মেকআপে নিখুঁত ছোঁয়া
রোমেনা আক্তার কনা
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ ১৩:৪৩ পিএম
লিপ লাইনার কেন জরুরি
মেকআপ অনুরাগী কিংবা দৈনন্দিন সাজে অভ্যস্ত যে কারও রূপচর্চার ব্যাগে লিপস্টিক থাকা স্বাভাবিক ঘটনা। তবে সুন্দর এক জোড়া ঠোঁটকে আরও আকর্ষণীয়, সুসংগঠিত করে তুলতে লিপস্টিকের আগে যে প্রসাধনীটি সবচেয়ে বেশি কাজ করে, তা হলো লিপ লাইনার। অনেকের ধারণায় লিপ লাইনার হয়তো কেবল বিশেষ কোনো উৎসবের সাজেই প্রয়োজন, কিন্তু দৈনন্দিন সাধারণ মেকআপেও এর ভূমিকা অপরিসীম। লিপ লাইনার ঠিক কেন মেকআপ রুটিনের এক অপরিহার্য অংশ এবং কেন এটি আপনার রূপচর্চায় থাকা জরুরি চলুন জেনে নেয়া যাক।
ঠোঁটের সঠিক আকৃতি ও সুনির্দিষ্ট সীমানা
সবার ঠোঁটের গঠন একরকম হয় না। কারও ওপরের ঠোঁট পাতলা, কারও নিচের ঠোঁট অপেক্ষাকৃত মোটা, আবার অনেকের ঠোঁটের সীমানা ততটা স্পষ্ট নয়। লিপ লাইনারের প্রধান কাজ হলোÑ ঠোঁটের একটি সুনির্দিষ্ট ও স্পষ্ট সীমানা তৈরি করা। এটি ব্যবহার করে খুব সহজেই ঠোঁটের প্রাকৃতিক আকৃতিকে মনমতো সুন্দর রূপ দেওয়া যায়। বিশেষ করে ঠোঁটের ‘কিউপিডস বো’ বা ওপরের অংশের খাঁজটি স্পষ্ট করতে লিপ লাইনারের জুড়ি নেই।
লিপস্টিক ছড়িয়ে পড়া বা ব্লিডিং রোধ করা
তরল বা অতিরিক্ত ক্রিমি লিপস্টিক ব্যবহারের পর সবচেয়ে বড় যে সমস্যাটি দেখা দেয়, তা হলোÑ ঠোঁটের চারপাশের সূক্ষ্ম রেখায় লিপস্টিক ছড়িয়ে যাওয়া, যাকে রূপচর্চার ভাষায় ‘ফ্রেদারিং’ বা ‘ব্লিডিং’ বলা হয়। এতে চোখের পলকেই সম্পূর্ণ মেকআপের পরিচ্ছন্নতা নষ্ট হয়ে যায়। লিপ লাইনার ঠোঁটের চারপাশে একটি প্রতিরক্ষামূলক দেয়াল গড়ে তোলে, যা লিপস্টিককে নিজস্ব সীমানার ভেতরে আটকে রাখে এবং সারাদিন সাজকে রাখে পরিপাটি।
লিপস্টিকের স্থায়িত্ব বৃদ্ধি
দিনের অনেকটা সময় বাইরে কাটাতে হলে বা কোনো দীর্ঘস্থায়ী অনুষ্ঠানে বারবার লিপস্টিক টাচ-আপ করা বেশ ঝামেলার। লিপ লাইনার লিপস্টিকের স্থায়িত্ব বহুগুণ বাড়িয়ে দেয়। কেবল সীমানা আঁকার বদলে পুরো ঠোঁট লিপ লাইনার দিয়ে ভরাট করে তার ওপর লিপস্টিক লাগালে তা বেইজ হিসেবে কাজ করে। ফলে খাবার বা পানীয় গ্রহণের পর লিপস্টিকের উপরিভাগ কিছুটা হালকা হলেও লিপ লাইনারের পিগমেন্ট ঠোঁটে থেকে যায়, যার কারণে ঠোঁটকে কখনোই উজ্জ্বল দেখায়।
ঠোঁটকে আকর্ষণীয় দেখানো
যাদের ঠোঁট কিছুটা পাতলা এবং যাদের ইচ্ছা ঠোঁটকে একটু ভরাট বা পুরু দেখানোর, তাদের জন্য লিপ লাইনার এক জাদুকরী প্রসাধন। ঠোঁটের আসল সীমানার ঠিক সামান্য ওপর দিয়ে বুদ্ধিদীপ্তভাবে রেখা টেনে (যা ‘ওভারলাইনিং’ নামে পরিচিত) ঠোঁটকে তাৎক্ষণিকভাবে কিছুটা বড় ও ভরাট দেখা যায়। আবার দুটি ভিন্ন শেডের লাইনার দিয়ে কনট্যুরিং করে ঠোঁটে ত্রিমাত্রিক মাত্রায় আনা সম্ভব, যা পুরো চেহারায় আলাদা এক গ্ল্যামার যোগ করে।
বহুমুখী ব্যবহারের সুবিধা
লিপ লাইনার কেবল লিপস্টিকের সহযোগী হিসেবেই কাজ করে না, এটি নিজেই একটি বহুমুখী সৌন্দর্য উপাদান। অনেক সময় আলাদা লিপস্টিক না লাগিয়ে শুধু একটি ভালো মানের ন্যুড বা রোজি-পিঙ্ক লিপ লাইনার দিয়ে পুরো ঠোঁট ভরাট করে ওপর থেকে সামান্য গ্লস লাগিয়ে নিলেই তৈরি হয়ে যায় চমৎকার সামার বা নো-মেকআপ মেকআপ লুক।
সঠিক লিপ লাইনার ব্যবহারের সহজ কৌশল
লিপ লাইনারের সঠিক সুফল পেতে হলে এর ব্যবহারপদ্ধতি জানা প্রয়োজন:
সবশেষে বলা যায়, নিখুঁত সাজের গোপন রহস্য লুকিয়ে থাকে ছোট ছোট বিষয়ে। লিপস্টিক যদি হয় ক্যানভাসের রঙ, তবে লিপ লাইনার হলো সেই ক্যানভাসের আউটলাইন। ঠোঁটের স্বাভাবিক সৌন্দর্য ফুটিয়ে তুলতে, মেকআপকে দীর্ঘস্থায়ী করতে এবং নিজেকে আত্মবিশ্বাসী রূপে তুলে ধরতে প্রতিদিনের সৌন্দর্যচর্চায় লিপ লাইনারের ব্যবহার অত্যন্ত জরুরি।