শফিক হাসান
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬ ১২:৫৯ পিএম
গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
লেখক বড় নাকি সম্পাদকÑ অমিত হোসেন যেদিন সন্তোষজনক জবাব পেলেন নিজের কাছে, লক্ষ্য স্থির করে ফেললেন। সম্পাদক হওয়াই তার নিয়তি। বুঝে গেছেন লেখক যদি খুব বেশি জনপ্রিয় হয় তাহলে বিলুপ্তির পরও যে অল্প কজন পাঠক টিকে আছে, এরা বড়জোর লেখকের পেছনে ঘুরঘুর করবে। অন্যদিকে খোদ লেখক ঘুরবে সম্পাদকের সঙ্গে, ছায়া হয়ে তবু পাশে রইবে! তার মানে সম্পাদকই বড়। সম্পাদকের বদান্যতা ছাড়া লেখকের উন্মেষ-বিকাশ কোনোটাই ঘটে না।
অল্পকিছু কাঠখড়ি পুড়িয়ে অমিত হোসেন একটা মাসিক ম্যাগাজিনের ডিক্লারেশন নিয়ে ফেললেন। মনে মনে হাসলেন আত্মপ্রসাদের হাসি। এখন থেকে তিনিও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি। জমকালো অনুষ্ঠানে নিশ্চয়ই তাকে যথাযোগ্য সম্মানের সঙ্গে আমন্ত্রণ জানানো হবে।
আমন্ত্রণ নাকি নিমন্ত্রণÑ কোন শব্দটা এখানে প্রযোজ্য? নাকি দুটোই একইÑ ডিমের নাম আন্ডা! অভিধান খুলে দেখতে হবে। অবশ্য তার আগে অভিধান একটা কিনতে হবে। গল্পের বই তবুও দুই-চার পাতা পড়া যায়, কিন্তু অভিধান? একেবারেই নিরস, ম্যাড়ম্যাড়ে। এই বই না পড়লে নাকি পণ্ডিত হওয়া যায় না। অমিত হোসেন মনে মনে কুটকুটিয়ে হাসেন। কিছু না পড়েই তিনি কি পণ্ডিতজনের খাতায় নাম লেখাননি! একটা জাতীয় মাসিকের সম্পাদক, চাট্টিখানি কথা নয়। কাজ যেমনই হোক, পদটা বড়। দেশের সবচেয়ে প্রভাবশালী দৈনিকের সম্পাদক যেমন ‘দ্য এডিটর’, তিনিও তো সেটাই!
ভাই-বেরাদরদের কাছ থেকে কিছু লেখা চেয়ে নিলেন। আর কিছু লেখা জোগাড়ের জন্য দৈনিক শেষ প্রহরের বাতি পত্রিকায় শ্রেণিভুক্ত বিজ্ঞাপন দিলেন। ইমেইলে অল্পকিছু লেখা পেলেন, কবিতা পেলেন বিস্তর। অমিত হোসেন কবিতার জন্য বরাদ্দ রেখেছেন দুই পৃষ্ঠা। ৮০ পৃষ্ঠার ম্যাগাজিনের জন্য ২ পৃষ্ঠার বেশি কবিতা থাকা ঠিক নয়। যেহেতু ছয়মিশালী ম্যাগাজিন, সব বিষয়ের প্রতিনিধিত্ব করে এমন লেখা রাখতে হবে। যে পরিমাণ কবিতা পেলেন, তাতে ৫০০ পৃষ্ঠা হয়ে যাবে অনায়াসেই। অমিত হোসেন নিজে কবিতা বোঝেন না, কিন্তু কবিতার দশা থেকে মন ভরল না। কোথাও যেন কিছুই হচ্ছে না। সম্পাদকের কলম-কাঁচি হাতে একটা কবিতা পড়তে বসলেন তিনিÑ
কাকের ডানার মতো তোমার চুলে
সন্ধ্যা হয়ে নামে নীরবতার ঢেউ
কুন্তলরাশি অন্ধকারে অস্তিত্ব হারালে
কোন অরণ্যে খুঁজব প্রেয়সীর মুখাগ্নি...
শ্রেণিভুক্ত বিজ্ঞাপন আর দেওয়া যাবে না। ভালো কিছু লেখা সংগ্রহ করতে হবে। বুকে সাহস নিয়ে বিশ্ববিদ্যালয়ে চলে গেলেন অমিত হোসেন। এখন চারদিকে প্রচুর বিশ্ববিদ্যালয়। বিশেষ করে প্রাইভেটগুলো তো গুনেই শেষ করা যাবে না। অমিত হোসেন প্রথমেই গেলেন দেশের সবচেয়ে নামকরা বিশ্ববিদ্যালয়ে। অনেক শিক্ষকই তাকে খালি হাতে ফেরালেন না। একজন দাবি জানালেন ছবিটা বড় করে থ্রি-আর সাইজে ছাপতে হবে। আরেকজন বললেন তার লেখক পরিচিতি ছাপতে পুরো দুই পাতা লাগবে। এতে অস্বীকৃতি জানালে লেখা দেবেন না। সব শর্তেই রাজি অমিত হোসেন। এরা একেকজন এত বড় অধ্যাপক ও বুদ্ধিজীবীÑ লেখা-ছবি দেখিয়েই বিজ্ঞাপন জোগাড় করা সহজ হবে। দেশের মানুষ এখনও গুণীজনের কদর বোঝে। মাস্টারদের মান্যিগণ্যি করে। স্যার ডাকে।
লেখাপত্র জোগাড় শেষ হলে এলো মেকআপের পালা। চলে এলেন নীলক্ষেতে। দোকানদারকে নিজের গুরুত্ব বোঝাতে বললেন, ‘শোনো, এই পত্রিকায় অনেকের লেখা আছে, প্রকাশিত হলে তোমার দোকানে কাস্টমার লাইন ধরবে। সুতরাং আমার কাছ থেকে ফর্মায় একশ টাকা কম রাখবে।’
দোকানদার হেসে বলল, ‘এসব ধানাইপানাই বুঝিয়ে লাভ নেই। আমরাও কম পণ্ডিত নই। বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট দিতে পারে, আমরা কি বসে থাকি? না। সর্বক্ষণ জনসেবায় নিয়োজিত। যে কাউকে প্রয়োজনীয় মুহূর্তে যে কোনো সনদ বানিয়ে দিতে পারি। আপনার নিজের লাগলেও বলবেন।’
অমিত হোসেন বুঝলেন, কথায় এদের সঙ্গে পারা যাবে না। তবে নীলক্ষেত নামটা তাকে ভাবাল। এখানেও কি কোনো এককালে নীলচাষ হতো? ব্রিটিশ উপনিবেশের কালো থাবায় জর্জরিত হয়েছিল এই এলাকাও!
মেকআপ করাতে কি শান্তি আছে? দিনভর লোকজন গিজগিজ করে। এর এটা প্রিন্ট দাও তো, ওর ইলাসট্রেটর ফাইলে ঘষামাজা করে দাও। তার কাজের সময় এসব করা যাবে না বলার পর দোকানদার ছোকরা এমন দৃষ্টিতে তাকিয়েছিল, যেন পারলে তাকেই ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেয়!
মেকআপের তৃতীয় দিনের মাথায় এলেন ইয়েলো ইউনিভার্সিটি অব বাংলাদেশের নবীন অধ্যাপক মির্জা কুতুবুর রহমান। তিনি প্রকাশিতব্য কাব্যগ্রন্থের প্রুফ প্রিন্ট করাবেন। দুজনের পরিচয় হয়ে গেল অল্প সময়ের মধ্যেই। কিছুক্ষণ পর ইয়েলো অধ্যাপক বললেন, ‘হাশমত সৈয়দের প্রবন্ধ রাখেননি?’
অমিত হোসেন গর্বভরে জবাব দিলেন, ‘কীসের হাশমত সৈয়দ? ওই কামরাঙ্গীরচর কলেজের অধ্যাপক তো! আরে আমি ছাপি সব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের লেখা। যাদের ডক্টরেট করা আছে, পিএইচডি থিসিস হয়ে বই প্রকাশিত হয়েছে।’
নবীন অধ্যাপক বিরক্ত ভঙ্গিতে বললেন, ‘আপনি যাদের কথা বললেন, হাশমত সৈয়দের লেখা পড়েই এরা কিন্তু অধ্যাপক হয়েছেন।’
‘কীভাবে কী হয়েছেন জানি না বাপু, আমি বিশ্ববিদ্যালয় ও ড.-এর নিচে নামব না। গত সপ্তাহে আ ব ত মোকসেদুল হক নামে একজন লেখা পাঠিয়েছেন। নামের আগে ড. নেই দেখে আমি ফেলে দিয়েছি।’
‘তার মানে আমার কবিতাও ছাপবেন না। আমিও এখনও ড. হইনি।’
‘ড. হয়ে আসুন। তারপর ছবিসহ গুচ্ছকবিতা প্রকাশ করব।’
‘রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্য, আরজ আলী মাতুব্বরÑ এদের ডিগ্রি আছে? দেখাতে পারবেন কেউ!’
‘এত কথা শুনতে পারব না, স্যার। আমার পত্রিকায় লিখতে হলে কমপক্ষে এমএ পাস করা লাগবে। শুধু পাস থাকলেই হবে না, লেখার সঙ্গে আমাকে সব সার্টিফিকেটের অনুলিপিও দিতে হবে। নইলে কারও লেখা ছাপতে পারব না। যে পত্রিকায় এতগুলো ডক্টরেট পার্সন লেখেন, সেখানে আমি যেন-তেন কারও লেখা ছেপে তাদের বেইজ্জতি করব কেন। গবেষণা করতে কষ্ট আছে। সেই গবেষণাপত্র দেখিয়ে নম্বর পাওয়া আরও কষ্টের। আপনিও এসব বোঝেন!’
মেকআপ শেষ হওয়ার আগেই বিজ্ঞাপন অনুসন্ধান শুরু হলো। বিজ্ঞাপনের বাজার নাকি মন্দা। লোকজন খালি নিরাশ করে। এক্ষেত্রে টোপ দিয়ে রেখেছেন অমিত হোসেনÑ ‘বিজ্ঞাপনটা দিয়েই দেন। আপনাদের চেয়ারম্যান/এমডি স্যারের সচিত্র জীবনী ছেপে দেব আগামী সংখ্যায়!’
এমন কথায় কাজ হয়, আবার অকাজও হয়। কোনো কোনো অফিসে ফিসফাস-গুঞ্জন ঢেউ তোলে। বড় স্যারদের বড় বড় কুকর্ম থাকে। থাকে কেলেঙ্কারির আঁধার। সেসব বাইরের মানুষ না জানলেও অফিসের টপ টু বটম অনেকেরই মুখস্থ। অন্ধকার অধ্যায় যদি আবার জীবনী আকারে ছাপা হয়ে যায়Ñ অফিসের মান-ইজ্জত তো যাবেই, নিজেদেরটাও আস্ত থাকবে না। কোন মানুষটা চায় ‘নিজস্ব’ লোকজনের কুকীর্তি ছাপার অক্ষরে ছড়িয়ে পড়ুক!