× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চৌকাঠে হারানো দিনের চিত্রকাব্য

হাসনাত শাহীন

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ ১০:১৯ এএম

আপডেট : ০৯ আগস্ট ২০২৬ ১৫:৪০ পিএম

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে ‘চৌকাঠ’ প্রদর্শনীতে কয়েকজন দর্শনার্থী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে ‘চৌকাঠ’ প্রদর্শনীতে কয়েকজন দর্শনার্থী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

একটি দরজা, তার চারদিকে কাঠের কাঠামো বা ফ্রেমে ঘেরা সীমানাÑ যার নাম ‘চৌকাঠ’। এ রকম চৌকাঠের পেছনেই যেন বন্দি হয়ে থাকে নারীর জীবন। অথচ এর বাইরেও ডানা মেলার সাধ থাকে নারীদের, অথচ জীবনের একটা বড় অংশ কেটে যায় অন্দরমহলের গৃহস্থালি কাজে। সেই ঘরের কোণেই জমা হয় নীরব স্মৃতি, রূপান্তর আর না-বলা কথা। আবহমান বাঙালি নারীর এমনই জীবন দারুণ সব শিল্পকর্মে তুলে ধরেছেন শিল্পী সারা জাবীন। রাজধানীর মিরপুর রোডের আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে চলছে তার ‘চৌকাঠ’ শীর্ষক প্রদর্শনী।

নারী, গৃহস্থালি পরিসর, স্মৃতি, পরিচয় এবং প্রজন্ম থেকে প্রজন্মে বাঙালি পরিবারগুলোর মধ্যে প্রবাহিত সাংস্কৃতিক ঐতিহ্যের পারস্পরিক সম্পর্ককে তুলে ধরা এই প্রদর্শনী শুরু হয়েছে ৩১ জুলাই। চলবে ১১ আগস্ট পর্যন্ত। রবিবার বাদে প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

এই প্রদর্শনীতে আলো-ছায়ার খেলায় যেমন উঠে এসেছে হারানো দিন, তেমনই ধরা দিয়েছে হারিয়ে যাওয়া বাঙালি সংস্কৃতির বেশ কিছু বেদনাময় আখ্যানÑ স্মৃতির কাব্য। যেখানে মূর্ত হয়েছে আবহমান বাংলার সত্তর-আশির দশকের নারী জীবন, স্মৃতি ও হারিয়ে যাওয়া সময়, যা আমাদের অনন্য সাংস্কৃতিক ঐতিহ্যের সাক্ষ্যবহ।

গ্যালারিতে প্রবেশ করে ডানদিকের দেয়ালে দেখা মিলবে বাঙালি নারীর বিয়ের আগের ও পরের জীবন নিয়ে ‘বন ভয়েড’ শীর্ষক সিরিজের শিল্পকর্মগুলো। লিনোকাট ও ফটোগ্রাফির যুগলবন্দিতে তৈরি এসব কাজে ভেসে ওঠে বিয়ের আগে নারীদের অনেকটা মুক্ত পাখির মতো সাবলীল ও চঞ্চলতাময় জীবন, যেখানে তারা সরাসরি সামনে তাকিয়ে জীবনের চোখে চোখ রাখতেন, স্বপ্ন দেখতেন। কিন্তু বিয়ের পর গার্হস্থ্য জীবনের নতুন চৌকাঠে প্রবেশ করতেই তার জীবন বদলে যায়। চঞ্চলতা তখন গৃহকোণে থিতু হয়, আর সোজা তাকিয়ে থাকা দৃষ্টি হয়ে আসে অবনত। সেখানে বেজে ওঠে অপার বেদনার সুর; যে সুর নির্দিষ্ট সীমানায় ঘুরে-ফিরে চক্কর খায়। বেদনার্ত সে সুর উদযাপন করে আবহমান বাংলার নারীর অস্তিত্বকে।

গ্যালারির মেঝেজুড়ে চোখ টেনে নেবে ‘বিয়োগ সময়’ সিরিজের ধবধবে সাদা ক্ষণভঙ্গুর ভাস্কর্যগুলো। সাবানকে উপকরণ হিসেবে ব্যবহার করে ১৯৫০ থেকে ১৯৯০-এর দশক পর্যন্ত পুরান ঢাকার খিলগাঁও, আজিমপুর বা বেইলি রোডের হারিয়ে যাওয়া ঘরবাড়ির স্থাপত্য নকশা পুনরায় দেখার চেষ্টা করেছেন শিল্পী। এটি কেবল অতীতবিলাসের আয়োজন নয়, বরং তা হারানো সংস্কৃতিকে সঙ্গে নিয়ে নতুন প্রজন্মকে স্বাগত জানানোর এক আকুল আহ্বান। শিল্পীর ভাষায়Ñ সাবান যেমন অযত্নে থাকলে গলে যায়, যত্ন করলে টিকে থাকে; তেমনি আমাদের ইতিহাস আর স্মৃতিগুলোকেও অবহেলা করলে তা চোখের পলকে মহাকালের গর্ভে মিলিয়ে যাবে।

এরপরই কাছে ডাকবে ‘শার্সি’ বা জানালার কাচ সিরিজের কাজ। একটু খেয়াল করলেই বোঝা যাবেÑ ‘শার্সি’ এখানে এক গভীর রূপক। আশি ও নব্বইয়ের দশকের মধ্যবিত্ত নারীর জীবন খুব রঙিন না হলেও তারা চাইতেন চার দেয়ালের মাঝেই ঘরটাকে সুন্দর করে রাখতে। পরম মমতায় কুশন কভার থেকে সুনিপুণ সূচিকর্মের ওয়ালম্যাটে ফুটিয়ে তুলতেন নিজেদের শিল্পীমন। সে সময় নারীদের জন্য তাদের ঘরটাই ছিল প্রতিদিনের একেকটি প্রদর্শনী। তামার তার আর কাপড়ে তৈরি শিল্পকর্মের ওপর আলো পড়ে দেয়ালে যে ছায়া ফেলে তা সৃষ্টি করে এক আশ্চর্য মায়াজাল। ছায়াতেই তৈরি হয় নব্বই দশকের চেনা ড্রইংরুম সাজানোর অদ্ভুত কোলাজ, যেখানে সোফা আর টেবিলফ্যান একই উপকরণে না থাকলেও ছায়াতে একসঙ্গে দৃশ্যমান হয়।

এখান থেকে বের হলেই হারিয়ে যেতে পারবেন ‘আনফরগটেন’ সিরিজের ধুলো জমা স্মৃতির তাকে। এসব কাজ ধরা দেবে হারিয়ে যাওয়া পারিবারিক উৎসবের এক জীবন্ত দলিল হয়ে। মনে করিয়ে দেবে শৈশবের ‘কান ফোঁড়ানো’ উৎসব, যেখানে বিনা আমন্ত্রণে প্রিয়জনেরা এসে আশীর্বাদ করতেন। কিংবা ঘরোয়া গায়েহলুদের দিনগুলো, যেখানে বড় দুটি রুই মাছকে বর-কনের সাজে সাজানো হতো। মনে পড়বে শবেবরাতের সন্ধ্যায় রেকাবিতে হালুয়া পাঠানো, ছাদে ঘুড়ি ওড়ানো আর মায়ের পাশে বসে পিঠা উৎসবের নারকেল কোরানোর আনন্দঘন মুহূর্ত। আত্মীয়-পরিজনের সেই অকৃত্রিম, সহজ ‘মিনিমাল এসেন্স’ বা পারিবারিক স্বতঃস্ফূর্ততা আজ আধুনিকতার যান্ত্রিকতায় প্রায় হারিয়ে গেছে, যা ছিল আমাদের সংস্কৃতির এক অনাবিল অনুষঙ্গ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা