অর্ণব দাশ
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ ১১:৪৮ এএম
অপটোমেট্রি হলো- দৃষ্টিশক্তি এবং চোখের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করা একটি চিকিৎসাবিজ্ঞানভিত্তিক পেশা
বর্তমান বিশ্বে দৃষ্টিশক্তি-সংক্রান্ত সমস্যা একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য ইস্যুতে পরিণত হয়েছে। বিশ্বে প্রায় ২.২ বিলিয়ন মানুষ কোনো না কোনো ধরনের দৃষ্টিশক্তি সমস্যায় ভুগছে, যার অন্তত অর্ধেক প্রতিরোধযোগ্য বা চিকিৎসাযোগ্য। এই বিশাল সংখ্যাটি স্পষ্ট করে যে, প্রাথমিক পর্যায়ে চোখের যত্ন নিশ্চিত করা এখন সময়ের দাবিÑ আর এ ক্ষেত্রেই অপটোমেট্রির গুরুত্ব দ্রুত বাড়ছে। অপটোমেট্রি বিষয়ে পড়াশোনা নিয়ে বিস্তারিত জানিয়েছেন ভারতের চন্ডিগড় বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর অব অপটোমেট্রির শিক্ষার্থী অর্ণব দাশ
ডিজিটাল যুগে আমরা যত এগোচ্ছি, ততই নির্ভরশীল হয়ে পড়ছি স্ক্রিনের ওপর। স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাব- প্রতিদিনের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এর সরাসরি প্রভাব পড়ছে আমাদের চোখে। মাথাব্যথা, চোখ জ্বালা, ঝাপসা দেখাÑ এসব এখন সাধারণ সমস্যা। কিন্তু এই সমস্যাগুলোর প্রাথমিক সমাধান কে দিচ্ছে? এখানেই সামনে আসে একটি গুরুত্বপূর্ণ কিন্তু এখনও অনেকাংশে অবহেলিত পেশা- অপটোমেট্রি।
অপটোমেট্রি কী?
অপটোমেট্রি হলো- দৃষ্টিশক্তি, ভিশন সমস্যা এবং চোখের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করা একটি চিকিৎসাবিজ্ঞানভিত্তিক পেশা। অপটোমেট্রিস্টরা চোখ পরীক্ষা করেন, পাওয়ার নির্ধারণ করেন, চশমা বা কনট্যাক্ট লেন্স প্রেসক্রাইব করেন এবং প্রাথমিক পর্যায়ের চোখের রোগ শনাক্ত করেন। তবে অপটোমেট্রি শুধু দৃষ্টিশক্তি পরীক্ষা বা চশমা নির্ধারণের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি একটি ক্লিনিক্যাল স্বাস্থ্যবিজ্ঞান, যেখানে অপটোমেট্রিস্টরা চোখের প্রাথমিক রোগ শনাক্তকরণ, ভিশন কারেকশন এবং রোগীকে পরবর্তী চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত করার কাজ করেন।
উন্নত দেশগুলোতে অপটোমেট্রিস্টরা “Primary eye care provider” হিসেবে স্বীকৃত। তারা অনেক ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ের চিকিৎসাও প্রদান করেন (যেমন: ড্রাই আই ম্যানেজমেন্ট, কিছু ইনফেকশন), যা বাংলাদেশে এখনো সীমিত।
কেন অপটোমেট্রি এখন গুরুত্বপূর্ণ?
চোখের বেশিরভাগ জটিল রোগ- যেমন গ্লকোমা, ম্যাকুলার ডিজেনারেশনÑ প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে নিয়ন্ত্রণ করা সম্ভব। কিন্তু সমস্যা হলো, মানুষ সাধারণত দেরিতে ডাক্তার দেখায়। এই জায়গায় অপটোমেট্রিস্টরা প্রথম লাইন অব ডিফেন্স হিসেবে কাজ করেন। তারা রোগ শনাক্ত করে প্রয়োজন হলে বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকের কাছে রেফার করেন।
বৈশ্বিক চাহিদা
বিশ্বজুড়ে মায়োপিয়া (চোখে পাওয়ার) দ্রুত বাড়ছে; ২০৫০ সালের মধ্যে বিশ্বের প্রায় ৫০% মানুষ মায়োপিয়ায় আক্রান্ত হতে পারে (গবেষণা অনুযায়ী) স্ক্রিন টাইম বৃদ্ধির কারণে “ডিজিটাল আই স্ট্রেইন” এখন সাধারণ সমস্যা। উন্নয়নশীল দেশে প্রতি লাখ মানুষের বিপরীতে অপটোমেট্রিস্টের সংখ্যা অত্যন্ত কম। এই ঘাটতি সরাসরি নির্দেশ করেÑ এই পেশায় দক্ষ জনবলের চাহিদা আগামী দিনে আরও বাড়বে।
বাংলাদেশে পড়াশোনা সীমিত কিন্তু সম্ভাবনাময়
বাংলাদেশে অপটোমেট্রি এখনো পুরোপুরি প্রতিষ্ঠিত কোনো মূলধারার একাডেমিক ফিল্ড নয়। হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠানে এই বিষয়ে ডিপ্লোমা বা ডিগ্রি দেওয়া হয়, যেমন—
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট (NIO), বাংলাদেশ আই হাসপাতাল সংশ্লিষ্ট ট্রেনিং সেন্টার, কিছু বেসরকারি অপটিক্যাল ইনস্টিটিউট।
এখানে সমস্যা একটাইÑ স্ট্যান্ডার্ডাইজেশন নেই। কারিকুলাম, প্রশিক্ষণ, ক্লিনিক্যাল এক্সপোজার- সব জায়গায় ভিন্নতা আছে। বাংলাদেশের প্রেক্ষাপটে অপটোমেট্রি এখনও পূর্ণাঙ্গভাবে নিয়ন্ত্রিত বা স্ট্যান্ডার্ডাইজড পেশা হয়ে উঠতে পারে নি। এখানে প্রধান সমস্যা তিনটি: স্ট্যান্ডার্ড কারিকুলামের অভাব, লাইসেন্সিং/রেজিস্ট্রেশন সিস্টেম দুর্বল, ক্লিনিক্যাল ট্রেনিংয়ের সীমাবদ্ধতা। ফলে অনেক ক্ষেত্রেই “অপটোমেট্রিস্ট” ও “অপটিক্যাল টেকনিশিয়ান” এর মধ্যে পার্থক্য স্পষ্ট থাকে না- যা পেশার মান ক্ষতিগ্রস্ত করে।
বিদেশে পড়াশোনার সুযোগ: কোথায় গেলে ভালো?
অপটোমেট্রি শিক্ষায় আন্তর্জাতিক পরিসরে উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্য করা যায়। ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ডিগ্রি প্রদান করা হয়।
যুক্তরাষ্ট্র
যুক্তরাজ্য
অস্ট্রেলিয়া
কানাডা
ভারত
স্কলারশিপ ও আর্থিক সহায়তা
এখানে অনেকেই আশা করে- “ফুল স্কলারশিপ পাব”। তবে বাস্তবতা হলো: অপটোমেট্রিতে ফুল ফান্ডেড স্কলারশিপ খুব কম। আংশিক স্কলারশিপ বা টিউশন ওয়েভার বেশি পাওয়া যায়। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডায় কিছু মেরিট-ভিত্তিক স্কলারশিপ আছে। যুক্তরাষ্ট্রে ফাইন্যান্সিয়াল এইড আছে, কিন্তু পুরো খরচ কাভার করে না।
স্কলারশিপ পেতে হলে যা দরকার:
ভালো একাডেমিক রেজাল্ট, IELTS/TOEFL স্কোর, শক্তিশালী SOP, কিছু ক্ষেত্রে ক্লিনিক্যাল বা রিলেটেড এক্সপেরিয়েন্স, ভারতের ক্ষেতে পূর্বের একাডেমিক রেজাল্টের উপর ভিত্তি করে ৫০% স্কলারশিপ পাওয়া যায়।
কী কী পড়ানো হয়?
অপটোমেট্রি কোনো মুখস্থবিদ্যার বিষয় নাÑ এটা পুরোপুরি স্কিল-ড্রিভেন। সাধারণত পড়ানো হয়: চোখের অ্যানাটমি ও ফিজিওলজি, অপটিক্স (আলো ও দৃষ্টি বিজ্ঞান), রিফ্রাকশন (পাওয়ার নির্ণয়), কনট্যাক্ট লেন্স, বাইনোকুলার ভিশন, লো ভিশন কেয়ার, প্রাথমিক চক্ষুরোগ, ক্লিনিক্যাল প্র্যাকটিস।
পেশাগত ক্ষেত্র ও কর্মসংস্থান
অপটোমেট্রি ডিগ্রি অর্জনের পর বিভিন্ন ক্ষেত্রে কাজের সুযোগ তৈরি হয়, যেমন-
চক্ষু হাসপাতাল ও ক্লিনিক, অপটিক্যাল শপ ও ভিশন সেন্টার, গবেষণা ও একাডেমিক প্রতিষ্ঠান, কর্পোরেট আই কেয়ার সেক্টর, স্বনির্ভর চেম্বার বা প্র্যাকটিস। তবে পেশাগত সাফল্য অনেকাংশে নির্ভর করে ক্লিনিক্যাল দক্ষতা, যোগাযোগক্ষমতা এবং অভিজ্ঞতার ওপর।
আন্তর্জাতিক ক্যারিয়ার ও জনস্বাস্থ্য খাত
অপটোমেট্রি আন্তর্জাতিক জনস্বাস্থ্য ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা দৃষ্টিশক্তি সংরক্ষণ ও অন্ধত্ব প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে। যদিও সরাসরি এসব প্রতিষ্ঠানে প্রবেশের সুযোগ সীমিত, তবে ক্লিনিক্যাল অভিজ্ঞতা, পাবলিক হেলথে উচ্চশিক্ষা এবং গবেষণামূলক কাজের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার সুযোগ তৈরি হতে পারে।
ভবিষ্যৎ সম্ভাবনা
ডিজিটাল ডিভাইস ব্যবহারের বিস্তার, বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি এবং দৃষ্টিশক্তি-সংক্রান্ত সমস্যার হার বৃদ্ধির কারণে অপটোমেট্রি পেশার চাহিদা ভবিষ্যতে আরও বাড়বে। বিশেষ করে উন্নয়নশীল দেশে প্রাথমিক চক্ষুসেবার প্রয়োজনীয়তা এই পেশাকে আরও গুরুত্বপূর্ণ করে তুলবে। অপটোমেট্রি একটি দক্ষতানির্ভর, দীর্ঘমেয়াদি এবং সমাজমুখী পেশা। এই ক্ষেত্রে সফলতা অর্জনের জন্য একাডেমিক জ্ঞানের পাশাপাশি প্র্যাকটিক্যাল দক্ষতা, ক্লিনিক্যাল অভিজ্ঞতা এবং পেশাগত দায়বদ্ধতা অপরিহার্য। বাংলাদেশে এই খাত এখনও বিকাশমান না হলেও, যথাযথ পরিকল্পনা, প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা অর্জনের মাধ্যমে একজন শিক্ষার্থী এই পেশায় স্থিতিশীল ও সম্ভাবনাময় ক্যারিয়ার গড়ে তুলতে পারেন।