কিশোরগঞ্জের হাওর
হাওর শুধু বেড়ানোর জায়গা নয়। এ হলো জলের, আকাশের আর মানুষের বেঁচে থাকার এক অদ্ভুত সুন্দর কবিতা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পৃথিবীতে কিছু কিছু জায়গা আছে, যেখানে গেলে মানুষের কথা ফুরিয়ে যায়। চোখ দুটো শুধু মুগ্ধ হয়ে চেয়ে থাকে, আর বুক চিরে বেরিয়ে আসে স্বস্তির নিঃশ্বাস। কিশোরগঞ্জের হাওর ঠিক তেমন একটা জায়গা। বর্ষায় এই হাওরের রূপ দেখলে মনে হয়, প্রকৃতির রূপকার বুঝি খুব অবসর সময়ে যত্ন করে নীল আকাশটাকে নামিয়ে এনেছেন জলের বুকে! দিগন্তজোড়া অথৈ জলরাশি, দূরে ভেসে চলা ছোট্ট একটি নৌকা, আর জলের বুক চিরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা শতবর্ষী হিজল গাছÑ সব মিলিয়ে যেন জলরঙের এক মায়াবী ক্যানভাস। সমুদ্র নয়, অথচ সমুদ্রের বিশালতা নিয়ে শুয়ে আছে এই হাওর।
ঢাকা থেকে খুব বেশি দূরে নয়, মাত্র ১১০ কিলোমিটার। যেখান থেকেই আসুন, জলরাজ্যে ঢুকে পড়ার পর মন ভরে যাবে। ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম আর নিকলীÑ নামগুলো শুনলেই কেমন যেন একটা জলের শব্দ কানে ভাসে, তাই না? বর্ষা এলেই এই জনপদগুলো হয়ে ওঠে দ্বীপের মতো। যেদিকে দুচোখ যায়, শুধু পানি আর পানি। প্রথমবার যে কেউ গেলে ভড়কে যাবেন। মনে হবে, আরে! বাংলাদেশের বুকেই একটা আস্ত সমুদ্র লুকিয়ে ছিল, আর আমরা জানতামই না!
তবে এই যে এত রূপ, এর পেছনে কিন্তু একটা বড্ড কষ্টের গল্পও আছে। এখানকার মানুষের জীবনটা ওই হাওরের জলের মতোই অনিশ্চিত। বোরো ধান তাদের প্রাণ। কিন্তু আগাম পাহাড়ি ঢল আর অতিবৃষ্টিতে যখন সেই পাকা ধান তলিয়ে যায়, তখন নিমিষেই শেষ হয়ে যায় একটা পরিবারের সারা বছরের স্বপ্ন। প্রকৃতির সঙ্গে প্রতিদিন রীতিমতো যুদ্ধ করে বাঁচতে হয় এখানকার মানুষের। তাই হাওরে যাওয়া মানে শুধু রূপ দেখা নয়, একটা আশ্চর্য জীবনসংগ্রামের গল্পও পাঠ করা।
একসময় এই হাওরে যাতায়াতের একমাত্র উপায় ছিল নৌকা। এখন দিন বদলেছে। জলের বুক চিরে তৈরি হয়েছে ‘অলওয়েদার সড়ক’। বর্ষায় যখন রাস্তার দুপাশে থইথই পানি থাকে, তখন এই রাস্তা দিয়ে হাঁটলে বা গাড়িতে চললে মনে হয় যেন, জলের ওপর দিয়ে ভেসে চলেছি আমরা। অদ্ভুত এক শিহরন জাগে শরীরে। চারপাশের টইটম্বুর জলের এই সময়টাই হাওর দেখার সেরা সময়। হাওরে গেলে কী কী দেখবেন? চলুন, একটা ছোট তালিকা করে দিই।
নিকলী হাওর ও বেড়িবাঁধ
কিশোরগঞ্জ সদর থেকে ৭০০ কিলোমিটার দূরের এই জায়গাটা এখন পর্যটকদের দারুণ প্রিয়। পড়ন্ত বিকালে বেড়িবাঁধে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখার যে কী আনন্দ, সেটা নিজের চোখে না দেখলে বোঝান মুশকিল। ইঞ্জিন নৌকায় চেপে যখন ছাতিরচরের হিজলবন আর পানির ওপর ভাসমান গ্রামগুলোর পাশ দিয়ে যাবেনÑ হাওরের শীতল বাতাস আপনার নাগরিক জীবনের সব ক্লান্তি জুড়িয়ে দেবে।
অলওয়েদার সড়ক ও মিঠামইন জিরো পয়েন্ট
ইটনা, মিঠামইন আর অষ্টগ্রামকে এক সুতোয় বেঁধেছে এই সড়ক। জিরো পয়েন্টে দাঁড়িয়ে চারপাশের বিশাল জলরাশি দেখলে হঠাৎ নিজেকে খুব তুচ্ছ মনে হয়। মনে হয়, এই বিশাল প্রকৃতির সামনে আমরা কতই না ক্ষুদ্র! জায়গাটা বাইক রাইড বা ছবি তোলার জন্য এককথায় অপূর্ব।
দিল্লির আখড়া ও শতবর্ষী হিজল বন
মিঠামইনের কাটখাল ইউনিয়নে এই জায়গাটার একটা অন্যরকম মায়া আছে। প্রায় ৩০০ একর জায়গাজুড়ে শতবর্ষী হিজল গাছগুলো কেমন যেন ধ্যানমগ্ন ঋষির মতো জলের বুকে দাঁড়িয়ে থাকে। অদ্ভুত এক নীরবতা, শুধু পাখির ডাক আর জলের ছলাৎ ছলাৎ শব্দ। জায়গাটা আসলে প্রকৃতিপ্রেমীদের জন্য একটা ছোট্ট স্বর্গ।
হাওরের রাজা-রানি ইটনা ও অষ্টগ্রাম
স্থানীয়রা অষ্টগ্রামকে ডাকে ‘হাওরের রানি’ আর ইটনাকে বলে ‘হাওরের রাজা’। নৌকায় ভেসে ভেসে এখানকার ভাসমান গ্রামগুলো দেখতে দারুণ লাগে। অষ্টগ্রামে আছে ১৬০০ শতকের ঐতিহাসিক পাঁচ গম্বুজবিশিষ্ট কুতুব শাহ মসজিদ। ইতিহাস যাদের টানে, তাদের জন্য জায়গাটা চমৎকার। অষ্টগ্রামের পনিরের নাম শোনেননি এমন মানুষ বোধহয় কমই আছেন। ফেরার পথে এই টাটকা পনির সঙ্গে না নিলে কিন্তু বিস্তর আফসোস করতে হবে!
বালিখলা, চামড়া ঘাট ও হাসানপুর সেতু
করিমগঞ্জের বালিখলা আর চামড়া ঘাট হলো হাওরে ঢোকার সদর দরজা। এখান থেকেই ট্রলার বা স্পিডবোটে করে ভেসে পড়া যায় হাওরের অসীম গন্তব্যে। আর বাজিতপুরের হাসানপুর ব্রিজে দাঁড়িয়ে হাওরের হাওয়ায় একটু বুক ভরে শ্বাস নিতে ভুলবেন না।
যেভাবে সাজাবেন আপনার ভ্রমণ
যদি একদিনের ঝটিকা সফরে বের হোন, তাহলে ভোরে ঢাকা থেকে বেরিয়ে পড়ুন। গন্তব্য বালিখলা ঘাট। সেখান থেকে ট্রলারে মিঠামইন। অলওয়েদার সড়ক, জিরো পয়েন্ট আর দিল্লির আখড়া ঘুরে বিকেলে নিকলী বেড়িবাঁধে একটা মায়াবী সূর্যাস্ত দেখে রাতেই ফিরে আসুন কংক্রিটের শহরে।
আর যদি তিন দিনের আয়েশি ভ্রমণ হয়, তাহলে প্রথম দিন মিঠামইন আর দিল্লির আখড়া। দ্বিতীয় দিন ইটনা, অষ্টগ্রামের রানির রূপ দেখা, কুতুব শাহ মসজিদ দর্শন আর পনিরের স্বাদ নেওয়া। তৃতীয় দিন নিকলীর হিজলবন আর বেড়িবাঁধ হয়ে শান্ত মনে ঘরে ফেরা। থাকার জন্য এখন নিকলী, মিঠামইন আর অষ্টগ্রামে বেশকিছু ভালো মানের হোটেল আর রিসোর্টও আছে। ভাড়াও সাধ্যের মধ্যেই।
হাওর আসলে শুধু বেড়ানোর জায়গা নয়। এ হলো জলের, আকাশের আর মানুষের বেঁচে থাকার এক অদ্ভুত সুন্দর কবিতা। বর্ষার এই সময়টায় যদি সুযোগ পান, একবার ঘুরে আসুন কিশোরগঞ্জের হাওরে। ফিরে আসার পর আপনার বুকের ভেতর হাওরের ওই বিশাল জলরাশি আর নীল আকাশটা সারাজীবন একটা জলরঙের ছবি হয়ে আঁকা থাকবে।