নির্মল পুরজা
পর্বতারোহী নেপালের নির্মল পুরজা (নিমসদাই)
পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার ব্রড পিকে ভয়াবহ তুষারধসে প্রাণ হারিয়েছেন বিশ্বের অন্যতম সেরা পর্বতারোহী নেপালের নির্মল পুরজা (নিমসদাই) এবং তার অভিযাত্রী দলের আরও নয় সদস্য। বর্তমান বিশ্বের সবচেয়ে পরিচিত পর্বতারোহীদের একজন ব্রিটিশ-নেপালি আরোহী নির্মল পুরজা, যিনি ‘নিমস’ বা ‘নিমসদাই’ নামেও পরিচিত।
৪৩ বছর বয়সী এই অভিযাত্রী একাধিক বিশ্ব রেকর্ড করেছেন। তাকে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি পরিচিতি এনে দেয় ২০১৯ সালের ‘প্রজেক্ট পসিবল’ অভিযান। বিশ্বের ৮ হাজার মিটারের বেশি উচ্চতার ১৪টি পর্বতশৃঙ্গ মাত্র ছয় মাস ছয় দিনে জয় করে তিনি তখনকার দ্রুততম আরোহীর রেকর্ড গড়েন। ২০২৬ সালে তার লক্ষ্য ছিল অক্সিজেন ছাড়া বিশ্বের ১৪টি আট-হাজারি শৃঙ্গ দ্বিতীয়বার জয় করে নতুন ইতিহাস গড়া। সেই স্বপ্ন নিয়েই পাকিস্তানের গাশারব্রুম-২ জয় করে ব্রড পিক অভিযানে গিয়েছিলেন। অভিযানে রওনা হওয়ার আগে নিমসদাইয়ের আবেগঘন বার্তা নেপাল পিক অ্যাডভেঞ্চার থেকে অনুবাদ তুলে ধরা হলো-
মিশন বদলেছে, কিন্তু লক্ষ্য বদলায়নি
এটা আমার মূল পরিকল্পনা ছিল না। শুরুতে শুধু গাশারব্রুম-২ (Gasherbrum II) আরোহণের পরিকল্পনাই ছিল। কিন্তু পাকিস্তানে রওনা হওয়ার আগে হিসাব কষে বুঝলাম, যদি ব্রড পিকও (Broad Peak) আরোহণ করতে পারি, তাহলে শুধু চো ওইউ (Cho Oyu) বাকি থাকবে। এরপরই আমি ইতিহাসের প্রথম পর্বতারোহী হিসেবে বিশ্বের ১৪টি আট হাজারি শৃঙ্গ- সবগুলোই দ্বিতীয়বার, সম্পূর্ণ অক্সিজেন ছাড়াই আরোহণের অনন্য কীর্তি গড়তে পারব।
এটি আগে এমন পরিকল্পিত ছিল না। যারা নীরবে কঠোর পরিশ্রম করে, সুযোগ এক সময় তাদের কাছেই নীরবে এসে ধরা দেয়। আমার লড়াই কখনোই অন্য কারও সঙ্গে ছিল না; ছিল শুধু গতকালের নিজের সঙ্গে। আপনি যখন অন্যের অগ্রগতির দিকে তাকাতে শুরু করেন, তখন নিজের লক্ষ্য থেকে সরে যান। তাই নিজের পথকে রক্ষা করুন।
‘প্রজেক্ট পসিবল’-এর সময় আমাকে অসংখ্য সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল। নেটফ্লিক্সের ‘14 Peaks’ তথ্যচিত্রে সেই বাস্তব গল্পই তুলে ধরা হয়েছেÑ যেখানে উদ্ধার অভিযান পরিচালনা, অর্থ ব্যবস্থাপনা, দড়ি স্থাপনের কাজ থেকে শুরু করে মায়ের চিকিৎসার দায়িত্ব- সবকিছু একসঙ্গে সামলাতে হয়েছিল আমাকে। এখন আমি অক্সিজেন ছাড়াই ১৪টি আট হাজারি শৃঙ্গ দ্বিতীয়বার সম্পন্ন করার লক্ষ্যে এগিয়ে চলেছি। সমালোচনার শব্দ শোনা আমি অনেক আগেই বন্ধ করে দিয়েছি। এরই মধ্যে আমি অক্সিজেন ছাড়া মাত্র ২৬ দিনে পাকিস্তানের সর্বোচ্চ পাঁচটি পর্বতশৃঙ্গ আরোহণ করে একটি নতুন রেকর্ড গড়েছি। এখন শুধু প্রার্থনা- ব্রড পিক অভিযান যেন নিরাপদে সফল হতে পারি। আমি কখনও কোনো পর্বতকে হালকাভাবে নিই না। এই প্রচেষ্টা আমার সব শুভাকাঙ্ক্ষী এবং সমালোচকÑ উভয়ের জন্য উৎসর্গ করছি। কারণ আগুন জ্বলতে যেমন দুই দিকের বাতাস প্রয়োজন, তেমনি সাফল্যের পথেও সমর্থন ও সমালোচনা- দুটোই সমান গুরুত্বপূর্ণ। আমার লক্ষ্য শুধু একটি রেকর্ড গড়া নয়; আপনাদের দেখিয়ে দেওয়া যে, জীবনে নিজের পাহাড়ও একদিন জয় করা সম্ভব।