প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬ ১৮:১৬ পিএম
শিল্পকলা একাডেমিতে ‘হ্যানিম্যান’ নাটকের প্রদর্শনী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মঞ্চস্থ হতে যাচ্ছে মহাকাল নাট্য সম্প্রদায়ের ৪৫তম প্রযোজনা ‘হ্যানিম্যান’। অপূর্ব কুমার কুণ্ডু রচিত ও শুভাশীষ দত্ত তন্ময় নির্দেশিত এই নাটকটির এটি ৪র্থ প্রদর্শনী।
এর আগে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ‘প্রতিদিনের বাংলাদেশ’-এর সম্পাদক মারুফ কামাল খান নাটকটির মঞ্চায়ন উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল নাট্যজন কামাল বায়েজীদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পলি বিশ্বাস।
উদ্বোধনী অনুষ্ঠানে পাঁচজন পুরুষ একক অভিনয়শিল্পী—খন্দকার শাহআলম, শিশির রহমান, এইচ আর অনিক, মোহাম্মদ শাহনেওয়াজ ও মাহবুব সুজনকে উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়। নাটক শেষে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের রেজিস্ট্রার ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
হোমিওপ্যাথি চিকিৎসার জনক ডা. স্যামুয়েল হ্যানিম্যানের জীবন ও কর্মকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে এই নাটকটি। এতে নাম ভূমিকায় একক অভিনয় করেছেন নাট্যজন মীর জাহিদ হাসান। ৮৮ বছরের দীর্ঘ জীবনে হ্যানিম্যানের সংগ্রাম, জার্মানি থেকে ফ্রান্সে পাড়ি জমানো, দ্বিতীয় স্ত্রীর সাহচর্যে চিকিৎসা পদ্ধতির প্রসার, মেটেরিয়া মেডিকা গ্রন্থ রচনা এবং নানা প্রতিকূলতার গল্প এখানে তুলে ধরা হয়েছে। ‘মানুষ মরণশীল, কিন্তু রোগের চিকিৎসা আছে’—এই অমোঘ সত্যটিই নাটকের মূল উপজীব্য।
নাটকটি সম্পর্কে নাট্যকার অপূর্ব কুমার কুণ্ডু বলেন, মানুষ মরণশীল কিন্তু রোগের চিকিৎসা আছে—এই অমোঘ সত্য জানা ও জানানোর ব্রত নিয়েই ‘হ্যানিম্যান’ নাটকটি লেখা এবং মহাকাল নাট্য সম্প্রদায়ের মতো ঐতিহ্যবাহী দল যে নির্মাণ করতে চলেছে, তার জন্য রয়েছে সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা।
নির্দেশক শুভাশীষ দত্ত তন্ময় বলেন, মহড়ার মধ্য দিয়েই স্পষ্ট হয়েছে এটি মানুষের জীবন, সংগ্রাম ও মানবিকতার গল্প। নাটকের সংলাপ ও ঘটনাপ্রবাহ দর্শককে নতুন করে বাঁচার অনুপ্রেরণা দেবে। পাশাপাশি, হ্যানিম্যান চরিত্রে অভিনেতা মীর জাহিদ হাসানকে দর্শক এক ভিন্ন ও নতুন রূপে আবিষ্কার করবেন।
মহাকাল নাট্য সম্প্রদায়ের দলীয় প্রধান এবং হ্যানিম্যান নাটকের নাম ভূমিকায় একক অভিনেতা মীর জাহিদ হাসান বলেন, “দলের ৪৩ বছর পূর্তির মহেন্দ্রক্ষনে দল ‘হ্যানিম্যান’ নাটকে একক অভিনয়ের মতো এতবড় দায়িত্ব দেওয়ায় আমি আপ্রাণ চেষ্টা করছি—নির্দেশকের সুনিপুণ পরিকল্পনায়, আমার ৫ দশকের মঞ্চ পরিভ্রমণের সবটুকু অভিজ্ঞতা দিয়ে সম্মানিত দর্শকদের সামনে নাটকটি উপস্থাপন বা পরিবেশন করবার।
“মানুষ মরনশীল, কিন্তু রোগের চিকিৎসা আছে—এ অমোঘ বাক্যটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, অভিনয়শৈলী নিয়ে উপস্থিত হতে চেয়েছি দর্শকের সামনে। দর্শক ভালোবেসে আমাকে, আমার অভিনয়কে গ্রহন করতে সকলের আশীর্বচন প্রত্যাশী।”
নাটকটির আলোক পরিকল্পনায় আছেন আবু আজাদ, সেট ও প্রপসে পলাশ হেনড্রী সেন, পোশাকে আইরিন পারভীন লোপা এবং সংগীতে হামিদুর রহমান পাপ্পু। কোরিওগ্রাফি করেছেন সৈয়দা কানিজ ফাতেমা লিসা এবং মেকআপে রয়েছেন শুভাশীষ দত্ত তন্ময়। এছাড়া প্রযোজনা ব্যবস্থাপনায় পলি বিশ্বাস ও অধিকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ শাহনেওয়াজ।