× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যানানা কিক

অনিক শুভ

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ ১২:৩৮ পিএম

আপডেট : ১৩ আগস্ট ২০২৬ ১২:৫৬ পিএম

অলংকরণ : মেহেরুন্নিসা, অষ্টম শ্রেণি, রানী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়, মানিকছড়ি, খাগড়াছড়ি

অলংকরণ : মেহেরুন্নিসা, অষ্টম শ্রেণি, রানী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়, মানিকছড়ি, খাগড়াছড়ি

অভি খুব ফুটবল পাগল ছেলে। প্রতিদিন স্কুল থেকে ফিরেই ব্যাগ রেখে মাঠে ছুটত। তার সবচেয়ে বড় স্বপ্ন ছিল একদিন এমন খেলোয়াড় হবে, যার খেলা দেখে সবাই অবাক হয়ে যাবে।

এক বিকেলে মাঠে খেলার সময় সে দেখল তার স্কুলের বড় ভাই জয় বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছে। খেলার শেষ দিকে তাদের দল একটি ফ্রি-কিক পেল।

জয় বলের সামনে দাঁড়াল। সবাই চুপ হয়ে গেল।

অভিও কৌতূহল নিয়ে তাকিয়ে রইল।

জয় দৌড়ে এসে বলটিকে এমনভাবে মারল যে প্রথমে মনে হলো বলটি গোলপোস্টের অনেক বাইরে চলে যাবে। গোলকিপার নিশ্চিন্ত হয়ে একপাশে দাঁড়িয়ে রইল।

কিন্তু হঠাৎ!

বলটি বাতাসে ঘুরতে ঘুরতে কলার মতো বাঁক নিল এবং সোজা গোলপোস্টের কোণায় গিয়ে ঢুকে গেল।

গো-ও-ওল!

মাঠজুড়ে আনন্দ শুরু হয়ে গেল।

অভি তো অবাক! সে দৌড়ে গিয়ে জয়কে বলল,

‘ভাইয়া! এটা কীভাবে করলেন? বল তো নিজে নিজেই ঘুরে গেল!’

জয় হেসে বলল,

 ‘এটাকে বলে ব্যানানা কিক। কারণ বলটা ঠিক কলার মতো বাঁকা পথে যায়।’

 ‘আমি কি এটা শিখতে পারব?’

‘অবশ্যই পারবে। তবে এর জন্য ধৈর্য আর অনেক অনুশীলন দরকার।’

খেলা শেষে জয় একটি বল এনে অভিকে দেখাতে লাগল।

 ‘দেখো, বলের ঠিক মাঝখানে না মেরে যদি একটু পাশে মারো, তাহলে বল ঘুরতে থাকে। বল যখন ঘুরতে ঘুরতে সামনে যায়, তখন বাতাস একদিকে চাপ দেয়। এজন্য বল সোজা না গিয়ে বাঁকা পথে চলে।’

অভি সবটা বুঝতে না পারলেও খুব উৎসাহ পেল। সে বলটি নিয়ে জয়ের কথামতো চেষ্টা করল। প্রথমবার বল মারতেই বল সোজা গিয়ে গোলপোস্টের অনেক বাইরে চলে গেল। দ্বিতীয়বার মারতেই বল এত উঁচুতে উঠল যে পাশের গাছের ডালে গিয়ে আটকে গেল! তৃতীয়বার সে জোরে শট নিল। ধাম! বল গিয়ে পড়ল পাশের ঝোপে। বল খুঁজতে গিয়ে সবাইকে বেশ কষ্ট করতে হলো। 

অভির কাণ্ড দেখে তার বন্ধুরা তাকে নিয়ে ঠাট্টা করতে থাকে। কিন্তু অভি তাদের কথায় কান দিত না। প্রতিদিন স্কুল শেষে সে মাঠে যেত। কখনও বল একটু বাঁক নিত, কখনও একদমই নিত না। কখনও গোল হতো, আবার কখনও বল মাঠের বাইরে চলে যেত। তবুও সে চেষ্টা চালিয়ে যেতে লাগল।

একদিন অনুশীলনের সময় মন খারাপ করে বসে ছিল অভি।

জয় তার পাশে এসে বললÑ

‘জানো অভি... পৃথিবীর সেরা খেলোয়াড়রাও প্রথম দিনে সবকিছু পারেনি।’

 ‘সত্যি?’

‘অবশ্যই। তারা হাজার বার ভুল করেছে। কিন্তু তারা চেষ্টা বন্ধ করেনি।’

এই কথাগুলো অভির মনে সাহস জোগাল। সে আবার নতুন উদ্যমে অনুশীলন শুরু করল।

কয়েক সপ্তাহ পরে স্কুলের আন্তঃশ্রেণি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হলো। খেলা ছিল খুব উত্তেজনাপূর্ণ।

শেষ কয়েক মিনিট বাকি থাকতে অভির দল একটি ফ্রি-কিক পেল।

সবাই বলল,

‘অভি, তুই মার!’

অভির বুক ধড়ফড় করতে লাগল।

সে গভীর শ্বাস নিল।

তারপর জয়ের কথাগুলো মনে করল।

‘ভয় পেও না। চেষ্টা করো।’

অভি ধীরে ধীরে পিছিয়ে গেল।

রেফারির বাঁশি বাজল।

সে দৌড়ে এসে বলের এক পাশে নিখুঁতভাবে আঘাত করল।

বলটি বাতাসে ঘুরতে ঘুরতে এগোতে লাগল।

প্রথমে মনে হলো বলটি গোলপোস্টের বাইরে যাবে।

তাই দেখে গোলকিপারও ভুল দিকে ঝাঁপ দিল।

ঠিক তখনই বলটি হঠাৎ সুন্দরভাবে বাঁক নিল!

সোজা গোলপোস্টের কোণায় গিয়ে জালে জড়িয়ে গেল।

গোওওওল!!!

পুরো মাঠ আনন্দে ফেটে পড়ল।

বন্ধুরা দৌড়ে এসে অভিকে কাঁধে তুলে নিল।

দর্শকরা হাততালি দিতে লাগল।

দূরে দাঁড়িয়ে জয় গর্বের হাসি নিয়ে দুই হাত তুলে অভিনন্দন জানাল অভিকে।

অভির মুখে তখন বড় একটি হাসি। সে বুঝতে পেরেছে, সাফল্য কোনো জাদু নয়। এর পেছনে থাকে ধৈর্য, পরিশ্রম আর বারবার চেষ্টা করার সাহস।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা