পঠিত
মহসিনুল হক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬ ১৩:২১ পিএম
অনুসন্ধিৎসু গবেষক মো. খোসবর আলীর লেখা অনন্য এক গ্রন্থ ‘কারাগারে অনুসন্ধান’। এ গ্রন্থ শুধু কারা ইতিহাসের ঘটনাপঞ্জি নয়, বরং এটি হয়ে উঠেছে ২০০ বছরের ঔপনিবেশিক শাসনের কালো অধ্যায় এবং একই সঙ্গে দীর্ঘ-নীরব যন্ত্রণার দলিল। গ্রন্থকার পেশাগত জীবনে বাংলাদেশের একটি জেলা কারাগারের অবসরপ্রাপ্ত কারারক্ষী। তাই তিনি নিজ চোখে প্রত্যক্ষ করেছেন ঔপনিবেশিক আমলের আইনকানুন আজও কীভাবে আমাদের কারাব্যবস্থাকে গ্রাস করে আছে। এই মহাকাব্যিক গ্রন্থটি রচনার জন্য লেখক ১৪ বছর ধরে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন কারাগারে সরেজমিন ঘুরেছেন, শত শত গ্রন্থাগার ও আর্কাইভের দলিল-দস্তাবেজও ঘেঁটেছেন এবং শতাধিক দুর্লভ আলোকচিত্র সংগ্রহ করেছেন। বইটি পাঠ করলে তা সহজেই প্রতীয়মান হয়।
গ্রন্থটি পাঠ করতে বসলে শুরুতেই চলে যাই মোগল আমলে। সেখানে চুরি, ডাকাতি, হত্যাÑ এই অপরাধের শাস্তি ছিল জরিমানা, নির্বাসন, অঙ্গহানি বা মৃত্যুদণ্ড। কারাগার বলতে ছিল দুর্গের কোনো অংশবিশেষ। যেখানে রাজবন্দিদের আটক রাখা হতো। আমজনতার জন্য ছিল ‘হাজতখানা’ বা ‘লক-আপ’; যা ছিল সম্পূর্ণ অস্থায়ী। ১৭৬৫ সালের আগে ভারতের কোথাও কোনো আধুনিক কারাগার বা কারাব্যবস্থা ছিল না।
১৭৬৫ সালের ১৭ আগস্ট। এ তারিখটি উপমহাদেশের ইতিহাসে এক কালো অধ্যায়ের সূচনা মাত্র। খোসবর আলী সেই ‘অন্ধকার যুগে’র বর্ণনা তুলে ধরেছেন তার এই বইয়ে। কোম্পানি দ্বৈত শাসনের নামে যে ভয়াবহ শোষণ চালু করা হয়েছিল। সেই চিত্রটিও তুলে ধরা হয়েছে দক্ষ হাতে।
ভারতীয় জনগণকে শাসন করার জন্য কোম্পানি গড়ে তুলেছিল একটি শক্তিশালী দমন ব্যবস্থা। আর সেই দমন ব্যবস্থার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে কারাগার। লেখক উল্লেখ করেছেন ১৮৬৪ সালের ৬নং আইনের মাধ্যমে ছোটখাটো অপরাধের জন্য চাবুক মারার শাস্তি পুনর্বহাল করা হয়। যার উদ্দেশ্য ছিল কারাগারের বন্দি চাপ কমানো। কিন্তু বাস্তবে এটি ছিল নির্যাতনের আরেকটি রূপ।
বন্দির কপালে ‘গোদনা’ বা ‘পেনাল ট্যাটু’ আঁকার প্রথা ছিল অত্যন্ত অপমানজনক। একটা চিত্রে দেখা যায়, একজন বন্দির কপালে উল্কি এঁকে দেওয়া হয়েছে, যাতে তার অপরাধ ও সাজার মেয়াদ লেখা থাকে। এই চিহ্ন আজীবন থেকে যেত; যা বন্দিকে সমাজে সম্পূর্ণরূপে হেয়প্রতিপন্ন করত। এমনকি সাজা শেষ হওয়ার পরও সে সেই কলঙ্ক নিয়ে বাঁচতে বাধ্য হতো। শাস্তি হিসেবে নাক-কান কাটার প্রথাও প্রচলিত ছিল; যা শুধু শারীরিক যন্ত্রণাই দিত না, বরং সামাজিকভাবে একজন মানুষকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিত।
লেখক মিশেল ফুকোর তত্ত্বের উল্লেখ করেছেন। যিনি বলেছিলেন যে, আধুনিক শাস্তি দেহকে লক্ষ্য করে না, বরং আত্মাকে লক্ষ্য করে। কিন্তু বাস্তবে ব্রিটিশরা দেহ ও আত্মাÑ উভয়কেই শাস্তি দিয়েছে। কারাবাস যেমন দেহকে বন্দি করত, তেমনি গোদনা ও অন্যান্য কলঙ্কজনক শাস্তি আত্মাকে চিরতরে দাগিয়ে দিত।
‘কারাগারে অনুসন্ধান’ গ্রন্থে ১৭৬৫ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত কারা প্রশাসনের ক্রমবিকাশের ছবি আঁকা হয়েছে। বিচারহীনতা ছিল ঔপনিবেশিক ব্যবস্থার অন্যতম প্রধান ত্রুটি। গ্রন্থকার দেখিয়েছেন কীভাবে হাজার হাজার মানুষকে বিচার ছাড়াই কারাগারে আটক রাখা হতো। ১৮১৮ সালের রেগুলেশন, ১৯১৫ সালের ডিফেন্স অব ইন্ডিয়া অ্যাক্ট এবং ১৯৩৯ সালের অ্যাক্টে বিচার ছাড়াই আটকের অনুমোদন দিয়েছিল। গ্রন্থে উল্লেখ করা হয়েছেÑ ১৯২০-৩০-এর দশকে রাজনৈতিক বন্দিদের সংখ্যা এত বেশি ছিল যে, তাদের বিচার করাই সম্ভব ছিল না। সে কারণে তাদেরকে বিচার ছাড়াই আটক রাখা হতো ডিটেনশন ক্যাম্পে। হিজলি, বাহারামপুর, দেওলিÑ এই ক্যাম্পগুলো ছিল কারাগারের চেয়েও কঠোর স্থান। বিচারহীনতার আরেকটি দিক ছিল আর্থিক। যারা জরিমানা দিতে পারত না তাদের আটক রাখা হতো। ১৭৯৩ সালের রেগুলেশন অনুযায়ী খাজনা না দেওয়ার জন্য মানুষকে আটক করা যেত। এটি ছিল অর্থনৈতিক দমন-পীড়নের আরও একটি নির্মম কৌশল।
এই গ্রন্থে দেখানো হয়েছে ঔপনিবেশিক আইন কীভাবে সহিংসতার হাতিয়ার হয়ে উঠেছিল। কীভাবে ব্রিটিশরা ভারতীয় জনগণের ওপর সন্ত্রাস চালাত, গণহত্যা, গণআটক বা গণশাস্তি দিত সেসবের বিবরণ আলোচনা করা হয়েছে। ১৮৫৭ সালের সিপাহি মহাবিদ্রোহের পর তো সন্ত্রাসের মাত্রা বেড়েই গিয়েছিল। ১৯১৯ সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ছিল ঔপনিবেশিক ব্রিটিদের সন্ত্রাসের একটি জাজ্বল্যমান দৃষ্টান্ত। বইটি পৃষ্ঠার আকারে বৃহৎ নয়, বরং বিষয় আঙ্গিকে অসাধারণ গবেষণা গ্রন্থ। দীর্ঘ সময়ের কারা পরিস্থিতি তুলে ধরেছেন অধ্যায় ভিত্তিকভাবে। যেমন প্রাক-ঔপনিবেশিক ভারতের কারাব্যবস্থা, অন্ধকার যুগ, দ্বৈত শাসন ও কারাগারের সূচনা, শাস্তি প্রকৃতি, প্রকার ও শক্তির সম্পর্ক, মৃতুদণ্ড ও জনসমক্ষে শাস্তি, চাবুক মারা, পিলোরি ও স্টক, কলঙ্কজনক শাস্তি : গোদনা, উল্কি ও অঙ্গহানি, দ্বীপান্তর : এক প্রকার নির্বাসিত শাস্তি, কারাগার নির্মাণ ও বিকাশ, কারা প্রশাসন ও শাসন, বন্দিজীবন খাদ্য ও পুষ্টি, পোশাক ও আবাসন, শারীরিক ও মানসিক নির্যাতন, বন্দিদের মৃত্যু, মা ও শিশু, ধর্ম ও সংস্কৃতি, কপটতা ও ঔপনিবেশিক স্বীকৃতি, কারা-সন্ত্রাস ও নির্যাতন, নির্জন কারাবাস, ঔপনিবেশিক সন্ত্রাস, রাজনীতি ও কারাগার, কারা-সাহিত্য ও গবেষণা, প্রশাসনিক বিচারিক নিয়ন্ত্রণ, কারাক্ষমতা, বিচারহীনতার অভাব, ঔপনিবেশিক আইন ও সহিংসতা
ঔপনিবেশিক সন্ত্রাস ও নিষ্ঠুরতা, রাষ্ট্রীয় অত্যাচার, বন্দি শ্রম ও অবকাঠামো নির্মাণ
দ্বীপান্তর ও কয়েদি উপনিবেশ, মরিশাস, প্রণালী উপনিবেশ (স্ট্রেইট সেটেলমেন্ট),
আন্দামান, কারা-পরিভাষাসহ নানান কারাগারের নানান চিত্র।
‘কারাগারে অনুসন্ধান’ ইতিহাস, রাজনীতি, সমাজবিজ্ঞান ও মানবাধিকারের এক অনন্য সংমিশ্রণ গ্রন্থ। গ্রন্থটি লেখক, পাঠক, গবেষক, সাংবাদিকসহ নানা মাধ্যমের পেশাজীবীদের তথ্যের জোগান দেবে বলে আশা করি।

কারাগারে অনুসন্ধান
মো. খোসবর আলী
প্রচ্ছদ : আইয়ুব আল আমিন
প্রথম প্রকাশ : এপ্রিল ২০২৬
প্রকাশক : পুণ্ড্র প্রকাশন
মূল্য : ১৩০০ টাকা