× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দরজা খোলা ও বন্ধ করার শব্দ

ইমদাদুল হক মিলন

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ ১৬:১৯ পিএম

অলংকরণ: তানভীর মালেক

অলংকরণ: তানভীর মালেক

দিপু বলল, ‘তুই এখন আর বাড়ি যাস না?’

রবি আনমনা ছিল। দিপুর কথা শুনে তার দিকে মুখ ফেরাল। ‘ও, তোকে তো বলা হয়নি। আমি এখন আর গ্রামের বাড়ি থেকে কলেজে আসছি না। আমার এক মামার বাড়ি এই সুন্দরগঞ্জে। মামা যখন শুনলেন, আমি এখানকার কলেজে ভর্তি হয়েছি, সঙ্গে সঙ্গে বললেন, অত দূর থেকে এসে কলেজ করার দরকার কী? আমার এত বড় বাড়ি পড়ে আছে। তুই আমার বাড়িতে এসে থাক। ছুটির দিনে গ্রামের বাড়িতে গিয়ে মা-বাবা, ভাই-বোনের সঙ্গে থেকে এলি। শুনে আমি তো খুশিই, মা-বাবাও খুশি। তবে ছোট ভাই-বোনরা মন খারাপ করেছে। কোনোদিন তো ওদের ছেড়ে থাকিনি! ওদের যেমন কষ্ট, আমারও তেমন কষ্ট। তারপরও সপ্তাহে এক দিন ওদের সঙ্গে থাকা হচ্ছে। কয়েক দিনের মধ্যেই আমার মতো ওরাও অভ্যস্ত হয়ে গেছে।’

‘তোর মামার নাম কী রে?’

‘আজিজ মির্জা।’

‘আরে, আজিজ চাচাকে আমরা সবাই চিনি। আমাদের পাড়ার শেষ মাথাতেই তার বাড়ি। বড় ব্যবসায়ী। বাগানবাড়ির মতো বিশাল বাড়ি। কত বড় একটা পুকুর বাড়ির সঙ্গে!’

‘ওই পুকুর ধারের বড় ঘরটাতেই আমি থাকি। চারটা বড় বড় কামরা ওই ঘরে। আমি একটাতে থাকি। অন্যগুলো ফাঁকা। মামার ছেলে-মেয়েরা সবাই ঢাকায় পড়াশোনা করে। বাড়িতে শুধু মামা-মামি থাকেন। তিনজন কাজের লোক আছে।’

‘একা অত বড় একটা ঘরে থাকতে তোর ভয় করে না?’

‘না, কীসের ভয়? আমার ডরভয় কম। একা একাই থাকতে ভালো লাগে। তোর ইচ্ছে হলে কোনো কোনো রাতে তুই আমার সঙ্গে এসে থাকতে পারিস। দুবন্ধু মিলে কলেজের পড়া পড়লাম। তারপর গল্প করতে করতে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা উঠে তুই তোদের বাড়িতে চলে গেলি। পরে দুবন্ধু তৈরি হয়ে একসঙ্গে কলেজে গেলাম!’

রবির কথা শুনে দিপু খুব খুশি। ‘ভারী মজা হবে। দেখি মাকে বলে, আজ রাতেই তোর সঙ্গে থাকা যায় কি না।’

কলেজ থেকে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছিল রবি আর দিপু। মিনিট বিশেকের পথ। গল্প করতে করতে দ্রুতই ফুরিয়ে গিয়েছিল পথ। রাত নটার দিকে দিপু এসে হাজির। রাতের খাবার খেয়েই রবির মামাবাড়িতে চলে এসেছে। এদিকে রবিও খাওয়া-দাওয়া সেরে তার কামরায় বসে লেখাপড়া করছিল। দিপুকে পেয়ে খুব খুশি। পড়াশোনা তারপর আর হলোই না। এক-দেড় ঘণ্টা গল্প করে সাড়ে ১০টার দিকে শুয়ে পড়ল। রবির কামরায় পুরনো দিনের বিশাল এক পালঙ্ক। পাশেই তার পড়ার চেয়ার-টেবিল। বিছানায় শুয়েও কিছুক্ষণ গল্প করল দুই বন্ধু। তারপর লাইট অফ করে ঘুমিয়ে পড়ল।

মাঝরাতে ঘুম ভেঙে গেল দিপুর। ঘুমের ভেতর থেকে সে যেন ঘরের মূল দরজাটি খোলার শব্দ পেল। বোধহয় সেই শব্দেই ঘুম ভেঙেছে। ঘুম ভাঙার পর শব্দটা সে আরও স্পষ্ট শুনতে পেল। পুরনো ঘরের কাঠের দরজা খুলতে গেলে শব্দ কিছুটা হবেই, সে রকম শব্দ। কে খুলল দরজা? এই ঘরে সে আর রবি ছাড়া কেউ নেই। এইতো রবি তার পাশে শুয়ে ঘুমাচ্ছে। তাহলে কে খুলল দরজা? দিপু স্পষ্টই শব্দটা পেল। চোর এলো নাকি?

দিপু রবিকে ধাক্কা দিল। ‘এই রবি, ওঠ ওঠ। বোধহয় চোর এসেছে। দরজা খোলার শব্দ পেলাম। নিশ্চয় সিঁধ কেটে ঘরে ঢুকেছে। অন্য সঙ্গীদের ভেতরে ঢোকার জন্য দরজা খুলে দিয়েছে।’

রবি ঘুম জড়ানো স্বরে বলল, ‘আরে না, চোরটোর আসেনি। তুই ঘুমা।’

‘দরজা খোলার শব্দ পেলাম তো!’

‘ও কিছু না। রোজই ও রকম শব্দ হয়। ঘুমা।’

দিপু বুঝতেই পারল না আসলে ঘটনাটা কী? সে আসার পর তার সামনেই ঘরের মূল দরজায় খিল এঁটে দিয়েছে রবি। তারা যে কামরায় শুয়েছে, সেই কামরার দরজাও বন্ধ করা হয়েছে। তাহলে দরজা খোলার শব্দ হয় কী করে?

এসব ভাবতে ভাবতে ঘুমে চোখ জড়িয়ে এলো দিপুর। এ সময় সে শুনতে পেল তাদের কামরার বাইরের খোলা জায়গাটিতে কারা যেন হাঁটাচলা করছে। বোধহয় দু-তিনজন হবে। কথাবার্তার শব্দ নেই, শুধুই হাঁটাচলা। বেশ স্পষ্টই বোঝা যাচ্ছে।

দিপু আবার রবিকে ধাক্কা দিল। ‘রবি, ওই শোন, ঘরের ভেতর কারা যেন পায়চারি করছে!’

রবি এবারও নির্বিকার। আগের মতোই ঘুম জড়ানো স্বরে বলল, ‘ও কিছু না রে, দিপু। এ রকম হাঁটাচলার শব্দ রোজই হয়। ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড়।’

‘দরজা খোলার শব্দ শুনে বললি, ও কিছু না। এখন ঘরের ভেতর হাঁটাচলার শব্দ শুনে বলছিস, ও কিছু না। রোজই এ রকম হয়। এসবের মানে কী?’

‘তুই ঘুমা তো। সবকিছুর মানে খোঁজার দরকার নেই।’

দিপু এবার একটু রাগল। ‘নিশ্চয়ই দরকার আছে। ওঠ, চল লাইট জ্বালিয়ে দেখি ঘরের দরজাটা খোলা কি না আর ভেতরে কারা পায়চারি করছে।’

‘লাইট এখন জ্বলবে না। চাইলে তুই সুইচ টিপে দেখতে পারিস। জ্বললে তুই গিয়ে দেখ, কে দরজা খুলল, কারা ঘরের ভেতর পায়চারি করছে। আমি যাব না। আমি ঘুমাব।’

‘লাইট জ্বলবে না কেন?’

‘তা জানি না। তবে জ্বলবে না। প্রথম প্রথম ও রকম শব্দ শুনে আমিও বিছানা ছেড়েছি। সুইচ টিপে দেখেছি। জ্বলে না। কী আর করব, অন্ধকারেই ঘুমিয়ে গেছি। যে ইচ্ছা দরজা খুলুক, যাদের ইচ্ছা পায়চারি করুক। আমার অসুবিধা কী? এসব ভেবে সময় নষ্ট করিস না, দিপু। ঘুমিয়ে পড়।’

দিপুর তখন বেশ রাগ হচ্ছে। ওদিকে পায়চারির শব্দ বেশ স্পষ্ট। এত রাতে ঘরে ঢুকে কারা পায়চারি করছে, ওই নিয়ে রবি এত নির্বিকার কেন, তা সে বুঝতেই পারল না। আর বন্ধ দরজা বাইরে থেকে কীভাবেই-বা খোলা হলো, তাও তার মাথায় এলো না। না, ব্যাপারটা কী, তা বুঝতেই হবে। রবি ঘুমাচ্ছে ঘুমাক। দিপু দেখবেই।

পালঙ্ক থেকে নেমে সুইচ টিপল দিপু। বাতি জ্বলল না। কেন? ব্যাপারটা বুঝতে পারল না দিপু। এই এলাকায় রাতের বেলা বিদ্যুৎ যায় না। আজ গেছে কেন? রবি বলল, প্রথম প্রথম সেও সুইচ টিপে দেখেছে। আলো জ্বলে না। এ দেখছি অদ্ভুত কাণ্ড!

রবি আসলে তখন জেগেই আছে। বলল, ‘বললাম তো আলো জ্বলবে না! কেন অযথা চেষ্টা করছিস? ঘুমিয়ে পড়। সকালে কলেজ আছে।’

ঘরের ভেতর নিরেট অন্ধকার। বাইরে ঝিঁঝিঁ পোকা ডাকছে। কোথাও অন্য কোনো শব্দ নেই। রবির কামরার বাইরে তখনও মৃদুপায়ে কারা যেন হাঁটাচলা করছে। এবার দিপু একটু ভয় পেল।

দিপুর মনের কথা যেন বুঝতে পারল রবি। বলল, ‘তুই বোধহয় এখন একটু ভয় পেয়েছিস, দিপু। আয় শুয়ে পড়। এসব নিয়ে ভেবে লাভ নেই। ওই দরজাটা রোজ রাতেই খোলা হয়। যারা আসার তারা আসে। বোধহয় তিনজন। ফাঁকা কামরাগুলোতে থাকে। ভোর হওয়ার আগেই বেরিয়ে যায়। তুই তো দরজা খোলার শব্দ শুনলি। পায়চারির শব্দও শুনছিস। ও আমি রোজ রাতেই শুনি। প্রথম প্রথম ভয় লেগেছে। এখন আর লাগে না। ওরা ওদের মতো থাকে, আমি থাকি আমার মতো। ভোরের আলো ফুটে ওঠার আগে দরজা বন্ধ করার শব্দও পাবি। কীভাবে দরজা খোলা হয়, কীভাবে বন্ধ করা হয়, ওসব নিয়ে ভাবিস না। ওরা এসব পারে।’

দিপু ভয়ার্ত স্বরে বলল, ‘ওরা কারা?’

রবি অবাক। ‘বুঝতে পারিসনি? কী বোকা! রাতের বেলা ওদের নাম নিতে হয় না। শুয়ে পড়, শুয়ে পড়। আগেও বলেছি, এসব নিয়ে ভেবে লাভ নেই। মাঝে মাঝে এসে আমার সঙ্গে থাক। তাহলে তোরও আমার মতো অভ্যাস হয়ে যাবে। ভয় পেলেই ভয় না পেলে কিছুই না। ওরা তো আমার কোনো ক্ষতি করছে না! ওরা ওদের মতো থাকে, আমি থাকি আমার মতো। শুধু রাতের বেলারই তো ব্যাপার! ওরা দিনে আসে না। আগে ঘরটা ফাঁকা ছিল। ওরা নিজেদের মতো থাকত। আমি এসে একটা কামরার দখল নিয়েছি। বোধহয় এই কামরাটা ফাঁকাই ছিল। ওরা এই কামরায় কেউ থাকত না। থাকলে ঝামেলা করত। ওরা থাকে অন্য তিনটায়। কোনো ঝামেলা করে না। তুই শুয়ে পড়।’

দিপু যা বোঝার বুঝে গেল। ভয়ে তার হাত-পা কাঁপতে লাগল। গলা শুকিয়ে গেল। এসব নিয়ে আর কথা বলল না। রবির গা ঘেঁষে শুয়ে রইল। বাকি রাত একটুও ঘুম হলো না। ভোর রাতের দিকে ঘরের মূল দরজা বন্ধ করার শব্দটাও সে পেল। তবে তারপর আর কখনও সে রবির সঙ্গে রাতে থাকতে যায়নি। রবি তার মতো করে ওই ঘরে ভালোই আছে। তার কোনো অসুবিধা হচ্ছে না। যেন অশরীরী ওদের সঙ্গে বেশ মানিয়েই চলছে সে। ওরা যেন তার পড়শি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা