× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংসারে নতুন মুখ

কেমন থাকেন মা

তন্বিতা ঘোষ

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬ ১৬:০৯ পিএম

সন্তান জন্মের পর মায়ের মানসিক স্বাস্থ্য   ছবিঃ শাহিদা শাহীন

সন্তান জন্মের পর মায়ের মানসিক স্বাস্থ্য ছবিঃ শাহিদা শাহীন

খুব স্বাভাবিকভাবেই একজন নতুন মা একইসঙ্গে নানা রকম অনুভূতির স্বাদ পেয়ে থাকেন তার জীবনে। যে অনুভূতি বা আচরণগুলো সাধারণত একজন নতুন মায়ের মধ্যে দেখা যায় তা হলোÑ শিশুকে নিয়ে খুব আনন্দ ও অতিরিক্ত আবেগ, অতিরিক্ত দুশ্চিন্তা, অতি সতর্কতা, অতি সাবধানতা, ভালো মা হতে চেষ্টা করার অতিরিক্ত উদ্বিগ্নতা, নিজের শারীরিক পরিবর্তন নিয়ে দুশ্চিন্তা ও অস্বস্তি, অতিরিক্ত ক্লান্তি ও মানসিক চাপ, অল্পতেই রাগ বা খিটখিটে মেজাজ, হঠাৎ কান্না করা, অস্বাভাবিক কোনো আচরণ (শিশুটিকে কাউকে ধরতে না দেওয়া, সন্দেহ করা, অতিরিক্ত কাপড় দিয়ে পেঁচিয়ে রাখা, খাওয়া ঘুম বাদ দিয়ে শিশুটিকে অতিরিক্ত যত্ন করতে চেষ্টা করা ইত্যাদি)। আবার এমনও দেখা যায় নতুন মায়ের কখনও কখনও শিশুটির সাথে গভীর কোনো বন্ধন অনুভব না হওয়া। 

বেবি ব্লুজ বা প্রসব পরবর্তী সাইকোসিস : সন্তান জন্মের কয়েকদিন পর অনেক মায়ের মধ্যে সাময়িক মন খারাপ, একা একা কান্না করা, বা একা একা কথা বলা, অতিরিক্ত এলোমেলো আচরণ করা, আবেগের ওঠানামা, অতিরিক্ত উদ্বেগ, বিরক্তি বা ঘুমের সমস্যা দেখা দিতে পারে। নিজের ক্ষতি করা বা বাচ্চার কোনো ক্ষতি করে ফেলার প্রবণতাও দেখা দেয়। সাধারণত এটি প্রথম সপ্তাহ থেকে বেশি হয় এবং এক্ষেত্রে এক থেকে তিন সপ্তাহের মধ্যে কমে যায়। তবে  সে ক্ষেত্রে অবশ্যই একজন মনোরোগ বিশেষজ্ঞকে দেখিয়ে নিতে হবে। কারণ এই অবস্থা যদি দীর্ঘমেয়াদি চলতে থাকে সে ক্ষেত্রে নতুন মায়েদের জন্য মানসিক স্বাস্থ্যে একটি নতুন বিপদের সংকেত হতে পারে ।

পোস্ট-পার্টাম ডিপ্রেশন বা প্রসব পরবর্তী বিষণ্নতা : বিষণ্নতার লক্ষণগুলো যেমন সারাক্ষণ প্রচণ্ড মন খারাপ, শূন্য লাগা, কান্না পাওয়া, কান্না করা, কোনো কিছুতে আনন্দ না পাওয়া, খুব বেশি অপরাধ বোধে ভোগা, নিজেকে অযোগ্য বা মূল্যহীন মনে হওয়া, অতিরিক্ত ভয়, শিশুর খাবার দিতে না চাওয়া, নিজের খাবারের অরুচি, ঘুম অতিরিক্ত হওয়া অথবা একদম কমে যাওয়া ইত্যাদি উল্লিখিত উপসর্গগুলো সন্তান প্রসবের পর প্রথম এক থেকে তিন মাসের মধ্যে শুরু হতে পারে কখনও কখনও তা বছর এর বেশিও থেকে যায়। অনেক সময় মা হঠাৎ হঠাৎ অজ্ঞানের মতো হয়ে যেতে পারেন যেটাকে কনভারশন বলে। এক্ষেত্রে অবশ্যই মনোরোগ বিশেষজ্ঞের চিকিৎসা দরকার আছে, সাথে কাউন্সিলিং বা সাইকোথেরাপি ও সোশ্যাল থেরাপির দরকার হয়।

পোস্ট-পার্টাম অ্যাংজাইটি বা প্রসব পরবর্তী উদ্বেগ : এক্ষেত্রে নতুন মা শিশুর সামান্য লক্ষণে বড় বিপদের আশঙ্কা করতে থাকেন, শিশুর শ্বাস ঠিকমতো চলছে কিনা বার বার চেক করেন, শিশুকে অন্য কোথাও কারও কাছে রাখতে একদম স্বস্তি বোধ করেন না, সবকিছু নিখুঁতভাবে করতে হবে- এমন প্রেসার নিজের মধ্যে নিয়ে রাখে, বুক ধড়ফড় অস্থিরতা বা প্যানিকের মতো অনুভূতি হওয়া, যে কোনো বিষয়ে খারাপ চিন্তা বারবার হতে থাকা, শিশুর ব্যবহারের জিনিস অতিরিক্ত পরিষ্কার করতে থাকা ইত্যাদি। এ ধরনের সমস্যা দেখা দিলে অবশ্যই নতুন মা-কে নিয়ে হাসাহাসি কিংবা কটু মন্তব্য একদম নয়। এক্ষেত্রে অবশ্যই পারিবারিক ও সামাজিক সহযোগিতা, পর্যাপ্ত বিশ্রাম, এবং প্রয়োজনীয় কাউন্সিলিং বা সাইকো থেরাপি দেওয়া লাগে।

নতুন মায়েরা যেভাবে এই পরিস্থিতি সামলাতে পারেন :

  •  নিজের অনুভূতিকে গ্রহণ করুন।
  •  অন্যের কাছে সাহায্য চাইতে শিখতে হবে। 
  •  শিশুকে দেখাশোনা করতে কিংবা নতুন মাকে বিশ্রাম নিতে পরিবারের সদস্যদের সহযোগিতার হাত বাড়াতে হবে। 
  •  শিশুর জন্য প্রয়োজনীয় কাজের দায়িত্ব ভাগ করে নিতে হবে।
  •  মায়ের জন্য পর্যাপ্ত খাবার, ঘুম ও বিশ্রামকে গুরুত্ব দিতে হবে।
  •  মাকে অবশ্যই পারফেক্ট মা হওয়ার চাপ কমিয়ে ফেলতে হবে। 
  •  সোশ্যাল মিডিয়া বা অন্য মায়েদের দেখে নিজের সাথে তুলনা করা চলবে না।
  •  প্রতিদিন নিজের জন্য অল্প সময় রাখুন অন্তত ১০ থেকে ২০ মিনিট হলেও চলবে। এ সময় নিজের জন্য গান শুনুন, হালকা হাঁটুন, গোসল করুন, পছন্দের কারো সাথে একটু কথা বলুন, খোলা বাতাসে জোরে জোরে শ্বাস নিন, সম্ভব হলে নিজের অনুভূতি লিখে রাখুন। মনে রাখবেন নিজের যত্ন নেওয়া স্বার্থপরতা নয়। শিশুর সুস্থ সুন্দর বিকাশের জন্য প্রয়োজনীয়। 
  • অনুভূতি চেপে রাখবেন না। 

 প্রয়োজনে দ্রুত প্রফেশনাল মেন্টাল হেলথ সাপোর্ট অর্থাৎ কাউন্সিলিং বা মানসিক স্বাস্থ্যসেবা অবশ্যই নিন।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা