× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিষয় বাছাই থেকে প্রস্তুতি, যা করবেন

এইচএসসির পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি

গোলাম কিবরিয়া

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ ১২:০১ পিএম

আপডেট : ০৯ আগস্ট ২০২৬ ১৫:৪৫ পিএম

প্রয়োজন বাস্তবসম্মত পরিকল্পনা, নিয়মিত অনুশীলন এবং নিজের সক্ষমতা সম্পর্কে পরিষ্কার ধারণা

প্রয়োজন বাস্তবসম্মত পরিকল্পনা, নিয়মিত অনুশীলন এবং নিজের সক্ষমতা সম্পর্কে পরিষ্কার ধারণা

এইচএসসি পরীক্ষা শেষ। এখন সামনে জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়- বিশ্ববিদ্যালয়ে ভর্তি। কিন্তু কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে একটি আসন পাওয়ার লড়াইয়ের আগে শিক্ষার্থীদের সবচেয়ে বড় যে প্রশ্নের মুখোমুখি হতে হয়, সেটি হলো- কী পড়ব, কোথায় পড়ব?

বর্তমানে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে রয়েছে শত শত বিষয় ও বিভাগ। শুধু কম্পিউটারবিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি-সংশ্লিষ্ট বিষয়ই রয়েছে একাধিক। কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংসহ নানা নামের বিভাগ রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। নামের মিল থাকলেও এসব বিষয়ের পাঠ্যক্রম, কাজের ক্ষেত্র ও ক্যারিয়ার সম্ভাবনায় রয়েছে সূক্ষ্ম পার্থক্য।

একইভাবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কিংবা অ্যাপ্লাইড কেমিস্ট্রি ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং- কোনটি কার জন্য উপযুক্ত, তা বুঝে ওঠা অনেক শিক্ষার্থীর কাছেই কঠিন হয়ে পড়ে। ফলে ভর্তি পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি বিষয় ও বিশ্ববিদ্যালয় বাছাইয়ের সিদ্ধান্তটিও হতে হবে পরিকল্পিত।

এইচএসসি শেষ হওয়ার পর সময় খুব বেশি থাকে না। তাই এখন আবেগের বদলে প্রয়োজন বাস্তবসম্মত পরিকল্পনা, নিয়মিত অনুশীলন এবং নিজের সক্ষমতা সম্পর্কে পরিষ্কার ধারণা।

আগে ঠিক করো- কী পড়তে চাও

ভর্তি প্রস্তুতির প্রথম কাজ বই খুলে বসা নয়; বরং নিজের পছন্দ ও সম্ভাবনার জায়গাগুলো চিহ্নিত করা। শিক্ষার্থীকে ভাবতে হবে- কোন বিষয় পড়তে ভালো লাগে, কোন বিষয়ে দক্ষতা বেশি, ভবিষ্যতে কী ধরনের পেশায় যেতে চায় এবং সেই পেশার সঙ্গে কোন একাডেমিক বিষয় সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ।

শুধু বন্ধুরা একটি বিষয়ে ভর্তি হচ্ছে, কিংবা কোন বিষয়ের চাকরির বাজার ভালো- এ সব কারণে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। কারণ বিশ্ববিদ্যালয়ের একটি বিষয়ে কয়েক বছর পড়াশোনা করতে হবে এবং পরবর্তী ক্যারিয়ারের বড় একটি অংশ সেই সিদ্ধান্তের ওপর নির্ভর করতে পারে।

বিশ্ববিদ্যালয়ের একটি অগ্রাধিকার তালিকা করো

কোন কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চাও, শুরুতেই তার একটি তালিকা করা জরুরি। তালিকাটি হতে পারে তিন ভাগে- স্বপ্নের বিশ্ববিদ্যালয়, সম্ভাব্য বিশ্ববিদ্যালয় এবং নিরাপদ বিকল্প।

প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পদ্ধতি, আবেদনের যোগ্যতা, ইউনিট, বিষয়ভিত্তিক আসন, পরীক্ষার মানবণ্টন এবং আবেদনের সময়সীমা আলাদা হতে পারে। তাই একটি খাতায় বা ডিজিটাল নোটে এসব তথ্য একসঙ্গে সংরক্ষণ করা ভালো। এতে শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ কোনো তথ্য বাদ পড়ে যাওয়ার আশঙ্কা কম।

প্রশ্নের ধরন বুঝে প্রস্তুতি

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুধু পাঠ্যবইয়ের তথ্য মনে রাখার পরীক্ষা নয়। অনেক ক্ষেত্রেই শিক্ষার্থীর বিশ্লেষণী ক্ষমতা, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা এবং সময়ের মধ্যে নির্ভুল উত্তর দেওয়ার সক্ষমতা যাচাই করা হয়। তাই প্রস্তুতির শুরুতেই বিগত বছরের প্রশ্নগুলো দেখা দরকার। এতে কোন অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসে, প্রশ্নের ধরন কেমন এবং কোন জায়গায় বেশি সময় লাগে- এসব সম্পর্কে ধারণা পাওয়া যায়। শুধু প্রশ্ন সমাধান করলেই হবে না। ভুল হওয়া প্রশ্নগুলোর একটি আলাদা তালিকা তৈরি করে জানতে হবেÑ ভুলটি কেন হয়েছে।

প্রতিদিনের পড়ায় থাকতে হবে ধারাবাহিকতা

ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে সবচেয়ে বড় শক্তি হলো- ধারাবাহিকতা। একদিন ১০ ঘণ্টা পড়ে, পরের দুই দিন বই না খোলার চেয়ে প্রতিদিন পরিকল্পনা অনুযায়ী কয়েক ঘণ্টা পড়া অনেক বেশি কার্যকর। প্রতিদিন বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বা সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ের জন্য নির্দিষ্ট সময় রাখা যেতে পারে। যেসব বিষয়ে দুর্বলতা বেশি, সেখানে অতিরিক্ত সময় দিতে হবে। তবে রুটিন এমন হওয়া উচিত নয়- যা দুই-তিন দিন পরই অসম্ভব মনে হয়। বাস্তবসম্মত রুটিন তৈরি করে সেটি নিয়মিত অনুসরণ করাই গুরুত্বপূর্ণ।

নতুন পড়ার সঙ্গে পুরনো পড়ার হিসাব

ভর্তি প্রস্তুতিতে রিভিশন বাদ দিলে অনেক পরিশ্রমই বিফলে যেতে পারে। নতুন একটি অধ্যায় শেষ করার পাশাপাশি আগের দিনের পড়া দ্রুত ঝালিয়ে নিতে হবে। সাপ্তাহিকভাবে পুরো সপ্তাহের পড়া পুনরায় দেখার অভ্যাস করা যেতে পারে। বিশেষ করে সূত্র, শব্দার্থ, গুরুত্বপূর্ণ তথ্য, তারিখ, সংজ্ঞা ও বারবার ভুল হওয়া বিষয়গুলো আলাদা করে রিভিশন করলে মনে রাখা সহজ হয়।

বেসিক শক্ত 

ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত মৌলিক ধারণায়। কোনো বিষয় শুধু মুখস্থ না করে সেটি কেন, কীভাবে এবং কোথায় প্রয়োগ হয়Ñ তা বোঝার চেষ্টা করতে হবে। বিশেষ করে ইংরেজির ক্ষেত্রে শব্দভান্ডার, গ্রামার, বাক্যগঠন ও কম্প্রিহেনশনের মৌলিক দক্ষতা ভালো থাকলে; অনেক প্রশ্ন দ্রুত সমাধান করা সম্ভব। গণিত ও বিজ্ঞানের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। সূত্র মুখস্থ করার পাশাপাশি সূত্রের প্রয়োগ বুঝতে হবে।

মডেল টেস্টে সময় ব্যবস্থাপনা

ভর্তি পরীক্ষায় শুধু উত্তর জানা যথেষ্ট নয়; নির্ধারিত সময়ের মধ্যে উত্তর দিতে পারাটাও গুরুত্বপূর্ণ। তাই প্রস্তুতির শেষ দিকে নিয়মিত মডেল টেস্ট দেওয়া দরকার। পরীক্ষার পরিবেশ তৈরি করে নির্দিষ্ট সময়ের মধ্যে পুরো প্রশ্নপত্র সমাধান করতে হবে।

প্রতিটি পরীক্ষার পর দেখতে হবে-

• কোন প্রশ্নে বেশি সময় গেছে;

• কোন ধরনের প্রশ্নে বারবার ভুল হচ্ছে;

• অযথা কোথায় সময় নষ্ট হচ্ছে;

• দ্রুত সমাধান করা সম্ভবÑ এমন প্রশ্নও কি বাদ পড়ে যাচ্ছে।

এভাবে মডেল টেস্টকে শুধু পরীক্ষা হিসেবে নয়, নিজের দুর্বলতা শনাক্ত করার মাধ্যম হিসেবে ব্যবহার করতে হবে।

স্মার্টফোন হবে নিয়ন্ত্রিত, নিষিদ্ধ নয়

ভর্তি প্রস্তুতির সময় মোবাইল ফোন অনেক শিক্ষার্থীর মনোযোগ নষ্ট করে। সামাজিক যোগাযোগমাধ্যম, ভিডিও গেম কিংবা অপ্রয়োজনীয় নোটিফিকেশন পড়ার সময়কে অজান্তেই অনেকটা কমিয়ে দেয়। তাই পড়ার সময় ফোন দূরে রাখা, নোটিফিকেশন বন্ধ রাখা কিংবা নির্দিষ্ট সময় ছাড়া সামাজিক মাধ্যম ব্যবহার না করার অভ্যাস তৈরি করা ভালো। তবে স্মার্টফোনকে পুরোপুরি শত্রু ভাবারও প্রয়োজন নেই। অনলাইন লেকচার, ডিজিটাল বই, অভিধান, শিক্ষামূলক কনটেন্ট ও মডেল টেস্টের মতো প্রয়োজনীয় বিষয়ে প্রযুক্তিকে কাজে লাগানো যায়।

একটানা নয়, বিরতি দিয়ে পড়া

দীর্ঘ সময় একটানা পড়লে মনোযোগ কমে যেতে পারে। তাই পড়ার মধ্যে পরিকল্পিত বিরতি রাখা কার্যকর। যেমন নির্দিষ্ট সময় মনোযোগ দিয়ে পড়ার পর অল্প সময়ের বিরতি নেওয়া যেতে পারে। বিরতির সময় মোবাইলে ঢুকে দীর্ঘ সময় কাটিয়ে দেওয়া যাবে না। বরং একটু হাঁটা, পানি পান করা কিংবা চোখকে বিশ্রাম দেওয়া ভালো। বিরতির পর আগের পড়া কয়েক মিনিট ঝালিয়ে নিয়ে নতুন বিষয়ে গেলে মনোযোগ ধরে রাখা সহজ হয়।

ঘুমকে অবহেলা নয়

অনেক শিক্ষার্থী মনে করে, ভর্তি পরীক্ষার আগে ঘুম কমিয়ে বেশি সময় পড়লেই বেশি প্রস্তুতি হবে। বাস্তবে অতিরিক্ত ঘুমের ঘাটতি মনোযোগ, স্মৃতিশক্তি ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই প্রতিদিন পর্যাপ্ত ঘুম, নিয়মিত খাবার এবং পানি পান করার বিষয়টি গুরুত্ব দিতে হবে। শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে পড়াশোনার সময় বাড়লেও কার্যকর প্রস্তুতি কমে যেতে পারে।

মানসিক চাপ সামলানোও প্রস্তুতির অংশ

ভর্তি পরীক্ষাকে জীবনের শেষ পরীক্ষা মনে করলে অযথা চাপ তৈরি হয়। একটি বিশ্ববিদ্যালয়ে সুযোগ না পাওয়া মানেই ভবিষ্যৎ শেষ হয়ে যাওয়া নয়। একাধিক বিশ্ববিদ্যালয় ও বিষয়ের সুযোগ সামনে রাখতে হবে। অন্যের প্রস্তুতির সঙ্গে নিজের প্রস্তুতি তুলনা না করে গত সপ্তাহের নিজের অবস্থার সঙ্গে বর্তমান অবস্থার তুলনা করাই বেশি কার্যকর। কোনো অধ্যায় বুঝতে সমস্যা হলে শিক্ষক, অভিজ্ঞ বড় ভাই-বোন, বন্ধু কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য ব্যক্তির সাহায্য নেওয়া যেতে পারে।

নিজের জন্য তৈরি করো নিজস্ব পড়ার কৌশল

সব শিক্ষার্থীর পড়ার পদ্ধতি এক নয়। কেউ লিখে পড়লে ভালো মনে রাখতে পারে, কেউ বারবার পড়ে, আবার কেউ চার্ট বা ডায়াগ্রামের মাধ্যমে দ্রুত বিষয় আয়ত্ত করতে পারে। ভোকাবুলারি, সাধারণ জ্ঞান বা তথ্যভিত্তিক বিষয় মনে রাখতে মাইন্ড ম্যাপ, ফ্ল্যাশকার্ড, ছোট নোট, চার্ট কিংবা নিজের তৈরি সংকেত ব্যবহার করা যেতে পারে।

বিশেষ করে যেসব তথ্য বারবার ভুল হয়, সেগুলো আলাদা করে একটি ‘ভুলের খাতা’ তৈরি করা যেতে পারে। প্রতিদিন কয়েক মিনিট সেই খাতা দেখলেও শেষ সময়ে বড় উপকার পাওয়া যায়।

শেষ মুহূর্তে নতুন কিছু নয়

ভর্তি পরীক্ষার একেবারে আগের সময়ে নতুন নতুন বই, নতুন কোচিং বা অসংখ্য নতুন উপকরণ নিয়ে ব্যস্ত হয়ে পড়া ঠিক নয়। তখন মূল কাজ হওয়া উচিতÑ রিভিশন, মডেল টেস্ট, ভুল সংশোধন এবং মানসিকভাবে নিজেকে প্রস্তুত করা। যে বিষয়গুলো ভালোভাবে পড়া হয়েছে, সেগুলো আরও শক্তিশালী করাই তখন বেশি গুরুত্বপূর্ণ।

সিদ্ধান্তটা হোক ভেবেচিন্তে, প্রস্তুতিটা হোক পরিকল্পনায়

এইচএসসির পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি একজন শিক্ষার্থীর জীবনের গুরুত্বপূর্ণ বাঁক। এখানে ভালো ফলের জন্য শুধু মেধা নয়- সঠিক সিদ্ধান্ত, সময়ের ব্যবহার, নিয়মিত অনুশীলন এবং মানসিক দৃঢ়তাও প্রয়োজন। কী পড়বে, কোথায় পড়বে- এই সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের আগ্রহ ও সক্ষমতা যাচাই করতে হবে। এরপর পছন্দের বিশ্ববিদ্যালয় ও বিষয়ের তালিকা তৈরি করে ভর্তি পরীক্ষার ধরন অনুযায়ী প্রস্তুতি নিতে হবে।

সবশেষে মনে রাখতে হবে, ভর্তি পরীক্ষা যুদ্ধ নয়; এটি কয়েক সপ্তাহ বা কয়েক মাসের ধারাবাহিক প্রস্তুতির ফল। প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাওয়াই শেষপর্যন্ত বড় ব্যবধান তৈরি করে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা