× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘সাহিত্যিক নিষ্ফলতা’

ইমতিয়ার শামীম

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬ ১২:২৫ পিএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

জীবনের উপান্তে পৌঁছে একজন লেখক কতটা নিস্পৃহ হয়ে পড়েন জীবনেরই প্রশ্নে? চারপাশে এত আলো-ছায়া, এত বিস্তৃত মায়া, এত ঝঞ্ঝা, এত উপপ্লবÑ জীবনভর তিনি তো আছেন এসবেরই বৈতরণীতে, অথচ সেসবও তাকে আর কতটুকু পারে আন্দোলিত করতে? লেখালেখি খুব বেশি জরুরি কিছু কি আর মনে হয় তার নিজের কাছে? তিনি যখন আরও নিবিড়-গহন হয়ে বুঝতে পারেন, মৃত্যুই চূড়ান্ত গন্তব্য তার,Ñ তখনও চারপাশের উচ্ছ্বাস, চাওয়া-পাওয়া, দৃঢ় সব সংকল্পকে তিনি স্নেহে প্রশ্রয় দিয়ে চলেন; কিন্তু তার পরও কী দুরন্ত বেগে তাকে কেবলই ঘিরে ধরে নিস্পৃহতা। 

এসবই মনে হচ্ছিল শিক্ষাবিদ, প্রাবন্ধিক আবুল কাসেম ফজলুল হকের ‘সংস্কৃতি ও সভ্যতার ভবিষ্যত’ বইটির প্রচ্ছদের দিকে তাকিয়ে। এ বছরেই তিনি পা বাড়িয়েছেন মহাপ্রস্থানের পথে, এ বছরেই প্রকাশ পেয়েছে তার সর্বশেষ ওই প্রবন্ধগ্রন্থ। বইটির ছোট ভূমিকার শুরুতেই লিখেছেন তিনি, ‘গত দুই বছর ধরে লিখছি না। কিছুই লিখছি না। কেউ যদি প্রশ্ন করেনÑ কেন লিখছি না, তাহলে তার উত্তর আমিও একটি প্রশ্নের দ্বারাই দেব : কেন লিখব? আর কিছুই বলব না। আগের কিছু লেখা আছে যেগুলো দিয়ে বই প্রকাশ করা যায়। কিন্তু বই প্রকাশের ইচ্ছাও আমার হয় না।’ 

এই যে তিনি বললেন, ‘কেন লিখব?’, নিজেই তো বলে দিয়েছেন, এটি কোনো প্রশ্ন নয়; এটি হলো প্রশ্নের মতো করে দেওয়া উত্তর। কেন লিখি,Ñ এমন এক প্রশ্নের উত্তর আমরা প্রায়ই শুনতে চাই লেখকের কাছ থেকে আর লেখকও এ নিয়ে নানা রকম কথা বলে থাকেন। জানি না, আবুল কাসেম ফজলুল হককে কোনোদিন এ প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল কি না, কিন্তু জীবনের শেষ বছরটিতে এসে তিনি নিজেই নিজেকে দাঁড় করিয়েছেন এ প্রশ্নের সামনে। তার পর উত্তরও দিয়েছেন, ‘কেন লিখব? আর কিছুই বলব না।’

লেখার মতো কথা কি ফুরিয়ে গিয়েছিল এই প্রাজ্ঞ মানুষটির? ফুরিয়ে গিয়েছিল বলার মতো কথা? সে তো হবার নয়। ঘাতকদের আক্রোশে মৃত সন্তানের মুখ দেখতে হয়েছিল তাকে, শোকে নীল হয়ে যাওয়ার পরও বলেছিলেন, মানুষের শুভবোধের উদয় হোক; সেই উদয়ের পথযাত্রা নিয়েও কিছু বলার মতো, লেখার মতো প্রয়োজন কি আর ছিল না তার জীবনে? 

এ প্রশ্নের উত্তর নেই। অথবা আছে,Ñ তার দেওয়া প্রশ্নের মতো উত্তরটিই এর উত্তর। এই পৃথিবীর অনন্ত এক জীবনপ্রবাহের অংশমাত্র আমরা সবাই। জীবন দিয়েও সেই প্রবাহের বাইরে দাঁড়াতে পারি না, দাঁড়াতে পারি না জীবন নিয়েও। লেখালেখি আমাদের এই জীবনপ্রবাহের খুবই সামান্য অংশমাত্র। যার মধ্য দিয়ে আমরা কেবল নিজেদের বিস্মরণ থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করি; যার মধ্য দিয়ে শেষ পর্যন্ত আমরা আমাদের বৈচিত্র্যময়তারই ছাপচিত্র তৈরি করে চলি। কিন্তু সত্যের প্রশ্নে নির্লিপ্তি, উগ্রতা আর ক্রোধোমত্ততাই যে-সমাজে মুখ্য হয়ে ওঠে, সেখানে লেখালেখির আর কোনো প্রয়োজন থাকে না; কেননা লেখালেখিও সেখানে তখন নতুন নতুন রক্তপাতের ক্ষেত্র তৈরি করে চলে; চিত্রকল্পের বদলে কেউ আর চিত্রকল্প দাঁড় করায় না, প্রতীকের প্রেক্ষাপটে দাঁড় করায় না প্রতীক, যুক্তির মুখোমুখি তুলে ধরে না আর কোনো যুক্তি। বরং ঝাঁপিয়ে পড়ে সর্বশক্তি নিয়ে। কথার মুখে যখন আর কেউ কথা নিয়ে দাঁড়ায় না, নীরবতাকেও হিরণ্ময় মনে করে না, তখন লেখার আর প্রয়োজন থাকে না। তখন বরং নিজের হৃদয় থেকেই প্রশ্ন বেরিয়ে আসে, ‘লিখব কেন?’ সত্যিই তো,Ñ লেখাতেও যখন আর লেখনীর স্পর্শ থাকে না, আলোর কোনো স্ফুরণ থাকে না, বরং তা হয়ে ওঠে জীবননাশী হুঁশিয়ারি মাত্র, তখনও কি লেখককে লেখারই চেষ্টা করে যেতে হবে? 

‘কেন লিখি’ প্রশ্নটিকে এমন এক অবসাদগ্রস্ত, কিংকর্তব্যবিমূঢ়, ভীতিকর সময়ের সঙ্গে যুক্ত হতে হবে, এটি বোধহয় আমাদের কোনো লেখকই কোনোদিন চিন্তা করেননি। এমন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী আবদুল ওদুদ, রোকেয়া সাখাওয়াৎ হোসেন কিংবা সুফিয়া কামালরা কোনো কিছু বলেছেন বা লিখেছেন কি না জানা নেই। জীবনের কর্তব্য আর লেখালেখির কর্তব্যবোধকে তারা হয়তো এত বেশি এক করে দেখেছেন, জীবনের আনন্দের সঙ্গে লেখালেখির আনন্দ তাদের কাছে হয়তো এত বেশি বিজড়িত ছিল যে, ওভাবে তারা ভাববার কোনো প্রয়োজন কখনও বোধ করেননি। কিন্তু তাই বলে এই নয় যে, প্রশ্নটি জাগেনি, প্রশ্নটি ছিল না। সেটা ছিল বলেই একসময় তা সশব্দে সামনেও এসেছে। এই উপমহাদেশের ঝঞ্ঝাবিক্ষুব্ধ এক উত্তাল সময়ে প্রকাশিত হয়েছিল ‘কেন লিখি’ বিষয়ে বাংলা সাহিত্যের সাহিত্যিকদের প্রথম সংকলনটি। ১৩৫০ বঙ্গাব্দে, ১৯৪৪ সালে প্রকাশিত ক্ষুদ্র কলেবরের সেই বই প্রকাশের উদ্যোক্তা ছিল ‘ফ্যাসিস্টবিরোধী লেখক ও শিল্পী সংঘের পক্ষে ইন্টারন্যাশনাল পাবলিসিং হাউস। ৬৪ পৃষ্ঠার বই, দাম প্রিন্টার্স লাইনে লেখা মাত্র এক টাকা, কিন্তু শেষের পৃষ্ঠার নিচের দিকে লেখা দুই টাকা। কিন্তু না জানি কত বেগই না তখন পেতে হয়েছে মাত্র দুই বা এক টাকাতেই ওই বই বিক্রি করতে গিয়ে। এ বইয়ের প্রচ্ছদ দেখার সৌভাগ্য হয়নি। তবে প্রিন্টার্স লাইনের কল্যাণে জানা যাচ্ছে, বইটির প্রচ্ছদশিল্পী ছিলেন সূর্য রায়। দ্বিতীয় মহাযুদ্ধ ও মন্বন্তর নিয়ে ছবি এঁকে তিনি একসময় আলোচিত হয়েছিলেন। বইটিতে বাঙালি যেসব সাহিত্যিকের লেখা ছিল তারা হলেনÑ অন্নদাশঙ্কর রায় (১৯০৪-২০০২), আবুল মন্‌সুর আহ্‌মদ (১৮৯৮-১৯৭৯), অমিয় চক্রবর্তী (১৯০১-১৯৮৬), গোপাল হালদার (১৯০২-১৯৯৩), জীবনানন্দ দাশ (১৮৯৯-১৯৫৪), তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় (১৮৯৮-১৯৭১), দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার (১৮৭৭-১৯৫৭), ধুর্জ্জটিপ্রসাদ মুখোপাধ্যায় (১৮৯৪-১৯৬১), প্রেমেন্দ্র মিত্র (১৯০৪-১৯৮৮), বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (১৮৯৪-১৯৫০), বিষ্ণু দে (১৯০৯-১৯৮২), মনোজ বসু (১৯০১-১৯৮৭), মানিক বন্দ্যোপাধ্যায় (১৯০৮-১৯৫৬), শচীন সেনগুপ্ত (১৮৯৭-১৯৬১), শাহাদাৎ হোসেন (১৮৯৩-১৯৫৩)। মোট ১৫ জনের এই তালিকার ৭ জনই এই পূর্ব বাংলার মানুষ। এই ৭ জনের মধ্যে অবশ্য মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান পূর্ব বাংলায় নয়Ñ কিন্তু তার পিতৃভিটে এখানে, যা নিয়ে কায়েস আহমেদ লিখেছিলেন অসাধারণ এক গল্পÑ ‘মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক ভিটে ও মালপদিয়ার রমণী মুখুজ্জে’। অবশ্য এই পৈতৃক ভিটেতে নয়Ñ বাবার কর্মজীবনের সুবাদে মানিককে শৈশব থেকেই জীবনযাপন করতে হয়েছে ভারতের বিভিন্ন স্থানে। শাহাদাৎ হোসেনের জন্ম ও বেড়ে ওঠা পশ্চিম বঙ্গে; চলে এসেছিলেন পূর্ব বাংলাতে, কিন্তু জন্মভূমির মায়া কাটাতে পারেননি, বারবার ছুটে যেতেন শেকড়ের টানে। পাকিস্তানবাদী কবিতা লিখেও নিজের বিশ্বস্ততা প্রমাণে ব্যর্থ হয়েছেন, ভাষা আন্দোলনের পর ১৯৫৩ সালে রেডিওতে মোহাম্মদ আলী জিন্নাহ ও পাকিস্তান সম্পর্কে সমালোচনা করায় পাকিস্তান সরকার তাকে ভারতে ফেরত পাঠিয়ে দেয়। সেখানে সে বছরই তার মৃত্যু ঘটে।

সমসময়ের প্রতিনিধিত্বশীল এই ১৫ লেখককে নিয়ে এমন একটি সংকলন প্রকাশের ঘটনা নিঃসন্দেহে বাংলা সাহিত্যের জন্য একটি বড় ঘটনা। আর সেটি সম্ভব হয়েছিল বোধকরি ওই উত্তাল রাজনৈতিক সময়ের জন্যÑ যখন লেখক ও শিল্পীরা একত্রিত হয়েছিলেন মহৎ এক লক্ষ্য নিয়ে, যখন দ্বিতীয় মহাযুদ্ধের প্রেক্ষাপটে সমগ্র পৃথিবীই রুখে দাঁড়িয়েছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে। ‘কেন লিখি’ শিরোনামের এই বইটির রয়েছে একটি উপশিরোনামওÑ ‘বাংলা দেশের বিশিষ্ট কথাশিল্পীদের জবানবন্দি’। বাংলা দেশÑ কত আগে থেকেই না আমাদের ভাষার কবিসাহিত্যিকদের মননে জেগে উঠতে শুরু করেছে এই দেশ,Ñ সেসবের সাক্ষী এই সব নামায়ন। যারা এ সংকলনে লিখেছিলেন তাদের মধ্যে অমিয় চক্রবর্তী, জীবনানন্দ দাশ আর বিষ্ণু দে বিভিন্ন সময় গদ্য লিখলেও তাদের পরিচিতি মূলত কবি হিসেবে। তাদেরও কেন কথাশিল্পীভুক্ত করা হয়েছে, তা বলা মুশকিল। কিন্তু তাতে মূল লক্ষ্যে কোনো পরিবর্তন আসে না। আর সেই লক্ষ্য যে কী, তা হিরণকুমার সান্যাল আর সুভাষ মুখোপাধ্যায় বলেছিলেন বইটির ভূমিকায়। তাদের দুজনেরও লেখা থাকতেই পারত এ সংকলনে। কেন থাকেনি? সে-ও এক প্রশ্ন বটে। ‘কেন লিখি’র শুরুতেই রয়েছে ইলিয়া এহ্রেনবার্গের এ বিষয়ক একটি লেখার অনুবাদ। অনুবাদ কে করেছেন তার কোনো উল্লেখ নেই; সে এক সময় ছিল, যখন কৃতিত্বের দাবিদার হওয়ার জন্য শিল্পী-লেখকরা এখনকার মতো অত মুখিয়ে থাকতেন না। তবে ইলিয়া এহ্রেনবার্গের এ লেখার উপস্থিতি আর হিরণকুমার সান্যাল ও সুভাষ মুখোপাধ্যায়ের ভূমিকাই বলে দেয়, এই উদ্যোগের হাল ধরেছিলেন কমিউনিস্ট সংগঠকরা। লেখক আর পাঠক দুই গোষ্ঠীকেই তারা নামাতে চেয়েছিলেন সময়ের দাবিতে নতুন এক সমান ভূমিকায়, তাই নিয়েছিলেন এমন এক উদ্যোগ। ভূমিকায় তারা জানিয়েছিলেন, এই লেখকদের কথা সবাই জানেন, তাদের লেখা সবাই পড়েন, কিন্তু তারা যে কেন লেখেন, এই প্রশ্ন বোধকরি এর আগে কখনোই কোনো লেখক বা পাঠক কারও মনে জাগেনি। এ থেকে অনুমান করি, এখন যেমন, নাম ও লেখা থেকে একটু খোসবু ছড়াতে শুরু করলেই লেখকরা কেন লেখেন তা জানাতে শুরু করেন, তখন তেমন কোনো চল ছিল না।

এ পুস্তিকার ভূমিকায় উল্লেখিত একটি প্রসঙ্গ চমৎকৃত করে দেয়। সম্পাদক দুজন (ধরে নিচ্ছি ভূমিকা যেহেতু লিখেছেন, সেহেতু হিরণকুমার সান্যাল আর সুভাষ মুখোপাধ্যায়ই এর সম্পাদক ছিলেন) জানান, সাহিত্যের বৈচিত্র্য দেখা যায় শুধু যুগে যুগে নয়, একই যুগের লেখালেখিতেও। সেসব বৈচিত্র্যের দিকে তাকিয়ে কখনও মনে হয় না, তাদের মধ্যে নৈকট্যও আছে। এই লেখকদের একজন হয়তো জানিয়েছেন অভ্যাসের বশে লেখার কথা, আরেকজন হয়তো লিখেছেন বন্ধুদের তাগিদের কথা, কেউ হয়তো লিখেছেন দূরের পাঠকের কাছে নিজের মনের আবেগকে তুলে ধরার কথা, কেউ আবার হাত সুড়সুড় করার কথাও লিখেছেন; সম্পাদক দুজন প্রশ্ন তুলেছেন, কিন্তু এর বদলে তারা সবাই যদি সমস্বরে এমন করে বলতেন, ‘লিখি শুধু সামাজিক তাগিদে বা পরিবেশের ঐকান্তিক তাড়নায় বা ইতিহাসের দুর্লঙ্ঘ্য নির্দেশে’Ñ তাহলে কী হতো? উত্তরও দিয়েছেন তারা, ‘তাহলে নিশ্চয়ই এদের তত্ত্বজ্ঞানের গভীরতায় আমরা চমৎকৃত হতাম কিন্তু হতাশ হতাম এদের সাহিত্যিক নিষ্ফলতায়।’

আমি হয়তো ঠিক এই শব্দ-বন্ধনটিই খুঁজছিলাম এতক্ষণÑ ‘সাহিত্যিক নিষ্ফলতা’, কী চমৎকার এক উপলব্ধি। আবুল কাসেম ফজলুল হক হয়তো এই উপলব্ধিতেই পৌঁছেছিলেন। স্নেহে তিনি তার উত্তরসূরি লেখকদের প্রশ্রয় দিয়ে গেছেন বটে, কিন্তু তত্ত্বজ্ঞানের গভীরতায় ক্রমশই ডুবে যেতে থাকা সাঁতরাতে না জানা লেখকদের ‘সাহিত্যিক নিষ্ফলতা’ও উপলব্ধি করেছেন; আর সে কারণেই সজোরে পাল্টা প্রশ্ন ছুড়ে উত্তর দিতে পেরেছেন, ‘কেন লিখব?’

    ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা