শেখ আরিফুল ইসলাম, বাগেরহাট
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ১৩:০৭ পিএম
ভাগ্য বদলে দিচ্ছে খালের কচুরিপানা
এক সময় খাল-বিল ও নদ-নালার জন্য বিরক্তিকর আগাছা হিসেবে পরিচিত কচুরিপানাই এখন বাগেরহাটের একটি পরিবারের জীবিকার প্রধান অবলম্বন। খাল থেকে কচুরিপানা সংগ্রহ করে প্রক্রিয়াজাত ও শুকিয়ে ঢাকায় পাঠাচ্ছেন তারা। সেই কাঁচামাল দিয়ে তৈরি হচ্ছে গার্ডেন পট, চিকেন বাস্কেট, ডগ বাস্কেট, জুতা, ফুলদানি, ফ্লোর ম্যাট, পাপোশ, টিস্যু বক্সসহ বিভিন্ন পরিবেশবান্ধব পণ্য, যার একটি অংশ বিদেশেও রপ্তানি হচ্ছে। ফলে একদিকে জলাশয় পরিষ্কার হচ্ছে, অন্যদিকে সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থান ও পরিবেশবান্ধব শিল্পের সম্ভাবনা।
বাগেরহাট শহরের খানজাহান পল্লীর গোবদিয়া এলাকার ৮নং ওয়ার্ডের লেকপাড়সংলগ্ন একটি খাল থেকে প্রতিদিন কচুরিপানা সংগ্রহ করা হচ্ছে। উদ্যোক্তারা জানান, এই খাল পরিষ্কার হওয়ার পর আশপাশের অন্যান্য খাল ও জলাশয় থেকেও কচুরিপানা সংগ্রহের পরিকল্পনা রয়েছে।
কচুরিপানা সংগ্রহের কাজে নিয়োজিত শ্রমিক ইমরান শেখ বলেন, প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুজন শ্রমিক মিলে খাল থেকে কচুরিপানা তুলি। এ কাজের জন্য প্রতিদিন মোট ২ হাজার ৫০০ টাকা মজুরি পাই। আগে কচুরিপানাকে কেউ গুরুত্ব দিত না, এখন সেটিই মানুষের আয়ের উৎস হয়ে উঠেছে। খাল পরিষ্কার হওয়ায় ভবিষ্যতে এখানে মাছ চাষেরও সুযোগ তৈরি হবে। পরে জানতে পারি, সংগ্রহ করা কচুরিপানা ঢাকায় প্রতি কেজি ১৫০ টাকা দরে বিক্রি হয়।
আরেক শ্রমিক নয়ন শেখ বলেন, পড়াশোনা শেষ করতে পারিনি। এখন এই কাজ করেই জীবিকা নির্বাহ করছি। আগে জানতাম না কচুরিপানার এত মূল্য আছে। এখন শুনছি, এটি দিয়ে পরিবেশবান্ধব নানা রকম পণ্য তৈরি হচ্ছে, যা দেশ-বিদেশে বিক্রি হয়।
উদ্যোক্তা সুমি বেগম বলেন, স্বামী, ছেলে ও মেয়েকে নিয়ে পরিবারের চার সদস্য মিলে এই কাজ করছি। শুরুতে না বুঝে পিরোজপুরে প্রতি কেজি মাত্র ৫০ টাকা দরে বিক্রি করতাম। এখন গাজীপুরের একটি প্রতিষ্ঠান প্রতি কেজি ১৫০ টাকা দরে কিনছে। এতে আয় বাড়বে বলে আশা করছি। নিজেদের কোনো বাড়ি নেই, সরকারি জায়গায় বসবাস করি। অনেক কষ্টের মধ্যেও এই কাজ ধরে রেখে সংসার চালানোর চেষ্টা করছি।
সুমির স্বামী আবদুল্লাহ শেখ বলেন, আগে একটি ছোট দোকান ছিল। ব্যবসা ভালো না চলায় সেটি বন্ধ হয়ে যায়। পরে ইউটিউবে কচুরিপানা দিয়ে পরিবেশবান্ধব পণ্যের কাঁচামাল তৈরির ভিডিও দেখে আগ্রহী হই। পরিচিত একজনের সহযোগিতায় প্রায় তিন মাস আগে এই উদ্যোগ শুরু করি। প্রথমদিকে অনেকেই বিষয়টি নিয়ে হাসাহাসি করতেন। কিন্তু এখন এই কাজই পরিবারের প্রধান আয়ের উৎস।
উদ্যোক্তারা জানান, কচুরিপানা সংগ্রহের পর নির্দিষ্ট মাপ অনুযায়ী কেটে রোদে ভালোভাবে শুকাতে হয়। শুকানোর সময় উঁচু ও শুকনো স্থানে রাখতে হয়। নিচে চাপা পড়ে গেলে বা ঠিকমতো না শুকালে সেই কাঁচামাল আর বিক্রিযোগ্য থাকে না। মান ও দৈর্ঘ্য ঠিক রেখে প্রক্রিয়াজাত করতে পারলেই ভালো দাম পাওয়া যায়।
-6a7c1bb2d14be.jpg)
স্থানীয়দের মতে, কচুরিপানা সংগ্রহের মাধ্যমে একদিকে খাল-বিল পরিষ্কার হচ্ছে, অন্যদিকে এতদিনের অবহেলিত এই জলজ উদ্ভিদকে কাজে লাগিয়ে পরিবেশবান্ধব শিল্পের কাঁচামাল উৎপাদনের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। প্রয়োজনীয় প্রশিক্ষণ, পুঁজি ও সরকারি সহায়তা নিশ্চিত করা গেলে জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের উদ্যোগ ছড়িয়ে পড়বে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
এ বিষয়ে বাগেরহাট বিসিক শিল্পনগরীর উপব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) মো. সোহাগ হোসেন বলেন, কচুরিপানাকে কাজে লাগিয়ে পরিবেশবান্ধব পণ্য তৈরির উদ্যোগ অত্যন্ত সম্ভাবনাময়। এক সময় যে উদ্ভিদকে জলাশয়ের সমস্যা হিসেবে দেখা হতো, সেটিই এখন অর্থনৈতিক সম্পদে পরিণত হচ্ছে। কচুরিপানা দিয়ে তৈরি গার্ডেন পট, বিভিন্ন ধরনের বাস্কেট, ফ্লোর ম্যাট, ফুলদানি, পাপোশসহ হস্তশিল্পের নানা পণ্য দেশ-বিদেশে চাহিদা তৈরি করছে।
তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোক্তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, পণ্যের মানোন্নয়ন, বাজারজাতকরণ এবং উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রমে বিসিকের পক্ষ থেকে সহযোগিতার সুযোগ রয়েছে। স্থানীয় পর্যায়ে আরও মানুষ এই খাতে এগিয়ে এলে কর্মসংস্থান সৃষ্টি হবে, জলাশয় পরিষ্কার থাকবে, পরিবেশ উপকৃত হবে এবং রপ্তানি আয়ের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। বর্তমানে কচুরিপানা শুধু একটি জলজ উদ্ভিদ নয়, গ্রামীণ অর্থনীতির জন্যও এটি একটি সম্ভাবনাময় কাঁচামাল হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।