সাহিদা আক্তার
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ ১১:৪৫ এএম
তিনটি ব্রোঞ্জ পদক অর্জন করেছে বাংলাদেশের প্রতিযোগীরা
কৃত্রিম বুদ্ধিমত্তার আন্তর্জাতিক মঞ্চে আবারও সাফল্যের স্বাক্ষর রেখেছে বাংলাদেশ। কাজাখস্তানের রাজধানী আস্তানায় অনুষ্ঠিত তৃতীয় আন্তর্জাতিক অলিম্পিয়াড ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (IOAI) ২০২৬-এ তিনটি ব্রোঞ্জ পদক অর্জন করেছে বাংলাদেশের প্রতিযোগীরা। বিশ্বের ১০৭টি দেশের ৪৩৭ শিক্ষার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এই সাফল্য পেয়েছে বাংলাদেশের তরুণরা।
ব্রোঞ্জজয়ী তিন শিক্ষার্থী হলেন- কুমিল্লার হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী লাবিব শাহরিয়ার, মৌলভীবাজার সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. সাইদুজ্জামান আরাফ এবং নটর ডেম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মোবতাসিম চৌধুরী প্রিয়ম। দলের অপর সদস্য ছিলেন- মানিকগঞ্জের মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী অন্ন জারিফ আকন্দ।
বাংলাদেশ দলের নেতৃত্ব দেন ড. বিএম মাইনুল হোসেন, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির অধ্যাপক।
এক প্রতিযোগিতা, ছয় ঘণ্টার লড়াই
২ আগস্ট শুরু হওয়া এবারের অলিম্পিয়াডে ব্যক্তিগত পর্যায়ে মেশিন লার্নিংভিত্তিক দুটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ৪ ও ৬ আগস্ট। প্রতিটি প্রতিযোগিতার দিনে অংশগ্রহণকারীদের ছয় ঘণ্টার মধ্যে তিনটি করে জটিল সমস্যা সমাধান করতে হয়েছে।
কেবল ব্যক্তিগত প্রতিযোগিতাই নয়, বিভিন্ন দেশের শিক্ষার্থীদের নিয়ে দলীয় কার্যক্রমও ছিল এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ। ধারাবাহিক প্রতিযোগিতা ও বিভিন্ন কার্যক্রম শেষে শুক্রবার, ৭ আগস্ট সমাপনী অনুষ্ঠানে সম্মিলিত ফলাফল ঘোষণা করা হয়।
ধাপে ধাপে উন্নতির গল্প
বাংলাদেশ দলের দলনেতা অধ্যাপক ড. বিএম মাইনুল হোসেন বলেন, আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে বাংলাদেশের ফলাফল প্রতি আসরেই উন্নতির দিকে যাচ্ছে। তিনি বলেন, প্রথমবার বুলগেরিয়ায় অনুষ্ঠিত অলিম্পিয়াডে বাংলাদেশ কোনো পদক অর্জন করতে পারেনি। পরের বছর চীনে অনুষ্ঠিত দ্বিতীয় আসরে বাংলাদেশ পেয়েছিল দুটি ব্রোঞ্জ। এবার কাজাখস্তানে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনটিতে।
পদকই শেষ নয়, অনুপ্রেরণাই বড়
ব্রোঞ্জজয়ী মো. সাইদুজ্জামান আরাফের কাছে এই অর্জনের গুরুত্ব শুধু একটি পদক পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। ভবিষ্যতে যারা বাংলাদেশের হয়ে এআই অলিম্পিয়াডে অংশ নেবে, তাদের অনুপ্রাণিত করাই ছিল তার অন্যতম লক্ষ্য।
আরাফ বলেন, “আমার মূল লক্ষ্য ছিল আমাদের পর যারা এআই অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে, তাদের অনুপ্রাণিত করা। আমি আশা করি, আগের প্রতিযোগীরা যেমন আমাদের অনুপ্রাণিত করেছেন এবং আমরা যেমন এই ধারাবাহিকতা ধরে রেখেছি, পরবর্তী প্রজন্মও সেই সাফল্যের ধারা অব্যাহত রাখবে।”
প্রথম আন্তর্জাতিক আসরেই পদক
এবারের তিন ব্রোঞ্জজয়ীর জন্য এই অর্জন আরও তাৎপর্যপূর্ণ। কারণ, তিনজনেরই এটি ছিল প্রথম আন্তর্জাতিক অলিম্পিয়াড। গত বছরের IOAI-এর ব্রোঞ্জজয়ী এবং এবার বাংলাদেশের দলের মেন্টরদের একজন আরেফিন আনোয়ার বলেন, আন্তর্জাতিক পর্যায়ে এটিই ছিল তিন পদকজয়ীর প্রথম অভিজ্ঞতা। এত অল্প সময়ের মধ্যে তারা অনেক কিছু শিখেছে এবং শেষ পর্যন্ত পদক অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, তাদের ফলাফল প্রত্যাশা পূরণ করেছে এবং এই অর্জনের জন্য তারা আন্তরিক অভিনন্দনের দাবিদার।