তুহিন ওয়াদুদ
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬ ১২:৪৬ পিএম
অলংকরণ: তানভীর মালেক
রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন নদীময়তায় পূর্ণ। বিশ শতকের শেষ দশক তিনি তৎকালীন পূর্ববঙ্গ তথা আজকের বাংলাদেশের অনেকটা জায়গাজুড়ে কাটিয়েছেন। জমিদারি তদারকি উদ্দেশ্য হলেও নদীর সাথে তার নিবিড় সম্পর্ক গড়ে ওঠে এই কালখণ্ডে। কখনও কখনও একটানা কয়েকদিন তিনি নৌকায় কাটিয়েছেন। ‘পদ্মা’ নামে তার যে বোট ছিল সেই বোটে তিনি কুষ্টিয়ার শিলাইদহ থেকে নওগাঁর পতিসর এবং সিরাজগঞ্জের শাহজাদপুর যাতায়াত করতেন। পদ্মা, যমুনা, ইছামতী, নাগর, করতোয়া, গড়াই, গুমানি, বলেশ্বের, আত্রাইসহ বেশ কয়েকটি নদীর সাথে তার জীবন জড়িয়ে আছে। তার ছিন্নপত্রাবলীর অনুচ্ছেদে অনুচ্ছেদে সেই সত্যতার লিপিরূপ দেখতে পাই। কেবল ছিন্নপত্রাবলীতে নয়, ছোটগল্প, কবিতা, গান, উপন্যাসসহ তার সৃজনশীলতার সর্বত্রই নদী প্রভাবক হয়ে উঠেছিল।
রবীন্দ্র-ছোটগল্পে বাংলাদেশের নদ-নদীর প্রভাব স্পষ্ট। রবীন্দ্র-ছোটগল্পে যে জীবন তার অনেকটাই বাংলাদেশের জীবন। রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারি দেখতে এসে যে জীবন দেখেছেন সে জীবন তার সম্পদে পরিণত হয়েছে। অর্থের চেয়েও বড় অর্থপূর্ণ হয়ে উঠেছে তার কাছে নদী, নদী তীরবর্তী জীবন।
রবীন্দ্রনাথ ঠাকুর কতখানি পূর্ববঙ্গের জীবনকে ধারণ করেছেন, বাংলাদেশের গ্রাম-জনপদের চিত্র কতখানি এঁকেছেন তার সাহিত্যে, সেটি বোঝার জন্য আমাদের অনেকবার ফিরতে হয় তার লেখা পত্রাবলীতেÑ বিশেষত যে পত্রসমূহ তিনি বাংলাদেশে থেকে লিখেছেন। গল্পের চরিত্র কোথা থেকে নিয়েছেন তারও অনেক প্রমাণ তিনি চিঠিপত্রে লিখে গেছেন।
ছোটগল্পে নদী-প্রসঙ্গ আলোচনা করতে গেলেও বুঝি নদীর প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের দরদ অশেষ। নদীর প্রতি তার দরদের অনুসন্ধান করতে চাইলে শিলাইদহ, পতিসর এবং শাহজাদপুরে থাকাকালীন তার চিঠিগুলো উপযুক্ত। তার চিঠিগুলোয় নদীর প্রতি রবীন্দ্রপ্রেম উছলে পড়ছে। যার নিজের উক্তিতে নদীর প্রতি অনুরক্ত চরিত্র উন্মোচিত হয় তার অন্য লেখায় নদী যে তারই প্রভাবজাত একথা নতুন ব্যাখ্যায় হাজির করার প্রয়োজন নেই। অনেক ছোটগল্পে নদী স্বমহিমায় উদ্ভাসিত। আজহার ইসলাম রবীন্দ্র-সাহিত্যে নদী; শীর্ষক প্রবন্ধে লিখেছেনÑ ‘রবীন্দ্রনাথ তাঁর ‘গল্পগুচ্ছে’ নদীকে প্রায় নায়কের মর্যাদায় ভূষিত করে উপস্থাপিত করেছেন। কবির সেই উপস্থাপনায় পদ্মা নদীর প্রকাশ বিচিত্রতার স্বাদ আনে।’
কেবল নারী চরিত্রগুলো নয়, পুরুষ চরিত্রগুলোও একইভাবে বেণীবন্ধনে আবদ্ধ। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প রচনার ক্ষেত্রে বাংলাদেশে তার যাপিত জীবন প্রভাব ফেলেছে। গোলাম মুরশিদ রবীন্দ্রমানস ও সৃষ্টিকর্মে পূর্ববঙ্গ গ্রন্থে লিখেছেনÑ ‘পূর্ববঙ্গে বাসকালে কবি কেবল তিন বছর গল্প লেখেননি, আমরা দেখেছি, তার প্রধান কারণ সাময়িক পত্রিকার তাগিদের অভাব কিন্তু গল্প লেখার নেশায় পেয়েছিল বলে, এই তিন বছর তিনি কবিতার ভাষায় গল্প লিখে, সে নেশা মিটিয়েছেন। অপর পক্ষে, তার কলকাতা-শান্তি নিকেতনের জীবনে পত্রিকার তাগিদ যথেষ্ট থাকা সত্ত্বেও গল্প কদাচিৎ লিখেছেন। তার কারণ পদ্মা, ইছামতী ইত্যাদির দু তীরের জীবন ধারা তার মধ্যে গল্প বলার যে-প্রেরণা জাগিয়ে তুলেছিল, পরিবেশের বিরাট পরিবর্তন হেতু পরবর্তীকালে তা শুকিয়ে যায়।’
রবীন্দ্রনাথ ঠাকুর নৌপথে চলার সময় নদীর দুধারের গ্রামগুলো দেখেছেন। নদীতীরবর্তী মানুষের জীবনের মর্মার্থ উপলব্ধি করেছেন। তার ছোটগল্পের জীবন তিনি বাংলাদেশেই দেখেছেন। উনবিংশ শতকের শেষ দশকে বাংলাদেশের প্রকৃত জীবনচিত্র তিনি প্রত্যক্ষপূর্বক ছোটগল্পের আঙ্গিকে প্রকাশ করেছেন। বিশ্বজিৎ ঘোষ অশেষ রীন্দ্রনাথ গ্রন্থে লিখেছেনÑ ‘জমিদারি তত্ত্বাবধান-সূত্রে পদ্মা-ইছামতী-বড়াল-হুড়ো সাগর-চলনবিল-নাগর-যমুনা-মধুমতী-চিত্রা নদীতে ভেসে-ভেসে রবীন্দ্রনাথ বাংলাদেশের জীবন ও প্রকৃতিকে প্রত্যক্ষভাবে দেখার সুযোগ পেয়েছেন। এই দেখার সঙ্গে কবি-কল্পনার মিলন ঘটিয়ে তিনি লিখেছেন অনেকগুলো গল্পÑযেসব গল্পে জীবন ও প্রকৃতি বিমণ্ডিত হয়ে লাভ করেছে একাত্মসত্তা।’
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘পোস্টমাস্টার’ গল্পে একটি গ্রাম পাওয়া যায়। যে গ্রামের নাম উলাপুর। উলাপুরে একজন পোস্টমাস্টার এসেছিলেন চাকরি করতেন। তিনি গ্রামে চাকরি করতে পারবেন না বলে বদলির আবেদন করেছিলেন। বদলি না হওয়ায় চাকরি ছেড়ে চলে যান। এই উলাপুর একটি নদীর তীরবর্তী গ্রাম।
পোস্টমাস্টারকে কাজকর্ম করে দেয় রতন নামে পিতৃ-মাতৃহীন মেয়ে বারো-তেরো বছরের রতন। রতনকে দেখা যায় নদী থেকে রাতে পোস্টমাস্টারের স্নানের পানি আনতে। রবীন্দ্রনাথ ঠাকুর যে উলাপুর গ্রামটি বেছে নিয়েছেন তা নদীর তীরেÑ একথা আলাদা করে বলেননি। কেবল রতনের পানি নিয়ে আসা থেকে এটি বোঝা যায়। আরেকটি ঘটনার দ্বারাও কিছুটা বোঝা যায়Ñ যখন পোস্টমাস্টার গ্রাম ছেড়ে চাকরি ছেড়ে চলে যান। পোস্টমাস্টার পায়ে হেঁটে নৌকা ধরার জন্য রওনা করেন।
‘পোস্টামাস্টার’ গল্পটিতে পোস্টমাস্টার এবং রতনের এক ভিন্নমাত্রার সম্পর্কের গল্প। মানবিক সম্পর্কের এক নয়াদিগন্ত এ গল্পটি। পোস্টমাস্টারের কাজকর্ম করে দিতে গিয়ে স্নেহ পেয়ে অনাথ রতন পরমতম দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। পোস্টমাস্টার অসুস্থ হলে রতন যে দায়িত্ব তুলে নিয়েছিল লেখক তাকে মায়ের দায়িত্ব পালনের কথা বলেছেন, পোস্টমাস্টারের চাকরি ছেড়ে চলে যাওয়ার কথায় রতন ভেঙে পড়েছিল। রতনকে ছেড়ে যাওয়ার সময় পোস্টমাস্টারও মনোকষ্ট নিয়ে গেছেন এবং তার এই যাওয়াটা যেহেতু নৌকাযোগে তাই নদীকে এখানে অনিবার্যরূপে পাওয়া যায়। লেখকের উত্তমপুরুষের বর্ণনায় নদীর কথাÑ ‘ভূতপূর্ব পোস্টমাস্টার নিঃশ্বাস ফেলিয়া হাতে কার্পেট ব্যাগ ঝুলাইয়া, কাঁধে ছাতা লইয়া, মুটের মাথায় নীল ও শ্বেত রেখায় চিত্রিত টিনের পেটরা তুলিয়া ধীরে ধীরে নৌকাভিমুখে চলিলেন। যখন নৌকায় উঠিলেন এবং নৌকা ছাড়িয়া দিল, বর্ষাবিস্ফোরিত নদী ধরণীর উচ্ছলিত অশ্রুরাশির মতো চারিদিকে ছলছল করিতে লাগিল, তখন হৃদয়ের মধ্যে অত্যন্ত একটা বেদনা অনুভব করিতে লাগিলেনÑ একটি সামান্য গ্রাম্য বালিকার করুণ মুখচ্ছবি যেন এক বিশ্বব্যাপী বৃহৎ অব্যক্ত মর্মব্যথা প্রকাশ করিতে লাগিল। একবার নিতান্ত ইচ্ছা হইল, ‘ফিরিয়া যাই, জগতের ক্রোড়বিচ্যুত সেই অনাথিনীকে সঙ্গে করিয়া লইয়া আসি’Ñকিন্তু তখন পালে বাদাম পাইয়াছে, বর্ষার স্রোতে খরতর বেগে বহিতেছে, গ্রাম অতিক্রম করিয়া নদীকূলের শ্মশান দেখা দিয়োছেÑ এবং নদীপ্রবাহে ভাসমান পথিকের উদাস হৃদয়ে এই তত্ত্বের উদয় হইল, জীবনে এমন কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে, ফিরিয়া ফল কী।
‘পোস্টমাস্টার’ ছোটগল্পের বিষয় পোস্টমাস্টার এবং রতনকে আবর্তিত। এ দুজনের সম্পর্কের ধরন বিন্যাসের ক্ষেত্রে নদী-প্রসঙ্গ প্রাণ লাভ করেছে।
‘জীবিত ও মৃত’ রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উল্লেখযোগ ছোটগল্প। এ গল্পে কাদম্বিনী নামের এক বিধবা মহিলার চরিত্র গল্পকার দারুণভাবে চিত্রিত করেছেন। কাদম্বিনী অসহায় নারী। পিতা-পতিকূলে তার কেউ নেই বললেই চলে। অকস্মাৎ একদিন তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়। থানা-পুলিশের ভয়ে তাকে চারজন ব্রাহ্মণ দাহ করার জন্য বাড়ি থেকে বেশ দূরের একটি শ্মশানে নিয়ে যায়। সেখানে একটি অলৌকিক ঘটনার অবতারণা হয়। যে কাদম্বিনীকে দাহ করার জন্য নিয়ে যাওয়া হয়েছে সেই কাদস্বিনী জীবন লাভ করেন এবং শ্মশান থেকে ফিরে আসেন। যদিও শেষে কাদম্বিনীকে মরে প্রমাণ করতে হয়েছে আগে মরেনি।
কাদম্বিনীর মরে গিয়ে জীবিত হয়ে ফিরে আসা এবং শেষে মারা যাওয়াÑ এগুলো এ গল্পের উপজীব্য। এই গল্পের কাহিনি বুননের স্বার্থে শ্মশানের আবহ সৃষ্টিতে এমন একটি পরিবেশের বর্ণনা দেওয়া হয়েছে যেখানে একটি মৃত নদীরও উল্লেখ আছেÑ ‘রানীহাটের শ্মশান লোকালয় হইতে বহুদূরে। পুষ্করিণীর ধারে একখানি কুটির এবং তাহার নিকটে একটা প্রকাণ্ড বটগাছ, বৃহৎ মাঠে আর-কোথাও কিছু নাই। পূর্বে এইখান দিয়া নদী বহিত, এখন নদী একেবারে শুকাইয়া গেছে। সেই শুষ্ক জলপথের এক অংশ খনন করিয়া শ্মশানের পুষ্করিণী নির্মিত হইয়াছে। এখানকার লোকেরা এই পুষ্করিণীকে পুণ্য স্রোতস্বিনীর প্রতিনিধি স্বরূপ জ্ঞান করে।’
‘জীবিত ও মৃত’ গল্পটিতে নদীর এখানে যে অবস্থা তুলে ধরা হয়েছে তা প্রবহমান একটি নদীর চেয়েও গুরুত্বপূর্ণ। আমরা তো কেবল প্রবাহসচল নদী দেখি। সেই নদীর বর্ণনা পাই। প্রাকৃতিকভাবে অনেক সময় নদী খাত পরিবর্তন করে। তখন পুরনো খাত মরে যায়। ঐতিহাসিক বাস্তবতা হলোÑ নদীর পাশে শ্মশানের নির্ধারিত স্থান থাকা। এখানে নদী মরে যাওয়ার পরও সেই শ্মশানের স্থান পরিবর্তন করা হয়নি। বরং ভরাট-মৃত নদীর একটি অংশ খনন করে পুকুর তৈরি করা হয়েছে। নদীর মরে যাওয়াও এক অনিবার্য প্রাকৃতিক পরিণতি। রবীন্দ্রযুগে তো বটে এখনও এমন অগণিত দৃষ্টান্ত আছে।
‘ছুটি’ গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর একটি করুণ আখ্যান রূপায়িত করেছেন। গল্পটি তেরো-চৌদ্দ বছর বয়সী ফটিকের মর্মভেদী করুণ আলেখ্য। গল্পের কলেবর বিশেষ বিস্তৃত নয়। কিন্তু এ গল্পের করুণ সুর চোখ আর্দ্র করে। গ্রামের ছেলে ফটিক। মামার সঙ্গে গিয়েছিল কলকাতায়। অগাধ আগ্রহে কলকাতা গেছে মামার সঙ্গে। কিন্তু মামা-বাড়ির স্নেহ আনুকূল্য জোটেনি। উপরন্তু সে গ্রামজীবন ছেড়ে শহুরে জীবনের সঙ্গে একাত্ম হতে পারেনি। বাবাহীন ফটিক মায়ের জন্যও ব্যাকুল হয়। মামির ক্রমাগত কটুবাক্য ছোট ফটিককে দুঃখের অতলে নিয়েছিল। একদিন জ্বর হলে সে কলকাতার বাসা ছেড়ে একাই গ্রামের উদ্দেশ্যে রওনা করেছিল এবং নিরুদ্দেশ হলে তার মামা বিশ্বম্ভরবাবু পুলিশে খবর দিয়েছিলেন। তারাই তাকে বৃষ্টি-কাদাতে ভেজা অবস্থায় বাসায় পৌঁছে দেয়। বিশ্বম্ভরবাবু তাকে গ্রাম থেকে নিয়ে এসেছেন। আখ্যানের শেষাংশে ফটিকের করুণ পরিণতি দেখি। যা যেকোনো পাঠককে দুঃখবোধের স্তরে পৌঁছে দেবে।
গল্পের এই কাহিনীতে নদীর অবস্থান খুব ম্রিয়মাণ। তবুও যেভাবে যতটুকু আছে তা উল্লেখ করার মতো। গল্পের শুরুতেই প্রসঙ্গক্রমে নদীর বিষয় দেখিÑ ‘বালকদিগের সর্দার ফটিক চক্রবর্তীর মাথায় চট করিয়া একটা নূতন ভাবোদয় হইল, নদীর ধারে একটা প্রকাণ্ড শালকাষ্ঠ মাস্তুলে রূপান্তরিত হইবার প্রতীক্ষায় পড়িয়া ছিল; স্থির হইল, সেটা সকলে মিলিয়া গড়াইয়া লইয়া যাইবে।’
‘ছুটি’ গল্পে আরেকবার নদী প্রসঙ্গ এসেছে। এবারের বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ। ফটিক যখন নগরজীবনে অতিষ্ঠ, মামাবাড়ির প্রতিকূল অসহ্য পরিবেশে তখন তার কেবলি গ্রামের কথা মনে পড়ত। কোনও কথা মনে পড়ত সেই চিত্রকল্প আনয়ন করতে রবীন্দ্রনাথ ঠাকুর নদীর কথা বলেছেন। ‘ছুটি’ গল্পের ক্যানভাসে নদী আছে। যে গ্রামজীবনের ছবি তিনি এ গল্পে রূপ দিয়েছেন, সেখানে নদী থাকায় গভীর দুঃখের দিনেও ফটিক ভাবতে থাকেÑ ‘প্রকাণ্ড একটা ধাউস ঘুড়ি লইয়া বোঁ বোঁ শব্দে উড়াইয়া বেড়াইবার সেই মাঠ, ‘তাইরে নাইরে না’ করিয়া উচ্চৈঃস্বরে সরবরত রাগিণী আলাপ করিয়া অকর্মণ্যভাবে ঘুরিয়া বেড়াইবার সেই নদীতীর, দিনের মধ্যে যখন-তখন ঝাঁপ দিয়া পড়িয়া সাঁতার কাটিবার সেই সংকীর্ণ স্রোতস্বিনী, সেই-সব দলবল, উপদ্রব, স্বাধীনতা এবং সর্বোপরি সেই অত্যাচারিণী অবিচারিণী মা অহর্নিশ তাহার নিরুপায় চিত্তকে আকর্ষণ করিত।’
রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম একটি গল্প ‘সুভা’। গল্পের কেন্দ্রীয় চরিত্র সুভা। তার সম্পূর্ণ নাম সুভাষিণী। নামে সুভাষিণী হলেও সে কথা বলতে পারত না। সে মূক। কথা বলতে না পারলেও সুভা বুঝতে পারত অনেক কিছু। এই গল্পের কাহিনীর সঙ্গে নদীকথাও এমনভাবে এসেছে যে এ গল্প থেকে নদীর অংশ বাদ দিলে গল্প হিসেবে ‘সুভা’ দাঁড়াতে পারবে না। স্বল্পায়তনের এ গল্পে নদীরই আছে দীর্ঘ বর্ণনা। গল্পের পরিমিতি বোধের কারণে অতিভাষ্যের সুযোগ নেই। রবীন্দ্রনাথ ঠাকুর গল্প রচনায় সেই পরিমিতিবোধ প্রতিষ্ঠায় সবসময় সচেষ্ট থেকেছেন। যেহেতু অতিকথন নেই, অতিরিক্ত বর্ণনার আশ্রয় নেননি, সুতরাং গল্পে নদীসংশ্লিষ্ট দীর্ঘ বর্ণনা গল্পকে সমৃদ্ধ করেছে।
আখ্যানকে সুদৃঢ় করার প্রয়োজনেও নদী প্রসঙ্গ ভূমিকা রেখেছে।
নদী পরিবেশের ওপর কীভাবে প্রভাব বিস্তার করে, কীভাবে একটি আবহ সৃষ্টি করে সেসবও সহজেও অনুমেয় এ গল্পে।
সুভার সঙ্গে তার বাবার অনুভূতি, তার মায়ের সঙ্গে মূক মেয়ের সম্পর্কের ধরন, প্রতাপ নামে এক ছেলের সঙ্গে সুভার বন্ধুত্বপূর্ণ সম্পর্কÑ এমনকি গৃহপালিত গরু এবং বিড়ালের সঙ্গে তার সম্পর্ক কীরকম সেসবও গল্পকার তুলে এনেছেন। সুভাদের বাড়ি নদীসংলগ্ন। সুভা এই নদীর পাড়ে আসত সবসময়। প্রকৃতির নীরবতার মধ্যেও এক ধরনের ভাষা আছে বলে গল্পকার উল্লেখ করেছেন। এ রকম বোবাভাষা সুভারও। নদীর কলধ্বনিও এক সময়ে প্রকৃতির ভাষার মতো হয়ে ওঠে। রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে নদীর কথা তুলে এনেছেন এ গল্পেÑ ‘গ্রামের নাম চণ্ডীপুর। নদীটি বাংলাদেশের একটি ছোট নদী, গৃহস্থঘরের মেয়েটির মতো; বহুদূর পর্যন্ত তাহার প্রসর নহে; নিরলসা তন্বী নদীটি আপন কূল রক্ষা করিয়া কাজ করিয়া যায়; দুই ধারের গ্রামের সকলেরই সঙ্গে তাহার যেন একটা-না একটা সম্পর্ক আছে। দুই ধারে লোকালয় এবং তরুচ্ছায়াঘন উচ্চতট; নিম্নতল দিয়া গ্রামলক্ষ্মী স্রোতস্বিনী আত্মবিস্মৃত দ্রুতপদক্ষেপে প্রফুল্লহৃদয়ে আপনার অসংখ্য কল্যাণকার্যে চলিয়াছে।’
নদীতীরে প্রতাপ নিয়মিত মাছ ধরত। সুভার সঙ্গে নিয়মিত সেখানে দেখা হতো। সুভা পান তৈরি করে দিত প্রতাপকে। সুভার বিয়ে ঠিক হলে তাকে শহরে নিয়ে যায় তার বাবা বাণীকণ্ঠ। বিয়েও হয়। বিয়ের পরই বরপক্ষ বুঝতে পারে সুভা কথা বলতে পারে না। সুভার স্বামী আরেক মেয়েকে বিয়ে করে। সমাজে বোবা একটি মেয়ে যে বোঝার মতো সেই চিত্রও গল্পকার তুলে এনেছেন। এসব সবিস্তারে তুলে আনতেই প্রয়োজন মাফিক নদী প্রসঙ্গ কয়েক অনুচ্ছেদে স্থান করে নিয়েছে।
‘সমাপ্তি’ রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য গল্পগুলোর একটি। গল্পটি বিএ পাস অপূর্বকৃষ্ণ এবং মৃন্ময়ীর একটি সম্পর্কের আখ্যান। কার্যত অপূর্ব নিজে পছন্দ করে মৃন্ময়ীকে ভালোবাসে। মৃন্ময়ী বিয়েতে সম্মত ছিল না। পরম-চরম পর্যায়ের চঞ্চলতাপূর্ণ ছিল তা জীবন। ভীষণ দুরন্ত জীবন ছিল। গ্রামে ছুটে বেড়াত। গ্রামাবাসী তার দুরন্তপনা এবং একজন মেয়ের এই জীবন পছন্দ করতেন না। অপূর্ব যখন মৃন্ময়ীকে পছন্দের কথা বলে তখন তার মা বিস্মিত হয়েছিল। ছেলের পছন্দে শেষাবধি বিয়ে হয়। বিয়ের পর গৃহে বাঁধা পড়ে কিছুটা। কিন্তু মাঝে মাঝে সে আগের মতো বেরিয়ে পড়ে গ্রামে। এরই মধ্যে অপূর্ব পড়ালেখার জন্য কলকাতা চলে যায়। যাওয়ার আগে মৃন্ময়ীর কাছে একটি চুমু প্রত্যাশা করেছিল। সেই প্রত্যাশা অপূর্ণ থেকে যায়। অপূর্ব যাওয়া আগে চিঠি লিখতে বলে। চিঠি না লিখলে বাড়ি ফিরবে না- এ কথাও বলে যায়। এরই মধ্যে বদলে যায় মৃন্ময়ী। নিজের বাড়িতে ভালো লাগে না। শাশুড়ির কাছে চলে আসে। একদিন শাশুড়িসহ মৃন্ময়ী কলকতায় যায়। সেখানে অপূর্বের বোনের বাসায় ওঠে। মৃন্ময়ীও যে এসেছে সে কথা অপূর্বকে জানানো হয় না। রাতের খাওয়ার পরে নাটকীয়ভাবে মৃন্ময়ীর সঙ্গে অপূর্বের দেখা হয়। অপূর্বের অপূর্ণ চওয়া পূর্ণ হয়। গল্পটিও শেষ হয়। গল্পের শেষাংশে মৃন্ময়ীকে পরিবর্তিত রূপে পাই। গল্পের নামকরণ হয়েছে ‘সমাপ্তি’। মূলত মৃন্ময়ীর আগের জীবনের সমাপ্তি এখানে দেখানো হয়েছে।
‘সমাপ্তি’ গল্পের কাহিনীর সারাংশ প্রকাশের জন্য নদী প্রসঙ্গ উল্লেখ না করলেও চলে। কিন্তু বিশদভাবে বললে নদী প্রসঙ্গ এড়ানোর কোনো সুযোগ নেই। যে মৃন্ময়ীকে দেখি তার পরিচয় কী? রবীন্দ্রনাথ ঠাকুর মৃন্ময়ীর পরিচয়ে বলেছেনÑ ‘অপূর্ব চিনিতে পারিল তাহদেরই নতুন প্রতিবেশিনীর মেয়ে মৃন্ময়ী। দূরে বড় নদীর ধারে ইহাদের বাড়ি ছিল, সেখানে নদীর ভাঙনে দেশ ত্যাগ করিয়া বছর দুই-তিন হইল এই গ্রামে আসিয়া বাস করিতেছে।’
নদী ভাঙনের বিষয়ও রবীন্দ্রনাথ ঠাকুরের চোখ এড়িয়ে যায়নি। নদী ভাঙনে যারা বাস্তুচ্যুত হয়, এসব অভিবাসী নতুন করে কোথাও গিয়ে বাড়ি করতে হয়। সেখানে তারা নতুন লোক হিসেবে পরিচিত হয়। এদের জীবনে আছে আর্থিক-সামাজিক-মানবিক বিপর্যয়ের করুণ পথরেখা। রবীন্দ্রনাথ ঠাকুর এই গল্পে সেই নদীভাঙনে অভিবাসী মৃন্ময়ীকে গল্পে আনয়ন করেছেন। গল্পে কেবল এতটুকুই নদী-প্রসঙ্গ নয় এবং এরপরেও অনেকবার এসেছে নদী-প্রসঙ্গ। আবার গল্পের শুরুতেও নদী-প্রসঙ্গে দেখতে পাইÑ ‘নদীটি ক্ষুদ্র। বর্ষা অন্তে প্রায় শুকাইয়া যায়। এখন শ্রাবণের শেষে জলে ভরিয়া উঠিয়া একেবারে গ্রামের বেড়া বাঁশঝাড়ের তলদেশ চুম্বন করিয়া চলিয়াছে। বহুদিন ঘন বর্ষার পরে আজ মেঘমুক্ত আকাশে আজ রৌদ্র দেখা দিয়াছে। নৌকায় আসীন অপূর্বকৃষ্ণের মনের ভিতরকার একখানি ছবি যদি দেখিতে পাইতাম, তবে দেখিতাম সেখানেও এই যুবকের মানস-নদী নববর্ষায় কূলে কূলে ভরিয়া আলোক জ্বলজ্বল এবং ছলছল করিয়া উঠিতেছে।
নদীর সঙ্গে কাহিনীর সম্পর্ক স্থাপন সাপেক্ষে নদীর বর্ণনা এরপরেও কয়েকটি অনুচ্ছেদে বিবৃত হয়েছে। রবীন্দ্র ছোটগল্পে নদী তথা নদীনির্ভর এবং নদী তীরবর্তী জনপদ বিস্তৃত অংশ জুড়ে স্থান করে নিয়েছে।
রবীন্দ্রনাথ ঠাকুরের আরও কিছু গল্পে নদীর কথা এসেছে। ‘স্বর্ণমৃগ’ গল্পে নদী-প্রসঙ্গের বিস্তৃতি কম। তবু আছে। ‘ইচ্ছা হইল নদীর জীর্ণ পাড়ের মতো ঝুপ করিয়া ভাঙিয়া জলে পড়িয়া যান।’ কিংবা এ গল্পে আরও আছেÑ ‘দেখিলেন, নদীর দিকে দেয়ালের এক জায়গা ভাঙা; সেইখান দিয়া জল প্রবেশ করিতেছে এবং তাহার পূর্ববর্তী যে-ব্যক্তির কোষ্ঠীতে দৈবধন লাভ লেখা ছিল, সেও সম্ভবত এই ছিদ্র দিয়া প্রবশে করিয়াছিল।’
‘একটি পুরাতন গল্প’ ভিন্ন আঙ্গিকের গল্প। কয়েকজন গল্পকথকের কাছে গল্প শুনতে চান। তিনি সেই গল্প বলার কিছু পটভূমি উত্তমপুরুষে বর্ণনা করেন। সেই গল্পে কী কী পাওয়া গেল কিংবা গল্পটি ভালো লাগার মতো কিনাÑ সবই সেখানে বলা হয়েছে। গল্পটি যে কয়েক অনুচ্ছেদে স্বল্পায়তনের তাও বলা হয়েছে। স্বল্প পরিসরের এই গল্পেও নদীর কথা এসেছে। নদীর পাখি কাদাখোঁচা এবং বনের পাখি কাঠঠোকরা তাদের কথোপকথন আছে খানিকটা। গল্পকথক যখন গল্পটি বলা শুরু করেন, তখন নদীর কথা দিয়ে শুরু করেছেনÑ ‘পৃথিবীর একটি মহানদীর তীরে একটি মহারণ্য ছিল। সেই অরণ্যে এবং সেই নদীতীরে এক কাঠঠোকরা এবং একটি কাদাখোঁচা পক্ষী বাস করিত।’
‘মহামায়া’ গল্পের পটভূমি সহমরণ প্রথা যখন সমাজে বিদ্যমান ছিল সেই সময়ের। মহামায়াকে তার ভাই এক মৃত্যুপথযাত্রী বৃদ্ধের সঙ্গে বিয়ে দেন। বিয়ের পরদিনই মারা যান অশীতিপর বৃদ্ধ। রাজীবলোচনের সঙ্গে মহামায়ার সম্পর্ক ছিল। মহামায়া রাজীবলোচনকে কথা দিয়েছিল সে রাজীবলোচনের ঘরে যাবে। বৃদ্ধের সঙ্গে সহমরণের ব্যবস্থা করা হয়েছিল। দাহ করার কালে প্রচণ্ড ঝড়বৃষ্টিতে লোকজন সরে যান। তখন কিছুটা দগ্ধ হয়ে সহমরণের স্থান থেকে উঠে মহামায়া রাজীবলোচনের ঘরে যান। রাজীবলোচনের সঙ্গে একটি শর্তে থাকতে রাজি হনÑ মহামায়ার মুখ কোনো দিন সে দেখতে চাইবে না। মহমায়ার মুখ সর্বদাই ঘোমটার আড়ালে ছিল। এক জ্যোৎস্নালোকিত রাতে মহামায়ার মুখদর্শন করেন রাজীবলোচন। সেদিন মহামায়া গৃহ ছেড়ে চলে যায়। কোনোদিন ফিরে আসেনি। এই গল্পে কয়েকবার নদী-প্রসঙ্গ এসেছে। গল্পে প্রথম বাক্যেও নদীর কথা পাই। তবে নদী-প্রসঙ্গ এসেছে মন্দিরের অবস্থান বোঝাতেÑ ‘মহামায়া এবং রাজীবলোচন উভয়ে নদীর ধারে একটা ভাঙা মন্দিরে সাক্ষাৎ করিল।’
মহামায়াকে তার ভাই যে বৃদ্ধের সঙ্গে বিয়ে দিয়েছিল সেই বৃদ্ধ শ্মশানের কাছে ছিল। সেই শ্মশানও ছিল নদী তীরেই।
‘মধ্যবর্তিনী’ একটি পরিবারের গল্প। এ গল্পে হরসুন্দরী নিবারণের স্ত্রী। হরসুন্দরী সন্তান জন্ম দিতে অক্ষম। তখন হরসুন্দরী চায় নিবারণ আরেকটি বিয়ে করুক। শৈলবালার সঙ্গে বিয়েও হয়। শৈলবালা সন্তানসম্ভবা অবস্থায় মারা যায়। এসবই এ গল্পের আখ্যানের প্রাণ। রবীন্দ্রনাথ ঠাকুর এ গল্পের বুননে নদীর প্রসঙ্গ এনেছেন কয়েকবার।
রবীন্দ্রনাথ ঠাকুরের আরও অনেক ছোটগল্পে নদীর কথা সরাসরি উঠে এসেছে। অনেক বর্ণনায় পরোক্ষভাবেও নদী এসেছে। তিনি পূর্ববঙ্গের গ্রাম-বাংলার চিত্র যখনই চিত্রিত করেছেন, তখনই নদীকেন্দ্রিকতাকে সেখানে গেঁথে দিয়েছেন। ‘জয় পরাজয়’, ‘মেঘ ও রৌদ্র’, ‘নিশীথে’, ‘আপদ’, ‘ক্ষুধিত পাষাণ’, ‘দুরাশা’, ‘রাজটীকা’, ‘মণিহারা’, ‘ঘাটের কথা’সহ অনেক ছোটগল্পে নদীর কথা বলা হয়েছে। এগুলোতে বলতে গেলে পূর্ববঙ্গের নদীর প্রভাবই বেশি।