× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিড়ালের দেশে

দন্ত্যস রওশন

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ ১২:৫৪ পিএম

অলংকরণ : তানভীর মালেক

অলংকরণ : তানভীর মালেক

উঁচু উঁচু পাহাড়। পাহাড়ের কোলে মাটির তৈরি বাসা। সেখানে একটি বাসায় থাকে টিয়াম আর মনু। টিয়াম একটি বিড়াল। টিয়াম নানা রকমের স্বপ্ন দেখে। সে কখনও স্বপ্ন দেখে পাহাড় উড়ে যাচ্ছে, চাঁদ কথা বলছে, চাঁদ মিষ্টি করে হাসছে।

টিয়াম গর্ব করে বলে, ‘আমার একটি মানুষ আছে!’ আর সেই মানুষটি হলো মনু। মনু একটি চার বছরের ছেলে।

মনু অন্ধকারে ভয় পায়। মনুর জন্য একটা দোলনা কেনা হয়েছে। সেটাতে সে দোল খায়। দোলনাটা পিছন থেকে ঠেলতে থাকে টিয়াম। রাতের বেলা দোল খেতে খেতে মনু চাঁদ দেখে।

পাহাড়ের পুব পাশে ঝরনা। টিয়াম ঝরনার গল্প বলে, উড়ন্ত মাছের কথা বলে। মনু চুপচাপ শোনে। চাঁদের আলোয় তার ভয় দূর হয়। মনু বলেÑ

‘চাঁদ ভালো।

আলো ভালো।

আকাশ ভালো।’

টিয়ামের পিঠে হাত রেখে বলে, ‘তুমিও ভালো।’

আর সেটা বলার পরেই সে খিলখিল করে হেসে ওঠে। তখন যেন পাহাড়ের উপর দিয়ে চাঁদের আলো দৌড়ে বেড়ায়।

পাহাড়ে পাহাড়ে অনেক বাড়িঘর। প্রতিটি বাড়িই বিড়ালের। টিয়ামের অনেক ইচ্ছাÑ একটি মানুষ পালবে। একদিন সে পাহাড় পেরিয়ে দূর দেশে চলে গিয়েছিল। তারপর সে চলে গিয়েছিল এক সমুদ্রের পাড়ে। সেখানে ছিল একটা ভাঙা নৌকা। হঠাৎ সে মানুষের কান্নার শব্দ শুনতে পেল। এগিয়ে গেল সে। দেখল একটা শিশু নৌকায় শুয়ে আছে। সেখানে আর কোনো মানুষ নেই। এখন কী করবে সে!

মনুকে তো আর একা রেখে আসতে পারে না। নিয়ে এলো তাকে তার বাসায়। প্রথম প্রথম মনু কান্নাকাটি করত। এখন আর করে না। এখন বলেÑ

‘পাখি ভালো।

প্রজাপতি ভালো।

মেঘ ভালো।’

টিয়াম বলে, ‘মানুষেরা বিড়ালদের ভালো বন্ধু হয়। মনু আমার ভালো বন্ধু। ওকে ভালোবাসি। ওকে অনেক কিছু খেতে দিই। অনেক আদর করি।’

পাহাড় থেকে দূরে ঘন বন। বনে থাকে অনেক হায়েনা। তারা মানুষের গন্ধ পেয়েছে। মনুর কথা জানতে পেরেছে।

গভীর রাত। পাহাড় বেয়ে পাঁচটি হায়েনা উপরে ওঠে। হায়েনাদের কথা টের পেয়ে যায় টিয়াম। সে রাগে ফুসফুস করে ওঠে। তার শরীর ফুলে ওঠে। লম্বা লেজ নাড়ায়। তখন তাকে মনে হয় সত্যিকারের বাঘের মাসি।

টিয়ামদের বাসা ঘিরে ফেলে হায়েনারা। বড় হায়েনাটি বলে, ‘প্রাণীদের দেশে কোনো মানুষ থাকতে পারবে না।’

জানালা দিয়ে হায়েনা দেখে মনু। বলে, ‘ও মা, কী সুন্দর!’

ধাম করে জানালা বন্ধ করে দেয় টিয়াম। আরও হায়েনা ছুটে আসে। ওরা বলে, ‘মানুষটা দিয়ে দাও, আমরা খেয়ে ফেলি। মজা করে সবাই মিলে খাই।’

উড়ন্ত মাছের কথা মনে পড়ে টিয়ামের। সে ঘরের ছাদে উঠে যায়। অনেক বড় চাঁদ উঠেছে। বলে, ‘চাঁদ ভাই, আমার অনেক বিপদ। মনুকে হায়েনারা নিয়ে যাচ্ছে।’

কথা শুনে চাঁদ আরও অনেক অনেক আলো ছড়ায়। চকচক করে ওঠে পাহাড়। যেন দিনের আলো ছড়িয়ে পড়েছে। চাঁদ বলে, ‘আমি এখনই উড়ন্ত মাছকে খবর দিচ্ছি। মাছটার মাথায় অনেক বুদ্ধি আছে।’

মনু জানতে চায়, ‘হায়েনারা কী বলছে? ওরা কি আমাদের ঘরে ঢুকতে চাচ্ছে? দরজা খুলে দাও, ওরা ভিতরে আসুক। ওদের সঙ্গে খেলা করি।’

টিয়াম চিৎকার করে বলে, ‘না না না!’

ওই সময় আসে উড়ন্ত সোনালি মাছ। অনেক নিচে নেমে হায়েনাদের মাথার উপর দিয়ে উড়তে থাকে। সে তার বন্ধু কুমিরদের খবর দেয়।

একটি হায়েনা বলে, ‘উড়ন্ত মাছটা খেতে অনেক মজা হবে।’ বাকি সবাই বলে, ‘হ্যাঁ হ্যাঁ, খুব মজা হবে।’ তখন তারা উড়ন্ত মাছের দিকে ছুটতে থাকে। ছুটতে ছুটতে সাগরের কাছে যায়। সাগরের কিনারে দাঁড়ায়। পিছন দিক থেকে ছুটে আসে সাতটি কুমির। হায়েনাদের ঘিরে ধরে। হায়েনারা ভয়ে লাফিয়ে পড়ে সাগরে। তখন বড় বড় ঢেউয়ে তারা ভাসতে থাকে, ডুবতে থাকে। আবার ভাসে, আবার ডুবে।

টিয়াম আর মনু ছুটে আসে সাগরপাড়ে। ওদের ঘিরে খুশিতে নাচতে থাকে সাতটি কুমির। তারা তাদের লেজের উপর দাঁড়ায়। আর আকাশে উড়তে থাকে উড়ন্ত সোনালি মাছেরা।

অনেক অনেক দূরে দেখা যায় একটি জাহাজ। ওরা সবাই জাহাজের দিকে তাকায়। ধীরে ধীরে জাহাজটা সমুদ্রের সৈকতে এসে ভিড়ে। মনুকে দেখে তারা আনন্দে চিৎকার করে ওঠে। সিঁড়ি দিয়ে নেমে একজন দৌড়ে ছুটে আসে মনুর দিকে। মনুকে কোলে তুলে নেয়। তার চোখ ভিজে যায় পানিতে। সে বলে, ‘আমাকে চিনতে পেরেছ? বাবা, আমি তোমার মা।’

মনু অনেকক্ষণ মায়ের দিকে তাকিয়ে থাকে। তারপর বলেÑ

‘টিয়াম ভালো।

কুমির ভালো।

মা ভালো।’


মা তখন টিয়ামের গালে চুমু খায়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা