অলংকরণ: তানভীর মালেক
জীবনের সূক্ষ্ণপাঠ
আরিফ মঈনুদ্দীন
বালিয়াড়ি তীর নয়
জীবনের এক সূক্ষ্ণপাঠÑ জোয়ার আর ভাটার টান
নিদর্শনের আবহে যেমন দিনের পর রাত্রি আসে
রজনি শেষে আবার দিন
ফুটে থাকা ফুলÑ পাখির কলকাকলি
স্মরণ করিয়ে দেয় ফুরসত যত কিছুÑ সময় পেরিয়ে যায়
এসেছি যাওয়ার জন্য
অগস্ত্য এক যাত্রার আয়োজনÑ শুধু প্রস্তান এ নয়
পৃথিবীর কলঙ্ক কালিমা মুছে অথবা গোগ্রাসে
গিলে নীলকণ্ঠ হয়ে গেলেই মাহাত্ম্য ফুটে উঠে মহান অধ্যায়ে
সাগরের ঢেউয়ের মতন ঊর্মিমালার আছড়ে পড়ায়
যোগসূত্র স্থাপিত হয় সরলে
জীবনেও ঢেউ আসেÑ ঝড়-বৃষ্টি-খরা
আসে ঝোড়ো হাওয়া-জলোচ্ছ্বাস-সুনামিও আসে
কিছু দৃশ্যমান বেশিরভাগই প্রায় অদৃশ্যÑ
যেমন সুতানলী সাপ
নিজের অজান্তে ধ্বংস আসেÑ জ্বলেপুড়ে ছাইÑ
ছারখার করে গোপনে ওত পেতে থাকা অভিশাপ।
বকপাতি
মাহবুব কবির
ঠাকুর বলেন,
‘আকাশে উড়িছে বকপাতি।’
আমি বলি, পাখির ধনুক।
জ্যা-মুক্ত তীরটি
রবীন্দ্রনাথের বুকে আমূল বিঁধেছে,
বিঁধেছে আমার বুকে
নলুয়ার পাড়ে
মোস্তাক আহমাদ দীন
ঘরে বসে আছি, তবু সে আকুল হয়ে
শত ভাবে ডাকছে আমাকে
দু-হাতে বড়শি তার, কোনোদিন তিন কোনা জাল
এখানে মানুষ তবু নির্বিরোধ, নীরবতাময়
কোনো দিন মাছের জোয়ার এলে
সুখবর দিয়ে যাবে বলে
রাতের প্রহরী এসে দেখা করে যায়
এইবার ঠাঁইনাড়া হবে কিনা ভাবে
হাওরে না-নেমে তবু, কারও না কারও জন্য
নিজঘরে স্থিরঠাঁয় রয়ে যাব আমি
প্রেমের সহাস্য খেলা
মাহী ফ্লোরা
ডুবে যাওয়া সূর্যের নদী
আক্রান্ত পাথর নিয়ে ধিমে বয়ে যায়।
মাটির সাথে জলের রয়েছে শোষণের সম্পর্ক।
তুমি ছিলে। আমি ছিলাম।
শুধু কেড়ে কেড়ে নিয়েছি তোমার দিন। চেয়েছি মনোযোগ।
যা কিছু চাইনি, তা ভেঙেছি, ছিঁড়ে নিয়েছি বোঁটাসুদ্ধ ফুল।
উপড়ে ফেলতে চেয়েছি শেকড়।
জন্মান্তর ভেঙে চেয়েছি তুমি আমার।
এইসব পড়ে
তাসের ঘরের মতো ভেঙে ভেঙে পড়ে।
পাশাপাশি দুটো আপন শরীর হাঁটে
কত সহস্র দূরত্ব। তুমি নেই। আমি নেই।
শুধু থাকবার সময়টুকু নিয়ে মঞ্চে মঞ্চে হতে দেখি রঙ্গ।
আলো জ্বলছে। শ্রোতারা নিশ্চিত আঁধারে দেখে
প্রেম নেই, চাওয়া নেই। শুধু দুটো শরীর খেলছে
কেমন প্রেমের সহাস্য খেলা।
যেমন নদী আর আক্রান্ত পাথর পাশাপাশি বসে।
মাপে কুয়াশা বড়জোর, ভেজেনা। নাকি ভেজে সারা বেলা!
আষাঢ়
যাযাবর জিয়া
আর কত আষাঢ় নামাবে দুচোখে
একটু কদম ফুলের দিকে তাকাও।
আমি অনুরূপ ফুটে আছি
তোমার হৃদয়ে।
তুমি যতই বর্ষা নামাও
আমি ততই সতেজ হই।