কাজী নওশীন লায়লা
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬ ১৬:০৬ পিএম
নবীন মায়ের খাবার
একজন নারী যখন মা হন তখন তার শরীরে আসে নানা পরিবর্তন। তাই এ সময় খাবারের তালিকা এমনভাবে রাখতে হয় যেন মা ও শিশু দুজনেরই উপকার হয়। আজকের হেঁশেলে রইলো এমনই কয়েকটি উপকারী রেসিপি।
কাঁচা পেঁপে দিয়ে ডাল
যা যা লাগবে
কাঁচা পেঁপে ২৫০ গ্রাম, মসুর ডাল ১/২ কাপ, পেঁয়াজ ৩টি, রসুন ৫-৬ টুকরো, কাঁচা মরিচ ৭-৮টি, টমেটো ২টি, জিরা-ধনিয়া গুঁড়া, হলুদ গুড়া ১ চা চামচ করে, সয়াবিন তেল ৩ চামচ, ধনিয়া পাতা পরিমাণমতো, লবণ স্বাদমতো।

যেভাবে বানাবেন
প্রথমে পেঁপের খোসা ছুরির সাহায্যে ছিলে নিন। খোসা ছাড়ানোর পর মাঝারি আকারে টুকরো করে নিন। টুকরো পেঁপে ও মসুর ডাল আলাদা আলাদা করে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন। মসুর ডাল রান্না করার আগে ধুয়ে পানিতে ৫-৬ মিনিট ভিজিয়ে রাখলে রান্না করার সময় তাড়াতাড়ি ডাল সিদ্ধ হয়ে যায়। তারপর চুলায় একটা পাতিলে সয়াবিন তেল গরম করে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ টুকরো, রসুন কুচি কিছুক্ষণ ভেজে নিন। পেঁয়াজ কুচি, রসুন কুচি হালকা বাদামি রঙ হলে টমেটোর টুকরোসহ একে একে সব মসলা ও লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিন। এবার দিয়ে দিন ধুয়ে রাখা মসুরের ডাল। পেঁপে, ডাল কষানো হলে পরিমাণ মতো পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার মাঝারি আঁচে ১৫ মিনিট রান্না করুন। পেঁপের গায়ে গায়ে ঝোল হলে ধনে পাতা কুচি তরকারির উপর ছিটিয়ে দিয়ে চুলা বন্ধ করে দিন।
জিওল মাছের পাতলা ঝোল
যা যা লাগবে
জিওল মাছ ৪-৫টি (কই, শিং বা মাগুর), আলু ২টি (লম্বা করে কাটা), কাঁচামরিচ ৪-৫টি চেরা, জিরা গুঁড়ো বা বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়ো ১ চা চামচ, ফোঁড়নের জন্য ১/২ চা চামচ গোটা জিরে, সর্ষের তেল পরিমাণমতো, লবণ স্বাদমতো
-6a71b9635e983.jpg)
যেভাবে বানাবেন
মাছ ভালো করে ধুয়ে লবণ ও হলুদ মাখিয়ে রাখুন। এরপর কড়াইতে তেল গরম করে মাছ হালকা ভেজে তুলে নিন। ওই তেলে জিরে ফোঁড়ন দিয়ে আলু হালকা ভেজে নিন। জিরে বাটা, হলুদ, লবণ ও চেরা কাঁচামরিচ দিয়ে সামান্য পানি দিয়ে কষিয়ে নিতে হবে। মসলা থেকে তেল ছাড়লে পরিমাণমতো পানি দিন। ঝোল ফুটলে ভাজা মাছগুলো দিয়ে দিয়ে দিতে হবে। আলু সেদ্ধ হয়ে ঝোল পাতলা থাকতে নামিয়ে নিন।
ওটস খিচুড়ি
যা যা লাগবে
ওটস ১ কাপ, মুগ বা মসুর ডাল ১/৪ কাপ, কুচানো সবজি (গাজর, মটরশুঁটি, টমেটো, ফুলকপি) ১ কাপ, পেঁয়াজ কুচি ও আদা কুচি ১ চা চামচ করে, হলুদ গুঁড়ো ও জিরা গুঁড়ো সামান্য, তেল বা ঘি ১/২ টেবিল চামচ, লবণ ও পানি পরিমাণমতো

যেভাবে বানাবেন
প্রথমে প্যানে তেল বা ঘি গরম করে পেঁয়াজ ও আদা কুচি হালকা ভেজে নিন। এরপর সবজিগুলো দিয়ে কয়েক মিনিট নেড়ে নিন। ডাল ও ওটস দিয়ে সামান্য হলুদ ও লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। পরিমাণমতো পানি দিয়ে ঢেকে দিন এবং মাঝারি আঁচে সেদ্ধ করুন। ডাল ও সবজি সেদ্ধ হয়ে পানি টেনে এলে নামিয়ে নিন।
কালোজিরা ভর্তা
যা যা লাগবে
কালো জিরা ১০০ গ্রাম, রসুন ১টি, শুকনা মরিচ ৫-৬টি, লবণ স্বাদমতো

যেভাবে বানাবেন
একটি প্যানে কালোজিরা অল্প আঁচে টেলে নিন। বেশি ভাজলে পুড়ে যাওয়ার ভয় থাকে। এরপর একটি বড় রসুনের খোসা ছাড়িয়ে তার সঙ্গে ৫-৬টি শুকনো মরিচ তেলে ভেজে নিন। এবার কালোজিরা, ভাজা রসুন আর শুকনা মরিচের সঙ্গে স্বাদমতো লবণ দিয়ে পাটায় বেটে নিন। পাটা না থাকলে স্পাইস গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে পারেন। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু কালোজিরা ভর্তা।