প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ ০০:৪৩ এএম
পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার ব্রড পিকে ভয়াবহ তুষারধসে প্রাণ হারিয়েছেন বিশ্বের অন্যতম সেরা পর্বতারোহী নেপালের নির্মল পুরজা (নিমসদাই) এবং তার অভিযাত্রী দলের আরও নয় সদস্য।
নির্মল পুরজার প্রতিষ্ঠিত অভিযান পরিচালনাকারী প্রতিষ্ঠান এলিট এক্সপেড সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক শোকবার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘অত্যন্ত গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে আমরা নিশ্চিত করছি যে, ব্রড পিকে তুষারধসের ঘটনায় নির্মল পুরজা মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। একই অভিযানে থাকা অন্য সদস্যদেরও আর জীবিত পাওয়া যায়নি।’
তবে দুর্ঘটনার কারণ বা ঘটনার বিস্তারিত বিষয়ে প্রতিষ্ঠানটি আর কোনো তথ্য প্রকাশ করেনি।
এদিকে গিলগিট-বালতিস্তান সরকার জানিয়েছে, নির্মল পুরজা ও তার সঙ্গীদের মরদেহ দুর্গম এক এলাকায় শনাক্ত করা হয়েছে। আলপাইন ক্লাব অব পাকিস্তান (এসিপি), স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকারী দল যৌথভাবে অভিযান চালিয়ে এ পর্যন্ত একজন মার্কিন নারী, একজন ওমানি নারী ও একজন নেপালি পর্বতারোহীসহ মোট তিনজনের মরদেহ উদ্ধার করেছে। প্রতিকূল আবহাওয়া ও দুর্গম ভৌগোলিক অবস্থানের কারণে উদ্ধার অভিযান অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
এর আগে আলপাইন ক্লাব অব পাকিস্তান জানায়, ৮ হাজার ৪৭ মিটার উচ্চতার ব্রড পিকে ভয়াবহ তুষারধসের পর নির্মল পুরজার নেতৃত্বাধীন দলের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
১০ সদস্যের ওই আন্তর্জাতিক দলে ছিলেন পাঁচজন নেপালি, একজন পাকিস্তানি, একজন ওমানি, একজন মার্কিন, একজন চীনা এবং আরেকজন বিদেশি পর্বতারোহী।
উদ্ধারকাজে সহায়তার জন্য পাকিস্তান সেনাবাহিনী দুটি হেলিকপ্টার মোতায়েন করেছে। হেলিকপ্টারগুলোতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত উদ্ধারকর্মী ও প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো হলেও খারাপ আবহাওয়া এবং উচ্চ পার্বত্য অঞ্চলের প্রতিকূল পরিবেশ অভিযানকে বারবার বাধাগ্রস্ত করছে।
নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ পুরজা ও নিহত অন্য পর্বতারোহীদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘তাদের শারীরিক যাত্রা এখানেই শেষ হলেও সাহস, নিষ্ঠা ও অর্জনের যে ইতিহাস তারা রেখে গেছেন, তা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।’
৪৩ বছর বয়সী নির্মল পুরজা ছিলেন আধুনিক পর্বতারোহণের সবচেয়ে আলোচিত ব্যক্তিত্বদের একজন। তিনি ব্রিটিশ সেনাবাহিনীর ব্রিগেড অব গুর্খাস এবং পরে রয়্যাল মেরিনস স্পেশাল বোট সার্ভিসে দায়িত্ব পালন করেন। সামরিক জীবন শেষে পূর্ণকালীন পর্বতারোহী হিসেবে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন।
২০১৯ সালে মাত্র ৬ মাস ৬ দিনের মধ্যে বিশ্বের ১৪টি আট হাজার মিটারের বেশি উচ্চতার শৃঙ্গ জয় করে তিনি বিশ্বরেকর্ড গড়েন। এরপর ২০২১ সালে নয়জন নেপালি পর্বতারোহীকে নিয়ে ইতিহাসে প্রথমবারের মতো শীতকালে কে-টু জয় করেন।
মৃত্যুর কয়েকদিন আগেও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নির্মল পুরজা লিখেছিলেন, অক্সিজেন ছাড়া বিশ্বের ১৪টি আট হাজার মিটারের বেশি উচ্চতার শৃঙ্গ দ্বিতীয়বারের মতো সম্পন্ন করা প্রথম ব্যক্তি হওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন তিনি।
ব্রড পিক অভিযানে রওনা হওয়ার আগে তার শেষ বার্তা ছিল, ‘ব্রড পিকে উঠব এবং নিরাপদে ফিরে আসব-এর বাইরে আমার আর কোনো চাওয়া নেই।’
বিশ্বের দ্বাদশ সর্বোচ্চ পর্বত ব্রড পিককে আট হাজার মিটারের বেশি উচ্চতার শৃঙ্গগুলোর মধ্যে অন্যতম কঠিন ও প্রযুক্তিনির্ভর আরোহণ হিসেবে বিবেচনা করা হয়। ১৯৫৭ সালে অস্ট্রিয়ার একটি অভিযাত্রী দল প্রথম সফলভাবে এই শৃঙ্গে আরোহণ করে।