× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জননীর আত্মযত্ন

নুসরাত মুনা

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬ ১৬:১৩ পিএম

মেয়ে অরণ্যকে সঙ্গে নিয়ে জুবাইদা শাওলী ইলা এবং মেয়ে পারিসাকে সঙ্গে নিয়ে শাহিদা শাহীন

মেয়ে অরণ্যকে সঙ্গে নিয়ে জুবাইদা শাওলী ইলা এবং মেয়ে পারিসাকে সঙ্গে নিয়ে শাহিদা শাহীন

একটি শিশুর জন্ম পরিবারে আনন্দের বন্যা বয়ে আনে। কিন্তু এই আনন্দের মধ্যে প্রায়ই উপেক্ষিত থেকে যান সেই মানুষটি, যিনি নয় মাসের অক্লান্ত পরিশ্রম ও অসহ্য যন্ত্রণা সহ্য করে এই নতুন প্রাণকে পৃথিবীর আলোয় নিয়ে এসেছেন, সেই মা। সন্তান জন্ম একটি পরিবারের জন্য আনন্দের, কিন্তু একজন মায়ের জন্য এটি শারীরিক ও মানসিকভাবে গভীর পরিবর্তনের সময়।

বিশ্ব স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, প্রসবের পর প্রথম ছয় সপ্তাহ যা ‘পোস্ট-নাটাল পিরিয়ড’ মায়ের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময়গুলোর একটি। এই সময়টিতে সঠিক যত্ন নিশ্চিত করা না গেলে মায়ের স্বাস্থ্য যেমন ঝুঁকিতে পড়ে, তেমনি শিশুর সুস্থ বিকাশও ব্যাহত হতে পারে। বাংলাদেশের প্রেক্ষাপটে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ, কারণ এখানে অনেক ক্ষেত্রে নতুন মায়ের যত্ন এখনও পারিবারিক অভ্যাস বা প্রচলিত ধারণার ওপর নির্ভরশীল। চিকিৎসকের পরামর্শের চেয়ে প্রচলিত রীতিগুলোকে বেশি গুরুত্বপূর্ণ মনে করা হয়। ফলে সচেতনতা বৃদ্ধি এবং সঠিক তথ্যভিত্তিক যত্ন নিশ্চিত করা এখন সময়ের দাবি। 

শারীরিক যত্ন

প্রসবের পর একজন মায়ের শরীর যেন এক কঠিন লড়াই শেষে ফেরা যোদ্ধার মতো ক্লান্ত, অবসন্ন থাকে। স্বাভাবিক প্রসব হোক বা সিজারিয়ান, উভয় ক্ষেত্রেই শরীরকে পুরোপুরি সুস্থ হতে সাধারণত ছয় সপ্তাহ থেকে তিন মাস পর্যন্ত সময় লাগে। এই সময়টিতে পরিকল্পিত যত্ন, পর্যাপ্ত বিশ্রাম এবং সুষম পুষ্টিই মায়ের দ্রুত সুস্থতার প্রধান ভিত্তি।

প্রসবের পরপরই মায়ের শরীরে হরমোনের বড় ধরনের পরিবর্তন ঘটে। ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের মাত্রা দ্রুত কমে যায়, অন্যদিকে অক্সিটোসিন ও প্রোল্যাক্টিন হরমোনের পরিমাণ বাড়ে, যা মাতৃদুগ্ধ উৎপাদন ও শিশুর সঙ্গে আবেগীয় বন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে এই হরমোনগত পরিবর্তনের কারণেই অনেক মা শারীরিক দুর্বলতার পাশাপাশি আবেগীয় পরিবর্তনও অনুভব করেন।

বিশেষজ্ঞদের মতে, প্রসব-পরবর্তী প্রথম সপ্তাহে মায়ের প্রতিদিন অন্তত ৭–৮ ঘণ্টা ঘুম নিশ্চিত করা জরুরি। যেহেতু নবজাতকের যত্নে ঘুম ভেঙে যায়, তাই শিশু ঘুমালে মা-ও ঘুমাবেন এই অভ্যাস গড়ে তোলা গুরুত্বপূর্ণ। রাতের দায়িত্ব পরিবারে অন্য সদস্যদের সঙ্গে ভাগ করে নিলে মায়ের ওপর চাপ কমে।

পুষ্টির দিক থেকেও এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন নতুন মায়ের দৈনিক ক্যালরির চাহিদা স্বাভাবিকের তুলনায় প্রায় ৪০০–৫০০ কিলোক্যালরি বেশি হয়, বিশেষ করে যদি তিনি শিশুকে বুকের দুধ খাওয়ান। তাই খাদ্যতালিকায় প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম, ফলিক অ্যাসিড ও ভিটামিনসমৃদ্ধ খাবার রাখা জরুরি। ডাল, মাছ, ডিম, মাংস, দুধ, সবুজ শাক-সবজি ও তাজা ফল প্রতিদিনের খাবারে অন্তর্ভুক্ত করা উচিতÑ যা শরীরের ক্ষয়পূরণে সহায়তা করে এবং শক্তি ফিরিয়ে আনে।

গাইনোকলোজিক্যাল অনকোলজি সাব স্পেশালিটি ইউনিট ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. তাহমিনা খান শাম্মি ডিজিও, এফসিপিএস (গাইনি ও অবস্টেট্রিকস) বলেন, ‘প্রসবের পর আয়রন ও ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা মায়ের শারীরিক অবস্থা, রক্তস্বল্পতা, গর্ভাবস্থায় গ্রহণ করা সাপ্লিমেন্ট এবং চিকিৎসকের পরামর্শের ওপর নির্ভর করে। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী postpartum iron and calcium supplementation চালিয়ে যাওয়া প্রয়োজন হতে পারে। বিশেষ করে যাদের রক্তস্বল্পতা রয়েছে, তাদের ক্ষেত্রে আয়রন গ্রহণ গুরুত্বপূর্ণ। গর্ভাবস্থা ও প্রসবের পর মায়ের শরীরে যে পুষ্টিগত চাহিদা তৈরি হয়, তা পূরণের জন্য পর্যাপ্ত পানি, তরল, প্রোটিন, শাক-সবজি, ফলমূল এবং সুষম খাবার গ্রহণ করা প্রয়োজন। পর্যাপ্ত পুষ্টি মায়ের সুস্থতা, শক্তি ও বুকের দুধ খাওয়ানোর সক্ষমতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ।’

চিকিৎসাবিজ্ঞানের ভাষায়, প্রসবের পর প্রথম ৪২ দিনকে বলা হয় ‘পোস্ট-নাটাল পিরিয়ড’। এই সময়টি শুধু পুনরুদ্ধারের নয়, বরং ঝুঁকির দিক থেকেও অত্যন্ত সংবেদনশীল। বিশেষজ্ঞদের মতে, প্রসবের পর প্রথম ২৪ ঘণ্টা এবং প্রথম এক সপ্তাহ সবচেয়ে ঝুঁকিপূর্ণ এই সময় অতিরিক্ত রক্তক্ষরণ, সংক্রমণ বা অন্যান্য জটিলতার সম্ভাবনা বেশি থাকে। তাই এই সময় নিবিড় পর্যবেক্ষণ ও যত্ন অপরিহার্য।

সিজারিয়ান মায়েদের ক্ষেত্রে ক্ষতস্থানের বিশেষ যত্ন নিতে হয়। ক্ষত পরিষ্কার ও শুকনো রাখা, ভারী কাজ এড়িয়ে চলা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করা অত্যন্ত জরুরি। অন্যদিকে স্বাভাবিক প্রসবের ক্ষেত্রে পেরিনিয়াল এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখা, হালকা চলাফেরা এবং কেগেল ব্যায়ামের মতো অনুশীলন পেলভিক ফ্লোরের শক্তি ফিরিয়ে আনতে সাহায্য করে।

  ছেলে মাসাবিহ সালেহীনকে সঙ্গে নিয়ে উম্মে নেহের শাহাব  এবং ছেলে আরহান আলম সানাফকে সঙ্গে নিয়ে নিগার জাহান খন্দকার সিন্ধু

মানসিক স্বাস্থ্য

প্রসবের পর অনেক মা হঠাৎ আবেগপ্রবণ হয়ে পড়েন, অকারণে কান্না পায় বা অস্থিরতা অনুভব করেন যা কয়েকদিনের মধ্যেই কমে যায়। কিন্তু যখন এই অনুভূতিগুলো দীর্ঘস্থায়ী হয় এবং দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে, তখন সেটি ‘পোস্ট-পার্টাম ডিপ্রেশন’ বা প্রসব-পরবর্তী বিষণ্নতা হিসেবে বিবেচিত হয়Ñ যা একটি গুরুতর মানসিক স্বাস্থ্য সমস্যা। 

বিশেষজ্ঞদের মতে, প্রসবের পর প্রথম কয়েক সপ্তাহ থেকে শুরু করে এক বছরের মধ্যেও যেকোনো সময় এই সমস্যা দেখা দিতে পারে। বাংলাদেশেও এর হার ধীরে ধীরে বাড়ছে, কিন্তু সচেতনতার অভাবে অধিকাংশ ক্ষেত্রেই তা চিহ্নিত হয় না, বা চিহ্নিত হলেও গুরুত্ব পায় না।

বাস্তবতা হলোÑ আমাদের সমাজে মানসিক স্বাস্থ্য নিয়ে এখনো গভীর ভুল ধারণা রয়েছে। অনেক পরিবারই প্রসবের পর মায়ের মানসিক পরিবর্তনকে ‘স্বাভাবিক দুর্বলতা’ বা ‘অতিরঞ্জিত আবেগ’ বলে এড়িয়ে যান। ফলে একজন মা তার ভেতরের কষ্ট নিয়ে নীরবে লড়াই করতে থাকেন। বাংলাদেশে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতার অভাব এখনও প্রকট। প্রসবের পর অনেক মা পোস্ট-পার্টাম ডিপ্রেশনে ভোগেন, কিন্তু পরিবার বা সমাজ প্রায়ই এটাকে ‘দুর্বলতা’ বলে উড়িয়ে দেয়। গবেষণা বলছে, প্রতি পাঁচজন নতুন মায়ের মধ্যে একজন প্রসবোত্তর বিষণ্নতায় আক্রান্ত হন।

কান্না আসা, একাকিত্ব অনুভব করা, শিশুর সাথে সংযোগ না পাওয়া, অতিরিক্ত উদ্বেগ বা ঘুমের সমস্যাÑ এগুলো পোস্ট-পার্টাম ডিপ্রেশনের লক্ষণ হতে পারে। এই অবস্থায় মাকে দোষারোপ না করে, তার কথা মনোযোগ দিয়ে শোনা এবং প্রয়োজনে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। পরিবারের একটু উষ্ণতা, একটু ধৈর্য্য এবং সহমর্মিতা একজন মাকে এই কঠিন সময় পার করতে বিশাল শক্তি দিতে পারে।

ডা. তাহমিনা খান শাম্মি বলেন, ‘প্রসবের পর মায়ের পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শিশুর যত্নের দায়িত্ব পরিবারের সদস্যরা ভাগ করে নিলে মায়ের ওপর চাপ কমে। দীর্ঘস্থায়ী ঘুমের ঘাটতি ও অতিরিক্ত মানসিক চাপ মায়ের মানসিক সুস্থতাকে প্রভাবিত করতে পারে এবং postpartum depression-এর ঝুঁকি বাড়াতে পারে। তাই মায়ের শারীরিক ও মানসিক সুস্থতার দিকে পরিবারের সবাইকে নজর রাখতে হবে।’

পারিবারিক সহযোগিতা

একটি নতুন শিশুর আগমনে পরিবারের সকলে উৎসবে মেতে ওঠেন, কিন্তু মায়ের দিকে মনোযোগ দেওয়া প্রায়ই ভুলে যান। শিশুর দেখাশোনায় পরিবারের অন্য সদস্যরা হাত বাড়ালে মা বিশ্রাম নিতে পারেন। স্বামী, শাশুড়ি বা মা-বাবা কিংবা পরিবারের অন্য মহিলা সদস্যরা যদি রাতের ডিউটি ভাগ করে নেন, তাহলে মায়ের ঘুম নিশ্চিত হয় এবং মানসিক চাপ কমে।

নতুন মায়ের রান্না, ঘর পরিষ্কার বা কাপড় ধোয়ার মতো গার্হস্থ্য কাজের চাপ কমানো উচিত। তাকে নিজের জন্য সময় দেওয়া, একটু বই পড়া, গান শোনা বা কেবল চুপচাপ বসে থাকার সুযোগÑ এগুলো তার মানসিক সুস্থতার জন্য জরুরি। মনে রাখতে হবে, একজন সুস্থ ও সুখী মা-ই পারেন তার শিশুকে সর্বোত্তম যত্ন দিতে।

সদ্য মা হওয়া লাইলি আক্তার জানান, ‘নতুন মা হওয়ার পর বুঝলাম এই পথটা গল্পের মতো সুন্দর না, অনেক কষ্ট, অগোছাল আর ক্লান্তিতে ভরা। রাতে ঘুম নেই, নিজের চিরচেনা রুটিনের পরিবর্তন, নিজের জন্য কোনো সময় নেই। ছোট পরিবার হওয়ায় বেশিরভাগ দায়িত্বই নিজের কাঁধে, সবসময় ঠিকভাবে সামলাতে পারি না, মাঝে-মধ্যে ভেঙেও পড়ি। তবুও, যখন আমার ছোট্ট শিশুর দিকে তাকাই, এক অদ্ভুত শক্তি ফিরে পাই। মনে হয়, আবার শুরু করতে পারব। আর তার সঙ্গে আমার স্বামীর দেওয়া সাহস আমাকে প্রতিদিন একটু একটু করে সামনে এগিয়ে যেতে সাহায্য করে।’

বুকের দুধ খাওয়ানো

শিশুর জন্মের পর প্রথম ছয় মাস শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ানো বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সুপারিশকৃত পদ্ধতি। বুকের দুধ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, মস্তিষ্কের বিকাশে সহায়তা করে এবং মা ও শিশুর মধ্যে একটি গভীর আবেগময় বন্ধন তৈরি করে। তবে বুকের দুধ খাওয়ানো মায়ের জন্যও শারীরিকভাবে কঠিন হতে পারে নিপল ব্যথা, দুধ না আসা বা অতিরিক্ত দুধ জমার মতো সমস্যা দেখা দিতে পারে।

ডা. তাহমিনা খান শাম্মি বলেন, ‘ডেলিভারির পর শুধু নবজাতকের নয়, মায়ের যত্নও সমান গুরুত্বপূর্ণ। কারণ মা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকলেই তিনি শিশুর যথাযথ যত্ন নিতে পারবেন এবং সফলভাবে বুকের দুধ খাওয়াতে পারবেন। ডেলিভারির পর শিশুকে মায়ের বুকের দুধ খাওয়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবারের সদস্যদের এ বিষয়ে সচেতন থাকতে হবে এবং নতুন মাকে প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে।

অনেক সময় ভুল ধারণার কারণে পরিবারের কেউ কেউ মনে করেন, নতুন মা পর্যাপ্ত বুকের দুধ দিতে পারবেন না। তখন অপ্রয়োজনে ফিডার বা গরুর দুধ শুরু করা হয়। বিশেষ করে শিশুর প্রথম ছয় মাসে, চিকিৎসকের পরামর্শ ছাড়া এ ধরনের বিকল্প খাবার শুরু না করে শুধু মায়ের বুকের দুধ দেওয়াকে উৎসাহিত করা উচিত।’

প্রসবের পর ব্যায়াম

ডেলিভারির পর শরীরকে স্বাভাবিক অবস্থায় ফিরতে কিছুটা সময় লাগে। তাই ব্যায়াম শুরুর সময় ডেলিভারির ধরন, মায়ের শারীরিক অবস্থা এবং কোনো জটিলতা আছে কি নাÑ এসব বিবেচনা করা জরুরি। সাধারণভাবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ধীরে ধীরে হালকা হাঁটা ও পেলভিক ফ্লোর এক্সারসাইজ শুরু করা যায়। এই এক্সারসাইজ মাসল শক্তিশালী করতে সহায়ক হতে পারে। তবে সিজারিয়ান ডেলিভারি, প্রসবজনিত জটিলতা বা অন্য কোনো সমস্যা থাকলে ব্যায়াম শুরুর আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

সমাজের দায়িত্ব ও মানসিকতার পরিবর্তন

আমাদের সমাজে মা হওয়াকে প্রায়ই খুব স্বাভাবিক একটি ঘটনা হিসেবে দেখা হয়। সন্তান জন্ম দেওয়ার কয়েক দিনের মধ্যেই একজন নতুন মায়ের কাছে আশা করা হয় তিনি আবার আগের মতো সবকিছু সামলাবেন, ঘর দেখবেন, অতিথি সামলাবেন, শিশুর যত্নে নিখুঁত হবেন এবং সবসময় হাসিখুশি থাকবেন। যেন মাতৃত্বের সঙ্গে সঙ্গে তাকে এক মুহূর্তেই পারফেক্ট মা হয়ে উঠতে হবে। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন।

একজন নতুন মা একইসঙ্গে শারীরিক ব্যথা, ঘুমহীনতা, হরমোনগত পরিবর্তন, মানসিক চাপ এবং নতুন দায়িত্বের সঙ্গে লড়াই করেন। এই সময় ভুল হওয়া, ক্লান্ত হয়ে পড়া বা আবেগপ্রবণ হয়ে যাওয়া খুবই স্বাভাবিক। অথচ আমাদের সমাজ অনেক ক্ষেত্রেই সেই স্বাভাবিক মানবিক দিকগুলো মেনে নিতে প্রস্তুত নয়। বিশেষ করে পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যদের কাছ থেকে নতুন মায়েরা প্রায়ই অনাকাঙ্ক্ষিত পরামর্শ, তুলনা বা সমালোচনার মুখোমুখি হন।

মনোবিজ্ঞানীরা বলছেন, মাতৃত্বের শুরুতেই অতিরিক্ত প্রত্যাশা এবং ক্রমাগত অভিযোগ  করার প্রবণতা একজন নতুন মায়ের আত্মবিশ্বাস ভেঙে দিতে পারে। এতে তিনি নিজেকে অযোগ্য ভাবতে শুরু করেনÑ যা ধীরে ধীরে উদ্বেগ বা পোস্ট-পার্টাম ডিপ্রেশনের ঝুঁকি বাড়ায়।

বিশেষজ্ঞদের মতে, একজন নতুন মায়ের সবচেয়ে বেশি প্রয়োজন সমালোচনা নয়, বরং সহানুভূতি। তাকে শেখানোর আগে তার কথা শোনা জরুরি। পরামর্শ দেওয়ার আগে জানতে হবে, তিনি কেমন আছেন। তিনি পরামর্শ নিতে প্রস্তুত কিনা। নতুন মা বলে সবাই মিলে তাকে পরামর্শ দিতে শুরু করা ঠিক নয়। একজন মা যদি শিশুকে সময়মতো শান্ত করতে না পারেন, যদি ঘর সবসময় গুছানো না থাকে, বা যদি তিনি ক্লান্ত হয়ে কান্না করেন, তবে সেটি তার ব্যর্থতা নয়; সেটি মাতৃত্বের বাস্তবতা।

তাই পরিবার ও সমাজের দায়িত্ব হলো- নতুন মায়ের পাশে দাঁড়ানো। তাকে ছোট না করা, তার ভুলগুলোকে মানবিকভাবে দেখা, এবং তাকে মনে করিয়ে দেওয়া তিনি যথেষ্ট ভালো একজন মা। একটি সহানুভূতিশীল বাক্য, কিছুটা বিশ্রামের সুযোগ, কিংবা ‘তুমি খুব ভালো করছ’- এই কয়েকটি শব্দও একজন নতুন মায়ের মানসিক শক্তি হয়ে উঠতে পারে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা