× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চিরায়ত সাহিত্য সীমানার বেড়াজালে আটকে থাকে না

পল্লব শাহরিয়ার

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬ ১৩:৩০ পিএম

বুকার পুরস্কার ২০২৬-এর প্রধান বিচারকদের একজন ও বিশিষ্ট লেখক নীলাঞ্জনা এস রায়। ছবি: সংগৃহীত

বুকার পুরস্কার ২০২৬-এর প্রধান বিচারকদের একজন ও বিশিষ্ট লেখক নীলাঞ্জনা এস রায়। ছবি: সংগৃহীত

বিশ্ব রাজনীতির এই অস্থির সময়ে প্রতিনিয়ত সাহিত্য কীভাবে বুড়ো আঙুল দেখাচ্ছে, তা নিয়ে সাহিত্যপাড়ায় চলছে জোর আলোচনা। বুকার পুরস্কার ২০২৬-এর প্রধান বিচারকদের একজন ও বিশিষ্ট লেখক নীলাঞ্জনা এস রায় এক সাক্ষাৎকারে বিষয়টিকে দারুণভাবে তুলে ধরেছেন। অনুবাদের গুরুত্ব নিয়ে কথা বলতে গিয়ে তিনি মন্তব্য করেন, সাধারণ সাহিত্য হয়তো পাঠককে কেবল নতুন কোনো শহর বা অচেনা দেশে ঘুরিয়ে আনে; কিন্তু চিরায়ত সাহিত্য মানুষকে পৌঁছে দেয় এমন এক ভূখণ্ডে, যেখানে বিশ্বের নির্দিষ্ট কোনো মানচিত্রের মধ্যে আটকে থাকে না।

নীলাঞ্জনা এস রায়ের এ সাক্ষাৎকার গ্রহণকারীর নাম উল্লেখ নেই। ধারণা করা হয়, বুকার প্রাইজের প্রাতিষ্ঠানিক কন্টেন্ট টিমের পক্ষ থেকে নেওয়া এই সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ‘দ্য বুকার প্রাইজ ডট কম’-এ। অনুবাদ করেছেন পল্লব শাহরিয়ার।

প্রশ্ন: বুকার পুরস্কারের বিচারক হিসেবে আপনাকে সাত মাসে ১০০টিরও বেশি বই পড়তে হবে। এই ব্যতিক্রমী চ্যালেঞ্জটিকে কীভাবে নিচ্ছেন? আর যারা ব্যস্ততার মাঝেও পড়ার জন্য সময় বের করতে চান, তাদের জন্য আপনার পরামর্শ?

নীলাঞ্জনা এস রায়: পাঁচটি মহাদেশের অন্তত ২০টি ভাষার ২০০ জনেরও বেশি প্রতিভাবান লেখক ও অনুবাদকের সান্নিধ্যে এই বছর কাটানো সত্যিই দারুণ একটা ব্যাপার। আমি জীবনের বেশিরভাগ সময় কাজের জন্য কিংবা আনন্দের জন্য বই পড়ে কাটিয়েছি, তবে আন্তর্জাতিক বুকারের জন্য বই পড়ার অভিজ্ঞতা আমার কাছে সম্পূর্ণ আলাদা এবং এর তুলনা অন্য কিছুর সাথে হবে না। বই পড়ার কাজটা আসলে ততটা কঠিন কিছু নয়, সকাল ৬টা থেকে শুরু করে রাত ২টা পর্যন্ত পড়া; আবার একইসঙ্গে একটি বছরের জন্য বাইরের দুনিয়ার আড্ডা থেকে বিরতি নেওয়া। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলোÑ প্রতিটি বইকে বিচারকের চোখ দিয়ে দেখার পাশাপাশি একজন উদার পাঠকের মন দিয়ে দেখা।

ফিন্যান্সিয়াল টাইমসের সাহিত্য সম্পাদক ফ্রেড স্টুডেম্যান ২০২৩ সালের বিচারকমণ্ডলীর সদস্য ছিলেন। তিনি আমাকে একটা দারুণ বুদ্ধি দিয়েছিলেন, প্রতিটি বই পড়ার সময়ই নোট নিয়ে রাখা, কারণ সে সময় বইটির স্মৃতি একদম তাজা থাকে। অনেকগুলো বই পড়তে হলে এবং সেগুলোর সঠিক মূল্যায়ন করতে হলে এটাই একমাত্র উপায়।

ব্যস্ত মানুষদের উদ্দেশ্যে বলবÑ দিনের ব্যস্ততা আর হুড়োহুড়ির মাঝে বই পড়ার চেয়ে বড় প্রশান্তি আর কিছু হতে পারে না। আমি বলব, যেমন আপনি মিটিংয়ের তারিখ নোট করে রাখেন, ঠিক সেভাবে লাইব্রেরি বা বইয়ের দোকানে যাওয়ার সময়ও আগে থেকে ঠিক করে রাখুন। সবচেয়ে সহজ বুদ্ধি হলোÑ ২০১৬ সাল থেকে শুরু করে আন্তর্জাতিক বুকারের লংলিস্টে থাকা বইগুলো সব কিনে ফেলা। আমি বাজি ধরে বলতে পারি, সারা জীবনের জন্য আপনার পড়ার রসদ পেয়ে যাবেন!

প্রশ্ন: আন্তর্জাতিক বুকার পুরস্কারের লংলিস্ট চূড়ান্ত করার সময় আপনি কেমন বই আশা করছেন? লেখার মধ্যে বিশেষ কোন গুণগুলো খুঁজছেন?

নীলাঞ্জনা এস রায়: সাহিত্যের দুনিয়াটা অনেক বড়। সেখানে একদিকে যেমন পরিপাটি সাজানো বাগান রয়েছে, তেমনি অন্যদিকে রয়েছে অচেনা বনজঙ্গল। দুটোর জন্যই এখানে সমান জায়গা আছে। আজকের পাঠক যে ধরনের বই পড়তে অভ্যস্ত, কেবল সেগুলোর মধ্যে আটকে থাকা সহজ; কিন্তু লেখকরা ভবিষ্যৎ দেখতে পান। সেরা সাহিত্যের মূল গুণ হলোÑ তা কখনও পুরনো হয় না। আপনি আজ থেকে বিশ বছর পর কোনো একটি বই নতুন করে হাতে নিলেও তা আপনাকে একইভাবে অবাক করবে।

আমি এমন সব দেশের লেখক ও অনুবাদকদের নতুন সব কাজ আবিষ্কার করতে চাই বিশেষ করে যারা তুলনামূলকভাবে অপরিচিত বা যাদের নাম আমরা খুব একটা শুনি না। এমন কিছু বই যা আজ থেকে ১০ বা ২০ বছর পরও পাঠকদের নতুন আলো দেখাবে, চমকে দেবে কিংবা তাদের চিন্তাজগতকে নাড়া দেবে। ব্যক্তিগতভাবে বললে, আমি গল্প বলার এমন সব ঐতিহ্য বা ধারা জানতে আগ্রহী, যা উপন্যাস বা ছোটগল্পের প্রচলিত ধারণাকে প্রসারিত করে। ভালো সাহিত্য হয়তো আপনাকে চমৎকার কোনো জায়গায় নিয়ে যাবে, কিন্তু চিরায়ত সাহিত্য আপনাকে পৌঁছে দেবে এমন এক ভূখণ্ডে যার অস্তিত্ব নির্দিষ্ট কোনো মানচিত্রে খুঁজতে যাবেন না।

প্রশ্ন: আপনার মতে, একটি ভালো অনুবাদ মূল সাহিত্যের লেখাকে কীভাবে সমৃদ্ধ করে?

নীলাঞ্জনা এস রায়: আমি নিজে লিখি বলেই জানি অনুবাদকরা জাদুকরের মতো কাজ করেন। তারা যেন সুরের জাদুকর, নতুন রূপকার এবং মূল লেখকের সমতুল্য একজন সহ-লেখক। একটি ভালো অনুবাদ কেবল মূল লেখার মেজাজ, শক্তি আর ছন্দকেই ধরে রাখে না, বরং মূল লেখার ভেতরের অজানা দিকগুলোকে আরও গভীর ও স্পষ্ট করে তোলে। ঠিক যেভাবে ভিন্ন ভিন্ন গায়ক একই রাগ সম্পূর্ণ আলাদা আমেজে পরিবেশন করেন, কিংবা নাটকের নির্দেশকরা একই স্ক্রিপ্ট নিয়ে সম্পূর্ণ নতুন দৃশ্য রূপায়ণ করেন। একজন ভালো অনুবাদকও ঠিক সেভাবেই যেকোনো উপন্যাসে নতুন প্রাণ জুড়ে দেন।

প্রশ্ন: ২০১৬ সালে বর্তমান রূপ পাওয়ার পর ২০২৬ সালে এসে আন্তর্জাতিক বুকার পুরস্কার তার ১০ বছর বা এক দশক পার করছে। গত দশকে এই পুরস্কারটি অনূদিত সাহিত্য এবং অনুবাদ সাহিত্যের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গিতে কীভাবে পরিবর্তন এনেছে বলে আপনি মনে করেন? আর এই পুরস্কারটির গুরুত্বই বা কোথায়?

নীলাঞ্জনা এস রায়: একজন সাধারণ পাঠক হিসেবে অন্য যেকোনো সাহিত্য পুরস্কারের চেয়ে আন্তর্জাতিক বুকারের দীর্ঘ তালিকা দেখেই আমি সবচেয়ে বেশি নতুন নতুন লেখক ও অনুবাদকদের চিনতে পেরেছি। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৬০টিরও বেশি ভাষার বই এই পুরস্কারে জায়গা করে নিয়েছে। আমার মতো পাঠকদের জন্য এটি এমন সব লেখকদের বই পড়ার সুযোগ করে দিয়েছে, যাদের কথা আমরা হয়তো অন্য কোনো উপায়ে কোনো দিন জানতেই পারতাম না।

আন্তর্জাতিক বুকার পুরস্কার শুরু থেকেই লেখক ও অনুবাদককে সমান সম্মান ও সুযোগ দিয়ে আসছেÑ এই বিষয়টি আমার খুব ভালো লাগে। এর ফলে অনুবাদ সাহিত্য নিয়ে নতুন চর্চা ও আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ৩০ বছরের কম বয়সি পাঠকরা অনূদিত সাহিত্য পড়তে দারুণ ভালোবাসে। আর এই পুরস্কারটি তাদের জন্য একটি সুন্দর প্লাটফর্ম তৈরি করে দিয়েছে। বিজয়ী বইগুলোর বিক্রি রাতারাতি অভাবনীয় হারে বেড়ে যায়, যাকে বলা হয় ‘বুকার বুম’ (Booker Boom)। পাঠকরা এই পুরস্কারকে খুব বিশ্বাস করেন, যার বড় কারণ হলোÑ পুরস্কার দেওয়ার পুরো প্রক্রিয়ায় বুকার কর্তৃপক্ষ পর্দার আড়ালে কঠোর সততা, মূল্যবোধ ও সাহিত্যের গুণগত মান ধরে রাখতে অক্লান্ত পরিশ্রম করে।

এই পুরস্কারের গুরুত্ব বোঝাতে একটি উদাহরণ দেওয়া যাকÑ ২০২২ সালে গীতাঞ্জলি শ্রীর ‘রেত সামাধি’ (ডেইজি রকওয়েল অনূদিত 'Tomb of Sand') প্রথম হিন্দি উপন্যাস হিসেবে আন্তর্জাতিক বুকার জেতে। আর ২০২৫ সালে বনু মুশতাক পান তার কান্নাড়া ভাষার বই ‘হৃদয় প্রদীপ’ (দীপা ভাসথি অনূদিত 'Heart Lamp')-এর জন্য, যা পুরোভারতে এক আনন্দের বন্যা এবং গর্বের অনুভূতি তৈরি করেছিল। হিন্দিতে প্রায় সাড়ে ৩৪ কোটি মানুষ কথা বলেন, আর কান্নাড়া ভাষার রয়েছে ২০০০ বছরের প্রাচীন সাহিত্যিক ইতিহাস। অথচ বিশ্বজুড়ে পাঠক ভারতীয় সাহিত্য বলতে মূলত ইংরেজি ভাষার লেখাকেই চিনত। বিশ্বের আরও অনেক দেশের গল্পও হয়তো একই রকম। আন্তর্জাতিক বুকার পুরস্কারের এই বিশ্বজোড়া স্বীকৃতি ও পরিচিতি মূলত সেই ভারসাম্যকে ফিরিয়ে এনেছে, যা আগে শুধু ইংরেজির দিকেই ছিল।

প্রশ্ন: ২০১৬ সালের পর থেকে আপনার প্রিয় আন্তর্জাতিক বুকার মনোনীত বই কোনটি এবং কেন? আর এটি কাদের পড়ার জন্য পরামর্শ দেবেন?

নীলঞ্জনা এস রায়:   একটিমাত্র বই বেছে নেওয়া সত্যিই খুব কঠিন! তবে সদ্য বিশের কোঠায় পা রাখা পাঠকদের জন্য আমি তিনটি বইয়ের কথা বলব, যা অনুদিত সাহিত্যের প্রেমে পড়ার চমৎকার একটি মাধ্যম : ১. হান কাং-এর ‘দ্য ভেজিটেরিয়ান’ (২০১৬ বিজয়ী), ২. ওলগা তোকারচুক-এর ‘ফ্লাইটস’ (২০১৮ বিজয়ী), ৩. অ্যানি এরনো-এর ‘দ্য ইয়ার্স’ (২০১৯ শর্টলিস্টেড)

প্রশ্ন: শৈশবে কোন বইটি আপনাকে প্রথম বইয়ের প্রেমে ফেলেছিল? বইটি কীভাবে আপনার কল্পনার জগৎকে তৈরি করেছিল?

নীলঞ্জনা এস রায়:  এ. এ.  মিলনের ‘উইনি-দ্য-পু’ গল্পগুলো আমায় জাদুর মতো ধরে রেখেছিল। আমার কল্পনায় আমাদের পেছনের বাগানটি ‘হান্ড্রেড একর উড’-এ পরিণত হতো এবং আমি পু আর পিগলেটের সাথে অভিযানে নেমে পড়তাম! তবে পড়ার প্রতি আসল ভালোবাসা এবং ভাষার আসল আনন্দ পেয়েছিলাম সুকুমার রায়ের কালজয়ী ও অমর ছড়ার বই ‘আবোল তাবোল’ থেকে, যা প্রথম প্রকাশিত হয়েছিল ১৯২৩ সালে এবং আজও যা প্রজন্ম থেকে প্রজন্মে শিশুরা মুখে মুখে আবৃত্তি করে।

আর আমি যে বইটি পড়ে ছিঁড়ে ফেলেছিলাম, সেটিও ছিল একটি অনূদিত বই! সোভিয়েত লেখক ওলগা পেরোভস্কায়ার লেখা ‘কিডস অ্যান্ড কাবস’ (১৯৬৬)। সিংহ, বাঘ, নেকড়ে আর গাধার বাচ্চা নিয়ে এক রুশ পরিবারের মজার ও আবেগঘন গল্প। পেরোভস্কায়া আমাকে যেমন হাসিয়েছেন, তেমনি অঝোরে কাঁদিয়েছেন। সাহিত্যের কাছে একজন পাঠকের যা চাওয়াÑ তার সবটুকু এই বইটিতে ছিল।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা