× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কবিতা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬ ১২:২৬ পিএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদশ


খাঁচা

আলফ্রেড খোক

একটি সিংহকে দেখার বাসনা নিয়ে

কত বন আর চিড়িয়াখানা

ঘুরে বেড়িয়েছি!


আজ তাকে দেখার পর

সিংহসুলভ অনেক বাসনাই উড়ে গেল

দক্ষিণের ধানক্ষেত দিয়ে;


নিজেকে আর সিংহ সিংহ মনে হচ্ছে না

যখন তার মত আটকে গেছি

মানুষের লোহার খাঁচার ভিতর



দুর্দান্ত সিনেমা 

রেহমান সিদ্দিক

নায়কের সঙ্গে দ্বন্দ্ব প্রতিনায়কের      

পার্শ্বচরিত্ররা ঢালে আগুনে ঘি : দাউদাউ জ্বলে কী আগুন!     

আড়ালে আঘাত করে কালের ভিলেন : হয় রক্তবৃষ্টিপাত

যুদ্ধক্ষেত্রে অশ্বদের ক্লান্ত ছোটাছুটি!                  

গল্পের মোচড়, শব্দ, আলো-ছায়া, ক্যামেরার কাজ, 

মিউজিক, এডিটিংÑ সবকিছুতেই আছে জাদুর পরশ         

ক্লাইমেক্স! এন্টি-ক্লাইমেক্স! টানটান উত্তেজনা!

একসঙ্গে রোদ-বৃষ্টি-ঝড়! 

নানান রঙের প্রজাপতি ডানা ঝাড়ে          

Ñএইসব দৃশ্যাবলি দেখে আমি রাতজাগা পাখি        

দুরন্ত শিশুর হাতে ভোরবেলা গোত্তা-খাওয়া-ঘুড়ি...   

খুলে যায় ভাবনা-জানালা       

কিছু ক্লোজ-আপ আর লং-শট গেঁথে থাকে চোখে

...দুর্দান্ত সিনেমা!  



হ্যাম্পস্টেড

(এক দুপুরের পথসঙ্গী বন্ধু মিনার-কে) 

পিয়াস মজিদ 


রাস্তা আমাকে দেয় 

ধুলোর ধারণা।

যে রাস্তায় ধুলো নেই

সেখানেও ধুলো আছে;

আজ এখানে পা চালিয়ে

মনের বনের বিছানায় 

মাথা পেতে দিয়েছি তো 

প্রাগৈতিহাসিক বালির বালিশে।


কে আমাকে ছেড়ে গেছে 

এই আপেলের পথে,

অচিন পাতাদের ছায়াতে 

যে রোদ থাকে,

তাতে ভিজতে ভালো লাগে। 


প্রতিটি পথিকের কাছে 

ঠিকভুল যাহোক একটা ঠিকানা আছে;

আমি জানি

এক একটা রাস্তা 

এক একটা গন্তব্যের খুনি।



জনম পার হয়ে গেলো 

চরু হক

আমি যে একটা পাখি

তা জানতেই বুঝি একটা জনম পার হয়ে গেলো। 

আজ জেনেছি তাই

উপচে পড়ছে আকাশ, আলোর বৃষ্টিতে

পাতাগুলো তিরতির করে কাঁপছে 

শুরু হয়েছে বাতাসের দৌড়ঝাঁপ, কী পাগলামি!

আমি যে একটা পাখি, 

কেমন করে যে জেনে গেছি আজ, তাই

মেঘের রাজ্যে ডানা দুটি মেলে দেই।



জুজু ও সাঁতারু 

শাহিদা সাথী 

আমাদের পলাশ ফোটার দিনগুলোতে 

বোমা ফোটে প্রতিদিন ধর্মতলার মাঠে। 

আমাদের চোখ ধাঁধিয়ে যায়, অন্ধ-বধির হই।

উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে দিয়ে তাই 

মুখে কুলুপ এঁটে বসে থাকি মোড়লের পায়ের কাছে।

শুল্কের খড়গ দিয়ে মানচিত্র আঁকে বিশ্ব জুজু

ছড়িয়ে দেয় বিষবাষ্প আটলান্টিক থেকে বঙ্গোপসাগর। 

অক্সিজেনের জাহাজ ডুবিতে হাবুডুবু খাই অতল জলে!

আমাদের ডুবে যাওয়াই নিয়তি কেননা 

আমরা ভুলে গিয়েছি পুর্বপুরুষের সাঁতারের কৌশল!

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা