প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ ১৫:২২ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৬ ১৫:২৩ পিএম
কবি মুম রহমান
দক্ষিণ কোরিয়ার অন্যতম আন্তর্জাতিক সাহিত্য সম্মাননা কোরিয়ান অ্যাসোসিয়েশন অব ওয়ার্ল্ড লিটারেচার (কেএওডব্লিউএল) এবং কালচার অ্যান্ড পিপল নিউজপেপার (সিএনপিএন) গোল্ডেন পেন অ্যাওয়ার্ড অর্জন করেছেন বাংলা ভাষার কবি ও লেখক মুম রহমান। তিনি এই পুরস্কারের ১৮তম প্রাপক হিসেবে মনোনীত হয়েছেন।
গত ১০ আগস্ট ২০২৬ সিএনপিএন নিউজ-এর মাধ্যমে পুরস্কারপ্রাপ্তির আনুষ্ঠানিক ঘোষণা প্রকাশ করা হয়েছে। মুম রহমানের এই অর্জন তাৎপর্যপূর্ণ এ কারণে যে, বাংলা ভাষার কোনো কবির ক্ষেত্রে কোরিয়ার কোনো আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার অর্জনের এটিই প্রথম ঘটনা। এর মধ্য দিয়ে বাংলা কবিতা ও বাংলাদেশের সাহিত্যচর্চা আন্তর্জাতিক সাহিত্যাঙ্গনে আরও একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি অর্জন করল।
মুম রহমানকে এই পুরস্কারের জন্য মনোনয়ন দেন আন্তর্জাতিকভাবে পরিচিত তুরস্কের কবি Tarık Günersel। পুরস্কার কর্তৃপক্ষের আনুষ্ঠানিক চিঠিতে তাঁর মনোনয়ন এবং মুম রহমানের সাহিত্যিক অর্জনের প্রতি তাঁর আস্থা ও সমর্থনের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।
১৮তম (কেএওডব্লিউএল এবং এবং কালচার অ্যান্ড পিপল নিউজপেপার গোল্ডেন পেন অ্যাওয়ার্ড-এর পূর্ববর্তী প্রাপকদের তালিকায় বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতিমান কবি ও সাহিত্যিক রয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন মালয়েশিয়ার Mawar Marzuki, মিশরের George Onsy, আলবেনিয়া/ইতালির Irma Kurti, উত্তর মেসিডোনিয়ার Katica Kulavkova, সার্বিয়ার Dušan Gojkov, ইতালির Lidia Chiarelli, কোরিয়ার Siyoung Doung, বেলজিয়াম/স্পেনের Germain Droogenbroodt, রোমানিয়ার Elena Liliana Popescu, পোল্যান্ডের Kazimierz Burnat, ভারতের Jernail S. Aanand, তুরস্কের Tarık Günersel, চীনের Cao Shui, গ্রিসের Dimitris P. Kraniotis, সার্বিয়ার Maja Herman-Sekulić এবং কিরগিজস্তানের Rahim Karim।
এই আন্তর্জাতিক স্বীকৃতি সম্পর্কে মুম রহমান বলেন, “এই সম্মান আমার জন্য গভীর আনন্দ ও একই সঙ্গে বড় দায়িত্বের। আমি এটিকে শুধু আমার ব্যক্তিগত অর্জন হিসেবে দেখি না; বাংলা ভাষা ও বাংলাদেশের সাহিত্যকে আন্তর্জাতিক পরিসরে প্রতিনিধিত্ব করার একটি সুযোগ হিসেবেও দেখি। বিশ্বের বিভিন্ন ভাষার কবিদের সঙ্গে বাংলা কবিতার যে চিরন্তন সংলাপ, এই স্বীকৃতি সেই সংলাপকে আরও গভীর করবে—এটাই আমার প্রত্যাশা।”
মুম রহমান আরও বলেন, “কোরিয়া থেকে বাংলা ভাষার কোনো কবির জন্য এই প্রথম আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার অর্জনের ঘটনা হিসেবে এটি আমার কাছে বিশেষ তাৎপর্য বহন করে। বাংলা ভাষার সাহিত্য যে বিশ্বসাহিত্যের বৃহত্তর পরিসরের অংশ, এই স্বীকৃতি তারই একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ সাক্ষ্য।”
KAOWL & CNPN Golden Pen Award আন্তর্জাতিক সাহিত্য ও কবিতায় উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়। বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট কবিদের এই সম্মান প্রদানের ধারাবাহিকতায় এবার বাংলাদেশের বাংলা ভাষার কবি মুম রহমানের নির্বাচন আন্তর্জাতিক সাহিত্যাঙ্গনে বাংলাদেশের জন্যও একটি উল্লেখযোগ্য ঘটনা। ইতোমধ্যে কোরিয়ার পত্রিকা CNPN-এ মুম রহমানের একাধিক কবিতা ত্রিভাষায়া (বাংলা, ইংরেজি ও কোরিয়ান) ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে।