ইরাজ আহমেদ
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬ ১৩:১৩ পিএম
বুলবুল চৌধুরী। প্রতিকৃতি: মাসুক হেলাল
এখন মাঝে মাঝে মনে হয়, বুলবুল চৌধুরী বোধ হয় কোনো এক জোনাকি হয়েই বেঁচে ছিলেন আমাদের পরিচিত জীবনের সীমার ভিতরে। যেটুকু তাকে দেখতে পেয়েছি বলে নিজের কাছে অনুভূত হয়েছে, তাতে মানুষটি আপন লেখক সত্তার বাইরে অথবা ভিতরে জোনাকির মতো জ্বলে-নিভে একটি সময়কে প্রদক্ষিণ করে বিদায় নিয়েছেন। এক অদ্ভুত স্নিগ্ধ আলোর মতো অস্তিত্ব হয়ে সত্তরের দশকের কথাশিল্পী বুলবুল চৌধুরী কখনও কাছে এসেছেন আবার দূরে সরে গেছেন। ক্রমশ দূরে সরে যেতে যেতে শক্তিশালী আলোর প্রক্ষেপণ ঘটিয়েছেন নিজের লেখায়। সেখানেই তিনি অনন্য।
জগন্নাথ কলেজের ছাত্র ছিলেন। একবার কলেজের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় ‘জোনাকি ও সন্নিকট কেন্দ্র’ নামে একটি গল্প লিখে দ্বিতীয় পুরস্কার পেয়েছিলেন। গল্পটি পড়া হয়ে ওঠেনি, কিন্তু নামটা অনেক বছর ধরে মাথার মধ্যে রয়ে গেছে। প্রশ্ন জেগেছে, এ রকম নামে একটি গল্প লিখে প্রথম পুরস্কার কেন পাননি লেখক? তার কাছে কখনও জানতে চাওয়া হয়নি; প্রশ্নটা করা হয়নি। বুলবুল চৌধুরীর কাছাকাছি গিয়ে, তার নিমগ্ন লেখক সত্তার নিকটবর্তী হয়ে বুঝেছি সেখানে নীরবতার ভিতরে অনেক প্রশ্ন হারিয়ে যায়। সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়েও আবার সব দৃশ্যের দর্শক আসনে বসে থাকা বুলবুল চৌধুরী এক নির্জন দ্বীপ; কোনো অভিযাত্রী সেখানে পৌঁছাতে পারেনি।
বুলবুল চৌধুরীর সঙ্গে পরিচয় আশির দশকের মাঝামাঝি সময়ে। দেখা হওয়ার স্থান তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কারণ এই ঢাকা শহর জুড়ে তার সঙ্গে ক্রমাগত দেখা হতো। আবার আচমকাই তিনি উধাও হয়ে যেতেন। যে সময়ের কথা লিখছি তখনও শহরটা এত জঞ্জাল আর উত্তেজনা দু‘হাতে মেখে চারদিকে ছড়িয়ে পড়েনি। পল্টনের চার রাস্তার সংযোগস্থলে ছিল সচিত্র সন্ধানীর কার্যালয়। সেখানেই প্রথম পরিচয় বুলবুল চৌধুরীর সঙ্গে। খুব সাদাসিধে একজন মানুষ। ঠোঁটে মৃদু হাসির রেখা, চোখে কেমন এক উন্মূল দৃষ্টি। দু‘একটি কথার বিনিময় হয়েছিল সন্ধানী অফিসের প্রায় নিয়মিত আড্ডায়। তারপর প্রায়শই দেখা হতো। কখনও হাটখোলার মোড়ে, কখনও কোনো পত্রিকা অফিসে আবার কোনোদিন মতিঝিলে অফিস পাড়ায় হেঁটে যেতে যেতে। খামখেয়ালি আর আত্মমগ্ন সেই লেখককে ভালো লেগে গিয়েছিল সেই সময়ে। সেই ভালোলাগা শুধু তার স্বভাবের বিচ্ছিন্নতা, কাছে থেকেও দূরবর্তী এক লগ্ন হয়ে থাকাÑ এক বুলবুল চৌধুরীর প্রতি উৎসারিত হয়েছিল তা নয়। তার লেখা গল্প ‘টুকা কাহিনী’ অথবা ‘পরমানুষ’ তখন পৌঁছে দিয়েছিল আমাদের চোখে দেখা জীবনের সমান্তরাল অন্য এক জীবনের কাছে। ‘টুকা কাহিনী’ প্রকাশিত হয় ১৯৭৭ সালে। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের সাহিত্যে নগর এবং সেখানে বসবাসকারী মধ্যবিত্ত শ্রেণির জীবনের যে গল্প কথা সাহিত্যে প্রতিফলিত হতে শুরু করেছিল, তার বিপরীতে গ্রামীণ জীবন আর লোকায়ত অভিজ্ঞতার ভেজা জমিনের অনুভূতি তিনি অনুভব করতে বাধ্য করেছিলেন পাঠকদের।
বুলবুল চৌধুরী জীবনের মধ্যে থেকেও বিচ্ছিন্ন বা এক ধরনের সংযোগহীন জীবন-যাপন করে গেছেন। প্রথম জীবনে চলচ্চিত্র পরিচালক হওয়ার স্বপ্ন তাকে আচ্ছন্ন করে রেখেছিল। আড্ডাবাজ, অসক্তিপ্রবণ বুলবুল চৌধুরী সত্তরের দশকে সিনে পত্রিকায় সাংবাদিকতা করেছেন। যুক্ত হয়েছিলেন সরকারি চাকরিতেও। ওই সময়ে পুরান ঢাকার প্রখ্যাত বিউটি বোর্ডিংয়ের আড্ডা তাকে লেখক জীবনে নিয়ে আসে। লেখালেখি করার বাসনায় সরকারি চাকরি ছেড়ে অনায়াসে নেমে পড়েছিলেন সাহিত্যচর্চার অনিশ্চিত এক জলরাশিতে। একটানা লেখেননি তিনি। তার লেখক জীবনের ভিতরে কোথাও কোথাও বিরতিরও ভূমিকা আছে। সংবাদপত্রে কাজ করেছেন। কখনও বসেই থেকেছেন নিস্তরঙ্গ। কিন্তু তার পর্যবেক্ষণের দৃষ্টি কখনোই অনুপস্থিত ছিল নাÑ সেই বিচিত্র জীবনপ্রবাহের মাঝে। সেখানেই লেখক হিসেবে নিজস্ব যুদ্ধের ইতিহাসের বিবরণ লিখেছেন। নিজের জীবনের গণ্ডি অতিক্রম করে প্রবাহমান গ্রামীণ জীবনের অভিজ্ঞতা ভিতর থেকে পর্যবেক্ষণ করেছেন। বলা যেতে পারে, সেই পর্যবেক্ষণ ক্ষমতাই তার রচনাকে সমকাল এবং পরবর্তী সময়ে পৃথক প্রবাহে বয়ে নিয়ে গেছে।
নাগরিক বুলবুল চৌধুরী মেকি কাহিনীর শরীর নিয়ে কখনও নাড়াচাড়া করেননি। তার গল্প বা উপন্যাসে চরিত্রগুলো যে আলোর প্রক্ষেপণে জীবিত হয়ে উঠেছে তা এক নিজস্ব পর্যবেক্ষণের ফলাফল। লোকজশব্দ-অনুষঙ্গ নিয়ে তার ভাষাভঙ্গি বিস্ময়কর বলেই বিবেচিত হয়েছে।
লম্বা সময় পার হয়ে তার সঙ্গে আবার দেখা হয়েছিল কৃতী শিল্পী ধ্রুব এষের ডেরায়। চোখ বন্ধ করলে স্পষ্ট দেখতে পাই, বিকালের মরে আসা আলোর অনুকূল্য নিয়ে দেয়ালে পিঠ ঠেকিয়ে লিখছেন বুলবুল চৌধুরী। হাঁটু ভাঁজ করে লেখার কাগজ চোখের কাছাকাছি এনে অবিশ্রান্ত লিখে চলেছেন নিমগ্ন হয়ে। সেখানে দ্বিখণ্ডিত এক সত্তা জেগে উঠে কথা বলছে তার নিজস্ব নির্জনতার সঙ্গে। জনময়তার ভিতরে থেকেও গোটা প্রক্রিয়াটিই এক নিঃসঙ্গ যাত্রা। সেই পথের যাত্রী ছিলেন কথাশিল্পী বুলবুল চৌধুরী। বিংশ শতাব্দীর বাংলা সাহিত্যে তার বিচরণ তাই পৃথক বৈশিষ্ট্যে উজ্জ্বল। হয়তো অনেকটা জোনাকির সন্নিকট কেন্দ্রের মতো।