লিপস্টিক ইফেক্ট
লাবিবা ইরম
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ ১৩:৩৯ পিএম
লিপস্টিক ইফেক্ট
২০০১ সাল। আমেরিকার অর্থনীতিতে তখন চলছে মন্দা। এর মাঝে সেপ্টেম্বর মাসে টুইন টাওয়ারে হামলায় অবস্থা আরও খারাপ হয়ে যায়। আমেরিকার অর্থনীতি খুব বাজে পরিস্থিতির সম্মুখীন হয়। বড় বড় সব কোম্পানির ওপরেও তার প্রভাব পড়ছিল। সেসময় নামকরা কসমেটিকস জায়ান্ট এস্টি লডার (Estée Lauder) এর চেয়ারম্যান লিওনার্ড লডার লক্ষ্য করেন, এই মন্দা পরিস্থিতিতেও তাদের লিপস্টিক বিক্রি অপ্রত্যাশিতভাবে ১১ শতাংশ বেড়ে গেছে। ব্যাপারটা তাকে অবাক করে। তিনি আরও ঘাঁটাঘাঁটি করেন বিষয়টা নিয়ে। সে সময় ইতিহাসের আরও একটি ঘটনা উঠে আসে। মার্কিন যুক্তরাষ্ট্রের ‘গ্রেট ডিপ্রেশন’ বা মহা-মন্দার সময়। ১৯২৯ থেকে ১৯৩৩ সালের মধ্যে যখন পুরো যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা মারাত্মকভাবে ধসে পড়েছিল, তখন অর্থনীতিবিদরা লক্ষ্য করেন যে পোশাক বা অন্যান্য ইন্ডাস্ট্রিতে ধ্স নামলেও প্রসাধনী, বিশেষ করে লিপস্টিক বিক্রির হার প্রায় পাঁচগুণ বেড়ে গিয়েছিল। সাথে বেড়েছিল সিনেমার টিকিট বিক্রি। লডার এই ঘটনার ওপর ভিত্তি করে আনুষ্ঠানিকভাবে ‘লিপস্টিক ইনডেক্স’ শব্দটি উদ্ভাবন করেন।
পরবর্তীতে ২০১২ সালে টেক্সাস ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটির অধ্যাপক সারাহ হিল এবং তার গবেষক দল এমন ঘটনার পেছনের কারণ গবেষণা করেন। অর্থনীতিবিদ ও বিজ্ঞানীরা দেখেন এটি কোনো নিখুঁত গাণিতিক সূচক নয়, বরং সংকটের সময় মানুষের মনস্তাত্ত্বিক আচরণের একটি প্রভাব, তাই এটি ‘লিপস্টিক ইফেক্ট’ নামে পরিচিতি পায়। কিন্তু প্রশ্ন হলোÑ পকেটে টাকা না থাকা সত্ত্বেও মানুষ কেন এমন বিলাসদ্রব্য কেনে? ঠিক এই প্রশ্নটাই সবার মনে এলো। এরপর সারাহ হিলের গবেষক দল এর কারণ খুঁজে বের করল।
লিপস্টিক ইফেক্টের পেছনের কারণ
বাজারে যখন আগুন দাম থাকে বা দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়, তখন মানুষ বড় বড় জিনিস কেনা বন্ধ করে দেয়। যেমন ধরুনÑ নতুন গাড়ি কেনা, ফ্ল্যাট বুকিং দেওয়া, দামি গয়না কেনা বা অনেক টাকা খরচ করে দূরে কোথাও ঘুরতে যাওয়া একদম স্থগিত হয়ে যায়। কিন্তু তাই বলে কি মানুষ মন খারাপ করে ঘরে বসে থাকে? একদম না! মানুষ তখন মন ভালো রাখতে ছোটখাটো এমন জিনিস কেনে যা দিয়ে নিজের রূপ বা মন দুটোই একটু চাঙ্গা রাখা যায়। এই যেমন একটা মনের মতো রঙের লিপস্টিক, একটা সুন্দর নেইলপলিশ, দামি ব্র্যান্ডের একটা ফেইসওয়াশ কিংবা পছন্দের কোনো ক্যাফেতে গিয়ে এক কাপ ভালো কফি। বাজারে মন্দা চলেও এই ছোটখাটো সৌখিন জিনিসের বিক্রি যে হু হু করে বেড়ে যায়, অর্থনীতিতে এটাকেই বলা হয় লিপস্টিক ইফেক্ট।
কীভাবে মানসিকভাবে স্থির করে
যখন চারপাশে চাকরির অনিশ্চয়তা, জিনিসপত্রের দামে ঊর্ধ্বগতি কিংবা জীবনের নানা দুশ্চিন্তা আমাদের ঘিরে ধরে, তখন আমরা মানসিকভাবে ভীষণ ভেঙে পড়ি। আমরা অনুভব করি যে সংসারের বড় বড় খরচের ওপর আমাদের আর কোনো নিয়ন্ত্রণ নেই। তখন ওই একটা ছোট্ট লিপস্টিক বা একটু ভালো প্রসাধনী কিনে আমরা নিজেদের বুঝ দিই যে, ‘জীবনটা এখনও অতটা খারাপ হয়নি, আমি এখনও আমার যত্ন নিতে পারি।’ এটাকে মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় ‘মুড বুস্টিং’ বা মন ভালো করার উপায়। খুব কম খরচে তাৎক্ষণিক একটু আনন্দ আর আত্মবিশ্বাস পাওয়ার এর চেয়ে সহজ পথ আর কী-ই বা হতে পারে! এমনকি ২০২০ সালের করোনা মহামারির সময়েও কিন্তু এই লিপস্টিক ইফেক্ট কাজ করেছিল, তবে একটু ভিন্নভাবে। মাস্ক পরার কারণে তখন হয়তো লিপস্টিকের বিক্রি কিছুটা কমেছিল, কিন্তু মানুষ তখন স্কিনকেয়ার পণ্য, সেন্টেড অয়েল আর নেইলপলিশ কেনা বাড়িয়ে দিয়েছিল।
লিপস্টিক ইফেক্ট আমাদের দেখায় যে কেনাকাটা কেবল প্রয়োজন মেটানোর জন্য নয়, অনেক সময় তা মন ভালো রাখার ওষুধ হিসেবেও কাজ করে। কঠিন সময়েও মানুষ নিজের খেয়াল রাখতে চায়, আয়নায় নিজেকে একটু সুন্দর দেখতে চায়। অথবা সিনেমার জগতে পা দিয়ে হারিয়ে যেতে চায় কঠিন বাস্তব থেকে। আর তাই পকেটে যতই টানাটানি থাকুক, ছোটখাটো এই আনন্দগুলোই মানুষকে আবার নতুন করে হাসতে শেখায়।