× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঠোঁটের রঙে আত্মবিশ্বাস

আবিদা জান্নাত নিসা

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ ১৩:৫২ পিএম

ঠোঁটের রঙে আত্মবিশ্বাস    মডেল ও ছবি - আরুষা আবিদা

ঠোঁটের রঙে আত্মবিশ্বাস মডেল ও ছবি - আরুষা আবিদা

বহু আগে থেকেই শুধু প্রসাধনী হিসেবে নয়, আত্মবিশ্বাস বাড়াতে লিপস্টিকের ব্যবহার হয়ে আসছে। সময় ও ব্যক্তিত্বভেদে পছন্দ অনুযায়ী এর রূপ রঙ বহুবার বদলালেও কদর রয়েছে আগের মতোই। প্রসাধনীর তকমা সহই লিপস্টিক কীভাবে নারীর আত্মবিশ্বাস বাড়িয়ে তুলছে সেই কথাই জানাচ্ছেন আবিদা জান্নাত নিসা 

 লিপস্টিক যা বহু কবি-সাহিত্যিকের ভাষায় প্রেমিকার ঠোঁটের লালি। লিপস্টিকই হয়তো একমাত্র প্রসাধনী যা ছাড়া কোনো মেকআপ লুকই সম্পূর্ণ হয় না। আবার অনেকের মতে এটি এমন এক প্রসাধনী যা ব্যবহার করলে আর কোনো মেকআপ না করলেও দারুণ চলে যায়। এভাবেই সেই প্রাচীনকাল থেকে এই আধুনিক সময়েও লিপস্টিকের কদর যেন ক্রমশ বাড়ছেই। তবে এই পছন্দ সময় ও ব্যক্তিভেদে পাল্টেছে বহুবার। কেউ উজ্জ্বল লাল ছাড়া কিছু ভাবতেই পারেন না, কেউ আবার ন্যুড শেডেই স্বাচ্ছন্দ্য খুঁজে পান। আর এভাবেই লিপস্টিক তার প্রসাধনীর তকমা পাল্টে হয়ে ওঠে নারীর আত্মবিশ্বাসের এক অনুষঙ্গ। 

লিপস্টিকের ৫ হাজার বছরের ইতিহাস

লিপস্টিকের যাত্রা শুরু হয়েছিল প্রায় পাঁচ হাজার বছর আগে, প্রাচীন মেসোপটেমিয়ায়। সে সময় গুঁড়ো করা মূল্যবান পাথর দিয়ে ঠোঁট সাজানো হতো। তবে প্রাচীন মিসরে ঠোঁট রাঙানোর প্রচলন একটি ভিন্ন মাত্রা পায়। রানি ক্লিওপেট্রা তার সংকেতবাহী লাল রঙের লিপস্টিকের জন্য গোবরে পোকা (কারমাইন) ও পিঁপড়ার দেহাবশেষের মতো প্রাকৃতিক উপাদান থেকে নির্যাস তৈরি করতেন। মিসরে নারী ও পুরুষ উভয়েই সামাজিক অবস্থান ও আভিজাত্যের প্রতীক হিসেবে ঠোঁটে রঙ ব্যবহার করতেন।

মধ্যযুগে ইউরোপে ক্যাথলিক চার্চের কঠোর মনোভাবের কারণে লিপস্টিক ব্যবহারের হার কমে যায়। ব্রিটেনের রানি ভিক্টোরিয়া তো প্রসাধনীর তীব্র বিরোধী ছিলেন এবং তখন ঠোঁট রাঙানোকে মনে করা হতো ‘অপসংস্কৃতি’ বা অশুভ কিছু। পরবর্তীতে সায়েন্স ও অভিনেত্রী সারা বার্নহার্টের মতো ব্যক্তিত্বরা প্রকাশ্যে প্রসাধনী ব্যবহার করে সেই সনাতন ধারণাকে চ্যালেঞ্জ জানান। এ ছাড়া ষোড়শ শতকে ইংল্যান্ডের রানি প্রথম এলিজাবেথ পুনরায় লাল ঠোঁটের ফ্যাশনকে আভিজাত্যের প্রতীক হিসেবে ফিরিয়ে আনেন।

আধুনিক লিপস্টিকের বাণিজ্যিক যাত্রা শুরু হয় ১৮৮৪ সালে, ফরাসি প্রসাধনী প্রতিষ্ঠান গার্লেনের হাত ধরে। তখন এটি কাগজে মোড়ানো অবস্থায় বিক্রি হতো। এরপর ১৯১৫ সালে মরিস লেভি ধাতব সিলিন্ডার টিউব আবিষ্কার করেন, যা আজকের আধুনিক লিপস্টিকের রূপ দেয়। পরবর্তীতে আন্দোলন ও সংগ্রামের সঙ্গেও লাল লিপস্টিক যুক্ত হয় ১৯১২ সালে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে নারী ভোটাধিকারের আন্দোলনের সময় এটি ছিল প্রতিবাদের প্রতীক। অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল লিপস্টিকের উৎপাদন বন্ধ করতে চাননি; কারণ তার বিশ্বাস ছিল, যুদ্ধে নারীদের কর্মস্পৃহা ও মানসিক শক্তি বাড়াতে ‘মনোবল বৃদ্ধিকারী উপাদান’ হিসেবে এটি বিশেষ কাজ করে।

রুপালি পর্দায় ক্লাসিক রঙিন ঠোঁট

চলচ্চিত্র শিল্প ও লিপস্টিক যেন একে অন্যের পরিপূরক। হলিউডের মূক চলচ্চিত্রের যুগে (সাইলেন্ট এরা) ক্লারা বো বা থেলমা টডের মতো অভিনেত্রীরা সাদা কালো পর্দায় আবেগ ফুটিয়ে তুলতে ঠোঁটে গাঢ় লাল ও ওয়াইন শেড ব্যবহার করতেন। ১৯৩০ থেকে ৫০-এর দশকে মেরিলিন মনরো, অড্রে হেপবার্ন ও এলিজাবেথ টেলরের হাত ধরে লাল লিপস্টিক আভিজাত্যের শীর্ষ শিখরে পৌঁছায়। মেরিলিন মনরোর আইকনিক লুক তৈরি করতে তার মেকআপ শিল্পী প্রায় পাঁচ স্তরের লাল রঙের ভিন্ন ভিন্ন শেড ব্যবহার করতেন, যাতে ঠোঁটে একটি থ্রি-ডি ইফেক্ট তৈরি হয়।

উপমহাদেশীয় চলচ্চিত্রেও এর ব্যতিক্রম ছিল না। বাংলা ও হিন্দি সিনেমার শুরুর দিকে দেবিকা রানি, সুচিত্রা সেন কিংবা কানন দেবীর যুগে ঠোঁটের মেকআপ ছিল অত্যন্ত নিখুঁত। সাদাকালো স্ক্রিনে ঠোঁটের গড়ন স্পষ্ট করতে গাঢ় লাল বা চকোলেট শেডের লিপস্টিক ব্যবহার করা হতো। পরবর্তী সময়ে সাবিত্রী চট্টোপাধ্যায় বা সুপ্রিয়া দেবীদের যুগে হালকা গোলাপি ও ব্রাউন শেডের ব্যবহার দেখা যায়, যা তৎকালীন মধ্যবিত্ত তরুণীদের ফ্যাশনে গভীর প্রভাব ফেলেছিল।

পানের রস থেকে পুঁইয়ের বিচি : বাঙালি নারীর ঠোঁটের সাজ

বাঙালি সংস্কৃতিতে আধুনিক প্রসাধনী হিসেবে লিপস্টিকের বাণিজ্যিক আগমন খুব বেশি দিনের নয়। তবে ঠোঁটের কোণে রঙের ছোঁয়া এঁকে দেওয়ার ঐতিহ্য এ অঞ্চলে শত শত বছরের পুরনো। আধুনিক কসমোপলিটান মেকআপের বর্ণিল সমারোহ যখন পল্লীবাংলার আঙিনায় পৌঁছায়নি, তখনও রূপচর্চার আয়োজনে কোনো ঘাটতি ছিল না। প্রকৃতিকেই সাজগোজের মূল ক্যানভাস বানিয়ে নিয়েছিলেন বাঙালি নারীরা।

এক সময় রূপসী বাংলার ঘরে ঘরে সাজের সবচেয়ে বড় অনুষঙ্গ ছিল পানের খিলি। সুপারির সঙ্গে চুন ও খয়ের মিশিয়ে পান মুখে পুরলেই ঠোঁটে ফুটে উঠত গাঢ় খয়েরি বা রক্তিম লাল এক আভা। বিশেষ করে নতুন বউয়ের বধূবরণ কিংবা উৎসব-পার্বণে পানের রসে রাঙানো সেই ঠোঁট ছিল আভিজাত্য, গৃহিণীপনা ও সজীব রূপের এক চিরচেনা প্রতীক। 

শুধু পানই নয়, গ্রামের কিশোরী কিংবা মেঠো পথের তন্বীদের ঠোঁট রাঙানোর নিজস্ব শৈল্পিক উপায়ও ছিল বিস্ময়কর। বর্ষার শেষে বা শরতের শুরুতে গাঁয়ের ঝোপঝাড়ে ফুটে থাকা পাকা পুঁইশাকের বিচি কচলে বের করা হতো গাঢ় বেগুনি-লাল নির্যাস। আঙুলের আলতো ছোঁয়ায় সেই রস ঠোঁটে লাগিয়ে ক্ষণিকের জন্য চঞ্চল রূপসী হয়ে উঠত গ্রামবাংলার মেয়েরা। এটি ছিল সম্পূর্ণ প্রাকৃতিক, কোনো খরচ ছাড়া রূপ প্রকাশের এক স্বাধীন মাধ্যম। এর বাইরেও উৎসবের মৌসুমে ঘরের আলতা আর সিঁদুর ছিল শেষ ভরসা। আলতা শুধু পায়ের পাতাতেই সীমাবদ্ধ থাকত না; শুভ কোনো অনুষ্ঠানে ঠোঁটের মাঝখানে সামান্য আলতার ছোঁয়া কিংবা অনামিকার ডগায় তিলকের লাল সিঁদুর চেপে ঠোঁটে এনে দেওয়া হতো এক প্রফেশনাল লালচে ভাব।

এই সহজলভ্য প্রাকৃতিক কৌশলগুলো প্রমাণ করে, কৃত্রিম রাসায়নিক ও ব্র্যান্ডেড লিপস্টিকের চল হওয়ার বহু আগেই বাঙালি নারী প্রকৃতির নিখাদ উপাদান থেকেই নিজের সৌন্দর্য ও আত্মবিশ্বাস আবিষ্কার করতে শিখেছিল।

লিপস্টিক কীভাবে আত্মবিশ্বাসের সঙ্গে সম্পর্কিত

বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখলে লিপস্টিককে শুধুই একটি প্রসাধনী বলে মনে হবে, কিন্তু এর মানসিক প্রভাব বেশ গভীর। একটি মাত্র পছন্দের রঙের ছোঁয়া যে কীভাবে মুহূর্তের মধ্যে পুরো মেজাজ বদলে দিতে পারে, তা কেবল সেই নারীই ভালো বলতে পারবেন যিনি দিনশেষে আয়নার সামনে গিয়ে দাঁড়ান। মনস্তাত্ত্বিক গবেষণাতেও এর সত্যতা মেলে; প্রিয় রঙে ঠোঁট রাঙালে মন চাঙ্গা হয়ে ওঠে এবং ভেতরে এক অজানা মানসিক শক্তি তৈরি হয়।

কর্মক্ষেত্রের মিটিং হোক কিংবা কোনো সামাজিক অনুষ্ঠান, একটি সঠিক লিপস্টিক শেড যেকোনো নারীর শারীরিক ভাবভঙ্গি এক মুহূর্তে বদলে দিতে পারে। যখন একজন নারী তার ব্যক্তিত্বের সঙ্গে মানানসই ও পছন্দসই রঙের লিপস্টিক ব্যবহার করেন, সেটি তখন কেবল চেহারার আকর্ষণের কেন্দ্র থাকে না; সেটি হয়ে ওঠে তার কথা বলার শক্তি। ঠোঁটের সাবলীল রঙ মুখের ভেতরের সব সংশয় ও জড়তা দূর করে দেয়। কথা বলার সময় চোখের দৃষ্টিতে ফুটে ওঠে স্পষ্ট আত্মপ্রত্যয়, আর চেহারায় ছড়িয়ে পড়ে এক অকৃত্রিম আত্মবিশ্বাস।

পোশাক ও ব্যক্তিত্বভেদে যেমন শেড মানানসই 

যেকোনো মেকআপের মূল বিষয় হলো- সামঞ্জস্য রাখা। পোশাকের রঙ, কাট ও পরিবেশের ওপর নির্ভর করে লিপস্টিক নির্বাচন করা।

ঐতিহ্যবাহী পোশাক (শাড়ি ও সালোয়ার-কামিজ) : জামদানি, কাতান বা সিল্কের ভারী শাড়ির সঙ্গে চিরায়ত লাল, প্লাম বা গাঢ় মেরুন লিপস্টিক চমৎকার মানায়। তবে পোশাক যদি খুব বেশি জমকালো হয়, তবে চোখের মেকআপ হালকা রেখে ঠোঁটে গাঢ় শেড রাখা ভালো।

ওয়েস্টার্ন ও ক্যাজুয়াল পোশাক : জিন্স, শার্ট বা ওয়েস্টার্ন ড্রেসের সঙ্গে ন্যুড, পিচ বা হালকা গোলাপি শেড বেশি সাবলীল।

ব্যক্তিত্বের বৈচিত্র্যে : যারা নিজেদের উপস্থাপন করতে চান শান্ত ও মার্জিত রূপে, তাদের জন্য সফট ন্যুড বা রোজি পিংক আদর্শ। আর যারা সাহসী ও দৃঢ় ব্যক্তিত্ব প্রকাশ করতে চান, তারা বেছে নিতে পারেন ক্লাসিক রেড, বেরি বা ডার্ক চকোলেট শেড।

কালার থিওরি : সহজ নিয়মে নিজের পারফেক্ট শেড বাছাই

লিপস্টিক কেনার পর অনেক সময়ই মনে হয় দোকানে যে রঙটি সুন্দর লাগছিল, ঘরে এসে ঠোঁটে দেওয়ার পর ঠিক ফুটছে না। এর মূল কারণ হলো আমাদের ত্বকের ভেতরের রঙ বা ‘আন্ডারটোন’। কালার থিওরি অনুযায়ী আপনার ত্বকের এই আন্ডারটোন ও কোন আন্ডারটোনে কোন শেড বেছে নিলে আপনাকে বেশি মানাবে সেটা বোঝা সবচেয়ে জরুরি। ত্বকের রঙ ও আন্ডারটোন অনুযায়ী শেড নির্বাচন করুনÑ 

ফর্সা বা উজ্জ্বল ত্বক : আপনার ত্বক যদি ফর্সা হয় এবং আন্ডারটোন কুল হয়, তবে সফট পিংক, বেরি কিংবা নীলাভ আভাযুক্ত কুল-টোনড রেড লিপস্টিকে দুর্দান্ত দেখাবে। আর আন্ডারটোন ওয়ার্ম হলে পিচ, কোরাল এবং হালকা ওয়ার্ম ন্যুড শেডগুলো আপনার চেহারায় এক ধরনের স্নিগ্ধতা নিয়ে আসবে।

উজ্জ্বল শ্যাম বা বাদামি ত্বক : বেশিরভাগ বাঙালি নারীর ত্বক এই শেডের অন্তর্ভুক্ত। আপনার আন্ডারটোন কুল হলে রোজি পিংক, ক্র্যানবেরি বা প্লাম শেড বেছে নিন। তবে আন্ডারটোন ওয়ার্ম হলে ব্রিক রেড, টেরাকোটা, ক্যারামেল কিংবা ওয়ার্ম অরেঞ্জ শেডগুলো সবচেয়ে দারুণ ফুটবে।

গাঢ় শ্যামবর্ণের ত্বক : গাঢ় শ্যামলা ত্বকে গাঢ় শেডগুলো অত্যন্ত আভিজাত্যপূর্ণ দেখায়। কুল আন্ডারটোনের ক্ষেত্রে ডিপ বেরি, ওয়াইন কিংবা ডার্ক প্লাম ব্যবহার করতে পারেন। অন্যদিকে আন্ডারটোন ওয়ার্ম হলে চকোলেট ব্রাউন, রিচ ব্রোঞ্জ বা নিখুঁত ট্রু রেড লিপস্টিকে চেহারা সবচেয়ে বেশি প্রাণবন্ত ও আকর্ষণীয় দেখাবে।

নারী তার ব্যক্তি পছন্দ ও রুচি ভেদে রূপচর্চায় স্বাধীন। এমনকি লিপস্টিকের ইতিহাসও আমাদের সেই বার্তাই দেয়। তবে এই সহজ সমীকরণগুলো জানা থাকলে সেই সজ্জা হবে আরও বেশি সুন্দর ও আকর্ষণীয়।

স্ম্যাজপ্রুফ লিপস্টিক পেতে 
লিপস্টিক যেমন মেকআপের লুককে পারফেক্ট করে তোলে, তেমনই সঠিকভাবে অ্যাপ্লাই না করার কারণে দ্রুত ছড়িয়ে পড়ে তা নষ্টও হয়ে যেতে পারে। স্ম্যাজপ্রুফ হলে এ সমস্যা কমে যায় অনেকখানি। চলুন কীভাবে দিলে লিপস্টিক ছড়াবে না সে সম্পর্কে কিছু উপায় জেনে নেওয়া যাক।

স্ম্যাজপ্রুফ লিপস্টিক পাওয়ার ইজি স্টেপস

ঠোঁট স্ক্রাব করে নিন
লিপস্টিক ভালোভাবে লাগানোর প্রথম শর্তই হচ্ছে ঠোঁট আর্দ্র ও কোমল রাখতে হবে। এজন্য শুরুতে ঠোঁট স্ক্রাব করে নিতে হবে। স্ক্রাব করার জন্য প্রথমে ঠোঁটে অল্প পরিমাণ ভ্যাসলিন লাগিয়ে পরিষ্কার টুথব্রাশ দিয়ে স্ক্রাব করে নিন। এতে ঠোঁটের মৃত কোষ উঠে আসবে এবং ঠোঁট হবে নরম ও কোমল।

ফাউন্ডেশন বা কনসিলার লাগিয়ে নিন
লিপস্টিক লাগানোর আগে ঠোঁটে অল্প পরিমাণ ফাউন্ডেশন বা কনসিলার লাগিয়ে নিন। এতে ঠোঁটে হাইপারপিগমেন্টেশন বা প্যাচেস থাকলে সেটাও ঢেকে যাবে। লিপস্টিক অ্যাপ্লাইয়ের পর লুকটা দেখতেও বেশ ভাইব্র্যান্ট লাগবে।

লিপ পেনসিল ব্যবহার করুন
লিপস্টিক যেন আন ইভেন না লাগে বা ছড়িয়ে না যায় সেজন্য লিপ পেনসিল ব্যবহার করুন। একবার ঠোঁটে আউটলাইন করা হয়ে গেলে পুরো ঠোঁট পেনসিল দিয়ে ফিল করে নিন। এবার পছন্দের লিপস্টিক লাগিয়ে নিন। 

লুজ পাউডার দিয়ে সেট করে নিন
লিপস্টিক দেওয়া শেষে ঠোঁটের ওপর একটি টিস্যু পেপার রেখে ব্রাশ দিয়ে লুজ পাউডার দিয়ে নিন। ৫-১০ সেকেন্ড অপেক্ষা করুন। এই উপায়ে লিপস্টিকে আসবে ম্যাট ফিনিশ।

বাড়তি লিপস্টিকটুকু মুছে ফেলুন
উপরের ধাপটি হয়ে গেলেই হাতে একটি টিস্যু পেপার ভাঁজ করে নিন। উপরের ও নিচের ঠোঁটের মাঝে পেপার রাখুন। বাড়তি লিপস্টিকটুকু উঠে আসবে।
লিপস্টিক দাঁতে লেগে গেলে সবার মাঝে বেশ বিড়ম্বনায় পড়তে হয়। লিপস্টিক লাগানোর পর দুই ঠোঁট ভাঁজ করে মাঝের আঙুল একবার ঢুকিয়ে বের করে নিন। এতে বাড়তি লিপস্টিকটুকু আঙুলে লেগে উঠে আসবে।

লিপ ব্রাশ ইউজ করুন
লাগানোর পর মনে হতে পারে লিপস্টিক হয়তো ইভেন হয়নি বা দেখতে ভালো লাগছে না। এমন মনে হলে একটি লিপ ব্রাশে সামান্য কনসিলার নিয়ে লিপসের চারপাশে অ্যাপ্লাই করে নিন। ভালোভাবে ব্লেন্ড করুন। এবার দেখুন অ্যাপ্লাই শেষে লিপস দেখতে একদম পারফেক্ট লাগছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা