পালন লাভজনক। লেয়ার জাতের কোয়েল ডিম থেকে ফোটার ছয় থেকে সাত সপ্তাহের মধ্যেই ডিম দেওয়া শুরু করে এবং প্রায় ১৮ মাস নিয়মিত ডিম দেয়। ব্রয়লার জাতের কোয়েল চার সপ্তাহেই বিক্রির উপযোগী হয়। একটি কোয়েল বছরে সাধারণত ২৮০ থেকে ৩০০টি ডিম দেয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইদুর রহমান বলেন, কোয়েল পালন অল্প পুঁজিতে লাভজনক উদ্যোগ। এর ডিম ও মাংস পুষ্টিকর এবং কোলেস্টেরলের পরিমাণও কম। শামীম এ উপজেলার জন্য অনুকরণীয় একজন সফল উদ্যোক্তা।

বেকারত্বের তাড়নায় বিদেশযাত্রা, টেলিভিশনের পর্দায় দেখা একটি প্রতিবেদন, আর সেই দৃশ্য থেকে জন্ম নেওয়া এক স্বপ্ন, আজ সেই স্বপ্নই শামীম আল মামুনের জীবনের সোনালি অধ্যায়। তার খামার যেন বলে, সুযোগের অপেক্ষায় না থেকে স্বপ্নকে কাজে পরিণত করতে পারলেই সাফল্যের পথ তৈরি হয়। বর্তমানে শামীম উপজেলাবাসীর কাছে অনুকরণীয় একজন সফল উদ্যোক্তা।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা