শুচি সৈয়দ
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬ ১৩:৩৬ পিএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৬ ১৫:৫২ পিএম
গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
‘খোকা ঘুমালো পাড়া জুড়ালো/বর্গি এলো দেশে/বুলবুলিতে ধান খেয়েছে/খাজনা দেবো কিসে!/ধান ফুরালো পান ফুরালো খাজনার উপায় কি?/আর ক’টা দিন সবুর করো/ রসুন বুনেছি।’
খোকাকে ঘুম পাড়ানো বাংলাছড়া মুক্তিযুদ্ধোত্তর স্বাধীন বাংলাদেশে আবির্ভূত হয়েছে অন্য এক মাত্রায়। আর সেই মাত্রা হচ্ছে ঘুম তাড়ানোর মাত্রা। স্বাধীনতা উত্তর বাংলাদেশে ছড়া হয়ে উঠেছেÑ ‘ছড়া আজ ঘুম নয়/ঘুম নয় ছন্দে।/ছড়া আজ কথা কয় বারুদের গন্ধে।’ তাই আমরা দেখি বাংলাদেশের দুর্দান্ত ছড়াকার আবু সালেহ স্বাধীনতার অব্যবহিত পর গর্জে ওঠেন ছড়ায়Ñ
‘ধরা যাবে না ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা;
রক্ত দিয়ে পেলাম শালার আজব স্বাধীনতা।’
[আবু সালেহ, পল্টনের ছড়া]
বাংলাদেশের ছড়া যাদের অসামান্য অবদানে সমৃদ্ধ হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিত্বরা হচ্ছেনÑ ফয়েজ আহমদ, দিলওয়ার, কচিকাঁচার আসরের রোকনুজ্জামান খান (দাদা ভাই), চাঁদেরহাটের রফিকুল হক (দাদু ভাই), খেলাঘরের হাবীবুর রহমান (ভাইয়া), সাত ভাই চম্পার আফলাতুন প্রমুখ।
বাংলা সাহিত্যে ছড়ার ভূমিকা বা অবস্থান কতটুকু এবং কোথায় এ সম্পর্কে নতুন করে বলার কিছু আছে বলে আমি মনে করি না; আর সে কারণেই এ প্রসঙ্গে যাব না। বরং বাংলাদেশের সত্তর ও আশির দশকের তরুণ-তুর্কি ছড়াকারদের ছড়া নিয়ে কিছু বলব।
এ সময়কালে বাংলাদেশের ছড়া এবং ছড়ার তরুণদের নিয়ে বলতে গেলে প্রথমেই বলতে হয়Ñ তাদের সমাজ তথা রাজনীতি সচেতনতার কথা। পরবর্তীতে আসে আঙ্গিকগত নতুনত্বের কথা, সবচেয়ে বেশি যা ছড়াকে আরও তীক্ষ্ণ করে তুলেছে স্বরবৃত্তের নাচুনি চরিত্রের যথার্থতার অনুশীলন এবং তার সার্থকতা।
বাংলাদেশে ছড়া সম্পর্কে আজকের বোধ ব্যাপক। বিশেষত, ঘটনা বহুল সত্তর দশক ছড়া ও ছড়াকারদের তাদের শক্তিমত্তার কারণেই স্বীকৃতি দিয়েছে। ছড়া সম্পর্কে ব্যাপক এই বোধকে অনুধাবন করতে হলে বলা যায়Ñ বাংলাদেশের প্রখ্যাত কবি শামসুর রাহমান, আল মাহমুদ, ফজল শাহাবুদ্দীন, নির্মলেন্দু গুণ, সুরাইয়া খানম, আহসান হাবীব, অরুণাভ সরকার, আসাদ চৌধুরী, শামসুল ইসলামÑ এদের কথা। এরা নিজেদের বিভিন্ন কাব্যগ্রন্থে কবিতা হিসেবে সংযোজন করেছেন ছড়াকে। তাদের মতে, যেগুলো ছড়ার ছন্দে রচিত কবিতা। এ থেকে অনুমেয় একথাই, ছড়া আজ আর ঠুনকো কিছু নয়। অবশ্য এটা সত্তর ও আশির দশকের তরুণদের সামাজিক, রাজনৈতিক বাস্তবতাকে অনুধাবন এবং তার নানা অসঙ্গতিকে প্রত্যাখ্যান ও প্রতিবাদে উচ্চকিত হবার সাহসের প্রমাণ। বাংলাদেশে ছড়া হয়ে উঠেছে ছড়াকারদের সামাজিক অঙ্গীকারের ভাষ্য। তারা তাদের তীব্র তীক্ষ্ণ অনুভূতি, প্রতিবাদ, প্রতিরোধ ছড়ার পংক্তিতে বাঙ্ময় করে তুলেছেন। এ কথা আজ নির্দ্বিধায় বলা যায়Ñ তারা এক অভূতপূর্ব দায়িত্ব পালন করেছেন। যে দায়িত্ব পালনে মূলধারার সাহিত্য পিছিয়ে ছিল। ছড়াকে এ ভূমিকা পালনে অনুপ্রেরণা জুগিয়েছেন বাংলা ভাষার অবিস্মরণীয় ছড়াকার সুকুমার রায়, অন্নদাশঙ্কর রায়, সত্যজিৎ রায়, সুভাষ মুখোপাধ্যায়, এমনকি স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম। তারাও তাদের বইয়ে এমন ছড়ার ছন্দে রচিত কবিতাকে স্থান দিয়েছেন। মূল বক্তব্যটা এ থেকে অনুমেয় হয়েছে বোধ করি।
ছড়ার এই ঋদ্ধতার সময়ে ছড়াকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছেন বাংলাদেশের তরুণ ছড়াকাররাÑ এই সত্তর-আশির দশকের তারুণ্যÑ যাদের ভেতর লাল-সবুজের সাহস চেতনা মিলে মিশে আছে। ছড়ার এ সব তরুণরা হলেনÑ সুকুমার বড়ুয়া, শাহাবুদ্দীন নাগরী, আবু হাসান শাহরিয়ার, সৈয়দ আল ফারুক, লুৎফর রহমান রিটন, ফারুক নওয়াজ, সুজন বড়ুয়া, আমীরুল ইসলাম, প্রবীর বিকাশ সরকার, আখতার হুসেন, জ্যোতির্ময় মল্লিক, মঞ্জুরুল আহসান বুলবুল, আতাউল করিম, তুষার কর, খালেদ হোসাইন, আহমদ মাযহার, আহমদ উল্লাহ, উত্তম সেন, উৎপলকান্তি বড়ুয়া, আইয়ব সৈয়দ, সৈয়দ আমির আলী, সৈয়দ নাজাত হোসেন, গোলাম কিবরিয়া পিনু, প্রবীর বিকাশ সরকার, স্বদেশবন্ধু সরকার, পারভীন সুলতানা রুবী, মাহবুবা হক কুমকুম, আবু জাফর সাবু, মনিরা কায়েস, তপন দাশ, মাহবুবুল হাসান, নাসরীন জাহান বিউটি, খন্দকার আলমগীর হোসেন, তপংকর চক্রবর্তী, দীপংকর চক্রবর্তী, তুহীন রহমান, আহমদ মতিউর রহমান, ইউসুফ পাশা, শুচি সৈয়দ, সৈয়দ মোস্তফা আরব সতেজ, গোলাম মনসুরসহ প্রতিনিধিত্বশীল কয়েকজন। এঁরা ছড়ার অন্ত্যমিলের নতুনত্বের নিরীক্ষায় দারুণ সাফল্যের পরিচয় দিয়েছেন। কী ভাবনার বৈচিত্র্যে, কী অন্ত্যমিলের সাযুজ্যে দুদিকেই তাদের তারুণ্যের সংহত নিরীক্ষা সাফল্যে উত্তীর্ণ। তারই কিছু তুলে ধরা যাক এখানেÑ
ক]
ভরদুপুরে মৌলি কোথায়/একটু খানিক খোঁজ নে,/তার জন্যেই আজ রেঁধেছি/পাতিল ভরা সজনে।/আর রেঁধেছি মাছের মুড়ো/সর্ষে বাটা ইলশে/তবুও বুঝি কোন ঘরে/ লাগিয়ে আছে খিল সে?/দোর খুলে দাও মৌলি সোনা/রাগ করোনা আর তো/ পড়াশোনায় মারবে না আর/ফিরেই গেছেন স্যার তো।
[ মৌলি তোমার ছড়া, শাহাবুদ্দীন নাগরী]
খ]
পরের বাড়ি ঠিকা খাটে! প্রতি মাসের চৌঠা./হাতে আসে কয়টা টাকা, তাতেই খুশি বউটা।/কখনও সে মিষ্টি মানুষ কখনও খুব নোন্তাÑ/মাটির বাসন উল্টে ফেলে, ছুঁড়ে মারে খোন্তা।/এই বউটা অন্য রকম হয়না কোনো তুলনাই/ওর দু’চোখেও স্বপ্ন ঝরে যদিও চাল চুলো নাই।/
[ এই বউটা, আবু হাসান শাহরিয়ার]
গ]
মায়ের শাড়ি হার পরে/ঝুমকো কানে, তারপরে/পরল যখন টিকলি না/বউটি যেন ঠিক লীনা। চমকে দেবে আব্বুকে/এমনতরো ভাব বুকে/বসলো লীনা চুপ করে/ঘোমটা টেনে খুব করে।/অফিস ফেরত আব্বু যে/লীনার মনের ভাব বুঝে/মিষ্টি করে কয় ডেকে/বউ বুঝি মুখ রয় ঢেকে?/ ঢাকলে দেখা সাধ্যে কি/মুখ খোলো বউ দাঁত দেখি। যেই দেখালো দাঁত লীনা/আরতো খেলায় মাৎ লীনা/দাঁতগুলো তার ফোকলা যে/তাই সে গিলে ঢোক লাজে। আব্বু বলেন ধুত্তুরি/বউটি বুড়ো থুত্থুরি/অমনি কেঁদে লজ্জাতে/লুটায় লীনা শয্যাতে।
[ লীনার ছড়া, খন্দকার আলমগীর হোসেন]
ঘ]
অঞ্জন অঞ্জন চোখ দুটো সুন্দর/আজকাল মার্কেটে চাল ডাল নুন দর/চুনদর নুনদর আগুনের ফুলকি/ধনীদের পোয়াবারো পাবো মোরা কুল কি?
[ছড়া॥ পারভীন সুলতানা রুবী]
ঙ]
মালতী রায়ের নতুন শ্বশুর যেতে যেতে কন, শুন রায়/পণের টাকাটা দাও যদি তবে আসব যে আমি পুনরায়/বিয়ে ভেঙে যায় চলে যান তিনি কিছুটা সময় গর্জিয়ে।
মালতী রায়ের গরীব বাবাতো ভীষণ রকম নিরূপায়/ভেজা চোখ আর ভাঙা মন নিয়ে অন্দরে ঢোকে ভীরু পা’য়।/ ভাবলো সকলে বড়লোক বলে দেখালো কেমন মর্জি এ।
[ ছড়া, মাহবুবা হক কুমকুম ]
চ]
একশ’ ছিলো তার মধ্যে। তিরিশটা নেই/পাঠ্য বইয়ের এমন কিছু পৃষ্ঠা নেই।
[ছড়া, ইউসুফ পাশা ]
ছ]
ধূসর চোখ আর শুকনো দেহে/ঘুমোয় যারা ইস্টিশনে,/ভাবছে তারা ভোট দিয়ে হায়!/ কি পেলাম আর বিশটি সনে?
[ ছড়া, নাসরীন জাহান বিউটি ]
জ]
আসছে আকাল জাল ছড়িয়ে/ধরছে ভূখার ঘর নোনায়/নিত্য দিনের সাক্ষী কাগজ/আর কে দেবে বর্ণনায়?।
[ আকাল, মোস্তফা সতেজ ]
ঝ]
ভাত পড়েনা পেটের ভেতর/নেই বাড়ি ঘর লাড়ুদের/দিনরাত বুকের মাঝে/জ্বলছে আগুন বারুদের।
[ লাড়ুদের ছড়া, গোলাম মনসুর ]
ঞ]
পড়তে বসে ভাল্লাগে না/ভর্তি মাথায় খুস্কি,/আম্মা বলেন এই যে খোকা/তোর হবে না হুঁস-কি?/টেবিলটাতে বই উল্টানো/বললো খোকা মা চুল টানো/একটু পরে কাটব তো চুল দেবে লেবেনচুশ কি?/চুল ছাঁটালেই হাল্কা মাথা থাকবে না আর খুস্কি।
[ বায়না, সৈয়দ নাজাত হোসেন ]
ট]
ধমক শুনে জোরসে অনু/কাঁদছে ওঁয়া ওঁয়া,/হঠাৎ আবার শান্ত হলো/যেই পেলো মার ছোঁয়া।
[ কান্না, সৈয়দ আল ফারুক ]
ঠ]
‘পাঞ্জাবীর এ পকেট থেকে/নে চানাচুর ভাজা নে’/ ফোকলা দাঁতে বললো হেসে/আমার বাবার বা’জানে।
[ বাবার বাজান, লুৎফর রহমান রিটন ]
ড]
একে একে সব নিচ্ছোতো কেড়ে/বলছি যে শোন মামাদের।/ পেটের ক্ষুধাটাও নাও কেড়ে নাও। ক্ষুধিত এই আমাদের।
[ মামাদের প্রতি, উৎপলকান্তি বড়ুয়া ]
ঢ]
ধূলোর পরেই বাঁচে মানুষ বানায় সুখের ঘর।/এই ধূলোতেই তৈরি মানুষ আবার ভয়ংকর।/‘নেয়া’ সহজ যদিও ‘ধূলো দেয়া’ সহজ নয়। ‘ধূলো দিতে’ তৈরি তবু সবাই জগৎময়।
[ ধূলো রহস্য, আহমদ মতিউর রহমান]
ণ]
কুলের চেয়ে তাহার কাছে/প্রিয় ভীষণ আমলকী!/ ঘুমের ঘোরে প্রায়ই বলে/রেলগাড়ি থামলো কী।
[ রেলের সাহেব, প্রবীর বিকাশ সরকার ]
ত]
শোষণ যারা করতো এখন/তাদের ঘাড়েই পা দেই/আমরা গড়ি আমরা ফলাই/ভাগটা যদি না দেই/কালো টাকার পাহাড় চূড়ে/আমরা এখন ঘা দেই/দিন এসেছে হুজুর পড়ার নিজের গড়া ফাঁদেই।
[ দিন এসেছে, আবু জাফর সাবু ]
থ]
দাঁতের মাজন ভালই নাকি/তৈরি নিজের ব্রেনে/বিক্রি করে খোস্ মেজাজে যাত্রীবাহী ট্রেনে।/
[ মাজন, গোলাম কিবরিয়া পিনু ]
দ]
পরের গায়ের ঘাম্চি খোটেন। যদিও নিজের চুলকানি/পরের বাপের টাকায় করেন। নিজের বাপের কুলখানি।
[ পরখেকো, ফারুক নওয়াজ ]
ধ]
রাজা মশায় আপনি যে/নিজের আপন ইচ্ছে এবং বুদ্ধিতে। আদরে পোষা সাপের মুখে দুধ দিতে। হুকুম করেন প্রজার গলায় সুদ দিতে। গোলায় ঢোকান সাপ নিজে।
[ রাজামশায়, শুচি সৈয়দ ]
ন]
বাপ মা আমার সব মরেছে।/না খেয়ে গাইবান্ধায়।/ রাজার মুণ্ডু কাটবো এবার/ তাই দিচ্ছি শান দা’য়।
[ গাইবান্ধায়, তুহীন রহমান ]
মাত্র কয়েক জনের এ ছড়াগুলোকে আমাদের বক্তব্যের আলোকে বিশ্লেষণ করতে পারি। প্রথমে বলা যায় তাদের বিপরীত নিরীক্ষার কথা। এঁরা ছড়া লিখেন অক্ষর বৃত্তেও। অন্ত্যমিল প্রসঙ্গ দ্বিতীয় বক্তব্যে আছে। চারিত্রিক চটুলতাকে তীক্ষ্ণ শাণিত এবং মনোযোগ আকর্ষণ করার মতো উজ্জ্বলতা দিয়েছে। এ ধরনের অন্ত্যমিল ইতোপূর্বে বাংলা সাহিত্যে এত ব্যাপকভাবে ব্যবহৃত হয়নি। সহজ সোজা কথায় বলতে গেলে, অন্ত্যমিলকে এই সত্তর-আশির তরুণদের আগে এতে গুরুত্বসহকারে বিবেচনা কেউ করেননি বাংলা ছড়া সাহিত্যে। অবশ্য সুকুমার রায়, সুকান্ত ভট্টাচার্য, সুভাষ মুখোপাধ্যায়, এমনকি নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথের ছড়াতেও এ ধরনের মিল পাই আমরা। কিন্তু এত ব্যাপক হয়েছে সত্তরের এই তরুণদের দুঃসাহসী পদচারণায়, বলিষ্ঠ আত্মবিশ্বাসী মনোভাবে বাংলাদেশের ছড়া পথের মোড়টাই এই নতুনত্বের দিকে ঘুরিয়ে দিয়েছে। তাদের সে প্রচেষ্টাকে সফলতার লক্ষ্যে ধাবিত বলা অত্যুক্তি নয়। কারণ, বাংলাদেশের নতুনেরা ছড়ার জগতে ঢুকতে এখন আর হবে’র সাথে যবে’র মিল দিয়ে ঢোকেন না, বরং ভাষার ওপর স্বকীয় আধিপত্য খাটিয়ে নিজের ভাষা গড়ে নেন এবং ছড়ার রাজ্যে পা রাখতে আঙ্গিক ও প্রকরণের নতুনত্ব অনস্বীকার্য বলেই তারা এক ধরনের বলিষ্ঠতায় প্রাণিত।
অতঃপর যা বলা যায়Ñ তা এদের সমাজ সচেতনতাÑ যা প্রত্যেক শিল্পের জন্যেই অপরিহার্য একটি শর্ত। এখানে তাদের সমাজ সচেতনতার সঙ্গে আরও যে কথাটি যোজিত হবার তা হলোÑ প্রগতিশীলতা। তারা প্রগতিশীল অর্থে সমাজ সচেতন। তাদের ছড়ার স্লোগান, ব্যঙ্গ, ক্রোধ, কান্নাÑ সব কিছুই এ সমাজের বন্ধ্যাত্বকে নির্দেশ করে; তারা পরবর্তী সমাজের স্বপ্নে বিশ্বাসী।
গাইবান্ধায়,অনাহারে মানুষ মারা গেল শত শত, পত্র-পত্রিকায় তীব্র বাগবিতণ্ডা, বাদ-প্রতিবাদ সত্যের ওপর সরকারি ভাষ্যের প্রলেপ দেয়া হলো এ বলে যে, ‘অনাহার নয়, অপুষ্টিই মৃত্যুর কারণ।’ এমন হাস্যকর প্রলেপের প্রতিবাদেই তুহীন রহমানের এবং মোস্তফা সতেজের ছড়া দু’টো। এখানে লক্ষণীয় তুহীন রহমান গাইবান্ধায়, শান্ দায় মিল দিয়েছেন। একটি শব্দের সঙ্গে দুটি শব্দের এ ধরনের মিল সুকান্তের সিপাহী বিদ্রোহ ছড়ার শেষ দু’লাইনে পাওয়া যায় (লক্ষ্মী/চোখ কি?) আবার মোসতাফা সতেজের ছড়াতেও দেখিÑ বর্ণনা আর ঘর নোনা তার মিল দুটি, সমান একটি। এই ধরনের মিল লক্ষণীয়। প্রবীর বিকাশের ছড়ায় আমলকী/থামল কী? পারভীনের ছড়ায় সুন্দর/নুনদর, ইউসুফ পাশার ছড়ায় তিরিশটা, পৃষ্ঠা। কুমকুমের শুন রায়, পুনরায়, ভীরু পায়, নিরুপায় মর্জি-এ, গর্জিয়ে। শাহরিয়ারের চৌঁঠা/বউটা, নোনতা/খোনতা, তুলনাই/চুলো নাইÑ এ সকল অন্ত্যমিল নিরীক্ষার সাফল্যেরই নির্দেশক।
তাদের নিরীক্ষার এই সাফল্যের মধ্যেই নিহিত বাংলাদেশের ছড়ার ভবিতব্য। ইতোমধ্যেই ছড়া ছোটদের কাছেও আরও প্রিয় হয়ে উঠেছে।
বাংলাদেশের সাহিত্য সামাজিক অঙ্গীকারাবদ্ধ বেশি। তার কারণ রাজনীতি সম্পৃক্ত জনজীবনের প্রতিফলন। আরও ভালো করে বললে বলতে হয়, রাজনৈতিক সংঘাত, পরিবর্তনÑ এ সবই বাংলাদেশের সাহিত্যকে তীক্ষ্ণ রাজনীতি সচেতন করে তুলেছে এবং সে কারণে এর উৎকর্ষও বেড়েছে। সাহিত্যে জনজীবন ও জনমানসের অপরিহার্য দুটি শর্তের মিশ্রণ ঘটেছে এবং এজন্যই এগিয়ে গেছে। ছড়াও এর ব্যতিক্রম হয়নি। বরং বলা চলে একধাপ বেশি অতিক্রম করে গেছে। সাহসী পদক্ষেপই আজকের বাংলাদেশের ছড়ার তারুণ্যের অহংকার।