× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিঃশব্দে মরণ ডাকছে মাইক্রোপ্লাস্টিক

সঞ্জয় চৌধুরী

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ১৩:১০ পিএম

নিঃশব্দে মরণ ডাকছে মাইক্রোপ্লাস্টিক

নিঃশব্দে মরণ ডাকছে মাইক্রোপ্লাস্টিক

চলুন, একটি কাল্পনিক গল্প দিয়ে শুরু করি।

দুই বন্ধু অবসর সময়ে গলির মোড়ের চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে। তাদের এক হাতে স্মার্ট ফোন আর এক হাতে প্লাস্টিকের ওয়ান টাইম কাপে গরম চা। সেই চায়ে টি ব্যাগ চুবানো। পাশেই রাখা প্লাস্টিকের পানির বোতল। সেই বোতল থেকে পানি পান করল তারা। ধোঁয়া ওঠা উষ্ণ চায়ে চুমুক আর হাতে স্মার্ট ফোনে স্যোশাল মিডিয়ায় স্ক্রলিং। স্ক্রলিং এর ফাঁকে ফাঁকে টুকটাক গল্প। এক বন্ধুর হাতে থাকা ফোনে হঠাৎ একটি নিউজ দেখল। এক গবেষণায় দেখা গেছে দেশের বাজারের বেশিরভাগ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি মিলেছে।

৩৪টি টুথপেস্টের নমুনা পরীক্ষা করে দেখা গেছে ২৬টি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি রয়েছে। দুই বন্ধু টুথপেস্টের তালিকা দেখে তাদের কপালে চিন্তার ভাঁজ আরও গভীর হলো। কারণ তারা ব্যক্তিগতভাবে যে টুথপেস্ট ব্যবহার করে সেই টুথপেস্টেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি রয়েছে। দুই বন্ধু চায়ে শেষ চুমুক দিয়ে অভিযোগের সুরে বলতে লাগল যেÑ সচেতন হয়ে লাভ কী? যদি আইনের কঠোর প্রয়োগ না হয়, তবে মাইক্রোপ্লাস্টিক থেকে বাঁচা সম্ভব নয়।

গল্পটা এতটুকুই।

চলুন কিছু বিশ্লেষণে আসি গল্প থেকেই। প্রথমেই লক্ষ্য করা যাচ্ছে, দুই বন্ধুর হাতে ওয়ানটাইম প্লাস্টিকের চায়ের কাপে গরম চা।

এখন আসি প্লাস্টিকের ওয়ান টাইম কাপের বিষয়ে।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবির) একদল গবেষকের গবেষণায় উঠে এসেছে এ তথ্য। গবেষক দলটি ২০টি কাপ সংগ্রহ করেন। তাতে চা, কোমল পানীয় ও লাচ্ছির নমুনা রেখে পরীক্ষা করা হয়। পরীক্ষার পর ১৭টির নমুনায় ভারী ধাতুর উপস্থিতির প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি তারা একই খাদ্যপণ্য সাধারণ কাচের পাত্রে পরীক্ষা চালিয়ে কোনো ভারী ধাতুর উপস্থিতির প্রমাণ পাননি। প্লাস্টিকের কাপের নমুনাগুলোতে বেশি পাওয়া গেছে কপার, লেড, ক্রোমিয়াম ও ক্যাডমিয়াম।

অপরদিকে আইআইটির গবেষকরা ১০০ মিলিলিটার ধারণক্ষমতার কাগজের কাপে শতভাগ বিশুদ্ধ গরম পানি ঢেলে ১৫ মিনিটের জন্য রাখেন। পরে তারা কাপগুলো থেকে সংগৃহীত নমুনা পানিতে প্লাস্টিক কণা শনাক্ত করতে নির্দিষ্ট রঞ্জক যোগ করেন। গবেষকরা দেখেন, প্রতিটি কাপে গরম পানি যোগ করার ১৫ মিনিট পরে পানিতে প্রায় ২৫ হাজার ক্ষুদ্র প্লাস্টিক কণার উপস্থিতি রয়েছে। এ হিসাবে তারা বলেন, কোনো ব্যক্তি যদি কাগজের কাপে দৈনিক তিন কাপ চা বা কফি পান করেন, তাহলে দৈনিক তিনি ৭৫ হাজার পর্যন্ত ক্ষুদ্র প্লাস্টিক কণা গ্রহণ করেন। উল্লেখ্য কাগজের ওয়ানটাইম কাপেও পাতলা পলিথিনের আস্তরণ থাকে।

