× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছড়াসাহিত্য: ৯০ দশক পরবর্তী প্রসঙ্গ

ফারুক হোসেন

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬ ১৭:২৬ পিএম

আপডেট : ১৪ আগস্ট ২০২৬ ১৭:৩৪ পিএম

বাংলাদেশের ছড়া সাহিত্যের পথচলা অনেকটা জিগজাগের মতো। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশের ছড়া সাহিত্যের পথচলা অনেকটা জিগজাগের মতো। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশের ছড়া সাহিত্যের পথচলা অনেকটা জিগজাগ (Zigzag) এর মতো। ওঠা-নামা বা কঠিন-কোমল এর আঁকাবাঁকা কৌণিক বাঁকযুক্ত বা সর্পিল গতিপথ। এটি এমন একটি পথরেখা যা বার বার বিপরীত দিকে তীক্ষ্ণ মোড় নেয় তিন দিকে। তিনটি মেজাজের ক্রমাগত দোলাচল ছড়া সাহিত্যকে তিনভাগে বিভক্ত করে রাখে। ১. একদম কোমল ছড়াÑ যা প্রকৃতপক্ষেই শিশু সাহিত্য ২. শিশু-কিশোর উপযোগী একরকম পরিপক্ব অর্থবোধক ছড়াÑ যার চর্চা অনেক বেশি এবং এই ছড়ার জনপ্রিয়তা পরিমিত এবং ৩. বক্তব্যধর্মী বা সচেতনতামূলক ছড়াÑ যার জনপ্রিয়তা সর্বজনীন। একজন ছড়া লেখক একসঙ্গে তিন জায়গাতেই কাজ করতে চান। তিনি হতে চান স্বীকৃত, জনপ্রিয় ও সবক্ষেত্রে বিচরণকারী। তিনি বলতে চান আমি ছোটদের জন্য লিখিÑ এটা তাকে অহংকারী করে। তিনি বলতে চান আমি সবার জন্য লিখিÑ এটা তাকে দক্ষ হিসেবে পরিচয় করিয়ে দেয়। তিনি বলতে চান আমি ছড়া দিয়ে সমাজ বদলে দিতে চাইÑ এটা তাকে বিপ্লবী ছড়াকার তৈরি করে। তার লেখালেখিতে এই যে ওঠানামা, সাধারণ ছড়া পাঠক তাতে হোঁচট খাচ্ছেন। বিশাল জলরাশিতে মিলিয়ে যাচ্ছে তার স্বকীয়তা।

ছড়ার এই জিগজাগ প্রকৃতির কিছু কারণ রয়েছেÑ সেটা আমাদের জাতীয় আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ এবং জুলাই ২০২৪ পর্যন্ত সকল অধিকার আন্দোলনের প্রভাব। এইসব ঘটনা ছড়ায় এসেছে-শিল্প রূপে। সত্তর দশকে তিন মেজাজের ছড়া দৌর্দণ্ড প্রতাপে লিখেছেন সেই সময়কার ছড়াকাররা। তারা শিল্পকেও ধারণ করেছেন। ধারণ করেছেন অধিকারের চেতনা। ছড়ার এই সময়টা মানে সত্তর দশক, এই সময় ছড়াকাররা খুব ভালোভাবেই পাঠকের দৃষ্টি কেড়েছেন। যেমন ধরুন, ছড়াকার আবু সালেহ এর ছড়া, ‘ধরা যাবে না ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম’ ছড়ার এ কোন স্বাধীনতা। এই দশকে কবিরাও ছড়া লিখেছেন, কবিতার পাশে নিজেকে ছড়া লেখকও বলার জন্য। এটা ছড়ার সুবর্ণ সময়।

সত্তর দশক পার হয়ে আশির দশকে ছড়াকাররা অব্যাহত রাখে তাদের শিল্পকলা ও প্রতিবাদের ভাষা। ছড়া লেখক, কবিদের পাশাপাশি অনেক পদস্থ ব্যক্তিরাও লিখেছেন ছড়া। খুব একটা দৃষ্টি না কাড়তে পারলেও ছড়া ও ছড়াকারদের সাংগঠনিক তৎপরতায় যুক্ত ছিলেন ভালোভাবে। আশির দশকের ছড়াকাররা একদম রাজনৈতিক ছড়া থেকে একটু সরে এসেছেন। তারা বলতে চেয়েছেন, শিল্পগুণই প্রধান, তা না থাকলে ছড়া শুকনোই থেকে যায়। ছড়াও এক ধরনের কবিতা। কবিতা হয়ে উঠতে হলে, ছড়ায় মেধার মিশ্রণ প্রয়োজন হয়। আর সে জন্যই এই সময় অনেক উৎকৃষ্ট ছড়ার সৃষ্টি হয়। যাতে একসঙ্গে শিল্পগুণ ও বক্তব্য জায়গা করে নিয়েছিল। কৌতুক, রসাত্ববোধ, শোলক ঢং-এর মধ্য দিয়ে উঠে এসেছে অনেক বক্তব্য। সেই দিক থেকে আশির দশক অনেক বেশি শক্তিশালী একটা সময়।

ছড়াসাহিত্যে ’৯০ দশক নিয়ে রয়েছে অনেক কথা। এই সময় ছড়া লেখকের সংখ্যা কমে এসেছে। ৭০ এবং ৮০ দশকের মতো নেই সে রকম হইচই। কিন্তু এই সময় ছড়াকাররা একদিকে যেমন খাঁটি ছড়া লিখেছেন, অন্যদিকে অতি সাধারণ শিল্পগুণ নিয়ে লিখেছেন স্বৈরাচারবিরোধী ছড়া। এই সময়ের ছড়া লেখকরা মনে করেন, শিশুরা এখন আর সেরকম শিশু নেই। তারা এখন অনেক পরিপক্ব। তাদের হাতে উলট পালট খাচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রসারিত ডানা। তাদের হাতে এখন যে ছড়া লেখা হবে, তাতে থাকবে আধুনিকতার নবায়ন। আধুনিকতার নতুন সুর ও স্বকীয়তার দিক থেকে ৯০ দশকের ছড়া ছিল শক্তিশালী। ছন্দের পাশাপাশি সমসাময়িক জীবনবোধ, প্রকৃতি ও নগরজীবনের নানা উপাদানে সমৃদ্ধ। এই সময় হঠাৎ করেই একদম শিশুদের জন্য লেখার একটা হিড়িক পড়ে যায়। গুচ্ছছড়া, কোমল ছড়া, সরল ছড়ার চর্চা পেয়ে বসে সবাইকে। ফলে ছড়া হয়ে ওঠে কিশোর কবিতা। ছড়ায় স্থান পায় প্রকৃতি, ফুল-ফল, নদী পাখি ইত্যাদি। এ সবের আধিক্যে বক্তব্যধর্মী ছড়ার চর্চা একটু কমে আসে।

নব্বইয়ের দশকে যারা ছড়ার ছন্দ সৃষ্টি করে নজর কেড়েছেন তাদের মধ্যে রয়েছেনÑ মিহির মুসাকী, রোমেন রায়হান, সারওয়ার-উল-ইসলাম, বাকীউল আলম, শামস চৌধুরী রুশো, ওবায়দুল গনি চন্দন, মাহবুবুল আলম কবীর, খালেদুর রহমান জুয়েল, জাকির আবু জাফর, রমজান মাহমুদ, তপন বাগচী, আরিফ বিল্লাহ মিঠু, আতিক হেলাল, জুলফিকার শাহাদাৎ, কামরুজ্জামান দিশারী, টোকন ঠাকুর, নাসিরুদ্দিন তুসী, আশরাফ পিন্টু, আইরিন নিয়াজ মান্না, মিহির কান্তি রাউত, মানসুর মুজাম্মিল, শিবু কান্তি দাশ, মনসুর আজিজ, নজরুল ইসলাম শান্তু, মিতুল সাইফসহ আরও অনেকে। তাদের অনেকের ছড়াই আলোচিত হয়। ব্যতিক্রমী ধারাও তৈরি করেছেন অনেকে। ৭০ ও ৮০ এর ধারাবাহিকতা তারাই বজায় রেখেছিলেন তাদের সাহসী পদচারণায় কখনও মনে হয়নি ছড়ার মাঠ নীরব।

নব্বই-এর দশকের পর থেকে আজ অব্দি বহু ছড়াকারের পদচারণায় সমৃদ্ধ হয়েছে ছড়ার মাঠ। কিন্তু একটি স্বতন্ত্র উচ্চারণ সম্ভবত তারা তৈরি করতে পারেননি। এই সময়টায় সবচেয়ে আলোচিত যে ছড়াকার তিনি হচ্ছেন আহমেদ সাব্বির। তার বিষয় নির্বাচন, ছন্দের গাঁথুনি, নির্মাণ কাঠামোÑ সব মিলিয়ে তার ছড়া পাঠকের কাছে খুবই সমাদৃত। এর পরই রয়েছেনÑ মুকুল শাহরিয়ার, ফয়েজ রেজা, আহমেদ সাব্বির, ইমরান পরশ, কামাল হোসাইন, অদ্বৈত মারুত, কাদের বাবু, মামুন সারওয়ার, অনিক খান, মঈন মুরসালিন তার সঙ্গে অন্যান্য যারা ছড়া দিয়ে মাতিয়ে তোলার চেষ্টা করেছেন তারা হলেনÑ ব্রত রায়, সনজিদ দে, নীহার মোশাররফ, পৃথীশ চক্রবর্তী, জিসান মেহবুব, আহমাদ স্বাধীন, মাসুম আওয়াল, আবিদ আজম, জিয়া হক, শাকিল মাহমুদ, এসএম শহীদুল আলম, আহমেদ জাকির, নবীর হোসাইন, শাহাদাৎ শাহেদ, শাহরিয়ার শাহাদাত প্রমুখ। এর বাইরেও আছে অসংখ্য নাম যাদের এই মুহূর্তে মনে করতে পারছি না। কিন্তু তারা অবিরত ভূমিকা রেখে চলেছেন ছড়া নির্মাণে।

দুই হাজার সাল থেকে আজ অব্দি ছড়া প্রকাশ সামাজিক মাধ্যম কেন্দ্রিক। কাগজের পাতাগুলোও ছড়া প্রকাশ করেছে আকর্ষণীয়ভাবে। পেছনে তাকালে দেখা যাবে বিভিন্ন সময় ছড়াকারদের কিছু কাজ সাড়া জাগিয়েছিল সর্বত্র। লেখার স্বাতন্ত্র্য দৃষ্টি কেড়েছিল পাঠকের। নানা ধরনের প্রতিকূল অবস্থার চাপে একদিকে ছড়া যেমন বাধাগ্রস্থ হয়েছে, গুরুত্বও কমেছেÑ সাহিত্য চর্চায়। তথ্য ও প্রযুক্তির আধিপত্যে সাহিত্যে মৌলিক গুণাবলি হারিয়ে যেতে বসে এই সময়। শিশু সাহিত্যসহ ছড়ার প্রাণবন্ত বিচরণ ম্লান হয়ে যায়। ২০২০ সালে আগত করোনা অতিমারি সামগ্রিক সাহিত্য চর্চাকে বাধাগ্রস্থ করে। মানুষ হয়ে ওঠে সংস্কৃতিবিমুখ। এই সময়ও ছড়াকাররা সামাজিক মাধ্যমে ছড়া প্রকাশ, আলোচনা, অনুষ্ঠানের আয়োজন, ইত্যাদি অব্যাহত রেখেছে। তারপরও বলব, কোনো এক সীমাবদ্ধ বলয়ের বাইরে ছড়াকে বেরিয়ে আসতে দেখিনি এই সময়টাতে।

একটি বিষয় লক্ষণীয় যে, বিভিন্ন দশকের মধ্যে যে মেলবন্ধন সেটি সবসময়ই বজায় ছিল।

আলোচনা বিদ্যমান ছিল বাইরে এবং ঘরে। কে কেমন লিখছে, এই গুঞ্জন ছড়া চর্চার মাঠকে করে রেখেছিল উর্বর। এখানে আমি ক্ষমা চাই এজন্য যে, অনবরত লেখা পড়ছি আজকের ছড়াকারদের। কিন্তু সব নাম মনে করতে পারছি না বিধায় এখানে নাম উল্লেখে মৌণ থেকে গেলাম। স্বীকার করতেই হবে, এত প্রতিকূলতা এবং অনুপ্রেরণার অভাব সত্ত্বেও বাংলাদেশে ছড়া সৃষ্টির উৎসব যেন থামবার নয়। পাঠ্যসূচির প্রয়োজনে নয়, প্রতিযোগিতার প্রয়োজনে নয়, স্বীকৃতির প্রয়োজনে নয় একান্তই ভালো লাগা ও ভালোবাসার টানে ছড়াকারগণ সৃষ্টি করে যাচ্ছেন ছড়া-ছন্দের শব্দাবলি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা