এপি তালুকদার
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬ ১২:২১ পিএম
এপি তালুকদার আর তহুরা সুলতানা ১৪০০ কি.মি. সাইকেলে চেপে শ্রীলঙ্কা ঘুরে এসেছেন ছবি: লেখকের সৌজন্যে
দুই বাংলাদেশি তরুণী দুই চাকায় চেপে শ্রীলঙ্কার পথে-প্রান্তরে ঘুরে বেড়িয়েছেন। এপি তালুকদার আর তহুরা সুলতানার ১৪০০ কি.মি. সাইকেলে চেপে রোমাঞ্চকর শ্রীলঙ্কা অভিযানের গল্প নিয়ে আজকের আয়োজন। লিখেছেন এপি তালুকদার
কোনো কোনো ভ্রমণ শুধু এক স্থান থেকে আরেক স্থানে পৌঁছে যাওয়ার নাম নয়, কিছু ভ্রমণ মানুষকে নিজের সীমাবদ্ধতা অতিক্রম করতে শেখায়, আত্মবিশ্বাসী হতে শেখায়, পৃথিবীকে নতুন করে দেখতে শেখায়। শ্রীলঙ্কায় আমার ১২ দিনের প্রায় ১৪০০ কিলোমিটারের সাইকেলযাত্রা ছিল ঠিক তেমনই এক অভিজ্ঞতা। পাহাড়, সমুদ্র, অরণ্য কিংবা জনপদের সৌন্দর্যের চেয়েও বেশি আমাকে মুগ্ধ করেছে মানুষের আন্তরিকতাÑ যে ভালোবাসা ভাষা, দেশ আর সংস্কৃতির সব সীমারেখা অতিক্রম করে হৃদয়ে জায়গা করে নেয়।

অনেক দিনের স্বপ্ন ছিল শ্রীলঙ্কায় সাইকেল চালাব, পাহাড়ে ট্রেকিং করব। অবশেষে জুলাইয়ের বর্ষাকেও উপেক্ষা করে সিদ্ধান্ত নিলাম। ই-ভিসা, ট্রানজিট ফ্লাইট, সাইকেল বক্সিং- সব প্রস্তুতি শেষে শুরু হলো বহু প্রতীক্ষিত যাত্রা। ঢাকা বিমানবন্দরের ব্যস্ততা, চেন্নাইয়ের ট্রানজিট, আর শ্রীলঙ্কায় পৌঁছে হারিয়ে যাওয়া লাগেজ- সব মিলিয়ে শুরুটাই ছিল রোমাঞ্চে ভরা। কিন্তু প্রতিটি দুশ্চিন্তাকে ছাপিয়ে গিয়েছিল বন্ধুদের সহযোগিতা আর অচেনা মানুষের আন্তরিকতা।
কলম্বো থেকে সাইকেলের প্যাডেল ঘুরতেই শুরু হলো- নতুন এক পৃথিবীর সঙ্গে পরিচয়। সমুদ্রের গর্জন, নারিকেল গাছের সারি, রেললাইনের পাশ ঘেঁষে ছুটে চলা রাস্তা, কাঠগোলাপে মোড়া জনপদ- প্রতিটি মুহূর্ত যেন চোখের সামনে আঁকা কোনো জলরঙের ক্যানভাস। কখনও থেমেছি শুধু ঢেউয়ের শব্দ শুনতে, কখনও একমুঠো বাতাসকে বুকভরে অনুভব করতে। মনে হয়েছে, প্রকৃতি যেন বারবার বলছেÑ ‘আরও একটু ধীরে চলো।’

গল, উনাওয়াতুনা, মাতারা, হাম্বানতোতা কিংবা উইরাউইলা- প্রতিটি পথের ছিল আলাদা রূপ। কোথাও পাহাড়ের আঁকাবাঁকা উঁচুনিচু রাস্তা, কোথাও সমুদ্রতীরের নির্জন সৌন্দর্য, আবার কোথাও ধানক্ষেতের সবুজে হারিয়ে যাওয়া পথ। রোদের তীব্রতা, বিপরীত দিকের বাতাস, দীর্ঘ আপহিল কিংবা ক্লান্ত শরীর- সব বাধাই যেন পথের সৌন্দর্যের কাছে হার মেনে যেত।
এই যাত্রার সবচেয়ে বড় প্রাপ্তি অবশ্যই মানুষ। কখনও হোটেল মালিক নিজের হাতে গরম পানি এনে দিয়েছেন, কখনও জুস বিক্রেতা দাম কমিয়ে দিয়েছেন, কেউ আবার নিজের পরিবারের সদস্যের মতো রাতের খাবারের টেবিলে বসিয়েছেন। ভাষা বুঝিনি, তারাও আমার ভাষা বোঝেননি, কিন্তু হাসি, ইশারা আর আন্তরিকতার ভাষা বুঝতে কোনো অভিধানের প্রয়োজন হয়নি।
এডামস পিকের ট্রেক ছিল এই অভিযানের অন্যতম স্মরণীয় অধ্যায়। ভোর রাতের অন্ধকারে টর্চের আলো হাতে পাহাড়ের পথে হাঁটা, মেঘের ফাঁক দিয়ে সূর্যের প্রথম আলো, আবার কখনও মেঘে ঢেকে যাওয়া শিখরÑ সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। শিখরে সূর্যোদয় পুরোপুরি দেখা না গেলেও ফেরার পথে মেঘ আর পাহাড়ের যে অপার্থিব সৌন্দর্য দেখেছি, তা আজও চোখে ভাসে।
দিনের পর দিন চলেছি ঘন জঙ্গলের ভেতর দিয়ে। হাতির সতর্কবার্তা, নির্জন বনপথ, কুমিরের লেক, পাহাড়ি রাস্তাÑ সব মিলিয়ে কখনও ভয়, কখনও বিস্ময়, কখনও আবার নিঃসঙ্গতার মধ্যেও এক অদ্ভুত শান্তি অনুভব করেছি। কোথাও পথের ধারে তরমুজ, কোথাও ডাব, কোথাও শ্রীলঙ্কার বিখ্যাত দইÑ এই ছোট ছোট বিরতিগুলোই দীর্ঘ পথের শক্তি জুগিয়েছে। পূর্বাঞ্চলের কাট্টানকুডি হেরিটেজ মিউজিয়াম আমাকে শ্রীলঙ্কার মুসলিম ঐতিহ্যের সঙ্গে নতুনভাবে পরিচয় করিয়ে দিয়েছে। আবার অনুরাধাপুরা, ভাভুনিয়া কিংবা ট্রিনকোমালের পথে ইতিহাস, সংস্কৃতি আর প্রকৃতির মেলবন্ধন যেন ভ্রমণকে আরও সমৃদ্ধ করেছে।
এই যাত্রায় সবচেয়ে বিস্মিত হয়েছি শ্রীলঙ্কার মানুষের সততা ও আতিথেয়তায়। কেউ জুসের বিল দিতে দেননি, কেউ পথ দেখিয়ে দিয়েছেন, কেউ নিজের বাড়িতে থাকার ব্যবস্থা করেছেন, কেউ বিদায়ের সময় হাতে তুলে দিয়েছেন ঘরে তৈরি খাবার। প্রতিবারই মনে হয়েছেÑ মানুষের সবচেয়ে বড় পরিচয় তার মানবিকতা।

প্রতিদিন ১০০ থেকে ১২৫ কিলোমিটার সাইকেল চালানো সহজ ছিল না। প্রখর রোদ, মাথাব্যথা, ক্লান্ত শরীর, বাতাসের প্রতিকূলতা, পাংচার হওয়া চাকাÑ সবকিছুই ছিল। কিন্তু প্রতিটি সন্ধ্যায় গন্তব্যে পৌঁছে মনে হয়েছে, আজকের কষ্টই আগামী দিনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকবে।
শেষ দিনের ১০৩ কিলোমিটার পথ যেন ছিল পুরো যাত্রার সারাংশ। নিগম্বোর পথে সমুদ্রের খোলা হাওয়া বারবার সাইকেল থামিয়ে দিতে চাইছিল। শেষবারের মতো সমুদ্রের গর্জন শুনে মনে হচ্ছিল, এই পথ যদি আরেকটু দীর্ঘ হতো! কিন্তু প্রতিটি যাত্রারই শেষ আছে। ফিরে এলাম কাটুনায়েকের সেই হোটেলে যেখান থেকে শুরু করেছিলাম। হোটেলে ফিরে সাইকেল গুছিয়ে বিমানবন্দরের পথে রওনা দেওয়ার সময় মনে হয়েছিল, আমি শুধু একটি দেশ ঘুরে দেখিনি, আমি মানুষের ভালোবাসার এক অনন্য ভূখণ্ড আবিষ্কার করেছি।
এই ১২ দিনে আমি শিখেছি, পৃথিবী আসলে দূরত্বে নয়, মানুষের হৃদয়ে ছোট। ভাষা আলাদা হতে পারে, সংস্কৃতি ভিন্ন হতে পারে, কিন্তু একটি আন্তরিক হাসি, এক কাপ চা, কিংবা নিঃস্বার্থ সাহায্যের হাতÑ এসবই পৃথিবীকে বাসযোগ্য করে রাখে।
শ্রীলঙ্কা আমাকে শুধু ১৪০০ কিলোমিটারের একটি সাইকেলযাত্রা উপহার দেয়নি, দিয়েছে অগণিত মানুষের ভালোবাসা, অসংখ্য স্মৃতি এবং বারবার পথে বেরিয়ে পড়ার অদম্য সাহস। তাই ফিরে এসে আজও মনে হয়- পৃথিবী সত্যিই সুন্দর, কারণ পৃথিবীজুড়ে এখনও অনেক ভালো মানুষ আছেন।