এবার নজর দেই টি-ব্যাগের দিকে

স্পেনের বার্সেলোনার অটোনোমাস বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের এক গবেষণায় দেখা গেছে, টি-ব্যাগ থেকে ক্ষুদ্র প্লাস্টিক কণা বা মাইক্রোপ্লাস্টিক তৈরি হয়, যা শরীরের জন্য বেশ ক্ষতিকর। বিজ্ঞানীদের তথ্যমতে, পলিমারভিত্তিক উপাদান থেকে তৈরি বাণিজ্যিক টি-ব্যাগ ক্ষুদ্র প্লাস্টিক কণার অন্যতম উৎস। টি-ব্যাগ থেকে কোটি কোটি ক্ষতিকারক ক্ষুদ্র প্লাস্টিক কণা উন্মুক্ত হচ্ছে।

বিজ্ঞানীদের তথ্যমতে, টি-ব্যাগের বাইরের আবরণে ব্যবহৃত উপাদান স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব তৈরি করতে পারে। বাণিজ্যিকভাবে ব্যবহৃত টি-ব্যাগগুলো পলিমারভিত্তিক উপাদান দিয়ে তৈরি, যেখানে মিশ্রিত থাকে লাখ লাখ ন্যানোপ্লাস্টিক ও মাইক্রোপ্লাস্টিক। গরম পানিতে টি-ব্যাগ ব্যবহারের সময় এসব ক্ষুদ্র প্লাস্টিক কণা উন্মুক্ত হয়ে যায়। এর ফলে চায়ের সঙ্গে লাখ লাখ ক্ষুদ্র প্লাস্টিক কণা মিশে যায়।

আবার প্লাস্টিকের পানির বোতল থেকেও প্লাস্টিকে ক্ষুদ্র কণা শরীরে প্রবেশ করছে। মেয়াদোত্তীর্ণ বোতল থেকে বেশি পরিমাণে প্লাস্টিক কণা পানি পানের সময় শরীরে প্রবেশ করে। সেই সাথে পানির বোতলের মুখ বারবার খোলা বা লাগানোর কারণে প্লাস্টিকের ক্ষুদ্র কণা ও ন্যানোপ্লাস্টিক পানিতে মিশে যায়। যা শরীরে সরাসরি প্রবেশ করে পানি পানের মাধ্যমে।

উপরের গল্পের সাথে মিলিয়ে দেখলে দেখা যায় দুই বন্ধুই প্লাস্টিকের পানির বোতল থেকে পানি পানের পর প্লাস্টিকের ওয়ানটাইম চায়ের কাপে গরম চায়ে টি-ব্যাগ চুবিয়ে গ্রহণ করছে। যার মাধ্যমে লাখ লাখ ন্যানোপ্লাস্টিক ও মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করছে তাদের অজান্তেই। অথচ তারা চিন্তিত হয়ে পড়েছে টুথপেস্টের মাইক্রোপ্লাস্টিক নিয়ে! 

সম্প্রতি পরিবেশবাদী সংগঠন ও সামাজিক উন্নয়ন সংস্থা এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (এসডো) বৈজ্ঞানিক গবেষণায় ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে। প্রতি ১০০ গ্রাম টুথপেস্টে ২০ থেকে ৩২০টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা মিলেছে।

কীভাবে মানবশরীরে মাইক্রোপ্লাস্টিক প্রবেশ করছে- 

নিঃশ্বাসের মাধ্যমে

আহারের তুলনায় শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে অনেক বেশি পরিমাণে মাইক্রোপ্লাস্টিক দেহে প্রবেশ করে। গৃহস্থালির ধুলাবালি এই কণাগুলো ছড়ানোর একটি বড় উৎস। প্লাস্টিক কণাযুক্ত পরিবেশ বিপদের কারণ বাড়িয়ে দেয়। কেননা খাবার জীবাণু মুক্ত হলেও দূষিত পরিবেশে সেই খাবার খাওয়ার সময় অনায়াসেই মাক্রোপ্লাস্টিক ফাইবার দেহের ভেতরে ঢুকে পড়ছে। নিঃশ্বাসের সাথে এই কণাগুলো ফুসফুস ও কোষের ভেতরে পৌঁছে যেতে পারে। প্লাস্টিকের কণাগুলো সাথে করে সিসা বা অন্যান্য ক্ষতিকর ভারী ধাতু শরীরে বহন করে।

ত্বকের মাধ্যমেও শরীরে প্রবেশ করে মাইক্রোপ্লাস্টিক ও ন্যানোপ্লাস্টিক। কিছু প্রসাধনী ত্বকে ব্যবহারের মাধ্যমে তা শরীরে প্রবেশ করতে পারে। প্লাস্টিক মোড়কজাত পণ্য ও খাদ্যদ্রব্যের মাধ্যমেও মাইক্রোপ্লাস্টিক আমাদের শরীরে প্রবেশ করছে। মাংস, ডিম, সামুদ্রিক মাছ ইত্যাদির মাধ্যমেও শরীরে প্রবেশ করে এই প্লাস্টিকের ক্ষুদ্র কণিকা। এমনকি মাতৃদুগ্ধেও উপস্থিতি মিলেছে ক্ষুদ্রাকৃতি এই দানবের।

শিল্প কারখানার উৎপন্ন বস্তু থেকে

পরিবেশে প্লাস্টিক কণা ছড়ানোর ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখে বিভিন্ন কল-কারখানার বর্জ্য পানি এবং নির্মাণাধীন আবাসনের ভারী বৈদ্যুতিক যন্ত্রপাতি। এভাবে দূষিত পরিবেশের ভেতর দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ মাইক্রোপ্লাস্টিকের আগ্রাসনের শিকার হয়। তবে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকে কলকারখানা ও সেই নির্মাণাধীন স্থানের কর্মীরা। এসব উৎস ত্বক বা স্পর্শ ও নিঃশ্বাস উভয়ের মাধ্যমেই মানুষের অভ্যন্তরীণ শরীর ক্ষতিগ্রস্ত করে তোলে।

গরম খাবার প্লাস্টিকের বক্সে রাখা

অনেকেই রান্না করা গরম খাবার সরাসরি প্লাস্টিকের বক্সে ভরে ফ্রিজে রাখেন। আবার অফিসে নিয়ে যাওয়ার জন্যও প্লাস্টিকের লাঞ্চবক্স ব্যবহার করেন। গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত তাপ প্লাস্টিকের ক্ষয় বাড়াতে পারে। বিশেষ করে মাইক্রোওয়েভে এমন প্লাস্টিক ব্যবহার করা হলে ঝুঁকি বাড়ে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিভিন্ন খাদ্যনিরাপত্তা সংস্থা বলছে, ‘মাইক্রোওয়েভ-সেফ’ বা ফুড গ্রেডের খাদ্যমানসম্মত প্লাস্টিক ব্যবহার করলেও খুব গরম খাবার দীর্ঘ সময় প্লাস্টিকের মধ্যে রাখা কমিয়ে আনা ভালো। কাচ বা স্টেইনলেস স্টিলের পাত্র অনেক ক্ষেত্রে নিরাপদ বিকল্প হতে পারে।

যেভাবে মাইক্রোপ্লাস্টিক মানবদেহের ক্ষতি করছে

নানাভাবেই মাইক্রোপ্লাস্টিক মানব শরীরের ক্ষতি করছে। মোটা দাগে দেখতে গেলে কিছু বিষয় উঠে আসে। সাধারণত ফুসফুসে প্রদাহ, রক্তনালি সংক্রান্ত রোগ, শ্বাসযন্ত্রের জটিলতা, জিনগত ও হরমোনজনিত সমস্যা, অ্যালার্জি সমস্যা, দীর্ঘস্থায়ী মানসিক সমস্যা, রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয়ে ক্যান্সারের দিকে পরিচালিত হওয়া, স্নায়ুরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়, প্রজনন জটিলতা ও শিশুদের ক্ষেত্রে স্বাভাবিক ক্রমবিকাশে ব্যাঘাত ঘটাসহ আরও নানা জটিলতা সৃষ্টি করে।

মাইক্রোপ্লাস্টিক কী

সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিকের কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এটি মূলত দুইভাবে তৈরি হয়। কোনো নির্দিষ্ট পণ্য ব্যবহারের জন্য ইচ্ছাকৃতভাবে যখন প্লাস্টিককে কণা আকারে তৈরি করা হয়, তখন তাকে বলা হয় ‘প্রাইমারি মাইক্রোপ্লাস্টিক’। অন্যদিকে পানির বোতল, প্যাকেট বা বড় কোনো প্লাস্টিক ক্ষয়ে বা ভেঙে গিয়ে যে ক্ষুদ্র কণা তৈরি হয়, তাকে ‘সেকেন্ডারি মাইক্রোপ্লাস্টিক’ বলা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে মাইক্রোপ্লাস্টিক একটি উদীয়মান পরিবেশগত ও স্বাস্থ্যগত উদ্বেগের বিষয়।

মাইক্রোপ্লাস্টিক বিষয়ে আইন কী বলে

বাংলাদেশে ২০০২ সালে আইন করে বিশ্বের প্রথম দেশ হিসেবে পলিথিন শপিং ব্যাগের উৎপাদন, ব্যবহার, বিপণন ও বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ করে বাংলাদেশ। তবে বাংলাদেশে মাইক্রোপ্লাস্টিক বিষয়ে কোনো সুনির্দিষ্ট বা আলাদা আইন বা বিধিমালা নেই। যুক্তরাষ্ট্র ২০১৫ সালে এবং ইউরোপীয় ইউনিয়ন ২০২৩ সালে মাইক্রোপ্লাস্টিকের বিরুদ্ধে আইনগত জোড়ালো পদক্ষেপ নিয়েছে।

সম্প্রতি এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো)’র গবেষণায় ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। এই ফলাফল বাংলাদেশের সাধারণ ভোক্তাদের জন্য কতটা উদ্বেগের এবং টুথপেস্ট ব্যবহারের মাধ্যমে মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশের সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি সে সম্পর্কে জানতে চাইলে এসডো’র নির্বাহী পরিচালক সিদ্দীকা সুলতানা বলেন, ‘আমাদের গবেষণায় ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে, যা জনস্বাস্থ্য ও পরিবেশÑ উভয় দিক থেকেই উদ্বেগের বিষয়। টুথপেস্ট এমন একটি পণ্য যা প্রতিদিন প্রায় সব বয়সের মানুষ ব্যবহার করেন। যদিও ব্রাশ করার সময় অধিকাংশ টুথপেস্ট ফেলে দেওয়া হয়, তবুও অল্প পরিমাণ টুথপেস্ট অনিচ্ছাকৃতভাবে গিলে ফেলার সম্ভাবনা থাকে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে। এর মাধ্যমে মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করতে পারে। বর্তমান বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, মাইক্রোপ্লাস্টিক ইতোমধ্যে মানুষের রক্ত, ফুসফুস, প্লাসেন্টা এবং অন্যান্য টিস্যুতে শনাক্ত হয়েছে। বিভিন্ন গবেষণায় মাইক্রোপ্লাস্টিকের সঙ্গে ইনফ্ল্যামেশন, অক্সিডেটিভ স্ট্রেস, হরমোনের ভারসাম্যহীনতা, কার্ডিওভাসকুলার এবং নিউরোলজিক্যাল ডিজিজের সম্ভাব্য প্রভাবের সম্পর্কের ইঙ্গিত পাওয়া গেছে। তবে টুথপেস্ট থেকে সরাসরি কতটুকু স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়, তা নির্ধারণে আরও গবেষণা প্রয়োজন।’

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হওয়ার বিষয়টি সামনে আসার পর সরকারের কাছে এসডো’র সবচেয়ে জরুরি দাবি কী এবং মাইক্রোপ্লাস্টিক নিয়ন্ত্রণে বাংলাদেশে কি আলাদা নীতিমালা বা আইন প্রয়োজন কিনা সে সম্পর্কে সিদ্দীকা সুলতানা আরও জানান, ‘এসডোর সবচেয়ে জরুরি দাবি হলো- টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি রোধে দ্রুত কার্যকর জাতীয় নীতিমালা ও নিয়ন্ত্রক ব্যবস্থা প্রণয়ন করা। বর্তমানে বাংলাদেশের টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ন্ত্রণে কোনো নির্দিষ্ট আইন বা মানদণ্ড নেই। তাই আমরা সরকারের কাছে আহ্বান জানাই- বিএসটিআই’র মানদণ্ড হালনাগাদ করা, নিয়মিত বাজার তদারকি ও পরীক্ষার ব্যবস্থা জোরদার করা হোক।

জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় মাইক্রোপ্লাস্টিক মুক্ত টুথপেস্ট নিশ্চিত করতে এখনই কার্যকর নীতিগত পদক্ষেপ প্রয়োজন।’

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে– এমন তথ্য জানার পর গ্রাহক মহলে দুশ্চিন্তা বাড়তে থাকে। এই ভয় বা দুশ্চিন্তা দূর করার দায়িত্ব আসলে কাদের? কতটুকু গবেষণা হলে, আইনের কঠোর প্রয়োগ হলে, জনসাধারণ সচেতন হলে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব? এক সময় আইন করেও পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধ করা যায়নি, এই মাইক্রোপ্লাস্টিকের থাবা থেকে কি জনগণকে নিরাপদ রাখা সম্ভব? 


লেখক : প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান 

গ্রিন ইকো ফাউন্ডেশন


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা