কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
আজ ৭ আগস্ট। বেলা ৩টায় বাংলা একাডেমির আল মাহমুদ কর্নারে অনুষ্ঠিত হবে শাহ বুলবুলের বিমূর্ত ধারার কাব্যগ্রন্থ ‘মৃত্যু ও নির্বাসন’-এর পাঠ পর্যালোচনা। সৃজন পাঠচক্রের উদ্যোগে আয়োজিত এই কাব্যগ্রন্থের পর্যালোচনায় অংশ নেবে হুসাইন আলমগীর, সফিকুল ইসলাম, আহমেদ বাসার এবং নুসরাত সুলতানা। এ ছাড়া অনুষ্ঠানে রয়েছে কাজী গিয়াস উদ্দিনের একক কবিতা পাঠ। উচ্চশিক্ষা ও রাজনীতির সঙ্গে সাহিত্যের সম্পর্ক নিয়ে একক বক্তৃতা করবেন শিবলী আজাদ।
শব্দের আলংকারিক ব্যবহারের জন্য সুপরিচিত কবি শাহ বুলবুল। তার রচিত দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘মৃত্যু ও নির্বাসন’ আধুনিক বাংলা কবিতার এক অনবদ্য সংযোজন হিসেবে চিহ্নিত। ২০২৪ সালের অমর একুশে গ্রন্থমেলায় বইটি প্রকাশ করে সৃজন প্রকাশনী। ‘মৃত্যু ও নির্বাসন’ অবরুদ্ধ জীবনের ছায়াপথ মাড়িয়ে চলা অনিবার্য শূন্যতার এক বিরল শোকসভা; আত্মার শিরায় শিরায় জমতে থাকা বারুদের ঘ্রাণ; প্রিয়তমার অপরূপা সিঁথির মতো তুলতুলে সুখ আর দুঃখের খামে কষ্টের নীল চিঠি। ‘মৃত্যু ও নির্বাসন’ কালের খেরোখাতায় লিখে রাখা শেষ দিন; পরাজিত মানচিত্রের দেশে ভুলে যাওয়া রোদেলা চিবুক।
শাহ বুলবুলের প্রথম কাব্যগ্রন্থ ‘নির্বাসনে যাবার আগে’ প্রকাশের এক যুগ পর প্রকাশিত ‘মৃত্যু ও নির্বাসন’ কাব্যগ্রন্থটি তার বিমূর্ত কাব্যশৈলীকে পাঠকহৃদয়ের অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। শাহ বুলবুলের পাঠকপ্রিয় অন্য দুটি বই ‘ক্ষুদিরামের কথা’ এবং ‘মৃত্যুহীন গেরিলা’ যথাক্রমে ২০১৩ এবং ২০১৪ সালের একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়।