এ কে এম ফজলুল হক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬ ১৩:১৬ পিএম
সিংগারি গ্রামের শিমুল গাছে বিরল মদনটাক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
টেকো মাথা, লম্বা শরীর, লম্বা পা আর লম্বা ঘাড়ে গুটিকয়েক পাতলা পালক বিশিষ্ট হালকা কুঁজো ভঙ্গিমার বড় আকৃতির একটি পাখি। দূর থেকে কোনো জলাভূমিতে দেখলে মনে হয় যেন এক বিষণ্ন বৃদ্ধ কৃষক কুঁজো হয়ে জমির ফসল দেখছেন! এমনি অদ্ভুত চেহারার এই পাখিটির নাম মদনটেঁক বা ছোট মদনটাক। এর ইংরেজি নাম লেসার অ্যাডজুট্যান্ট। বাংলাদেশে বর্তমানে পাখিটি বিরল।
মদনটাক পাখির বিচরণ ও আবাসস্থল সুন্দরবন এবং এর আশপাশের উপকূলীয় এলাকায় হলেও ঢাকা, খুলনা এবং সিলেট বিভাগের বড় বড় বিল ও হাওরাঞ্চলে কদাচিৎ দেখা যায়। এ ছাড়া দেশের উত্তর ও মধ্যাঞ্চলের বড় গাছ বা জলাশয়ের আশপাশের এলাকায় সাময়িক আশ্রয় বা খাবারের সন্ধানে দেখা যায়। তবে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার প্রত্যন্ত সিংগারি গ্রামে এই পাখির একটি স্থায়ী আবাসস্থল বা কলোনি গড়ে উঠেছে। নাগর নদের কোল ঘেঁষে অবস্থিত সিংগারি গ্রামের একটি বড় শিমুলগাছে এই পাখি বাসা বেঁধেছে। ২০২১ সালে আগস্টে ওই গ্রামে এই পাখির খোঁজে গিয়েছিলাম। তখন গাছটিতে ২০-২৫টি পাখি বাসা তৈরির কাজে ব্যস্ত ছিল। গাছের মালিকের কাছে জানা যায় ২০০৭ সাল থেকে এই পাখি সেখানে নিয়মিত বাসবাস করছে।
মদনটাক নিভৃতচারী পাখি হিসেবে পরিচিত। বেশিরভাগ সময় বিস্তৃত জলাভূমিতে একাকী কাটায়। নভেম্বর থেকে জানুয়ারি মাস মদনটাকের প্রধান প্রজননকাল। কোথাও কোথাও আগস্ট মাস থেকে প্রজনন শুরু হয় বলে জানা যায়। এ সময়ে পাখির পালকের রঙের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। প্রজনন শুরু হলে এরা বাসা বাঁধার জায়গায় জড়ো হয়। সাধারণত বড় কোনো বিলের কাছে বা নদীর মোহনার কাছাকাছি উঁচু গাছে কলোনি বা দলবদ্ধভাবে বাসা তৈরি করে। প্রজনন মৌসুমের শুরুতে এরা চমৎকার আচরণ দেখায়। মিলনের আগে বিশেষ অঙ্গভঙ্গিসহ নাচ দেখায়। স্ত্রী মদনটাক ২ থেকে ৫টি ডিম পাড়ে। ডিম ফুটে ছানা বের হওয়ার পর প্রায় ৩০ থেকে ৩৫ দিনের মাথায় ছানারা ওড়ার উপযুক্ত হয় এবং বাসা ছাড়ে।
স্ত্রী ও পুরুষ পাখি দেখতে একই রকম। প্রাপ্তবয়স্ক পাখির পিঠের দিকটা কুচকুচে উজ্জ্বল কালো। এদের দেহের নিচের অংশ অর্থাৎ বুক, পেট এবং ডানার নিচের দিকটা ধবধবে সাদা। বিশাল শরীরের কারণে এরা মাটি থেকে সরাসরি ডানা ঝাপটে উড়তে পারে না। ওড়ার আগে রানওয়ের মতো মাটিতে বেশ কিছুটা দূরত্বজুড়ে লম্বা দৌড় দেয়।
মদনটাক পাখি কৃষি ও জলাভূমির কীটপতঙ্গ, ইঁদুর, ছোট মাছ, ব্যাঙ, ছোট সরীসৃপ, বড় পোকামাকড় খেয়ে জলাভূমিকে সুস্থ রাখতে এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এ পাখিকে জলাভূমির ‘বৃদ্ধ’ বলা হয়ে থাকে। বাংলাদেশে বড় মদনটাক বা হাড়গিলা এখন আর দেখা যায় না। তবে ছোট মদনটাক এদেশের প্রকৃতিতে এখনও টিকে আছে।
প্রকৃতি সংরক্ষণের আন্তর্জাতিক সংস্থা আইইউসিএন-এর লাল তালিকায় এদের বিপন্ন প্রজাতি হিসেবে চিহ্নিত করা হয়েছে। খাবারের জন্য এই পাখি খাল-বিল, কৃষিজমি ওজলাভূমির ওপর নির্ভরশীল। কিন্তু নদী-নালা, খাল-বিলে বিষ প্রয়োগে মাছ শিকার, ফসলে অতিরিক্ত কীটনাশক ব্যবহার, কৃষি ও জলাভূমি ভরাট করে নির্মাণসহ নানা কারণে বিশ্বব্যাপী এদের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে।
তাই মহাবিপন্ন এই পাখিটির দেশের একমাত্র প্রজনন কলোনিটি টিকিয়ে রাখতে গাছের মালিক ও গ্রামবাসীর সহযোগিতার পাশাপাশি সরকারিভাবেও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
লেখক: এ কে এম ফজলুল হক (প্রকৌশলী ও আলোকচিত্রী, রংপুর)