× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঠোঁটের গোলাপি আভা ফেরাতে

আফসানা মিমি

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ ১৩:৪৫ পিএম

ঠোঁটের গোলাপি আভা ফেরাতে

ঠোঁটের গোলাপি আভা ফেরাতে

মুখের সৌন্দর্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ঠোঁট। নরম, মসৃণ ও স্বাভাবিক রঙের ঠোঁট একজন মানুষের চেহারায় প্রাণ এনে দেয়। কিন্তু নানা কারণে অনেকের ঠোঁট কালচে হয়ে যায়। এতে আত্মবিশ্বাস কমে যায়, বিশেষ করে যারা নিয়মিত বাইরে কাজ করেন বা সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকেন। বাজারে ঠোঁটের রঙ উজ্জ্বল করার নানা ধরনের প্রসাধনী পাওয়া যায়, তবে এসব পণ্যের অনেকগুলোতেই কেমিক্যাল থাকে, যা দীর্ঘমেয়াদে ঠোঁটের ক্ষতি করতে পারে। তাই নিরাপদ ও সহজ সমাধান হিসেবে ঘরোয়া পরিচর্যাই সবচেয়ে কার্যকর ও সাশ্রয়ী উপায়।

ঠোঁট কেন কালচে হয় 

ঠোঁট কালচে হওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। অতিরিক্ত রোদে থাকা, ধূমপান, পান-জর্দা খাওয়া, কম পানি পান করা, ঠোঁট বারবার চাটা, নিম্নমানের লিপস্টিক ব্যবহার, ঘুমের অভাব, মানসিক চাপ এবং শরীরে ভিটামিনের ঘাটতি- এসব কারণে ঠোঁটের স্বাভাবিক রঙ নষ্ট হতে পারে। ঠোঁটের ত্বক শরীরের অন্যান্য অংশের তুলনায় অনেক পাতলা হওয়ায় এটি খুব দ্রুত শুষ্ক হয়ে যায় এবং রঙ পরিবর্তনের ঝুঁকিতে পড়ে।

কীভাবে কালচে ভাব দূর করা যায় 

ঠোঁটের কালচে ভাব দূর করতে প্রথমেই প্রয়োজন দৈনন্দিন কিছু অভ্যাস পরিবর্তন করা। প্রতিদিন পর্যাপ্ত পানি পান করতে হবে। ঠোঁট শুকিয়ে গেলে জিভ দিয়ে ভেজানোর অভ্যাস বাদ দিতে হবে, কারণ এতে ঠোঁট আরও শুষ্ক হয়। বাইরে বের হলে এসপিএফযুক্ত লিপ বাম ব্যবহার করা ভালো। রাতে ঘুমানোর আগে ঠোঁট পরিষ্কার করে ময়েশ্চারাইজার লাগালে ঠোঁট নরম থাকে।

ঘরোয়া পরিচর্যা 

ঘরোয়া বেশ কয়েকটি উপায়ে ঠোঁটের কালচে ভাব অনেকটাই কমানো যায়। চলুন কয়েকটি উপায় জেনে নেয়া যাক। 

মধু ও চিনির স্ক্রাব

ঘরোয়া পরিচর্যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় উপায় হলোÑ মধু ও চিনি দিয়ে স্ক্রাব। এক চা চামচ মধুর সঙ্গে আধা চা চামচ চিনি মিশিয়ে ঠোঁটে আলতোভাবে এক মিনিট ম্যাসাজ করুন। এরপর ধুয়ে ফেলুন। এটি মৃত কোষ দূর করে ঠোঁটকে মসৃণ করে তোলে। সপ্তাহে দুই দিন ব্যবহার করলেই যথেষ্ট।

বিটরুটের রস

বিটরুটের রস ঠোঁটের স্বাভাবিক গোলাপি আভা ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে। বিটরুটের ছোট একটি টুকরা ঠোঁটে ঘষে পাঁচ থেকে দশ মিনিট রেখে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ঠোঁট কিছুটা উজ্জ্বল দেখাবে। এটি সম্পূর্ণ প্রাকৃতিক ও সহজলভ্য।

দুধের সর ও হলুদের মিশ্রণ

দুধের সর ও হলুদের মিশ্রণ শুষ্ক ঠোঁটের জন্য উপকারী। এক চা চামচ দুধের সরে এক চিমটি হলুদ মিশিয়ে ঠোঁটে লাগিয়ে দশ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ঠোঁটে আর্দ্রতা জোগাতে এবং কোমল রাখতে সাহায্য করে। 

লেবুর রস ও মধু 

অনেকেই লেবুর রস ব্যবহার করেন। লেবুতে প্রাকৃতিক ব্লিচিং উপাদান থাকলেও এটি সরাসরি ঠোঁটে লাগানো উচিত নয়। কয়েক ফোঁটা লেবুর রসের সঙ্গে মধু মিশিয়ে ব্যবহার করলে তুলনামূলক নিরাপদ হয়। পাঁচ মিনিটের বেশি রাখবেন না এবং জ্বালাপোড়া হলে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলবেন।

গোলাপজল ও গ্লিসারিন

রাতে ঘুমানোর আগে গোলাপজল ও গ্লিসারিন সমপরিমাণে মিশিয়ে ঠোঁটে লাগালে ঠোঁট নরম থাকে এবং শুষ্কতা কমে। এটি নিয়মিত ব্যবহার করা ভালো। বিশেষ করে শীতকালে এই পদ্ধতি খুব কার্যকর।

তেল 

নারকেল তেল বা অলিভ অয়েল ঠোঁটের জন্য প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। দিনে কয়েকবার অল্প করে লাগালে ঠোঁট ফাটা কমে এবং ঠোঁটের স্বাভাবিক উজ্জ্বলতা বজায় থাকে। কালচে ভাব কমে আসে অনেকটাই। 

অভ্যন্তরীণ যত্ন 

শুধু বাইরে থেকে যত্ন নিলেই হবে না, ভেতর থেকেও পুষ্টি দিতে হবে। ভিটামিন বি, ভিটামিন সি ও আয়রনসমৃদ্ধ খাবার ঠোঁটের স্বাস্থ্যের জন্য উপকারী। টক ফল, পেয়ারা, কমলা, শাকসবজি, ডিম, মাছ ও দুধ খাদ্য তালিকায় রাখুন। পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ কম রাখাও জরুরি।

সতর্কতা 

ঠোঁটের যত্নে কিছু ভুল এড়িয়ে চলতে হবে। শক্তভাবে স্ক্রাব করা যাবে না, দিনে বারবার স্ক্রাব ব্যবহার করা ঠিক নয়, মেয়াদোত্তীর্ণ প্রসাধনী ব্যবহার করা যাবে না এবং ঠোঁটের শুকনো চামড়া টেনে ছিঁড়বেন না। ধূমপান করলে যত দ্রুত সম্ভব তা ত্যাগ করার চেষ্টা করা উচিত।

মনে রাখতে হবে, ঘরোয়া উপায়ে রাতারাতি ফল পাওয়া যায় না। নিয়মিত যত্ন নিলে ধীরে ধীরে পরিবর্তন দেখা যায়। যদি দীর্ঘদিন পরিচর্যার পরও ঠোঁটের কালচে ভাব না কমে, অথবা ঠোঁটে ব্যথা, ঘা, চুলকানি বা অতিরিক্ত শুষ্কতা দেখা দেয়, তাহলে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা