ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ১৩:০৪ পিএম
পৃথিবীর আলো দেখা থেকে বঞ্চিত এক পরিবারের ১১ জন
অনেকটা জরাজীর্ণ এক বাড়িতে দুই ভাইয়ের দুই পরিবার। এই দুই পরিবারের মোট ১১ জন সদস্যের সবাই দৃষ্টিপ্রতিবন্ধী। তারা সকলেই পৃথিবীর আলো, আকাশের চাঁদ-তারা, ভোরের সূর্যোদয়, বিকালের সূর্যাস্ত- সব কিছু দেখা থেকে বঞ্চিত। কে কখন কোন রঙের জামা গায়ে দিয়েছেন তা তারা জানেন না। এমনকি পানির রঙ কি তাও তাদের অজানা। মহান রবের কোনো সৃষ্টিই তারা দেখতে পান না। সবুজ প্রকৃতি, গাছ-পালা, নদী-খাল-বিলÑ সব কিছুই তাদের অদেখা-অচেনা। মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৭ নম্বর কামারচক ইউনিয়নের শেষপ্রান্তে অবস্থিত জেলার গুরুত্বপূর্ণ জলাভূমি করাইয়া হাওর পাড়ের দক্ষিণ ইসলামপুর নামের প্রত্যন্ত ও নিভৃত গ্রামে দৃষ্টিপ্রতিবন্ধী ওই দুই ভাইয়ের বসবাস। তাদের বাড়িটির একপাশে সোনালি ধানের জমি অন্য তিনপাশে হাওরের সুবিশাল জলরাশি। প্রতি বছর বর্ষা মৌসুমে হাওরের পানি বৃদ্ধি পেয়ে তলিয়ে যায় ওই দৃষ্টিপ্রতিবন্ধী দুই পরিবারের বসতবাড়ি। ওই সময়ে প্রতিবেশীদের সহায়তায় ঘর থেকে বেরিয়ে নিরাপদ আশ্রয়ে যান পরিবারটির ১১ দৃষ্টিপ্রতিবন্ধী সদস্য।
মৌলভীবাজার জেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার ও রাজনগর উপজেলা থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত করাইয়া হাওর পাড়ের প্রত্যন্ত গ্রাম দক্ষিণ ইসলামপুরে সরেজমিন গিয়ে জানা যায়, দুই পরিবারের কর্তা সহোদর ভাই কামাল মিয়া মুন্সি ও লাফল মিয়া মুন্সির দাদা ছিলেন দৃষ্টিপ্রতিবন্ধী। পরে তাদের বাবার জন্ম হলেও ছোট বেলা তিনি চোখে দেখতেন। তবে তাদের বাবার বয়স যখন ১০-১১ বছর তখন তিনিও দৃষ্টিশক্তি হারান। তাদের বাবার দুই সন্তান কামাল মুন্সি ও লাফল মিয়া মুন্সি জন্ম থেকেই দৃষ্টিশক্তিহীন বা দৃষ্টিপ্রতিবন্ধী। প্রজন্ম থেকে প্রজন্মের ধারাবাহিকতায় কামাল মুন্সি ও লাফল মিয়া মুন্সির সন্তানরা এবং নাতিরা দৃষ্টিপ্রতিবন্ধী, কেউ কেউ দৃষ্টির সাথে মানসিক প্রতিবন্ধীও। তাদের পরিবার যেন উত্তরাধিকার সূত্রে দৃষ্টিপ্রতিবন্ধী হয়েছেন। পরিবারটি দৃষ্টি ও মানসিক প্রতিবন্ধীর সাথে চরম দারিদ্র্য, চিকিৎসা সংকট, অশিক্ষা, কর্মসংস্থানের অভাব বয়ে চলেছেন। পুরো পরিবারটির ভবিষ্যৎ অনিশ্চিত। এলাকার কেউ সাহায্য-সহযোগিতা না করলে তাদের পেটের ভাতই জোগাড় হয় না।
দুই পরিবারের সবচেয়ে জ্যেষ্ঠ ব্যক্তি ৮০ বছর বয়সী কামাল মিয়া মুন্সি। তার ছেলে জগলু মিয়া (২৭), ফখরুল মিয়া (২৬), মেয়ে সুফি বেগম (৩৮), পরবর্তী প্রজন্মে কামাল মিয়া মুন্সির নাতি সোহান মিয়া (১৫), নাতনি শারমিন বেগম (১৫) ও ফাইজা বেগম (৬) জন্মগতভাবেই দৃষ্টিপ্রতিবন্ধী। শুধু তাই নয়, শারমিন বেগম ও সোহান মিয়া দৃষ্টিপ্রতিবন্ধিতার পাশাপাশি তারা মানসিক প্রতিবন্ধীও। কামাল মিয়া মুন্সির ছোট ভাই লাফুল মিয়া মুন্সির (৭০) ঘরেও একই চিত্র। তার নিজের দৃষ্টিপ্রতিবন্ধীর সাথে ছেলে সারজক মিয়া (২৮), নাতি আকবর আলী (৬) এবং নাতনি আনিকা আক্তারও (২) জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী।
পরিবারটির বয়োজ্যেষ্ঠ ব্যক্তি কামাল মিয়া মুন্সি বলেন, ‘আমরা বাপ-দাদার আমল থেকেই চোখে দেখি না। আমাদের ছেলে-সন্তান, নাতি-নাতনিও চোখে দেখে না। আমরা বড় অসহায় অবস্থায় আছি, পেরেশানিতে আছি। আমাদের এ খবর পেয়ে সরকারি অফিসাররা আমাদের কিছু খাদ্য সাহায্য করছেন। চোখে না দেখার কারণে আমরার কোনো কাজকাম নাই। আমাদের অন্যের উপর নির্ভর করে জীবন চালাতে হয়।’
দৃষ্টিপ্রতিবন্ধী ফখরুল মিয়া বলেন, ‘আমরা একই বাড়িতে ১১ জন মানুষ অন্ধ, প্রতিবন্ধী। আমরার ঘরে সাতটি মানুষ আর পাশের ঘরের ভাইয়ের পরিবারে চারটি মানুষ অন্ধ। আমরা কোনো আমলে কোনো সহযোগিতা পাই নাই। এখন বন্যা অইবার কারণে আমাদের সাংবাদিক ভাই হকলে আইছইন। হের পরে আজকে তিন দিন যাবত মানুষ জেলা থেকে, উপজেলা থেকে স্যাররা আইছইন। তারা সাহায্য দিছুইন। আমরা খুবই খুশি অইছি। ইলা আমরার দিকে সব সময় খেয়াল রাখলে আমরার পরিবার বাঁচি যাইব।’
স্থানীয় বাসিন্দা লুকু মিয়া বলেন, ‘দুই ভাইয়ের পরিবারে ১১ জন অন্ধ। তারার খাইতে, চলতে বড় অসুবিধা অয়। তারা হাঁটতে পারে না, খাইব কি করে? তারা খাইয়া না খাইয়া আছইন। আইজকে ডিসি স্যার আইছলা। তাইন কিছু খানা দিয়া গেছইন।’
রাজনগর উপজেলা কর্মকর্তা আজাদুর রহমান বলেন, ‘একই বাড়ির দুই ভাইয়ের পরিবারের ১১ জন দৃষ্টিপ্রতিবন্ধীর মধ্যে ৮ জন বর্তমানে প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন। তবে আবেদন না করায় কয়েকজন এখনও সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আসেননি। প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন হলে যোগ্য ব্যক্তিদের দ্রুততম সময়ের মধ্যে প্রতিবন্ধী ভাতা ও অন্যান্য সরকারি সুবিধার আওতায় আনা হবে।’
মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, ‘অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অঙ্গীকার। দৃষ্টি প্রতিবন্ধী এই পরিবারের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে চক্ষু বিশেষজ্ঞদের মাধ্যমে মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হবে। পাশাপাশি তাদের বাড়িতে যাতায়াতের কাঁচা সড়ক দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।’