পল্লব শাহরিয়ার
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬ ১৩:০৬ পিএম
কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
সাহিত্যের কোনো নির্দিষ্ট বয়স নেই। নেই কোনো ধরাবাঁধা ব্যাকরণ। এই চিরন্তন সত্যটি যেন আরও একবার প্রমাণ করল ২০২৬ সালের মূল বুকার পুরস্কারের দীর্ঘ তালিকা। বিচারক প্যানেলের প্রধান, প্রখ্যাত ইতিহাসবিদ ও সম্প্রচারক মেরি বিয়ার্ডের ভাষায়, এবারের ১৩টি বইয়ের নির্বাচনটি আক্ষরিক অর্থেই একেকটি সাহিত্যিক ‘ডিনামাইট’। গত ২৮ জুলাই ঘোষিত এই দীর্ঘ তালিকায় স্থান পাওয়া উপন্যাসগুলো শুধু যে ভৌগোলিক বা বিষয়ভিত্তিক বৈচিত্র্যে ভরপুর তাই নয়; বইগুলোর পৃষ্ঠা সংখ্যা আর লেখকদের বয়সের ব্যবধান বিশ্বজুড়ে সাহিত্যপ্রেমীদের মাঝে তৈরি করেছে এক তুমুল উদ্দীপনা।
এবারের ‘বুকার ডজন’ (প্রথাগতভাবে ১৩টি বইকে বুকার ডজন বলা হয়) বিশ্লেষণ করলে যা সবচেয়ে বেশি চোখে পড়ে, তা হলো প্রজন্মের মেলবন্ধন ও উপন্যাসের আকৃতির চরম বৈপরীত্য। একদিকে যেমন জীবনের সমস্ত অভিজ্ঞতা ঢেলে দেওয়া ৮১ বছর বয়সী প্রবীণ কথাশিল্পীর জাদু রয়েছে, ঠিক অন্যদিকে রয়েছে ২৮ বছরের এক তরুণের দ্রোহ ও অপরাধ জগতের কাঁচা বাস্তবতার গল্প। একইভাবে ৬০০ পৃষ্ঠার বিশাল এক মহাকাব্যের পাশে জায়গা করে নিয়েছে মাত্র ১৪০ পৃষ্ঠার এক নভেল।
এবারের বুকার তালিকার সবচেয়ে বড় চমক হলো, লেখকদের বয়সের ব্যবধান। তালিকার সবচেয়ে কম বয়সী লেখক আয়ারল্যান্ডের জ্যামেল হোয়াইট। মাত্র ২৮ বছর বয়সেই তিনি বুকারের বিচারকদের নজর কেড়েছেন তার প্রথম উপন্যাস ‘অল দেম ডগস’ (All Them Dogs) দিয়ে। জ্যামেল হোয়াইটের এই বইয়ের পটভূমি গড়ে উঠেছে পশ্চিম ডাবলিনের এক অন্ধকার, অপরাধপ্রবণ গ্যাং কালচারের ওপর ভিত্তি করে। একজন মানুষ যিনি গ্যাং ফাইটে একজনকে খুন করার পর পাঁচ বছর ধরে ফেরারি ছিলেন, তার ঘরে ফেরার গল্প এটি। আয়ারল্যান্ডের রুক্ষ, অপরাধ জর্জরিত জীবনের যে ছবি হোয়াইট তার কাঁচা এবং তীব্র গদ্যে ফুটিয়ে তুলেছেন, তা বিচারকদের ভীষণভাবে নাড়া দিয়েছে।
ঠিক এই তরুণের বিপরীত মেরুতে দাঁড়িয়ে আছেন ৮১ বছর বয়সী ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন। এই প্রবীণ বুকার তালিকায় প্রথম মনোনয়ন পেয়েছেন তার ‘দ্য অ্যান্ড অফ এভরিথিং’ (The End of Everything) উপন্যাসের জন্য। মজার ব্যাপার, হ্যারিসন এর আগে ২০২২ সালে বুকার পুরস্কারের বিচারক ছিলেন। এবার তিনি নিজেই প্রতিযোগী। তার উপন্যাসটি একটি পোস্ট-অ্যাপোক্যালিপ্টিক বা ধ্বংসোত্তর পৃথিবীর অদ্ভুত এক রূপক গল্প, যার পটভূমি ইংল্যান্ডের উপকূলীয় শহর ‘কেন্ট’। পুরো পৃথিবী যখন ধ্বংসের দ্বারপ্রান্তে, তখন মানুষের অস্তিত্ব, স্মৃতি এবং শেষ দিনগুলোর মনস্তাত্ত্বিক রূপরেখা হ্যারিসন তার মায়াবী ও বিষাদগ্রস্ত লেখনীতে তুলে ধরেছেন।
একদিকে ২৮ বছরের যুবকের চোখে দেখা বাস্তব পৃথিবীর রক্তের হোলিখেলা, অন্যদিকে ৮১ বছরের বৃদ্ধের কল্পনায় ভেসে ওঠা এক রূপক ধ্বংসের উপাখ্যানÑ এই দুই প্রজন্মের লড়াই এবারের বুকারকে এক অনন্য উচ্চতা দিয়েছে।
শুধু লেখকদের বয়সেই নয়, উপন্যাসের কলেবর বা পৃষ্ঠা সংখ্যায়ও এবারের বুকার ডজন দুই চরম মেরুতে অবস্থান করছে। দীর্ঘ তালিকার সবচেয়ে দীর্ঘকায় এবং ভারী উপন্যাসটি হলো সাবেক বুকারজয়ী লেখক মার্লন জেমসের ৬০০ পৃষ্ঠার মহাকাব্যিক বই The Disappearers। ২০১৫ সালে ‘এ ব্রিফ হিস্ট্রি অব সেভেন কিলিং’ বইয়ের জন্য বুকার জেতা জ্যামাইকান লেখক মার্লন জেমস এবার ফিরেছেন এক বিশাল ক্যানভাস নিয়ে। আশির দশকের জ্যামাইকার কিংস্টন শহরের প্রেক্ষাপটে এক নাটক মহড়ার সময় আটজন সমকামী পুরুষকে লক্ষ্য করে একটি হিংস্র উগ্রপন্থী দলের আক্রমণের রোমহর্ষক ও রাজনৈতিক গল্প বলা হয়েছে এই উপন্যাসে। মার্লন জেমসের স্বভাবসুলভ ধারাভাষ্য ও জটিল সামাজিক বিন্যাসে সাজানো ৬০০ পৃষ্ঠার এই সুবিশাল বইটি পড়তে পাঠককে গভীর মনোযোগ দিতে হয়।
অন্যদিকে, এই বিশাল বইটির পাশেই সগৌরবে টিকে আছে আমেরিকান লেখিকা ম্যাকেনা গুডম্যানের লেখা ১৪০ পৃষ্ঠার একটি উপন্যাসে, যার নাম Helen of Nowhere। বুকারের ইতিহাসে এত ছোট আকারের উপন্যাস খুব কমই জায়গা পায়। তবে গুডম্যান প্রমাণ করেছেন, শব্দের মিতব্যয়িতা কীভাবে তীব্র প্রভাব তৈরি করতে পারে। গল্পটি একজন কলঙ্কিত বা সমাজচ্যুত প্রফেসরের, যিনি একটি গ্রাম্য শান্ত এবং মনোরম বাড়ি ঘুরে দেখছেন এবং তার আগের মালিকের অদ্ভুত জীবন সম্পর্কে জানতে পারছেন। মাত্র ১৪০ পৃষ্ঠার মধ্যেই মানুষের একাকিত্ব, কৌতূহল এবং অনুশোচনার যে তীব্র মনস্তাত্ত্বিক বুনন গুডম্যান তৈরি করেছেন, তা ৬০০ পৃষ্ঠার যেকোনো বইয়ের চেয়ে কোনো অংশে কম শক্তিশালী নয়।
প্রজন্মের এই ব্যবধানের বাইরেও এবারের বুকার তালিকার উপন্যাসগুলোর পটভূমি পাঠককে চমকে দেওয়ার মতো। যেমন আমেরিকান লেখিকা এমা ক্লাইনের উপন্যাস Switzy আবর্তিত হয়েছে সুইজারল্যান্ডের জুরিখের একটি অ্যাসিস্টেড সুইসাইড বা ‘ইচ্ছামৃত্যু’ ক্লিনিককে কেন্দ্র করে, যেখানে একজন সফল অথচ স্নায়ুবিক রোগে আক্রান্ত ব্যক্তি নিজের জীবনের সমাপ্তি টানতে যাচ্ছেন। আবার মেক্সিকান-ব্রিটিশ লেখিকা ক্লোয়ি আরিদজিসের The Shadow of the Object উপন্যাসের শুরু হয় মেক্সিকো সিটির একটি হাসপাতালে একটি কুকুরের কামড় খাওয়া নারীর অদ্ভুত এক সাক্ষাৎকার এবং ম্যাজিক লণ্ঠন ফিরিয়ে দেওয়ার এক পরাবাস্তব জার্নি দিয়ে।
এই তালিকায় যেমন জ্যামেল হোয়াইটের মতো তরুণ নবাগতরা আছেন, তেমনই আছে ফিকশন জগতের একঝাঁক কিংবদন্তি। ২০২০ সালের বুকারজয়ী লেখক ডগলাস স্টুয়ার্ট ফিরেছেন তার নতুন চমক John of John নিয়ে, যেখানে স্কটল্যান্ডের এক প্রত্যন্ত দ্বীপে কট্টর ধর্মীয় পরিবারে এক সমকামী তরুণের ফিরে আসার টানাপড়েন দেখানো হয়েছে। সঙ্গে আছেন তিনবার বুকার মনোনয়ন পাওয়া এবং পুলিৎজারজয়ী প্রভাবশালী আমেরিকান লেখিকা এলিজাবেথ স্ট্রাউট তার একাদশতম উপন্যাস The Things We Never Say নিয়ে, যা আমেরিকার ছোট শহরের মানুষের ভেতরের চাপা যন্ত্রণাকে ফুটিয়ে তোলে।
বিচারক প্যানেলে এবার শুধু মেরি বিয়ার্ডই নন, আছেন বিখ্যাত রক মিউজিশিয়ান জারভিস ককার, কবি রেমন্ড অ্যানট্রোবাসের মতো ভিন্ন ধারার ব্যক্তিত্বরা। ফলে বিচারকদের দৃষ্টিভঙ্গিতেও প্রথাগত ধারণার বাইরে গিয়ে এক ধরনের আধুনিক ও সাহসী ছোঁয়া পাওয়া যাচ্ছে।
আগামী ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে লন্ডনের সাউথব্যাংক সেন্টারে এই ১৩টি বই থেকে ছেঁটে মাত্র ৫টি বইয়ের সংক্ষিপ্ত তালিকা (Shortlist) প্রকাশ করা হবে। আর চূড়ান্ত বিজয়ী, যিনি পাবেন ৫০ হাজার পাউন্ডের সম্মানজনক পুরস্কার, তার নাম ঘোষণা করা হবে ৯ নভেম্বর ২০২৬ তারিখে লন্ডনের ওল্ড বিলিংসগেটে। ২০২৬ সালের এই বুকার লংলিস্ট বিশ্বসাহিত্যের ইতিহাসে জেনারেশনাল ডাইভার্সিটি বা প্রজন্মের মেলবন্ধনের এক অনন্য দলিল হয়ে থাকবে।